post
এনআরবি বিশ্ব

তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে দুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে

তুরস্কের ইস্কেসাহির আনাদোলু বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (৯ অক্টোবর) তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে আনাদোলু বিশ্ববিদ্যালয়ের রেক্টর ফুয়াত এরদালের কাছে এই স্মারক তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান। বলা হয়েছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উভয় দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ পাবেন।রাষ্ট্রদূতের আমন্ত্রণে রেক্টর ফুয়াত এরদাল সমঝোতা স্মারক বাস্তবায়নে উভয় বিশ্ববিদ্যালয়ের সমর্থন প্রত্যাশা করেন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে।তিনি বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট পুনর্ব্যক্ত করেন

post
বাংলাদেশ

সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে সোমবার (১০ অক্টোবর) এ মন্তব্য করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। কদিন পরপর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে। মোমেন বলেন, আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি, এটি (সীমান্তে হত্যা) আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে… ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (বিএসফ) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক। শনিবার দিবাগত রাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এরমধ্যে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে মারা যান মুনতাজ হোসেন নামে একজন। আর সাতক্ষীরার খৈতলা সীমান্তে মারা যান মো. আবু হাসান নামে একজন।

post
টেক মেন্টর

পিপলএনটেকে ১৮-১৯ শিক্ষাবর্ষের পলিটেকনিক শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ক্লাস শুরু

বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট হতে বাস্তবসম্মত শিক্ষা গ্রহনের লক্ষে পিপলএনটেক লিমিটেডে শিক্ষার্থীরা তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি ইন্সটিটিউট ‘পিপলএনটেক’ রাজধানী ঢাকার গ্রীণরোডে (গুডলাক সেন্টার, ১৫১/৭ গ্রীণরোড) সম্প্রসারণ করেছে সকল কার্যক্রম। এই ধারাবাহিকতায় পিপলএনটেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদী ‘স্কিল ডেভেলপমেন্ট’র কর্মসূচি তথা ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। সোমবার (১০ই অক্টোবর) রাজধানীর গ্রীনরোড পান্থপথে পিপলএনটেক লিমিটেডের কার্যালয়ে সকাল থেকে সারাদেশের ৬৪টি জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের পর্যায়ক্রমে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের বিভিন্ন কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। পিপলএনটেকে আগত সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পিপলএনটেক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন," পিপলএনটেক এমন একটি আইটি প্রতিষ্ঠান যারা শুধু কোর্স করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, কোর্স শেষে তাদের চাকরি নিয়ে চিন্তা করতে হয় না'। প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস প্রেসিডেন্ট বলেন, 'আপনারা কোর্স শেষ করে নিজেকে অভিজ্ঞ হিসেবে গড়ে তুলুন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করে দিবো'। এসময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কিং এন্ড সার্ভার শাখার হেড অফ ফ্যাকল্টি কাজী মাহমুদুল হক, পিপলএনটেক লিমিটেডের ব্যাবস্থাপক, এইচআর-এডমিন তৌহিদুর রহমান, সহকারি ব্যবস্থাপক অপারেশন শেখ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার রনি সাহা, সিনিয়র প্রোগ্রামার ও ফ্যাকল্টি হাফিজুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে প্রবাসীদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে জিএসসি সাউথইস্ট রিজিওনের প্রতিবাদ

যুক্তরাজ্যের সাত প্রবাসী ব্যবসায়ীকে বাংলাদেশে চক্রান্তমূলক মামলায় হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) সাউথইস্ট রিজিওনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন এম এ আজিজ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী।সভায় বক্তারা বৈদেশিক মুদ্রা উপার্জনকারী এবং দেশে কর্মসংস্থানের জন্য বিনিয়োগকারী প্রবাসীদের চক্রান্তমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রবাসী বিনিয়োগকারীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষী ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জান-মাল, সহায়-সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে প্রবাসীরা দেশে রেমিট্যান্স প্রেরণ ও কর্মসংস্থানের উদ্দেশ্যে শিল্প স্থাপনায় বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলবে। বক্তারা পাসপোর্টে দূতাবাস থেকে নো-ভিসা স্টিকার ও পাওয়ার অব অ্যাটর্নি প্রদানে আইনি জটিলতা ও এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।

post
বিশেষ প্রতিবেদন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল রোববার। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) একটি বিশেষ মর্যাদার দিন। বাংলাদেশেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত হয়। সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ কারণে রাসুল (সা.)-কে সম্মান জানিয়ে রাহমাতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদ্‌গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত। ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ মহানবী (সা.)–এর ৪০ বছর বয়সে নবুওয়াত প্রকাশিত হয়। এরপর ২৩ বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন। আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটিতে নফল রোজা রাখেন। বেশি বেশি দরুদ পাঠ, কোরআন শরিফ তিলাওয়াত, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। এ ছাড়া মিলাদ এবং রাসুল (সা.)-এর জীবনী নিয়েও আলোচনার আয়োজন থাকবে। বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ (সা.)–কে সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। হজরত মুহাম্মদ (সা.)–এর আদর্শ, প্রজ্ঞা ও বিচক্ষণতা বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘আমার দৃঢ়বিশ্বাস, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।’

