বাংলাদেশ টেলিভিশন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহুমুখি অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শীর্ষতম হচ্ছে জাতির পিতার ১০৫তম জন্মদিন উপলক্ষে ১০৫ শিল্পীর কণ্ঠে একটি গান। এরই মধ্যে গানটির রেকর্ডিং ও দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।
এর কথা লিখেছেন বাংলা একাডেমি শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কবি আখতার হুসেন। এর সুর করেছেন সুরকার ও সংগীত পরিচালক শাহীন সরদার।
সুরকার শাহীন সরদার বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে এমন একটি কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে ১০৫জন শিল্পীর সমন্বয়ে বিটিভির বিশেষ গানের ভিডিও আজ শেষ হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
এর সংগীত পরিবেশনায় অংশ নিয়েছে বাফা সংগীতভবন, স্বপ্নকুঁড়ি, গীতিশতদল, নিবেদন, লোকাঙ্গন, মহীরুহ, গীতাঞ্জলি, জাগরণ, উঠোন, রবিরশ্মি, ভিন্নধারা, নির্ঝরণী ও সারগামের শিল্পীবৃন্দ।’
তিনি আরও বলেন, প্রকৃত অর্থে কবি আখতার হুসেন বঙ্গবন্ধুর উপর গানটি অসাধারণ লিখেছেন। বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে ১০৫জন শিল্পীদের সমন্বয়ে গানটির সুর ও সংগীত পরিচালনা করতে পেরে আমার খুবই ভালো লাগছে।
