post
এনআরবি সাফল্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে প্রার্থী হলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তরে আঞ্চলিক পরিচালক পদে প্রার্থী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।ডব্লিউএইচও-এর এই অঞ্চলের ১১টি সদস্য রাষ্ট্র নির্বাচনে ভোট দেবে। এই পদে নেপালও প্রার্থী দিবে বলে ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলটি হলো ডব্লিউএইচও-এর ছয়টি অঞ্চলের অন্যতম। এ অঞ্চলে বিশ্বের মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশের বসবাস। অঞ্চলটির প্রায় ২০০ কোটি মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএইচও-এর আঞ্চলিক দপ্তর কাজ করে। পাঁচ বছর মেয়াদের জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং একজন ভারতীয় নাগরিক। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ডব্লিউএইচও-এর নির্বাহী বোর্ড ১৪৪তম অধিবেশনে ২০১৯ সালের ২৬ জানুয়ারি তাকে নিয়োগ দেন। ড. ক্ষেত্রপাল সিং এই পদে প্রথম নারী। বাংলাদেশের প্রার্থী সায়মা ওয়াজেদ একজন অটিজম অ্যাক্টিভিস্ট। তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশেষজ্ঞ দলের সদস্য। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী নেপালের প্রার্থী জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে কর্মরত সংস্থাটির একজন কর্মকর্তা। ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি সদস্য দেশ হলো বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।

post
বাংলাদেশ

পোশাক খাতের রিসাইক্লিং শিল্পে বিনিয়োগে আগ্রহ ব্রিটিশ মন্ত্রীর

বাংলাদেশের তৈরি পোশাক খাতের রিসাইক্লিং শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ‌্যের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী লর্ড ডমিনিক জনসন। একই সঙ্গে তিনি দুই দেশের ব‌্যবসা-বাণিজ‌্যের উন্নয়ন ও সম্প্রসারণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার (৯ ডিসেম্বর) লন্ডনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। বৈঠকে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক ও বন্ধুতত্বপূর্ণ সম্পর্কের সুদৃঢ় ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে স্থাপিত হয়েছিল। বিগত ৫০ বছরে যা নানাভাবে বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে যুক্তরাজ্যকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশের ৩য় বৃহৎ বাণিজ্যিক অংশীদার যুক্তরাজ্য। দেশটি বাংলাদেশের অপার সম্ভাবনাময় রিসাইক্লিং শিল্পে বিনিয়োগে ও কারিগরি সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা রাখতে পারে। দ্বিপাক্ষিক বৈঠকে সালমান এফ রহমান উল্লেখ করেন যে, শ্রমঘন ও পরিবেশ রক্ষায় সহায়তাকারী এই শিল্পে বাংলাদেশে এরইমধ্যে বিভিন্ন উদ্যোগ অনেক অগ্রসর হয়েছে। স্বনামধন্য ও বৃহৎ বৈশ্বিক ক্রেতাগোষ্ঠী তাদের ক্রয়ের একটি উল্লেখযোগ্য অংশ পুনঃপ্রক্রিয়াজতকরণের মাধ্যমে প্রাপ্ত ফাইবার হতে প্রস্তুতকৃত পোশাকের মাধ্যমে পূরণ করা শুরু করেছে। পরিবেশবান্ধব ও সার্কুলার ইকোনোমির জন্য সহায়ক হওয়ায় এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদুৎ উৎপাদনের চাহিদা রয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, খাদ্য উৎপাদন ব্যাহত করে যেহেতু বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদুৎ উৎপাদনে প্রয়োজনীয় জমি দিতে পারছে না, সেক্ষেত্রে পানিতে ভাসমান টেকনোলজির মাধ্যমে সোলার পাওয়ার উৎপাদনে যুক্তরাজ্য বিনিয়োগ করতে পারে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি ভিত্তিক অন্যান্য শিল্পেও যুক্তরাজ্য বিনিয়োগ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন বা বিদ‌্যমান কোনো অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেওয়া যেতে পারে, লর্ড জনসনকে তাও অবহিত করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। লর্ড ডমিনিক জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও শিল্প-বিনিয়োগ সম্পর্ক আরও বহুমাত্রিক ও সম্প্রসারিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এক্ষেত্রে যুক্তরাজ্যের রপ্তানি সহায়তা ঋণ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানান। ব্রিটিশ মন্ত্রী এয়ারবাস থেকে কার্গো বিমান ক্রয়সহ বাংলাদেশের এভিয়েশন খাত উন্নয়নে এয়ারবাসের আরও সম্পৃক্ত হওয়ার কথা উল্লেখ করেন। এ সময় সালমান এফ রহমান জানান, আগামী ফেব্রয়ারি মাসে এয়ারবাসের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক এভিয়েশন সামিট যাতে সফলভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সব প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এই সম্মেলনে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিকট এয়ারবাস তাদের বিভিন্ন বিষয় তুলে ধরতে পারে। মন্ত্রী লর্ড ডমিনিক জনসন যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের বিষয়ে কিছু জটিলতার কথা উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টো সেসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেন। বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা যাতে আরও অধিক হারে যুক্তরাজ্যে অধ্যয়ন ভিসা পেতে পারে সে ব্যাপারে সহায়তা প্রত্যাশা করেন। এর আগে ৮ ডিসেম্বর সালমান এফ রহমান বাংলাদেশে যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্রিটিশ সংসদ সদস্য রুশনারা আলীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকেও তিনি যু্ক্তরাজ্য থেকে বাংলাদেশের রিসাইক্লিং এবং কৃষি ও কৃষি প্রক্রিাজাতকরণ শিল্পে অধিক হারে বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। রুশানারা আলী বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের অগ্রযাত্রায় ব্যবসা ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের ক্রমবর্ধমান সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি। মৃত ব্যক্তির নাম আবু কায়েস (৩৮)। তার দেশের বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাঘাইস গ্রামে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স এসে কায়েসকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ আবু কায়েস গত ১০ নভেম্বর জীবনের ভাগ্য পরিবর্তন করার আশায় কৃষি ভিসায় পর্তুগাল আসেন। দেশে স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

