post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় নতুন প্রবাসীদের মানবেতর জীবন যাপনের অভিযোগ

মালয়েশিয়ায় অবস্থানরত নতুন বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী গণমাধ্যমকর্মীরা। তবে, খাত সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে যে অভিযোগ ছিলো তা এখন কমে এসেছে। বর্তমানে দেশটিতে বেশিরভাগ প্রবাসী ভালো আছেন। কিন্তু কর্মীদের বিদেশে যাওয়ার আগে দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বিপুল সংখ্যক প্রবাসীরা পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। ২০২২ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ঘোষনার পর থেকে এ পর্যন্ত কর্মী গিয়েছে প্রায় সাড়ে চার লাখ।এদিকে, যেসব শ্রমিক নতুন মালয়েশিয়া যাচ্ছেন তারা মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ উঠেছে আবারো। তবে, বেশিরভাগ প্রবাসী ভালো আছেন বলে জানান দেশটিতে বসবাসরত বিশ্ববিদ্যালয় গবেষক ড. ইসমাইল। এ বিষয়ে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমীন স্বপন জানান, মালয়েশিয়ায় কাজ নিয়ে যে অভিযোগ ছিলো প্রবাসীদের,তা অনেকটা কমে এসেছে এখন। কর্মীদের দক্ষতা বৃদ্ধির দিকে বেশি নজর দেয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের।

post
আন্তর্জাতিক

জাল ভিসা তৈরির অভিযোগে বিদেশি স্ত্রীসহ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশি এবং তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে,জহুরবারু ইমিগ্রেশন পুলিশ।রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অপস সেরকাপ নামে অভিযান পরিচালনা করে। এ সময় পাসির গুদাংয়ের একটি স্বল্প দামের ফ্ল্যাটে নকল ভিসা বানানোর সরঞ্জাম ও পাসপোর্টসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজন এজেন্টকে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে,অভিযানের সময় একটি আলমারিতে লুকিয়ে রাখা বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের ১৩টি পাসপোর্ট ও নগদ ৩৪ হাজার ৯৮৩ রিঙ্গিত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রধান টার্গেট ছিল বিদেশিরা,প্রধানত বাংলাদেশের নাগরিক, যাদের ওয়ার্ক পারমিট নবায়ন ও লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম এ নিবন্ধন করতে প্রতিটি আবেদনে ২ হাজার ৫০০ রিঙ্গিত থেকে ৩ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এই চক্রটি।

post
বাংলাদেশ

সিলেটে গ্যাসক্ষেত্রে তেলের মজুদের সন্ধান, দেশের জন্য ইতিবাচক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেটে গ্যাসক্ষেত্রে তেলের মজুদের সন্ধান, দেশের জন্য ইতিবাচক খবর বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্পদ যথাযথ ব্যবহারের ওপর তাগিদ দিয়েছেন তিনি। সকালে নিজ কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে খনিজ সম্পদের পরিমাণ খুব কম। তাই যতটুকু আছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতো করতে হবে।

post
বাংলাদেশ

ভারত থেকে আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ

ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।এদিকে দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রয় নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সকল জেলা প্রশাসক নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এই নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এই পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়। এই পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। কীভাবে বিকল্প দেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়ানো যায়, সে চেষ্টা চলছে। একই সঙ্গে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মাঝে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। দেশের সর্বত্র যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রয় নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। দেশের মানুষ কষ্ট পায় এমন কিছু করা ঠিক হবে না- উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

post
বাংলাদেশ

ভোটকক্ষে একসঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। সেই সঙ্গে ভোটকক্ষে একসঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন পরিপত্র-১২ জারির মাধ্যমে এ তথ্য জানায়। ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। এসব ব্যালট বাক্স ছাড়া অন্য কোনো প্রকার বাক্স ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো ভোটকক্ষে একই সময়ে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না। যখন একটি বাক্স ভর্তি হয়ে যাবে তখন বাক্সটি উপস্থিত সবার সামনে সিল করে নিরাপদ স্থানে রাখতে হবে এবং ভোটকক্ষে ওই বাক্সের স্থলে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অন্য একটি স্বচ্ছ ব্যালট বাক্স ভোটগ্রহণের জন্য রাখতে হবে। স্বচ্ছ ব্যালট বাক্সটি এমন স্থানে রাখতে হবে যা উপস্থিত প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট ও ভোটকেন্দ্রে কর্মরত ভোটগ্রহণ কর্মকর্তার দৃষ্টিসীমার মধ্যে থাকে এবং সেখানে ভোটাররা সহজে পৌঁছাতে পারেন।পরিপত্রে ইসি আরও জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৭ এবং ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৮ অনুসারে ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা রয়েছে। কোন কোন শ্রেণির ভোটার ডাকযোগে ভোট দিতে পারবেন এবং কী পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন তা অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এ সম্পর্কে রিটার্নিং অফিসারের করণীয় কী তাও বিশদভাবে উক্ত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

