post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ক্রেন উল্টে ২ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউয়ের প্রধান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা বলছে, গতকাল রাত ৮টা ১৭ মিনিটে মালয়েশিয়ার সিম্পাং পুলাইয়ের একটি কন্সট্রাকশন কোয়ারি সাইডে ভূমিধসে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এসময় টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হন।তবে, নিহত ২ বাংলাদেশির নাম ও ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, নিহতদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিমের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে টাওয়ার ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা এখানে শ্রমিকের কাজ করতেন। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের মরদেহ পরবর্তী ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৯টা ৫৫ মিনিটে এই উদ্ধার অভিযান শেষ হয়। ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেছে, 'মরদেহ ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ২ বাংলাদেশির পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

post
এনআরবি বিশ্ব

বিশ্বে বিমানবন্দরের শীর্ষে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের সকল বিমানবন্দরে কমে গিয়েছিল কর্ম তৎপরতা। তবে সবকিছু স্বাভাবিক হয়ে আসে ২০২২ সালে। এরসঙ্গে ফিরে আসে বিমানবন্দরগুলোর প্রাণচঞ্চলতাও। গত বছর অর্থাৎ ২০২২ সালে কোন বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন সেটির তালিকা প্রকাশ করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)।সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু ২০২২ সাল নয়— এ বিমানবন্দরটি টানা ৯ বছর ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে। গত ৮ বছরের মতো এবারও এই ধারা অব্যাহত রাখল বিমানবন্দরটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দুবাই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ৬ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ৯৮১ জন মানুষ। যা ২০২১ সালের তুলনায় ১২৭ শতাংশ বেশি। এছাড়া বছরের শেষ চার মাসে বিমান বন্দরটি দিয়ে যে পরিমাণ যাত্রী যাতায়াত করেছেন— সেটি মহামারির আগে যে পরিমাণ যাত্রী যাতায়াত করতেন সেটির সমান ছিল।আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের সংখ্যা ও যাতায়াত বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে ৭ কোটি ৮০ লাখ মানুষ দুবাই বিমানবন্দর ব্যবহার করবেন। দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন, আবারও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকার শীর্ষে অবস্থান করায় তারা বেশ রোমাঞ্চিত। তিনি আরও জানিয়েছেন, তাদের লক্ষ্য সামনেও এ অবস্থান ধরে রাখা। বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০ বিমানবন্দরের তালিকা (২০২২ সাল)— ১। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর - ৬ কোটি ৬০ লাখ ২। হেথ্রু, যুক্তরাজ্য – ৫ কোটি ৮২ লাখ ৩। আমস্টারডাম, নেদারল্যান্ডস – ৫ কোটি ২৪ লাখ ৪। প্যারিস, ফ্রান্স – ৫ কোটি ১৭ লাখ ৫। ইস্তাম্বুল, তুরস্ক – ৪ কোটি ৮৫ লাখ ৬। ফ্রাঙ্কফ্রুট, জার্মানি – ৪ কোটি ৪৭ লাখ ৭। মাদ্রিদ, স্পেন – ৩ কোটি ৬২ লাখ ৮। দোহা, কাতার – ৩ কোটি ৫৭ লাখ ৯। সিঙ্গাপুর, সিঙ্গাপুর- ৩ কোটি ১৯ লাখ ১০। গ্যাটউইক, যুক্তরাজ্য- ৩ কোটি ১ লাখ সূত্র: খালিজ টাইমস

