post
এনআরবি সাফল্য

গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার পেলেন ৭ বাংলাদেশি

গ্রিসের রাজধানী এথেন্সে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। ‘থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উদযাপন করা হয় দিবসটিকে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে আগামী ১৮-২৩ ডিসেম্বর ‘অভিবাসী সপ্তাহ ২০২২’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দূতাবাস। এ উপলক্ষে সপ্তাহব্যাপী অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবা ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে উদ্যোগ নিয়েছে। এছাড়া, দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধরনের প্রচারাভিযান ও সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে দিবসটির আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের প্রদত্ত বাণী পড়ে শোনানো হয়। দিবসটি উপলক্ষে বৈধপথে বাংলাদেশে নিয়মিত রেমিট্যান্স প্রেরণ ও রেমিট্যান্স প্রেরণে সহায়তা করার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার ২০২২ হিসেবে প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন রাষ্ট্রদূত আসুদ আহমদ। অনাড়ম্বরপূর্ণ পরিবেশে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার মো. খালেদ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।আলোচনার শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল দূতাবাস ও বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি প্রবাসী কল্যাণ বোর্ডের কার্যক্রম ও প্রবাসী কল্যাণ বোর্ডের সদস্য অন্তর্ভুক্তিমূলক উপকারিতা ও এর ভবিষ্যত গুরুত্বের ওপর বিশেষভাবে বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, নারী নেতারা এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতাসহ বিভিন্ন শহর এবং দ্বীপাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বক্তারা আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য ও চেতনাকে সামনে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় গত ৯ ফেব্রুয়ারি অভিবাসন বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক এর তাৎপর্য তুলে ধরা হয় এবং গ্রিসে বসবাসরত সকল আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিদের লিগালাইজেশন প্রক্রিয়ার ওপর বাংলাদেশ সরকার ও গ্রিক সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন, সেই সঙ্গে গ্রিসের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রতি বছর বৈধপথে ৪০০০ শ্রমিক বাংলাদেশ থেকে আসার সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরেন।আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে লিগালাইজেশনের প্রক্রিয়া শুরু হবে মর্মে গ্রিক সরকারের পক্ষ থেকে জানা গেছে মর্মে জানানো হয়। এক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিক অতি উৎসাহী হয়ে, কোনোভাবে কোনো দালাল বা প্রতারক দ্বারা প্রতারিত না হোন এবং বিভ্রান্তিমূলক প্রচারণা ও প্রতারক চক্রের প্ররোচনার বিষয়ে সতর্ক থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয় ও দূতাবাস থেকে নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে মর্মে জানানো হয়। উপস্থিত বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস প্রবাসীদের সন্তানদের বাংলাদেশ সরকারের কোটা সুবিধার আওতায় এনে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে দাবি উপস্থাপন করেন এবং দেশ ও জাতির কল্যাণে সরকারের নানামুখী কার্যক্রমে অংশগ্রহণ এবং অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখারও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত আসুদ আহমদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে তিনি বলেন বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসন কখনো চায় না, দালাল চক্রের মাধ্যমে অবৈধ উপায়ে গ্রিস কোনো বাংলাদেশি প্রবেশ করুক তা বাংলাদেশ সরকার চায় না। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে দূতাবাসের গৃহীত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অনন্য অবদান এবং বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরার জন্য তাদের প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্ব্যাস্থ কামনা করেন। গ্রিস থেকে দেশে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে বর্তমানে ১৯তম অবস্থানে রয়েছে, প্রতি বছর গ্রিস থেকে প্রায় ১০০ মিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স বাংলাদেশে যায়, যার পরিমাণ সমগ্র ইউরোপের মধ্যে চতুর্থ। এ কারণে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে দূতাবাস বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৩ টি পর্যায়ে (২টি প্রতিষ্ঠান, ৪ জন পুরুষ ও ১ জন নারী) মোট ৭টি আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার ২০২২-এ সর্বোচ্চ রেমিট্যান্স দেওয়া ও রেমিট্যান্স প্রেরণে সহায়তাকারী বিবেচনায় সম্মাননার জন্য মনোনীত করা হয় এবং তাদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২-এর অনুষ্ঠানে দূতাবাস কর্তৃক সম্মাননা স্মারক ও সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রাতিষ্ঠানিক পর্যায়ে: এন, বি, এল মানি ট্রান্সফার এজেন্সি ও ইসলাম মফিদুল এজেন্সি। ব্যক্তি পর্যায়ে (নারী): মানসুরা আক্তার এবং ব্যক্তি পর্যায়ে (পুরুষ): মো. সাইদুর রহমান, মোশাররফ হোসেন লিয়াকত, মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. আলামিন মিয়া। সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র প্রাপ্তরা দূতাবাসকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

