post
এনআরবি সাফল্য

আরব আমিরাতে কালবা স্কুলের বর্ষসেরা স্টাফ বাংলাদেশি প্রবাসী ইউনুস

সংযুক্ত আরব আমিরাতের শারজাহের কালবা ইংলিশ স্কুলের বর্ষসেরা কর্মকর্তা অর্থাৎ শ্রেষ্ঠ স্টাফ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মুহাম্মদ ইউনুস। সততা, আন্তরিকতা, ন্যায়, নীতি, দায়িত্বজ্ঞান এবং নিষ্ঠার বিষয়টা বিবেচনায় নিয়ে গত ৭ জুলাই তাকে স্কুলের পক্ষ থেকে বর্ষসেরা স্টাফ নির্বাচিত করা হয় এবং তাকে সম্মাননা স্মারক সার্টিফিকেট প্রদান করা হয়।মুহাম্মদ ইউনুস গত ১৩ বছর ধরে আমিরাতের অন্যতম শহর শারজায় বসবাস করছেন। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২নং দাঁত ইউনিয়নের অন্তর্গত তারা খোঁ গ্রামের মুহাম্মদ আবুল কাশেমের ছেলে।২০১১ সালে শারজাহের কালবা ইংলিশ স্কুলে এডমিন হিসাবে যোগদান করেন মুহাম্মদ ইউনুস। স্কুলটিতে প্রায় ৩৫০ জন স্টাফ রয়েছেন, তাদের মধ্যে থেকে বর্ষসেরা হয়েছেন মুহাম্মদ ইউনুস।একজন বাংলাদেশি হিসাবে বর্ষসেরা নির্বাচিত হওয়ায় ইউনুস নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার সততা। সততা, শ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণে আমার এ পুরস্কার। এ সম্মান শুধু আমার না, সকল প্রবাসীর। যে স্কুলে তিনি কাজ করেন সে স্কুলটিতে ৫ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করেন। ব্রিটিশ ও আমেরিকান কারিকুলামে সেখানে পড়ানো হয় বলে জানান মুহাম্মদ ইউনুস।  

post
বাংলাদেশ

পদ্মা সেতুতে ৩ দিনে টোল আদায় ১১কোটি টাকা

পদ্মা সেতুতে গত তিন দিনে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা। এ হিসাব গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এসব তথ্য নিশ্চিত করেছে।পদ্মা সেতুতে বৃহস্পতিবার ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। আর শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। আর সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড। শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।গত তিন দিনে মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে ৪৪ হাজার ৫৭৫টি যানবাহন। এতে এ পথে ৫ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ২৯ হাজার ৬৪৭টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা।এর আগে গত ১ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। ওই দিন সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৩৯৮টি।পদ্মা সেতু চালু হওয়ার পর দ্বিতীয় দিনে প্রায় দুই কোটি টাকার টোল আদায় হয়। এ সময় সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ হওয়ায় যানবাহনের সংখ্যা কমে গেছে এক-চতুর্থাংশ। টোলের পরিমাণ কমে এসেছে পৌনে এক কোটি টাকা।গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে।

post
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ (৪৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবে কাজ করতেন। ঈদের ছুটিতে গত সপ্তাহে দেশে আসেন তিনি।পুলিশ, গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনের জন্য ৫০ থেকে ৬০ জন মুসল্লি বৈঠকে বসেন। মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক চলার সময় গ্রামের একটি পক্ষ বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন। বর্তমান কমিটির সভাপতি পদে আছেন ওমেদ আলী আর সাধারণ সম্পাদক পদে আছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া। এ কমিটি বাতিলের প্রস্তাব দেওয়া পক্ষের নেতৃত্বে ছিলেন রসুলপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান।রাত ৯টার দিকে বৈঠক চলাকালে বাগ্‌বিতণ্ডার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর তাঁরা লাঠিসোঁটা নিয়ে মসজিদের সামনে সরাইল-অরুয়াইল সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। মসজিদের ভেতরের ঘটনায় আবদুর রশিদ অসুস্থ হয়ে পড়েন। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত আবদুর রশিদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ভাতিজা ও মেয়ের জামাই। ফিরোজ মিয়া বলেন, ‘মসজিদের ভেতরে জিল্লুর রহমান ও তাঁর লোকজনের মারধরের শিকার হয়ে আবদুর রশিদের মৃত্যু হয়েছে। আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

