post
বিনোদন

এবিপিসির বনভোজনে আনন্দ-আড্ডা

প্রাণের আমেজ এবং হৃদয়ের উষ্ণতায় ২৫ জুন অনুষ্ঠিত হলো এবিপিসির (আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব) বনভোজন। নিউইয়র্কের ক্রটন পয়েন্ট পার্কের মনোরম পরিবেশে একটি দিন কাটালেন ক্লাবের সদস্যরা ও তাদের পরিবার-পরিজন।মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া গানের সাথে বাঙালির আরেক বিজয়ের পদ্মা সেতুর সম্পৃক্ততায় ভিন্ন এক আমেজ তৈরি করেন একুশের পদকপ্রাপ্ত কন্ঠযোদ্ধা রথন্দ্রিনাথ রায় এবং শহীদ হাসান। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের গানে আপ্লুত হন অংশগ্রহণকারি সকলে। মেহজাবিনও গেয়েছেন তার প্রিয় গানগুলো। সবিতা দাস, উইলি নন্দীও অংশ নেন তাদের গান নিয়ে। এভাবেই গান আর জমপেশ আড্ডায় পাশে নীলাভ সমুদ্রের উত্তাপ একেবারেই গা সওয়া হয়ে গিয়েছিল। প্রকৃতির নির্মল পরিবেশ গ্রীষ্মের তাপদাহকে অগ্রাহ্য করে বারবিকিউ চিকেন রান্নায় ব্যস্ত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য এবং বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ। নতুন প্রজন্মের সকলেই তা পরম তৃপ্তির সাথে খেয়েছে। ক্লাবের সদস্য-কর্মকর্তা এবং অতিথিরাও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন চিকেন এবং ল্যাম্ব বারবিকিউ পেয়ে। নির্মল পরিবেশকে আরো মধুময় করে ছোট্টমণিদের বিচরণ। বনভোজনের অন্যতম পৃষ্টপোষক খ্যাতনামা এটর্নী মঈন চৌধুরীর পক্ষে সর্বজিৎ পোদ্দারও মেতে উঠেন তরমুজ কাটায়। ক্লাবেরই একজন হয়ে উঠেছিলেন সর্বজিৎ। খামার বাড়ির হারুন ভূইয়ার দেওয়া কাঁঠাল ছিল দিবসের আরেক অধ্যায়-যা খেয়ে সকলে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মধ্যাহ্নভোজনের সময় বাসা থেকে আনা ফ্রুট সালাদ বিতরণ করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামান তপন। খেলাধূলা পরিচালনায় ছিলেন শাহ ফারুক, আজিমউদ্দিন অভি, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। ছোট্টমণিদের দৌড় প্রতিযোগিতায় প্রথম-নাভিনা আলম, দ্বিতীয়-সাইফা নেহান, তৃতীয়-আলিশা খান এবং চতুর্থ হয়েছে আল আরাফ অভি। মিউজিকের তালে মহিলাদের বালিশ নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথম-নাভিনা, আকতার বেগম এবং নিশা খান। বয়স্কদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কন্ঠযোদ্ধা রথন্দ্রিনাথ রায়, দ্বিতীয়-আজিমউদ্দিন অভি এবং তৃতীয় হয়েছেন তপন চৌধুরী। বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র। ৫ ডলারের টিকিটে স্বর্ণালংকার, নগদ এক হাজার ডলার, ৫৬ ইঞ্চি টিভি, ল্যাপটপ, আইফোন ইত্যাদি পুরস্কার ছিল। এগুলোর স্পন্সরের মধ্যে ছিলেন মার্কস হোমকেয়ারের সিইও প্রকৌশলী মাহফুজুল হক, তরঙ্গ কেয়ার ইউএসএর কর্ণধার নিলুফা শিরিন, খামার বাড়ির হারুন ভূইয়া, কাওরান বাজার চেইন স্টোরের সিইও ইলিয়াস খান প্রমুখ। অতিথি হিসেবে আরো ছিলেন একাত্তর টেলিভিশনের বিশেষ সংবাদদাতা ও চলচ্চিত্র নির্মাতা শামীম আল আমিন, নবযুগের সম্পাদক সাহাবউদ্দিন সাগর, বিশিষ্ট উপস্থাপিকা শামসুন্নাহার নিম্মি, শেরপুর জেলা সমিতির সভাপতি মামুন রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশীদ বাবু, আনোয়ার হোসেন প্রমুখ। বনভোজনে অংশগ্রহণকারি বীর মুক্তিযোদ্ধাগণের সরব উপস্থিতিতে বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন কুইন্স সোসাল এডাল্ট ডে-কেয়ার সেন্টারের সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, এটর্নী মঈন চৌধুরীর প্রতিনিধি সর্বজিৎ পোদ্দার, খ্যাতনামা রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, জেবিবিএর প্রেসিডেন্ট হারুন ভ’ইয়া এবং সেক্রেটারি ফাহাদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলম নমী, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব প্রমুখ। বনভোজনে অংশগ্রহণকারি বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, আমির আলী, নাজিমউদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুর রহমান প্রমুখ। নির্বাচন কমিশনার পপি চৌধুরী, ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেমের সার্বিক নির্দেশনায় বিভিন্ন পর্বে সহায়তা করেন ভাইস প্রেসিডেন্ট সুব্রত চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহ ফারুক, কোষাধ্যক্ষ জামান তপন, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভি, নির্বাহী সদস্য কানু দত্ত , আলিম খান আকাশ, শামিম আকতার প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