post
খেলা

আর্জেন্টিনায় আজ সাধারণ ছুটি ঘোষণা

আর্জেন্টিনার সর্বত্র এখন উৎসবের বর্ণচ্ছটা। বুয়েনস এইরেসের রাস্তায় জনস্রোত। আর্জেন্টাইনরা অপেক্ষায় আছেন, কখন লিওনেল মেসিরা বিমান থেকে দেশের মাটিতে পা রাখবেন। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বজয় করা বীরদের নিয়ে আনন্দে মেতে উঠবে পুরো আর্জেন্টিনা। এমন আনন্দের দিনে কি আর অফিস–আদালত বা স্কুল–কলেজ করা যায়! আর্জেন্টিনার সরকারও এটা বুঝতে পেরেছে। তাই তো দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ভেবেছেন—আজকের দিনটা হোক আকাশি–নীলের, আজকের দিনটা হোক উৎসব আর আনন্দে মেতে ওঠার। এমন দিনে দরকার নেই অফিস–আদালতের, দরকার নেই স্কুল–কলেজের। কাজ বাদ দিয়ে সবাই সামিল হোক উৎসবে।প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ আর্জেন্টিনায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছেন। মেসিদের বহনকারী বিমান এজেইজা বিমানবন্দরে নামার কথা বাংলাদেশ সময় বেলা ১১টা ২৫ মিনিটে। বিশ্বকাপ ট্রফি জিততে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ঘোচানো নায়কদের বরণ করে নিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।বিমানবন্দরে এরই মধ্যে ভিড় করতে শুরু করেছেন সর্বস্তরের মানুষ। রাস্তায় নেমেছে লাখো মানুষের ঢল। সবার গায়ে আর্জেন্টিনার আকাশি–নীল জার্সি, হাতে বা গায়ে জড়ানো আর্জেন্টিনার পতাকা। তাঁরা নাচছেন, গাইছেন। ওপর থেকে দেখলে মনে হয় যেন আকাশি–নীলের স্রোত বয়ে চলেছে রাস্তা দিয়ে। থেমে থেমে সেই স্রোত থেকে গগণবিদারী চিৎকার ভেসে আসছে—ভামোস আর্জেন্টিনা (এগিয়ে যাও আর্জেন্টিনা)।তিন যুগের অপেক্ষা ফুরিয়েছে আর্জেন্টিনার। ফ্রান্সকে হারিয়ে আলবিসেলেস্তারা জিতে নিয়েছে তৃতীয় বিশ্বকাপ ট্রফি। ছাদখোলা বাসে সেই ট্রফি নিয়ে উল্লাস করতে করতেই পরশু রাতে লুসাইল আইকনিক স্টেডিয়াম থেকে দোহার বেজ ক্যাম্প কাতার ইউনিভার্সিটির ছাত্রাবাসে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে মেসিরা ট্রফি নিয়ে রাস্তায় ঘুরবেন ছাদ খোলা বাসে। সেই বাসে যখন মেসিরা একে একে উঠে আর্জেন্টিনার মানুষদের উদ্দেশে কথা বলবেন, ট্রফি উঁচিয়ে ধরবেন, তখন জনতা আবেগে কতটা ভাসবেন আর উদ্‌যাপনে কতটা উন্মত্ত হবেন, কে জানে!

post
খেলা

মেসিদের জয়ে উন্মাদনায় বাংলাদেশ, যা বলছে আর্জেন্টিনার গণমাধ্যম

বুয়েনস এইরেস টাইমস তাদের প্রতিবেদনটি শুরুই করেছে ১৮ বছর বয়সী বাংলাদেশি আর্জেন্টিনা ও মেসি–ভক্ত নেফাউর রহমান জিয়ানের কথা দিয়ে। বিশ্বকাপের শ্বাসরূদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয় ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশকেও। জিয়ান তখন কাঁদছিলেন। হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার জয়ে তিনি কেন কাঁদছেন—এমন প্রশ্নে তাঁর মন্তব্য, ‘আমি জানি না আমি কেন কাঁদছি, কিন্তু আমি তাঁর জন্য কাঁদছি। এই “তিনি” লিওনেল মেসি।’বাংলাদেশের মানুষের আবেগ এরই মধ্যে ছুঁয়ে গেছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ তাদের। প্রায় প্রতিদিনই বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস, সমর্থন ও মেসির প্রতি অনুরাগ নিয়ে প্রতিবেদন ছেপেছে তারা। বুয়েনস এইরেস টাইম বাংলাদেশকে ‘ক্রিকেট পাগল দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটির ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা। যদিও বাংলাদেশের ফুটবল সম্পর্কে তাদের মন্তব্য, ‘ফুটবলে বৈশ্বিক তালিকার তলানিতে অবস্থান বাংলাদেশের’। বুইনস এইরেস টাইমস লিখেছে, চার বছর পরপর বিশ্বকাপ এলে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মেতে ওঠে। তারা নিজেদের ভাগ করে নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকগোষ্ঠীতে।