post
এনআরবি বিশ্ব

বার্লিনে নবম এশিয়া অ্যাপারেলস এক্সপোতে বাংলাদেশি ৩৭টি স্টল

জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে এশিয়ার তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেলা 'নবম এশিয়া অ্যাপারেলস এক্সপো বার্লিন'। আন্তর্জাতিক মেসে দক্ষিণ সেন্টারে এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয় ও বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের ৩৭টি প্রতিষ্ঠান ছাড়াও হংকং, ভারত, চীন, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশের কয়েকশ তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে।মঙ্গলবার থেকে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে মেলা। আন্তর্জাতিক এই মেলার প্রথম দিনটি ছিল জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পোশাক শিল্পের বাজার সম্প্রসারণ, পণ্যের মানোন্নয়নে নিয়ে কাজ ও দ্রুততার সাথে বাংলাদেশ থেকে পণ্যের আমদানি ও রপ্তানির বিষয় নিয়ে ব্যস্ততা। মেলায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক তৈরি পোশাক ছাড়াও বুটিক, এমব্রয়ডারিসহ বিভিন্ন রকমের সুতা ও কুটির শিল্পের সামগ্রী উপস্থাপন করা হয়েছে।মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাহারা এক্সপোর্ট ইনকর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, বি ব্রাদারস গার্মেন্টস কোম্পানি লিমিটেড এর স্বত্বাধিকারী হাসান এবং মেলার সমন্বয়ক ও লর্ড ইনকর্পোরেট এর এমডি প্রবীর কান্তি দাস ও দেওয়ান তাজ আহমেদ বলেন, করোনার কারণে গত দু'বছর জার্মানিসহ ইউরোপের বাজার ছিল স্থবির। কিন্তু সকল সমস্যার অবসান ঘটিয়ে বাংলাদেশের তৈরি পোশাক বিশেষ করে নিট ও ওভেনের বাজার এই মুহূর্তে খুবই সন্তোষজনক। দেশের ব্যবসায়ীরা জোর তৎপরতা চালাচ্ছেন যাতে লক্ষ্য মাত্রা অর্জন করে দেশে ফিরতে পারেন।এবারের মেলাতে ক্রেতাদের উপস্থিতি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বাজারের জন্যও অবশ্যই আশাব্যাঞ্জক বলে মনে করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টির বেশী অংশ নেয়ার কথা থাকলেও ভিসা জটিলতা ও নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে প্রথম দিন থেকেই বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় ও ইউরোপীয় ব্যসায়ী ও ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

post
এনআরবি বিশ্ব

টাকার অভাবে একমাস পর দেশে এলো প্রবাসীর লাশ

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে শাকিল হোসাইন (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি কালীগঞ্জের গাজীপুর থানার জামালপুর ইউনিয়নের কবির হোসাইনের ছেলে।জানা গেছে, গত ৪ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাকিল। এরপর তার মরদেহ রাস-আল-খাইমা হাসপাতালের মর্গে রাখা হয়। তিনি ভিজিট ভিসায় ১০ মাস আগে আমিরাতে এসেছিলেন। অর্থ সংকটের কারণে তার মরদেহ দেশে পাঠাতে বিলম্ব হয়েছে।  তবে মানবিক দিক বিবেচনায় তার মরদেহ দেশে প্রেরণের জন্য রাস আল খাইমার স্থানীয় এক আরবি মোহাম্মদ, বাংলাদেশ কমিউনিটির সিআইপি ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, জাফর চৌধুরী, জসিম মল্লিক ও আবুল ফজল অর্থ দিয়ে সহযোগিতা করেন। তাদের দেওয়া অর্থ পাওয়ার পর ওই বাংলাদেশির মরদেহ গতকাল সোমবার রাতে এয়ার আরাবিয়াযোগে বাংলাদেশে পাঠানো হয়।এর আগে দুবাই মোহেসনা সোনাপুর হেলথ সেন্টার জামে মসজিদে বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় আরবি, কমিউনিটির ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, সাইফুল ইসলাম তালুকদারসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশ নেন। উল্লেখ্য, শাকিল হোসাইন মৃত্যুকালে তার ৮ মাস বয়সী এক ছেলে, স্ত্রী এবং পিতা-মাতা রেখে গেছেন।