সিলেটে বন্যার্তদের বাংলাদেশ সেন্টার লন্ডনের ১০ হাজার পাউন্ড অনুদান

সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে। ২৭ জুন সোমবার রাতে লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের হাতে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার পাউন্ডের অনুদানের একটি চেক হস্তান্তর করেন সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম ও সেন্টারের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।বাংলাদেশ সেন্টার লন্ডনের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি কমিটির আহ্ববায়ক আলী বেবুল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কের পথমেলায় গান গাইলেন বাংলাদেশি শিল্পীরা

রোববার (২৬ জুন) বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ) এর উদ্যোগে পথমেলা অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ৩৭ এভিনিউ ও ব্রডওয়ের মধ্যে ৭৩ স্ট্রিটে বসে এ মেলা। হরেক রকমের পণ্যের সমাহার ঘটে মেলার স্টলে স্টলে। তবে মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর সংগীত উৎসব। মেলা দেখতে এসে দীর্ঘদিন পর প্রমিথিউসের সাবেক ভোকাল ব্যান্ড তারকা বিপ্লবের গান শোনে প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা এই গায়ক তার স্বভাবসুলভ ভঙ্গিমায় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।কোকিল কণ্ঠী বেবী নাজনীনও দীর্ঘদিন ধরে থাকছেন নিউইয়র্কে। তারও দুর্দান্ত পারফরম্যান্স ছিল দেখার মতো। দেশাত্মবোধক গান দিয়ে শুরু করলেও একে একে গেয়েছেন নিজের সেরা গানগুলো। বাংলাদেশের আরেক স্বনামখ্যাত সংগীত শিল্পী তপন চৌধুরী বসবাস করেন প্রতিবেশি দেশ কানাডার টরন্টোতে। নিউইয়র্কে এসে দর্শকদের মাতিয়ে গেলেন তিনি। আর সবাইকে ফিরিয়ে নিয়ে গেলেন সত্তর-আশির দশকে। নিউইয়র্কে রোববার ছুটির দিনটা এমনই আনন্দমুখর ছিল প্রবাসীদের কাছে। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএ’র উদ্যোগে পথমেলার আয়োজন করে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট। আয়োজকরা জানান, মেলা থেকে উপার্জিত অর্থ দেশের বন্যা দুর্গতদের দান করবেন তারা।জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্রে অনুষ্ঠিত পথমেলায় আরও গান গেয়ে শোনান প্রবাসের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী ও নাচ পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পীরা। বাংলাদেশের সংষ্কৃতি ও ঐতিহ্যের নানা অনুসঙ্গ ছিল পুরো আয়োজনে। ঘোড়ার গাড়িতে পুরো জ্যাকসন হাইটস ঘুরে বেরিয়েছেন দর্শনার্থীরা। মেলায় নানা পণ্যের পসরাও সাজিয়ে বসেছিলেন দোকানিরা। জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের সঙ্গে বসবাস করা স্প্যানিশ কমিউনিটির একজন শিল্পীও সংগীত পরিবেশন করেন। শেষে গাড়ি, বিমান টিকেট, নগদ ডলার, স্বর্ণালঙ্কার-সহ মূল্যবান সামগ্রী নিয়ে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র।