post
খেলা

টেস্ট ক্রিকেটে দশম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম

মার্ক অ্যাডায়ারের বলটা স্লিপ ও কিপারের মাঝ দিয়ে বাউন্ডারিতে ঠেলে দিলেন মুশফিকুর রহিম। তারপর দুহাতে ব্যাট উঁচিয়ে ধরলেন তিনি। টেস্ট ক্রিকেটে দশম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার। সাকিব আল হাসান সুযোগ হাতছাড়া করলেও মুশফিক কোন ভুল করলেন না। ১৩৫ বলে ১৩ চার, ১ ছক্কায় তিন অঙ্কের ঠিকানায় পৌঁছেন মুশফিক। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে চলে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ২৬২ রান তুলে ফেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে লিড নিয়ে ফেলেছে ৪৮ রানের। টেস্টে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরিতে রেকর্ড করলেন বাংলাদেশের তারকা। মুমিনুল হককে ছাড়িয়ে মিরপুরে সর্বোচ্চ চার সেঞ্চুরি এখন তার।সকালে নেমে থিতু হতে খানিকটা সময় নিয়েছিলেন মুশফিক। প্রতিপক্ষের আলগা বোলিংয়ের সুযোগে ডানা মেলতেও অবশ্য বেশি সময় লাগেনি। সাকিবের সঙ্গে চনমনে জুটিতে দলের রান বাড়াতে থাকেন তিনি। নিজেও ছুটে চলেন বড় রানের দিকে। সকালে নেমে তৃতীয় ওভারেই অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন মুমিনুল হক। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। চাপের সময়টা চোয়ালবদ্ধ দৃঢ়তায় আগলে রাখেন মুশফিক। আরেক প্রান্তে অবশ্য দ্রুত রান এনে চাপ বাড়তে দেননি সাকিব। সাকিব চালিয়ে খেলতে থাকায় স্পেসটা পান মুশফিক। ৬৯ বলে মুশফিক স্পর্শ করেন ফিফটি। সাকিবের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৮৮ বলে ১৫৯ রানের জুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সাকিব ৯৪ বলে ৮৭ করে তাতে বড় অবদান রাখলেও ৯৪ বলে ৬৮ তুলে নির্ভরতা যোগান বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার। সাকিবের বিদায়ের পর লিটন দাসের সঙ্গেও জুটি জমে উঠেছে তার। জুটিতে এরমধ্যেই ৬৭ বলে এসে গেছে ৬৩ রান।

post
এনআরবি সাফল্য

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারো শ্রেষ্ঠ তাকরিম

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারো বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে তাকরিমের প্রথম স্থান অর্জনের খবরটি নিশ্চিত করেছে রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার অফিস সংশ্লিষ্ট সূত্র। এছাড়াও খবরটি নিশ্চিত করেছেন তাকরিমের শিক্ষক ও মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।কোরআন প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তার ভুল হয়নি। উপহার দিয়েছেন স্বভাবধর্মী মুগ্ধকর তিলাওয়াত। এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম। তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী।

post
খেলা

ঢাকা টেস্টে সাকিব-মুশফিকের দাপটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