post
এনআরবি বিশ্ব

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান

বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শনিবার (২ জুলাই) বিকেলে মিশিগানের বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিক শহরের গেইট অব কলম্বাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের দিক নির্দেশনায় মিশিগান মহানগর আওয়ামী লীগ সভার আয়োজন করে। এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সোনালী এক্সচেঞ্জের সিও দেবাশ্রী মিত্র। এতে সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। সঞ্চালনা করেন মিশিগান মহানগর আওয়াম লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব।প্রধান অতিথির বক্তব্যে দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মেহেদী হাসান অবৈধ চ্যানেল বা হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স না পাঠিয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বৈধ উপায়ে পাঠানো রেমিট্যান্সের ওপর সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। প্রবাসী বক্তারা বলেন, অন্যান্য ব্যাংকিং চ্যানেলের চেয়ে সোনালী এক্সচেঞ্জে ডলারের রেট কম। হুন্ডির দৌরাত্ম্য রুখতে হলে সোনালী এক্সচেঞ্জে ডলারের রেট বাড়াতে হবে। নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করার দাবিও করেন তারা। এছাড়া, মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস বরাবরে লিখিত দাবি জানিয়েছে মিশিগান আওয়ামী লীগ নেতারা। সভা শেষে তারা দূতাবাসের ইকোনোমিক মিনিস্টারের কাছে এই লিখিত দরখাস্ত তুলে দেন।

post
বাংলাদেশ

ছেলে মেয়েকে নিয়ে পদ্মাসেতুতে প্রধানমন্ত্রী

ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে প্রথমবারের মতো টুুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী। সোমবার (৪ জুলাই) সকাল আটটায় গণভবন থেকে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে পৈত্রিক বাড়িতে প্রবেশ করেন তিনি। এর আগে সকাল আটটা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সে সময় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ক্যামেরায় ছেলের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ছবি পোস্ট করেছেন।সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর প্রায় ৪০ মিনিট বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। সোয়া ১০টায় সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে উদ্বোধন হলো বাংলাদেশের স্থায়ী দূতাবাস

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব রাষ্ট্রদূত আলভারো মেন্ডোনসা ই মৌরা। উদ্বোধনী ফলক উন্মোচন ও ফিতা কাটার পর পররাষ্ট্রমন্ত্রী চ্যান্সারি ভবনের দেয়ালে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত তারিক আহসান, রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, পর্তুগিজ অতিথিসহ প্রবাসী বাংলাদেশিরা এসময় উপস্থিত ছিলেন।রাষ্ট্রদূত তারিক আহসান স্বাগত বক্তব্যে বলেন, স্থায়ী চ্যান্সারি বিল্ডিং একটি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। কারণ আমাদের দূতাবাসের কাজের চাপ বহুগুণ বেড়েছে, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনসাধারণের জন্য কনস্যুলার বিষয়ে কার্যক্রম বৃদ্ধি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মনে করেন, নতুন চ্যান্সারি ভবন বাংলাদেশ ও পর্তুগালের জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করতে বড় ভূমিকা রাখবে। তিনি লিসবনে স্থায়ী চ্যান্সারি ভবন এবং রাষ্ট্রদূতের স্থায়ী বাসভবন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।রাষ্ট্রদূত আলভারো মেন্ডোসা ই মৌরা তার বক্তব্যে এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ সরকার এবং পর্তুগালে বসবাসরত প্রবাসীদের অভিনন্দন জানান। লিসবনে স্থায়ী চ্যান্সারি ভবন উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার বক্তব্যে বলেন, চ্যান্সারি বিল্ডিংটি আমরা যে গত বছর স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করেছি তারই একটি রূপান্তরের প্রতীক এবং এটি জাতীয় উন্নয়ন আকাঙ্ক্ষার মান অনুযায়ী বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পদচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, এই স্থাপনাটি কেবল একটি ভবন নয়, এটি পর্তুগালে আমাদের বন্ধুদের কাছে আমাদের বার্তা বহন করে যে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসকে মূল্য দেই। অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা বিশেষ দিনে তাদের অনুভূতি ভাগাভাগি করতে চ্যান্সারি মিলনায়তনে একত্রিত হন। পর্তুগালে বাংলাদেশের মালিকানাধীন দূতাবাস থাকায় প্রবাসীরা আনন্দ প্রকাশ করেন। পর্তুগিজ অতিথিরা লিসবনে বাংলাদেশের স্থায়ী ঠিকানা নিশ্চিত করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।