post
টেক মেন্টর

পিপলএনটেকের সহযোগিতায় নোয়াখালীতে কম্পিউটার ল্যাব উদ্বোধন

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির সহযোগিতায় নোয়াখালীর বেগমগঞ্জের শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে জহির উদ্দিন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জের শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ মারিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাসের ইকোনোমিক্স এন্ড ফাইনান্স প্রফেসর ড. ফাইজুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফাইজুল ইসলাম বলেন, 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির মাধ্যমে উন্নত জীবন যাপন, মানব কল্যাণ, সম্পর্ক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ করা সম্ভব। আইটি শিক্ষার মাধ্যমে পৃথিবীকে একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত করা যায়। বিশ্বকে জানা এবং নিজেদের দোরগোড়ায় আনা শুধু আইসিটি কে জানা এবং আইসিটি শিক্ষা লাভের মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তিনি তার দাদার নামকরণে কম্পিউটার ল্যাবটি স্থাপন করেন। যেখানে গ্রামের সকল শিক্ষার্থীরা স্কুলে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবে। আর এই সকল প্রশিক্ষণে অনলাইনের মাধ্যমে কারিগরি সহায়তা প্রদান করবে ঢাকায় অবস্থিত পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন বলেন, 'আমরা ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও পিপলএনটেকের যৌথ আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান শুরু করতে যাচ্ছি, এটির মূলত যে উদ্দেশ্য তা হল গ্রাম বা মফস্বলে থাকা যে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত থাকে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। এই প্রশিক্ষণ আমরা স্কলারশিপের মাধ্যমে এবং কোন কোন ক্ষেত্রে বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করব যাতে করে শিক্ষার্থীরা আইটি জ্ঞানকে কাজে লাগিয়ে আর্থস্বাবলম্বী হতে পারে। তিনি আরো বলেন আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমটি পাইলট প্রকল্প। ভবিষ্যতে দেশের ৬৪ টি জেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, 'তিনি বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম নোয়াখালীর মাধ্যমে যাত্রা শুরু করলো, ভবিষ্যতে সারাদেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির সহকারী ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষকসহ বিদ্যালয় প্রতিষ্ঠাতার পরিবার বর্গ।

post
খেলা

আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মেসির

১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। এরপর দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে দ্বিতীয়বার শিরোপা জিতে আর্জেন্টাইনরা। এরপর ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপাবঞ্চিত হয়। ম্যারাডোনা বিশ্বকাপ উপহার দিয়ে যাওয়ার পর ৩৬ বছরে কেটে যায়। শিরোপার এই খরা কাটালেন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে কাতার বিশ্বকাপে জিতে তৃতীয়বার শিরোপা ঘরে তুলে নেয় আর্জেন্টাইনরা। লিওনেল মেসি ফুটবল ক্যারিয়ারে সবকিছুই পেয়েছিলেন। বাকি ছিল বিশ্বকাপ। রোববার ফ্রান্সকে ফাইনালে হারিয়ে শিরোপা জয়ের মধ্য দিয়ে সেই অপূর্ণতা সারলেন মেসি। এদিন শিরোপা জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে কিংবদন্তিদের তালিকায় নিজের নাম লেখান লিও। বিশ্বকাপের ফাইনাল ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে জয় পেল আর্জেন্টিনা। ২৩ ও ৩৬ মিনিটে মেসি ও ডি মারিয়ার গোলে ৭৯ মিনিট পর্যন্ত (২-০) গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা।এরপর মাত্র দুই মিনিটে ২ গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-২ ব্যবধানে ড্র হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে প্রথমে গোল করে (১০৮ মিনিটে) আর্জেন্টিনাকে ফের এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (১১৮ মিনিটে) পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ফ্রান্সকে ফের সমতায় (৩-৩) ফেরান এমবাপ্পে। ১২০ মিনিটের খেলা ৩-৩ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে তৃতীয় শিরোপা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষাৎকারে ম্যাজিকম্যান মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’ মেসি এরপরই ঘোষণা দিলেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।বললেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাব।’

post
খেলা

'আমার কাছে আগে থেকেই মনে হতো আমি জিতব'