দিনের শুরুটা ছিল না ভালো। মুমিনুল হকের দ্রুত বিদায়ে খানিকটা চাপও বেড়েছিল। সেই চাপ যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমকে নিয়ে আগ্রাসী জুটিতে খেলার পরিস্থিতি বদলে দিলেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি করে সাকিব দলকে নিয়ে যাচ্ছেন দাপুটে অবস্থায়। সাকিবের মতো অতটা আগ্রাসী না খেললেও সাবলীল খেলে ফিফটি পেয়ে গেছেন মুশফিকও। বুধবার মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি বাংলাদেশের। ২৭ ওভার খেলে ১ উইকেটে এই সেশনে ১৩৬ রান যোগ করেছে স্বাগতিকরা। ৩ উইকেটে ১৭০ রান নিয়ে লাঞ্চে যাওয়া বাংলাদেশ পিছিয়ে আর কেবল ৪৪ রানে। ৭৪ বলে ৭৪ করে অপরাজিত আছেন সাকিব, ৭৭ বলে ৫৩ করে খেলছেন মুশফিক।২ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। ১২ রান নিয়ে ক্রিজে ছিলেন মুমিনুল। তার সঙ্গে সকালে ব্যাট করতে নামেন মুশফিক। মুশফিক সমঝে খেললেও পা হড়কে যায় মুমিনুলের। দিনের তৃতীয় ওভারে মার্ক অ্যাডায়ারকে লেগ স্টাম্প ছেড়ে গার্ড নিয়ে খেলছিলেন মুমিনুল। লেগ স্টাম্পের বল ব্যাটে নিতে না পেরে স্টাম্প খোয়ান তিনি। ৩৪ বলে ১৭ করে ফেরেন বাঁহাতি টপ অর্ডার। ৪০ রানে তৃতীয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।পাঁচে নেমে এরপর আগ্রাসী ধরণে খেলতে থাকেন সাকিব। নেমেই পান বাউন্ডারি। চিরচেনা পথে বারবার ঝুঁকির দিতে যেতে দেখা যায় তাকে। আলগা বল পেলেই মেরেছেন বাউন্ডারি, মাঝে মাঝে বাউন্ডারি পেতে বাড়তি চেষ্টাও করছিলেন তিনি। আইরিশ বোলারদের আলগা বল কাজে লাগিয়ে রানের চাকা বাড়াতে থাকেন মুশফিক। চতুর্থ উইকেটে দ্রুতই পঞ্চাশ রানের জুটি পেয়ে গেছেন এই দুজন। বাউন্ডারির ঝলকানি ৪৫ বলে ফিফটি স্পর্শ করেন সাকিব। আইরিশ স্পিনাররা তেমন কোন হুমকি দিতে না পারায় রানের গতি ছিল চড়া। ওভারে তিনটা করে আলগা বল দিচ্ছিলেন তারা। যা সীমানা পার করতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছিল না বাংলাদেশের ব্যাটারদের। 

post
বাংলাদেশ

দশবার নোটিশ দিয়ে বলেছি যে এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ : ফায়ার সার্ভিস মহাপরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, ২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজার মার্কেটটিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল। এরপর সংশ্লিষ্টদের ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কথা শোনেননি। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে করা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মহাপরিচালক।ডিজি বলেন, ‘২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটিকে `অত্যন্ত ঝুঁকিপূর্ণ' বলেছিলাম, আমরা ঘোষণা করেছিলাম এবং আমরা ব্যানারও দিয়েছিলাম। এরপর তাদের দশবার নোটিশ দিয়ে বলেছি যে এই ভবন ঝুঁকিপূর্ণ।’ ‘ফায়ার সার্ভিস বা আমার করণীয় যা যা ছিল তা আমরা করেছি। তারপরও এখানে ব্যবসা চলছিল।’ আপনারা দশবার নোটিশ দিয়েছেন, এরপর বিষয়টি দেখার দায়িত্ব সিটি কর্পোরেশন বা রাজউকের। তাদের অবহেলার কারণেই কি আগুনের ঘটনা ঘটেছে? এ প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এই প্রশ্নটা যে যে সংস্থার নাম আপনি উচ্চারণ করলেন, তাদের জিজ্ঞাসা করাটা উত্তম।’‘আমরা এই মার্কেটের সামনে এরকম ব্যানারও টাঙিয়েছিলাম ২০১৯ সালে। আপনারা মিডিয়া প্রতিনিধিরা অবশ্যই জানেন, এরকম ব্যানার আমরা টাঙিয়েছি, আপনারা দেখেছেন।’ কেউ হতাহত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আজকের ঘটনায় সিভিলিয়ান কেউ এখনো হতাহত হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু ফায়ারের ৮ জন আহত আছে এবং দুজন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে বার্ন ইউনিটে।’তিনি বলেন, 'আগুন নিয়ন্ত্রণে আছে, আমি বলছি আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন আর ছড়াবে না। কিন্তু পুরোপুরি নির্বাপণ করতে আমার আরও একটু সময় লাগবে।’ উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। বলেন, 'প্রধান কারণ (বেগ পাওয়ার) হলো উৎসুক জনতা। আমি আপনাদের একটি ভিডিও দেখাতে চাই।' এসময় মোবাইলে একটি ভিডিও দেখিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনাদের ভিডিওটা দেখতে হবে। আপনারা এই ভিডিওটি দেখুন, আমি নিজে করেছি। কোন জায়গা দিয়ে আমরা ফায়ার সার্ভিস কাজ করব? কোথায়, কীভাবে?' এছাড়া প্রবল বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