post
এনআরবি বিশ্ব

'বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার সিদ্ধান্ত নিউইয়র্ক সিনেটে

চলতি বছরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেট। এ উপলক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় মুক্তধারা নিউইর্য়ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিঙ্কস নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে এবং ট্রেড ফেয়ারের আয়োজন করছে। গত একবছর ধরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছরকে বিভিন্নভাবে তুলে ধরার কাজ করে চলেছে আয়োজকরা।সিনেটে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, এমন সময় এ প্রস্তাব গৃহীত হলো, যখন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সর্ম্পকের ৫০ বছর উদযাপন করা হচ্ছে। বাংলাদেশি অভিবাসীরা উনিশ শতকের দিকে তাদের পরিবার ও স্বজনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় নিউইয়র্কে বসবাস করেন। এখানে বাংলাদেশিদের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে, তাঁদের মুদিদোকান, কাপড়ের দোকান ও রেস্তোরাঁগুলোতে যেতে হবে। নিউইর্য়ক পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতেও বহু বাংলাদেশি অভিবাসী বসবাস করেন।প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ, ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় তার ভাষণটি দিয়েছিলেন। প্রস্তাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করা হয়। একই সঙ্গে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের অর্জনের প্রশংসা করা হয়।উল্লেখ্য, নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার প্রচেষ্টায় সিনেটর স্ট্যাভেস্কির প্রস্তাবনায় ২০১৯ সালে প্রথম বারের মতো নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে হিসেবে বিলটি পাস হয়। এই নিয়ে পরপর চতুর্থ বছর বিলটি আইন পরিষদে গৃহীত হলো। সূত্র : বাসস।  