post
বাংলাদেশ

এসএসসির সূচি চূড়ান্ত হয়নি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১১ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে– এমন একটি রুটিন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময়সূচি শিক্ষা বোর্ড ঘোষিত নয়। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও‌ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন।বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি ছড়িয়ে পড়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সকল বোর্ডের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে।এর আগে সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া রুটিনটি ছড়িয়ে পড়ে। অনেকে ওই রুটিনের ছবি শেয়ার করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিন বা নোটিশ দেখা যায়নি।ছড়িয়ে পড়া ওই রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হবে এ পরীক্ষা।

post
বাংলাদেশ

সিলেটে ১০ নম্বর কূপে ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান

সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে চারটি স্তরে ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া, সেখানকার একটি কূপে জ্বালানি তেলের সন্ধান মিলেছে বলেও জানিয়েছেন তিনি।  রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সিলেট-১০ নম্বর কূপে ২ হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। নিচের স্তরটি ২৫৪০-২৫৫০ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায়। এর ফ্লোয়িং প্রেসার ৩২৫০ পিএসআই। এখানে গ্যাসের মজুতের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট।  তিনি বলেন, ২৪৬০-২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়, এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। ২২৯০-২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় আরও একটি জোন পাওয়া গেছে, যেখানে গত ৮ ডিসেম্বর টেস্ট করে তেলের উপস্থিতি বোঝা গেছে। প্রাথমিকভাবে এর এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়। পরীক্ষা শেষ হলে তেলের মজুত জানা যাবে।

post
বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিন

ভারত, জাপান ও ফিলিস্তিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সেহেলী সাবরীন জানান, ভারত থেকে তিনজন, জাপান থেকে ১৬ জন এবং ফিলিস্তিন থেকে ছয়জনের প্রতিনিধিদল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি। তিনি জানান, সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলটি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এছাড়া ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে পর্যবেক্ষক দল আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরেও আরও কিছু আবেদন রয়েছে।

post
সংবাদ

বাংলাদেশে সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থি, বনদস্যু, জলদস্যু ক্রমান্বয়ে বিদায় নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের আমলে ব্যাপক খুন-গুম ছিল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না।’ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।বিএনপির মানববন্ধনে বক্তারা জানিয়েছেন বর্তমান সরকার বাংলাদেশকে খুন ও গুমের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করেছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মৃদু হেসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বাংলাদেশ সম্পর্কে কতটুকু খোঁজখবর রাখেন সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। বাংলাদেশ এখন একটি শান্তিপূর্ণ দেশ। এখানে সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থি, বনদস্যু, জলদস্যু ক্রমান্বয়ে সারেন্ডার করেছে। এগুলো বিদায় নিয়েছে। খুন-গুমের কথা যদি বলতে হয়, ২০০৪-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি ছিল, সেখানে ৪৭০ জনের কাছাকাছি গুম হয়েছিল এক বছরে। প্রতি বছর প্রতিনিয়ত তাদের গুম-খুন হতো। এখন এসে যদি বলে এতগুলো খুন, এতগুলো গুম হয়েছে। সেগুলো তো বলতেই পারে।’তিনি বলেন, ‘এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না, এগুলো আমরা ব্যাপকহারে দেখেছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। আমরা জঙ্গি-সন্ত্রাসের উত্থান দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার দৃশ্যটা আপনারা দেখেছেন, খোদা তাকে রক্ষা করেছেন। ৬৩টি জেলায় একসঙ্গে বোমা হামলা করেছিল। এসব কিন্তু সেই আমলেই হয়েছে। এগুলো একটা ইতিহাস হয়ে রয়েছে।’

post
বাংলাদেশ

নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ প্রস্তাব অন্তর্ভুক্ত দাবী নারী মৈত্রীর

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দাবি অন্তর্ভুক্তের জন্য প্রস্তাব জানিয়েছেন বেসরকারি সামাজিক সংগঠন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার।বৃহস্পতিবার সকাল ০৯ টায় নারী মৈত্রীর নিবাহী পরিচালক শাহীন আকতার ডলির প্রতিনিধিত্বে নারী মৈত্রীর একটি টীম ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক জনাব ড. আব্দুর রাজ্জাক, এমপি এর নিকট তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তাবসমূহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তকরনের জন্য হস্তান্তর করেন। প্রস্তাবসমূহ গুলো হলো: তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে এফসিটিসির আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এর অর্থ দিয়ে তহবিল গঠন করে দেশব্যাপ জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ,তামাকজাত পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাসে তামাকের উপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক-শুল্ক নীতি প্রণয়ন, তামাকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালনা।। ড. আব্দুর রাজ্জাক এমপি প্রস্তাবিত বিষয়গুলো বিবেচনায় নিবেন বলে জানান এবং আগামীতেও এ ধরণের কাজে সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.