আর্জেন্টিনার টানা তিন যুগের অপেক্ষার অবসান ঘটালেন লিওনেল মেসি। বিজয়ের পর মেসির ঠোঁটের স্পর্শ পেল সোনালি কাপ। শিরোপা হাতে বিজয়োল্লাসের সময় মেসি দাবি করলেন, জয়ের ব্যাপারে আগে থেকেই জানতেন তিনি। খবর মার্কার। কাপ হাতে উল্লসিত আর্জেন্টাইনরা। এমন সময় মেসির অনুভূতি জানতে চান এক সাংবাদিক। মেসি বলেন, 'আমার কাছে আগে থেকেই মনে হতো আমি জিতব। কেন এমন মনে হতো তা বলতে পারি না। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।' ৩৫ বছরে মোট পাঁচবার বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ফুটবলে অনেক অর্জন থাকলেও বিশ্বকাপ নেওয়া হয়নি তার। ২০১৪-এর বিশ্বকাপে ফাইনালে উঠে জার্মানির সঙ্গে হারে আর্জেন্টিনা। সে বছরও স্বপ্ন পূরণ হয়নি। এবার শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারের অন্যতম একটি শূন্যতা পূরণ হলো লিওনেল মেসির। 

post
খেলা

বিশ্বকাপ জিতে কত টাকা পেল মেসিরা

যদি ভেবে থাকেন লড়াইটা ছিল শুধু ৬.১৭ কেজি ওজনের একটা ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। ১৮ ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থযোগও হয়েছে আর্জেন্টিনার। লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপজেতা আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক। টাইব্রেকারে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)। কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে। শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি) করে সঙ্গে নিয়ে। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি) করে পেয়েছে।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই ব্যবসায়ীর ছোট ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার নজরপুর গ্রামে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৯টার পর জোহানেসবার্গের বেননী এলাকায় নিজেদের দোকান থেকে গাড়িতে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হন ২ ভাই।তাদের মামা প্রবাসী দেলোয়ার হোসেন জানান, দোকান বন্ধ করে নিজেদের গাড়িতে ফেরার সময় বাসার সামনে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা ২ ভাইকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তদের একজন বড় ভাই নাজমুল হোসেন নাদিমের কপালে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল। তিনি আরও জানান, গুলিবিদ্ধ নাদিমকে ফেলে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ছোট ভাই শামীম রহমানকে গাড়িসহ অপহরণ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় ওই এলাকায় অন্ধকারাচ্ছন্ন ছিল। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুক্তবাংলা ফাউন্ডেশনের প্রধান শফিকুর রহমান বলেন, 'খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাত ৩টা পর্যন্ত আমরা ঘটনাস্থলে থেকে স্থানীয় কমিউনিটিসহ পুলিশ প্রশাসনকে জানিয়েছি।' তিনি জানান, নিহত নাজমুলের মরদেহ ময়নাতদন্তে জন্য পুলিশ হেফাজতে নিয়ে গেছে। অন্যদিকে, অপহৃত শামীম রহমানকে খুঁজে বের করার কাজ চলছে।'

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসে ১৬ জন নিহত

মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসের ঘটনায় ১৬ জন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ বছর বয়সী এক শিশু রয়েছে। এদিকে, ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হলেও, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে কুয়ালালামপুরের কাছাকাছি সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামার এলাকায় রাস্তার পাশে ভূমিধসের এ ঘটনা ঘটে।রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানায়, গভীর রাতে ঘটা ভয়াবহ এ ভূমিধসের কবলে পড়েন অন্তত ৯২ জন মানুষ। তাদের মধ্যে ৫৩ জনকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এ ঘটনা ঘটে। ভূমিধসটির ব্যাপ্তি ছিল প্রায় এক একর জায়গাজুড়ে।কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে গেনটিং হাইল্যান্ডসের জনপ্রিয় পাহাড়ি এলাকার বাইরে বিপর্যয়কর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির সরকার ও জনগণ। এ এলাকাটি মূলত রিসোর্ট ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। শুক্রবার সকালে মালয়েশিয়ার প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী নিক নাজমি নিক আহমেদ টুইটারে বলেন, আমি প্রার্থনা করছি, যাতে নিখোঁজদের শিগগির অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যায়। উদ্ধারকর্মীদের দল শুরু থেকেই কাজ করছে। আমি আজ সেখানে যাচ্ছি।সেলাঙ্গর হলো মালয়েশিয়ার সবচেয়ে ধনী রাজ্য। এর আগেও রাজ্যটির বাসিন্দারা ভূমিধসের শিকার হয়েছেন। এ অঞ্চলে এখন বর্ষা মৌসুম চলছে। তবে সেখানে গত রাতে কোনো ভারি বৃষ্টি বা ভূমিকম্প রেকর্ড করা হয়নি।

post
বাংলাদেশ

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ শ্রদ্ধা জানান তারা।রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.