post
এনআরবি বিশ্ব

ভারতে একই পরিবারের ৫ ‘বাংলাদেশি’ গ্রেপ্তার

ভুয়া পাসপোর্ট বহনের অভিযোগে এক 'বাংলাদেশিকে' স্ত্রী, ২ ছেলে ও বাবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের পুলিশ। গতকাল রোববার তাদেরকে কানপুরের মেসটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—রিজওয়ান মোহাম্মদ (৫৩), তার স্ত্রী হিনা খালিদা, তাদের ২ ছেলে ও রিজওয়ানের বাবা খালিদ মজিদ (৭৯)। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫টি ভুয়া আধার কার্ড, ১১টি ভারতীয় ও বাংলাদেশি ভুয়া পাসপোর্ট, শিক্ষা সনদ, ১ হাজার মার্কিন ডলার, স্বর্ণালঙ্কার ও ১৪ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি বাংলাদেশের খুলনায় উল্লেখ করে পুলিশ আরও জানায়, তারা 'ভারতীয়' হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন। কানপুর পুলিশের জয়েন্ট কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি বলেন, 'তাদের সনদগুলোয় যে স্বাক্ষর আছে তা যাচাই করে দেখা হবে।' তিনি আরও বলেন, 'রেজওয়ান জানিয়েছেন যে—তিনি ১৯৯৬ সালে ভ্রমণ ভিসায় ভারতে এসেছিলেন। ২ বছর পর দিল্লিতে হিনা খালিদকে বিয়ে করেন। হিনা ও তাদের ২ ছেলে অবৈধভাবে বাংলাদেশে গিয়ে বাংলাদেশি পাসপোর্ট যোগাড় করে আবার ভারতে ফিরে আসেন।'

post
বাংলাদেশ

বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি শেখ হাসিনার আহবান

বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক স্থান। জাপানের বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগ করতে পারে।’ বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহবান জানান। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত বৈঠকে শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও এই উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জাপানি রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন ।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবু কায়েস (৩৮)। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজলোয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে পিছন থেকে একটি পিকাআপ ভ্যানের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স এসে কায়েসকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ আবু কায়েস গত ১০ নভেম্বর জীবনের ভাগ্য পরিবর্তন করার আশায় কৃষি ভিসায় পর্তুগাল আসেন। দেশে স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে তার। 

post
বাংলাদেশ

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপিরা

জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির এমপিরা। রোববার বেলা সোয়া ১১টার দিকে পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে প্রবেশ করেন তারা। এর পর পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্র জমা দিয়ে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে গণমাধ্যমকে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, গত ৪ বছরে বিরোধী দল বলতে শুধু আমরা ৭ জনই ছিলাম। আর যে বিরোধী দল নামকা ওয়াস্তে আছে, তারা তো পোষা বিরোধী দল। এই পোষা বিরোধী দলের ৪টি বছর গীত-বন্দনা করতে করতেই গেছে। তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা-মাছিও নেই। আমি মনে করি, আজকে থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ। রোববার সকালে ৭ জনের পদত্যাগপত্র সশরীরে জমা দিতে তারা সংসদ ভবনে প্রবেশের আগে তিনি এ কথা বলেন। গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গতকাল সংসদ বন্ধ থাকায় আমরা ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম জাতীয় সংসদের স্পিকারের কাছে। আজ আমরা সশরীরে পদত্যাগপত্র জামা দিতে এসেছি। তিনি বলেন, আমরা যখন জনগণের কথা বলতাম, ৩৫০ জনের মধ্যে শুধু ৭ জনের কথা জনগণ শুনতো। ৩৪৩ জন যারা কথা বলতো, সেটা শুধু দেয়াল শুনতো, মানুষ শুনতো না। জাতীয় পার্টি যখন কথা বলতো, মানুষ অন্য চ্যানেলে চলে যেত। আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি। ১০টি দফা দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলন; আমাদের একই দফা, এই সরকারের পতন। জনগণ সরকারকে বাধ্য করবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। এই দেশে মানুষ যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে, মানুষ যাতে বাকস্বাধীনতা ফিরে পায় এবং অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন—বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি।