post
বাংলাদেশ

‘ত্রাণের লাইগ্গা ইখানো পইড়া রইছি-রেণু রাণী

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ দিন হলো বন্যার পানি এসেছে। ঘরে কোমরসমান পানি ওঠায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর ছেড়ে পাশের বুরুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন রেণু রাণী সরকার (৫৫)। তবে এখন আশ্রয়কেন্দ্রও পানিতে ডুবে আছে। রেণু রাণী বললেন, ‘ত্রাণের লাইগ্গা ইখানো পইড়ারইছি। রাইত হইলে অন্যের বাড়িত থাকি। আর দিন ইলে ইখানো আই। এখন ফর্যন্ত সরকার থেইক্কা কোনো সায্য (সাহায্য) পাইছি না। এখন আত্মীয় আর প্রতিবেশীর দয়ায় বাইচ্চা আছি।’ রেণু রাণীর বাড়ি বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বুরুজপাড়া গ্রামে। গত বছর বুরুজপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পান রেণু রাণী। কিন্তু সেই ঘরে পানি ওঠায় রেণু রাণী বিপাকে পড়েছেন। সোমবার সকাল পর্যন্ত সরকারি কোনো ত্রাণ পাননি বলে দাবি করেন রেণু রাণী। তিনি বলেন, প্রতিবেশীর কাছ থেকে ১০ কেজি চাল ধার নিয়েছেন। তবে সেটাও শেষের দিকে। ওই চাল দিয়ে আজ রাত পর্যন্ত চলবে। কিন্তু কাল রাত পোহালে কী করবেন, সেটা তিনি ভেবে পাচ্ছেন না। ১৯ জুন বিকেলে কুশিয়ারা নদীর পানি বেড়ে প্লাবিত হয় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন। এর মধ্যে উপজেলার বুজপাড়া এলাকায় বন্যা দেখা দিলে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫৬টি ঘর পানিতে তলিয়ে যায়। এরপর রেণু রাণীসহ ওই প্রকল্পের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন।পাঁচ বছর আগে স্বামীকে হারান রেণু রাণী। তিন ছেলে, এক ছেলের স্ত্রী ও নাতিকে নিয়েই তাঁর সংসার। রেণু রাণী কখনো অন্যের বাড়িতে কাজ করেন। কখনো মাটি কাটার কাজও করেন। তাঁর ছেলেরা দিনমজুরের কাজ করেন। তবে বন্যার কারণে কয়েক দিন ধরে তাঁরা কেউ কাজ পাচ্ছেন না। অভাবের সংসারে কোনো সঞ্চয়ও নেই তাঁদের কাছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুয়ায়ী, বেশ ধীরগতিতে বানিয়াচংয়ে বন্যার পানি কমছে। আজ সোমবার পানি কিছুটা কমলেও বেশির ভাগ বাড়িঘরে কোমরসমান পানি রয়ে গেছে। উপজেলার বেশির ভাগ গ্রামের মানুষ কৃষিকাজ ও দিনমজুরের কাজের ওপর নির্ভরশীল। এর মধ্যে বুরজপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও ঘর ভেঙে গেছে, কারও ফসল নষ্ট হয়েছে। কাজ বন্ধ থাকায় অনেকের হাতে টাকা নেই। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাশেম চৌধুরী বলেন, বানিয়াচংয়ে এবার বন্যায় কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর বিপরীতে ত্রাণ অপ্রতুল। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, প্রয়োজনের তুলনায় ত্রাণ পর্যাপ্ত নয়। আজ পর্যন্ত তিনি নগদ ২ লাখ টাকা, ৭০ মেট্রিক টন চাল, ৩০০ শুকনা খাবারের প্যাকেট পেয়েছেন। বরাদ্দ বাড়ানোর জন্য তিনি জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র জমা দিয়েছেন।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রের রেনো শহরে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেছে লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট। শুক্রবার (স্থানীয় সময় রাত ৯টায়) নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেনো ও পার্শ্ববর্তী শহরগুলোতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।মঙ্গলবার (২৮ জুন) লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জানায়, ওই‌দিন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্বপ্নের পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়। লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতীক। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। 

