নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবারটি।
জানা যায়,আমিরাত প্রবাসী শাহাদাত হোসেন তিন বছর আগে ছয়ানী উত্তর বাজার এলাকায় অভিযুক্ত মাইন উদ্দিনের বড় ভাই শামছু উদ্দিনের কাছ থেকে রাস্তাসহ ২০ শতাংশ জমি ক্রয় করেন। তবে, এতো দিন রাস্তাটি ব্যবহার করলেও সম্প্রতি মাইন উদ্দিন ওই রাস্তা দিয়ে প্রবাসীর পরিবারকে যাতায়াতে বাধা দেয় এবং বাউন্ডারী ওয়াল ভেঙ্গে দেয়। এর প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রবাসী পরিবারটিকে। এঘটনায় প্রতিকার চেয়ে মাইন উদ্দিন ও শামছু উদ্দিনসহ ৪ জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শাহাদাত হোসেন। অভিযোগের বিষয়টি স্বীকার করে পুলিশ জানিয়েছে, মামলাটি আদালতে পাঠানো হবে। তবে, এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