post
খেলা

ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিফাইনালে ফ্রান্স

প্রথমবার পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন হ্যারি কেইন। দ্বিতীয় দফায় আর পারলেন না অধিনায়ক। স্পট-কিক তিনি উড়িয়ে মারলেন ক্রসবারের অনেক উপর দিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে পূর্ণ ম্যাচে লিড ধরে রেখে শেষ হাসি হাসল ফ্রান্স। দিদিয়ের দেশমের দল জায়গা করে নিল কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। শনিবার রাতে আল বাইত স্টেডিয়ামে আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ইংলিশদের ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই অর্ধে তাদের পক্ষে একবার করে লক্ষ্যভেদ করেন আহেলিয়া চুয়ামেনি ও অলিভিয়ের জিরু। থ্রি লায়ন্সদের একমাত্র গোলদাতা কেইন। ম্যাচের ৮৪তম মিনিটে স্কোরলাইন ২-২ করার সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।আগামী ১৫ ডিসেম্বর একই ভেন্যুতে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফরাসিরা। সেখানে তাদের অপেক্ষায় আছে মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। গতিময় ফুটবলে ভীতি জাগানো শুরুটা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি ফ্রান্স। বরং ইংল্যান্ড হয়ে উঠেছিল মরিয়া। কিন্তু গ্যারেথ সাউথগেটের শিষ্যদের সঙ্গী হয় হতাশাই। বল দখলের পাশাপাশি গোলমুখে শট নেওয়ায় তারা এগিয়ে ছিল। তাদের ১৬টি শটের আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে, ফরাসিরা আটটি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের শুরুর দিকে আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। একাদশ মিনিটে জর্ডান পিকফোর্ডের পরীক্ষা নেন অলিভিয়ের জিরু। আঁতোয়ান গ্রিজমানের ক্রসে তার হেড লুফে নেন ইংল্যান্ড গোলরক্ষক। ছয় মিনিট পর দূরপাল্লার শটে দলকে উল্লাসে মাতান চুয়ামেনি। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে একজনকে কাটিয়ে ডান দিকে বল বাড়ান কিলিয়ান এমবাপে। এরপর গ্রিজমান খুঁজে নেন চুয়ামেনিকে। সামনে ফাঁকা জায়গা দেখে ডি-বক্সের বাইরে থেকে শট নেন তিনি। ঝাঁপিয়ে পড়া পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে। পিছিয়ে পড়ে দমে না গিয়ে আক্রমণে মনোযোগী হয় ইংলিশরা। ২৬তম মিনিটে ডি-বক্সের প্রান্তে দায়ত উপামেকানোর চ্যালেঞ্জে কেইন পড়ে গেলে পেনাল্টির আবেদন ওঠে। ভিএআরের সাহায্য নেওয়া হলেও কিছু ধরা পড়েনি। তিন মিনিট পর দূর থেকে নিজের ভাগ্য পরীক্ষা করেন কেইন। তার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে লক্ষ্যেই ছিল। ডাইভ দিয়ে বল আটকে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। বিরতির পর ধার বাড়ে ইংলিশদের খেলায়। ৪৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জুড বেলিংহামের হাফ ভলি জালের দিকেই যাচ্ছিল। হাওয়ায় ভেসে কর্নারের বিনিময়ে জাল অক্ষত রাখেন লরিস। সাত মিনিট পর সফল পেনাল্টিতে গোল শোধ করে দেন কেইন। ডি-বক্সের ভেতরে বুকায়ো সাকাকে চুয়ামেনি ফাউল করায় রেফারি বাজিয়েছিলেন স্পট-কিকের বাঁশি। পরের মিনিটেই পিকফোর্ড দারুণভাবে রক্ষা করেন দলকে। ফাঁকায় থাকা আদ্রিয়েন র‍্যাবিওর নিচু শট তাকে ফাঁকি দিতে পারেনি। ৬০তম মিনিটে সাকার দুর্বল শট ছিল সরাসরি লরিসের দিকে। দুই মিনিট পর সাকার কাছ থেকেই বল পেয়ে কেইন কাছের পোস্টে শট নেন। এবারও তৎপর ছিলেন ফরাসি অধিনায়ক। আট মিনিট পর ভাগ্য সহায় হয়নি ইংলিশদের। জর্ডান হেন্ডারসনের ফ্রি-কিকে লাফিয়ে হেড করেন হ্যারি ম্যাগুইয়ার। বল পোস্টের বাইরের দিকে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর বাম প্রান্ত থেকে লুক শ বিপজ্জনক ক্রস করেন ডি-বক্সে। থিও হার্নান্দেজের চ্যালেঞ্জ এড়িয়ে সাকা বলে পা ছোঁয়ালেও পারেননি লক্ষ্যে রাখতে। চাপ বাড়ছিল গত রাশিয়া বিশ্বকাপে শিরোপা জেতা দেশমের দলের ওপর। তারা গা ঝাড়া দেয় ৭৭তম মিনিটে। থিওর ক্রসে উসমান দেম্বেলে হেড করার পর বল পান জিরু। তার ভলি দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রুখে