post
টেক মেন্টর

সেপ্টেম্বরে পিপলএনটেকে চালু হতে যাচ্ছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট

কারিগরি ও কর্ম উপযোগী শিক্ষা একটি দেশের শিল্প উন্নয়নের জন্য দক্ষ কারিগরি জ্ঞানে শিক্ষিত ও অভিজ্ঞ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যে দেশ যত বেশি দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে, সে দেশ তত বেশী শিল্পোন্নত।এই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক চালু করেছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। মহামারি করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ে। করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ আগামী সেপ্টেম্বর থেকে পিপলএনটেকে চালু হতে যাচ্ছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ২০২২।প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তব ভিত্তিক কারিগরি প্রশিক্ষণের নিশ্চয়তার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে বক্তব্য রাখেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিপলএনটেক পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যেসব শিক্ষার্থী ভর্তি হবেন তাদের চাকরির বাজার নিয়ে চিন্তা করতে হবে না।কারিগরি প্রশিক্ষণ শেষে যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করবো। নিজেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায়:পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫ভিজিট করুনঃ https://www.peoplentech.com.bdমোবাইল : ০১৭৬২-০০২৪৪৪

post
বাংলাদেশ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১০টায় এ তথ্য জানান সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে মাওয়া টোলপ্লাজা দিয়ে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন চলাচল করেছে। এতে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ২৪ হাজার ৭২৭টি যানবাহন চলাচল করেছে। এতে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই পাড় মিলে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