post
বাংলাদেশ

আগুন থেকে বাঁচিয়ে দোকানের মালপত্র বাইরে, অতঃপর চুরি

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থলে দোকানের মালামাল চুরি গেছে বলে অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। আগুন থেকে বাঁচিয়ে তিনি দোকানের মালপত্র বাইরে নিয়ে এসেছিলেন। পরে সেখান থেকে কয়েকটি বস্তা চুরি হয়ে গেছে বলে জানান তিনি।আজ মঙ্গলবার মায়ের দোয়া নামের কাপড়ের দোকানের ব্যবসায়ী সাইফুল ইসলাম ওই অভিযোগ করেন। তিনি বলেন, মহানগর শপিং কমপ্লেক্সে আগুন লাগার পর তিনি মালামালগুলো দোকান থেকে বস্তায় করে রাস্তায় এনে রেখেছিলেন। সেখান থেকে কয়েকটি বস্তা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সাইফুল ইসলাম আরও বলেন, ঈদকে সামনে রেখে প্রায় কোটি টাকার কাপড় দোকানে ওঠানো হয়েছিল। আগুন লাগার পর সেগুলো দ্রুত সরিয়ে রাস্তায় নিয়ে আসি। তারপর সেখান থেকে কয়েকটি বস্তা চুরি হয়ে গেছে।

post
খেলা

আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে বাংলাদেশ, আয়ারল্যান্ডের ৬ খেলোয়াড়ের অভিষেক

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। ভীষণ গুরুত্বপূর্ণ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রায় চার বছর পর টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড। আইরিশ স্কোয়াডে ৯ জন ছিলেন অভিষেকের অপেক্ষায়। তারমধ্যে ৬ জনের হয়েছে টেস্ট অভিষেক। এরমধ্যে একজনের প্রথম শ্রেণীর অভিষেকও। এছাড়া জিম্বাবুয়ে ছেড়ে আসা পিটার মুরেরও আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হলো। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ একাদশে রেখেছে তিন পেসার। তাসকিন আহমেদ চোটে থাকায় ইবাদত হোসেন ও খালেদ আহমেদের সঙ্গে আছেন শরিফুল ইসলামও। তিন পেসারের সঙ্গে তিন স্পিনার থাকায় বাংলাদেশের আছে ছয়টি বোলিং অপশন।আয়ারল্যান্ড একাদশে অনেকের অভিষেকের সম্ভাবনা আগে থেকেই ছিল, হয়েছেও তাই। এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে মুরে কামিন্স, জেমস ম্যাককুলাম, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার ও বেন হোয়াইটের। এরমধ্যে হোয়াইটের এবার এটি প্রথম শ্রেনীতেও অভিষেক। আয়ারল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হলো পিটার মুরেরও। তবে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলেছেন মুর। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন এই মাঠেই। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে ৮৩ রান করেছিলেন ডানহাতি ব্যাটার। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ, শরিফুল ইসলাম। আয়ারল্যান্ড একাদশ: মুরে কামিন্স, জেমস ম্যাককুলাম, অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রেইন, গ্রাহাম হিউম, বেন হোয়াইট। 

post
বাংলাদেশ

সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল যোগ দেয়।

post
বাংলাদেশ

রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট

রাজধানী ঢাকার বঙ্গবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬.১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর শুনে দোকানের মালিক ও কর্মচারীরা সেখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নির্বাপনে কাজ করছেন। আশাপাশের অনেক দোকানদার তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.