দেন পিকফোর্ড। ওই কর্নার থেকেই ফের এগিয়ে যায় ফ্রান্স। গ্রিজমানের কিক প্রতিপক্ষ রক্ষণভাগ ফিরিয়ে দেওয়ার পর আবার তিনিই পেয়ে যান। এবার তিনি করেন মাপা ক্রস। লেগে থাকা ম্যাগুইয়ারের চাপ এড়িয়ে দুর্দান্ত হেডে নিশানা ভেদ করেন জিরু। তিন মিনিট পর আবার পেনাল্টির আবেদন তোলে ইংল্যান্ড। বদলি ম্যাসন মাউন্টকে ডি-বক্সে ধাক্কা দিয়ে ফেলে দেন থিও। শুরুতে রেফারি কর্ণপাত না করলেও পরে ভিএআরের দ্বারস্থ হন। আরেকবার বাজে স্পট-কিকের বাঁশি। কিন্তু কেইন হাতছাড়া করেন সুবর্ণ সুযোগ। বাকি সময়ে আর কোনো গোল না হলে হাসি নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স, আক্ষেপে পোড়ে ইংল্যান্ড।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে তিন প্রবাসী বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নিজ বাসা থেকে তিন প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।মৃত তিন ব্যক্তি হলেন, চট্টগ্রাম চন্দনাইশের হাশিমপুর এলাকার গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলি এলাকার আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। জানা যায়, তিনজনই বাংলাদেশি মালিকানাধীন একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। দোকানের মালিক জানান, কর্মচারীদের ডাকতে গেলে তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পান। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। দোকানের মালিক মোহাম্মদ রহিম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুমে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোয় সেখান থেকে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মারা যান তারা। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন বলেন, 'তিন যুবকের মৃত্যুর কারণ জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।' তিনি আরও জানান, দুই থেকে তিন দিনের মধ্যে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে ৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ইতালিতে বিভিন্ন কারণে গেল ও চলতি মাসের কয়েক দিনের ব্যবধানে মোট সাতজন বাংলাদেশি মারা গেছেন। যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের হতাশার কথা ব্যক্ত করে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। জানা গেছে, গত মাসের (২৬ নভেম্বর) ইতালির রোমের অদূরে অবস্থিত সিভিতা ভেক্কিয়ায় মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায়, তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। চলতি মাসের (৫ ডিসেম্বর) রেদুয়ানুর রহমান নামের আরেক ব্যক্তিকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়, তার দেশের বাড়ি রাজধানীর ঢাকায়। পুলিশ তার মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। একই দিনে কাতানিয়া সিসিলিতে মো. শাহ আলম নামের এক যুবক হার্ট অ্যাটাক করে মারা যান।অপরদিকে (৬ ডিসেম্বর) মো. বারেক সারেং নামের আরেক বাংলাদেশি হার্ট অ্যাটাকে দক্ষিণ ইতালির নাপোলির হাসপাতালে মারা যায়, তার দেশের বাড়ি শরীয়তপুর। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফয়সাল খান নামের এক ব্যক্তিও রোমে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এদিকে আনকোনা শহরে ইমরান দরবারী নামের আরেক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মারা যান, তার বাড়ি মাদারীপুর জেলায়। তার পিতার নাম লুৎফর দরবারী। অপরদিকে চলতি মাসের (৭ ডিসেম্বর) রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ আজিম ইতালির একটি হাসপাতালে মারা যায়। তার পিতা মরহুম মতি ভেন্ডার। তার দেশের বাড়ি ঢাকায় খেপুপাড়া সবুজবাগ কলেজ রোড। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশিরভাগ মৃতদের ব্যক্তিগত তথ্য পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, বেশিরভাগ মৃতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তাদের অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.