post
বাংলাদেশ

মির্জা ফখরুলের জামিন শুনানী ১৭ ডিসেম্বর

গেল ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আগামী  রোববার ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গেল ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। গত ৩ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। তার আগে ২২ নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। এ ছাড়া ২ নভেম্বর একই আদালতে জামিন আবেদন দাখিল করেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২৯ অক্টোবর রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। গত ২৯ অক্টোবর এ মামলায় গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

post
বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডিতে যান এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

post
প্রবাস রাজনীতি

যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বাংলাদেশে তাদের পছন্দের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারবে।বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। এসময় স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন,অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী। স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো। সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।  

post
সংবাদ

যারা রেললাইন কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ড. হাছান মাহমুদ

রেললাইন কেটে যারা ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছে তাদের অব্শ্যই বিচারের আওতায় আনা হবে, বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মনবিনিময়কালে একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন- রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো এসব অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়, এগুলো দেশবিরোধী জনবিরোধী কর্মকান্ড। নাশকতাকারীদের পুলিশ অবশ্যই খুঁজে বের করবে, তাদের বিরুদ্ধে মামলা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

post
সংবাদ

দেশজুড়ে প্রশাসনের অভিযানে কমেছে পেঁয়াজের দাম

দেশের বিভিন্নস্থানে প্রশাসনের অভিযানের পর পেঁয়াজের দাম সহনীয় পরযায়ে আসতে শুরু করেছে।তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোক্তাদের। হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পেঁয়াজের বাজার মনিটরিং চলছে।দাম বৃদ্ধি পাওয়ায়,গত কয়েকদিন পেঁয়াজ কিনতে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতাদের।তবে ভ্রাম্যমাণ অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরেছে দামে। আড়ৎদাররা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করায়,বাধ্য হয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের  বেশি দামে পেঁয়াজ কিনতে হয়েছে।আবার প্রশাসনের অভিযানে দাম কমিয়ে দেয়ায়,কেজিতে প্রায় ৬০টাকা লোকসানে বিক্রির করতে হচ্ছে বলে জানায় বিক্রেতারা।ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে আড়তদারদের যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রির পরামর্শ দেয়া হয়েছে।অমান্য করলে,ব্যবস্থা নেয়া হবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.রুহুল আমিন। এদিকে,প্রায় ১ মাস ধরে বগুড়ায় শুকনো পেঁয়াজের বাজার ছিল ১১৫ থেকে ১২০ টাকা।হঠাৎ দাম বেড়ে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় বিপাকে পড়েন ক্রেতারা।তবে বিক্রি কমে যাওয়ায় এখন দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে,শিগগিরই সহনীয় পরযায়ে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।

post
সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিন আজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আপিল শুনানি হয়। চতুর্থ দিন আধাবেলায় ৫৯ জনের আপিল শুনানিতে ২৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। খেলাপি ঋণের কারণে যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্রসহ অনেকের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে, নির্বাচন কমিশনের প্রতি খুশি অনেকে। তবে ক্ষোভ জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা।

post
এনআরবি সাফল্য

বিজয়ের মাসে প্রথম ৮ দিনে 'ইতিবাচক' প্রবাসী আয়

বিজয়ের মাস ডিসেম্বরের আটদিনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে ৫৩ কোটি ডলারের বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন,রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিট্যান্স।রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলছে,ডিসেম্বরের প্রথম আটদিনে ৫৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ৮৪৬ কোটি ৩৮ লাখ টাকা। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।

post
এনআরবি লাইফ

আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন

অমর একুশে গানের রচয়িতা ও প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯ তম জন্মদিন পালন করেছে প্রবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শনসহ বর্নাঢ্য আয়োজনে জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন। প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ। ১৯৭৪ সালের অক্টোবর মাসে লন্ডনের উদ্দেশে পাড়ি জমান তিনি। প্রবাসী হয়েও তিনি সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলিসহ নানা বিষয় তার লেখার মধ্যে দিয়ে উঠে আসে। বাঙালি ও বাংলাদেশের পক্ষে বিরামহীন লেখনী তাকে বাঙালির ‘বাতিঘর’এ পরিণত করেছে। আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মদিন উপলক্ষে লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন ও তার জন্মোৎসব পালন করেছে আনন্দধারা আর্টস ইউকে, শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকে এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ।  আলোচনায়  তুলে ধরা হয় কিংবদন্তির কর্মময় স্মৃতির নানা তথ্য। আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রবাসজীবনের স্মরনীয় ঘটনায় আপ্লুত হন লন্ডনের বরেণ্যব্যক্তিত্বরা। সালাম তোমায় হে বীর শ্রেষ্ঠ, হে শহীদ সুলেমান" গান ও মুক্তিযুদ্ধে চেতনায় উল্লেখযোগ্য গানগুলি আনন্দধারার শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গাফ্ফার চৌধুরীর জন্মোৎসব ।

post
বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে গুলি; ৪ ইউপিডিএফ নেতা নিহত

আবারো অস্থির হয়ে উঠছে পাহাড়। দুপক্ষের গোলাগুলিতে খাগড়াছড়ির পানছড়িতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।সোমবার গভীর রাতে পানছড়ি উপজেলার ফাতেমানগরে এই ঘটনা ঘটেছে বলে। খাগড়াছড়িতে ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর এটিই সবচেয়ে বড় ঘটনা। আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, কেন্দ্রীয় পিসিপির সহ-সভাপতি  সুনীল ত্রিপুরা, জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সহ সভাপতি লিটন চাকমা, ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা নিহত হয়েছেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন পানছড়ি থানার ওসি শফিউল আলম ।এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ তিন জন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গেছে, লাশ উদ্ধার করে ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

post
বাংলাদেশ

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আবারো পেছালো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় আবারো পেছানো হয়েছে। আদালত পরবর্তি তারিখ ধার্য করেছেন আগামী ২৮ ডিসেম্বর। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি রায়ের দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত হয়নি। এ জন্য আদালত তা পিছিয়ে ২৮ ডিসেম্বর ধার্য করেন।দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা ছিল। বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই মামলার রায় প্রস্তুত হয়নি। আগামী ২৮ ডিসেম্বর রায়ের পরবর্তি তারিখ ধার্য করা হয়েছে।গত ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের আজকের তারিখ ধার্য করেছিলেন আদালত।জানা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন।২০০৮ সালের ২৪ মে মামলাটি তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.