post
বাংলাদেশ

পদ্মা সেতুর প্রথম লেডি বাইকার রোবায়েত রুবা

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই যেন স্বপ্নজয়ের প্রতিযোগিতায় নেমেছে মানুষ। রোববার (২৬ জুন) সকালে পদ্মা সেতুর টোলপ্লাজা চালু হবার পর সেতু পাড়ি দেয়ার উৎসবে মেতেছে সবাই। এদিন প্রথম যে বাহনটি টোল দিয়ে পার হয়, সেটি মোটরসাইকেল। অন্যান্য গাড়ির তুলনায় মোটরসাইকেলের সংখ্যায় বেশি।এদিকে প্রথম লেডি বাইকার হিসেবে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন রোবায়েত রুবা নামে এক নারী। রাজধানী মিরপুরের শেওড়াপাড়া থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে গিয়ে সকালে সেতুতে ওঠেন। সে হিসেবে রোবায়েতই পদ্মা সেতুর প্রথম লেডি বাইকার। টোলপ্লাজা পার হয়ে সেতুতে ওঠার আগে তিনি একটি ফাঁকা জায়গায় এসে দাড়ান। এরপর তার সঙ্গে অন্যান্য বাইকারদের ফ্রেমবন্দি হন। তখন সময় সংবাদের সঙ্গে কথা হয় তার। তিনি জানান, এ অনভূতি প্রকাশ করার মতো না। সকালে মিরপুরের শেওড়া পাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে এসেছি। যাব পদ্মা সেতুর অপরপ্রান্তে।পেশায় ইউটিউবার রোবায়েত রোবা জানান, আমি পদ্মা সেতু পাড়ি দেবার পাশাপাশি ইউটিবের জন্য কন্টেন্ট বানাতে এসেছি। এখান শ্যুট করে ঢাকায় ফিরে কন্টেন্ট বানাব। সঠিক ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে রোবায়েত আহ্বান জানিয়ে বলেন, সেতুতে নিয়ম অনুয়ায়ী গাড়ি চালানো উচিত। লিখে দিয়েছে ৮০কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবাইকেই একই অনুরোধ করব। শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মুহূর্তেই অবসান হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের ভোগান্তি আর যানজটের। প্রাধানমন্ত্রী শেখ হাসিনা এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন দেশের বৃহত্তম এবং পৃথিবীর অন্যতম দীর্ঘ এই সেতুটি।অনেক মূল্যে পাওয়া পদ্মা সেতু এখনও উৎসবমুখর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার (২৬ জুন) সকাল ৬টায় যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এর আগে গাড়িগুলো ভোর রাত থেকেই জমা হতে থাকে পদ্মা সেতুর টোলপ্লাজায়। এরপরই স্বপ্নের সেতু পারাপার হওয়ার আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দেয় মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজায়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপসহ পদ্মা সেতু দেখতে আশা হাজার হাজার মানুষ টোল দিয়ে সেতুতে উঠছে। সবার হাসিমুখ। অনেকের মুখে আবার জয় বাংলা স্লোগান। গতকাল পদ্মা সেতু উদ্বোধনের পর আজ রোববার থেকে সেতু পার হওয়ার অনুমতি মেলে সর্বসাধারণের। আর তাই শনিবার সেতুতে চড়তে না পারার আক্ষেপটা আজই পূরণ করে নিচ্ছেন অনেকে।  

post
বাংলাদেশ

পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী, জানা গেলো টাকার পরিমাণ

পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮ টি গাড়ি ছিল।আজ শনিবার দুপুর ১২টার একটু আগে মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন করেন তিনি। এরপর পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যান।পদ্মা সেতুর টোল কর্মী তানিয়া আফরিন প্রধানমন্ত্রীর ১৬ হাজার ৪০০ টাকা টোল দেওয়ার কথা জানান।কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। পদ্মা সেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হলেও আগামীকাল সকাল ছয়টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।এর আগে গতকাল শুক্রবার পদ্মা বহুমুখী সেতুর টোল প্লাজার জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।পরীক্ষামূলক যানচলাচল প্রক্রিয়া সাত দিন ধরে হয়। কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে টোল নেওয়া এবং স্লিপ দেওয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।

post
বাংলাদেশ

পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্যে দিয়ে খুলে গেল দখিনা দুয়ার। শনিবার (২৫ জুন) দুপুরে মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন।এ সময় সেখানে উপস্থিত সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন সাবেক সেতু সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া।প্রধানমন্ত্রীর পেছনে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ। এর আগে, হেলিকপ্টারে করে সেখানে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছান তিনি। সমাবেশে তিনি বক্তব্য দেন। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। উদ্বোধনের আগে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাওয়ায় স্থাপিত টোল প্লাজায় টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন।উদ্বোধন শেষে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশে যাত্রা করবেন তিনি। পরে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এরপর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা প্রান্ত থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। গত ২৪ মে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই দৃঢ় মনোবলের কারণে শেষ পর্যন্ত প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী মূল সেতুর পাইলিং ও নদীশাসনের কাজ উদ্বোধন করেন। এরপর একে একে সব ধাপ পেরিয়ে পদ্মার বুকে গড়ে ওঠে স্বপ্নের সেতু। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দ্বিতল এ সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত। একইসঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। চার লেন বিশিষ্ট ৭২ ফুট প্রস্থের এ সেতুর নিচতলায় রয়েছে রেল লাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.