post
বিনোদন

এবিপিসির বনভোজনে আনন্দ-আড্ডা

প্রাণের আমেজ এবং হৃদয়ের উষ্ণতায় ২৫ জুন অনুষ্ঠিত হলো এবিপিসির (আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব) বনভোজন। নিউইয়র্কের ক্রটন পয়েন্ট পার্কের মনোরম পরিবেশে একটি দিন কাটালেন ক্লাবের সদস্যরা ও তাদের পরিবার-পরিজন।মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া গানের সাথে বাঙালির আরেক বিজয়ের পদ্মা সেতুর সম্পৃক্ততায় ভিন্ন এক আমেজ তৈরি করেন একুশের পদকপ্রাপ্ত কন্ঠযোদ্ধা রথন্দ্রিনাথ রায় এবং শহীদ হাসান। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের গানে আপ্লুত হন অংশগ্রহণকারি সকলে। মেহজাবিনও গেয়েছেন তার প্রিয় গানগুলো। সবিতা দাস, উইলি নন্দীও অংশ নেন তাদের গান নিয়ে। এভাবেই গান আর জমপেশ আড্ডায় পাশে নীলাভ সমুদ্রের উত্তাপ একেবারেই গা সওয়া হয়ে গিয়েছিল। প্রকৃতির নির্মল পরিবেশ গ্রীষ্মের তাপদাহকে অগ্রাহ্য করে বারবিকিউ চিকেন রান্নায় ব্যস্ত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য এবং বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ। নতুন প্রজন্মের সকলেই তা পরম তৃপ্তির সাথে খেয়েছে। ক্লাবের সদস্য-কর্মকর্তা এবং অতিথিরাও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন চিকেন এবং ল্যাম্ব বারবিকিউ পেয়ে। নির্মল পরিবেশকে আরো মধুময় করে ছোট্টমণিদের বিচরণ। বনভোজনের অন্যতম পৃষ্টপোষক খ্যাতনামা এটর্নী মঈন চৌধুরীর পক্ষে সর্বজিৎ পোদ্দারও মেতে উঠেন তরমুজ কাটায়। ক্লাবেরই একজন হয়ে উঠেছিলেন সর্বজিৎ। খামার বাড়ির হারুন ভূইয়ার দেওয়া কাঁঠাল ছিল দিবসের আরেক অধ্যায়-যা খেয়ে সকলে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মধ্যাহ্নভোজনের সময় বাসা থেকে আনা ফ্রুট সালাদ বিতরণ করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামান তপন। খেলাধূলা পরিচালনায় ছিলেন শাহ ফারুক, আজিমউদ্দিন অভি, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। ছোট্টমণিদের দৌড় প্রতিযোগিতায় প্রথম-নাভিনা আলম, দ্বিতীয়-সাইফা নেহান, তৃতীয়-আলিশা খান এবং চতুর্থ হয়েছে আল আরাফ অভি। মিউজিকের তালে মহিলাদের বালিশ নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথম-নাভিনা, আকতার বেগম এবং নিশা খান। বয়স্কদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কন্ঠযোদ্ধা রথন্দ্রিনাথ রায়, দ্বিতীয়-আজিমউদ্দিন অভি এবং তৃতীয় হয়েছেন তপন চৌধুরী। বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র। ৫ ডলারের টিকিটে স্বর্ণালংকার, নগদ এক হাজার ডলার, ৫৬ ইঞ্চি টিভি, ল্যাপটপ, আইফোন ইত্যাদি পুরস্কার ছিল। এগুলোর স্পন্সরের মধ্যে ছিলেন মার্কস হোমকেয়ারের সিইও প্রকৌশলী মাহফুজুল হক, তরঙ্গ কেয়ার ইউএসএর কর্ণধার নিলুফা শিরিন, খামার বাড়ির হারুন ভূইয়া, কাওরান বাজার চেইন স্টোরের সিইও ইলিয়াস খান প্রমুখ। অতিথি হিসেবে আরো ছিলেন একাত্তর টেলিভিশনের বিশেষ সংবাদদাতা ও চলচ্চিত্র নির্মাতা শামীম আল আমিন, নবযুগের সম্পাদক সাহাবউদ্দিন সাগর, বিশিষ্ট উপস্থাপিকা শামসুন্নাহার নিম্মি, শেরপুর জেলা সমিতির সভাপতি মামুন রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশীদ বাবু, আনোয়ার হোসেন প্রমুখ। বনভোজনে অংশগ্রহণকারি বীর মুক্তিযোদ্ধাগণের সরব উপস্থিতিতে বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন কুইন্স সোসাল এডাল্ট ডে-কেয়ার সেন্টারের সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, এটর্নী মঈন চৌধুরীর প্রতিনিধি সর্বজিৎ পোদ্দার, খ্যাতনামা রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, জেবিবিএর প্রেসিডেন্ট হারুন ভ’ইয়া এবং সেক্রেটারি ফাহাদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলম নমী, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব প্রমুখ। বনভোজনে অংশগ্রহণকারি বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, আমির আলী, নাজিমউদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুর রহমান প্রমুখ। নির্বাচন কমিশনার পপি চৌধুরী, ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেমের সার্বিক নির্দেশনায় বিভিন্ন পর্বে সহায়তা করেন ভাইস প্রেসিডেন্ট সুব্রত চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহ ফারুক, কোষাধ্যক্ষ জামান তপন, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভি, নির্বাহী সদস্য কানু দত্ত , আলিম খান আকাশ, শামিম আকতার প্রমুখ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.