post
এনআরবি বিশ্ব

৪৫ দিন ধরে গ্রিসের হাসপাতালের মর্গে পড়ে রয়েছে প্রবাসী রুনার মরদেহ

মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার রুনা আক্তার নামের এক বাংলাদেশি নারীর মরদেহ প্রায় দেড় মাস ধরে এথেন্সের একটি হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না করায় লাশটি দেশে পাঠানোর উদ্যোগও নিচ্ছে না কেউ। এদিকে মর্গের ফ্রিজের ভাড়াও দিনদিন বেড়ে চলেছে।হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনিক জটিলতা ও পরিচয় শনাক্ত না হওযায় প্রাথমিকভাবে মরদেহটি দেশে পাঠানোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসও।এরই মধ্যে বিভিন্নভাবে চেষ্টা করেও রুনা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লাশ দেশে পাঠানোর পক্রিয়ার প্রথম ধাপে পরিবারের আবেদন প্রয়োজন। এমনকি প্রায় লক্ষাধিক টাকাও খরচ বহন করতে হয়।জানা গেছে, গত ২৮ আগস্ট রাজধানী এথেন্সের কিপসেলির তেনেদু স্ট্রিটে রুনা আক্তার (৩৬) নামের এক বাংলাদেশি নারীকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। রুনা বেগম নারায়নগঞ্জের জনৈক রিপন মিয়ার স্ত্রী। তবে গ্রেফতার ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।এ নিয়ে গ্রিসের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এতে বলা হয়, কিপসেলির একটি রাস্তায় বাংলাদেশের একজন ৩৬ বছর বয়সী নারীকে ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।নিহত রুনা আক্তারের স্বামী এবং পুলিশের তদন্ত থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, ৪০ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই নারীকে রাস্তার মাঝখানে বারবার ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছে পুলিশের কাছে।হত্যাকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছে, তারা দুজন এথেন্সের একটি ক্লিনিং কোম্পানিতে এক সঙ্গে কাজ করতেন। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই নারীর স্বামী দীর্ঘদিন বেকার ছিলেন। সে সময় তার কাছ থেকে গত কয়েক মাসে ২০ হাজার ইউরো ধার নিয়েছিল ওই দম্পতি।হামলাকারী আরও দাবি করেন, স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন রুনা আক্তার। তবে শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রাখেননি রুনা। তাদের সম্পর্ক এগোতে না দেখে গত রোববার শেষবারের মতো দেখা করতে চান শান্ত। এর আগেই ঘাতক শান্ত এথেন্সের ওমোনিয়ার একটি দোকান থেকে একটি ছুরি কিনেছিলেন যা রুনার সঙ্গে দেখা করার সময় তার কাছে লুকিয়ে রেখেছিলেন। ওইদিন বিকেলে রুনার বাসার নিচে গিয়ে জরুরি কথা বলার জন্য তাকে রাস্তায় নেমে আসতে বলেন।গ্রেফতার শান্ত পুলিশকে জানায়, তার ডাকে রুনা নিচে আসলে তাকে জিজ্ঞাসা করা হয় সে তার স্বামীকে তালাক দিতে চায় কিনা। এ সময় রুনা তাকে তাদের জীবন থেকে সরে যেতে বলেছিল, তখন শান্ত তার পাওনা টাকা ফেরত চাইলে তা অস্বীকার করে রুনা। এতে ভীষণ রেগে গিয়ে ছুরিকাঘাত করে খুন করে।এদিকে, এখনো লাশটি পড়ে আছে হাসপাতালের মর্গে। তাদের পরিবারের পক্ষ থেকেও কেউ কোনো যোগাযোগ করেনি মরদেহটি দেশে পাঠানোর জন্য। এ অবস্থায় বেড়েই চলছে হাসপালাতের ফ্রিজের ভাড়া। লাশটি গ্রিসে দাফন করতে হলেও হাসাপাতালের ভাড়া পরিশোধ করতে হবে। এ নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।

post
টেক মেন্টর

অ্যানড্রয়েড ফোন দ্রুত চার্জ করার ১০ উপায়

ফোন ধীরে চার্জ হলে অনেকেই বিরক্তিকর হন। আবার অনেকের ফোন দিনে দুই বার চার্জ করার দরকার হয়। আর যদি দিনের মাঝখানে বা গুরুত্বপূর্ণ সময়ে ফোনের চার্জ শেষ হয়ে যায় তখন আর বিরক্তির শেষ থাকে না।এখন যদিও বেশিরভাগ ফোনে ইউএসবি-সি পোর্ট দিয়ে চার্জ করতে তুলনামূলক কম সময় লাগছে, তবুও কাজের মাঝে ফোন চার্জে লাগিয়ে রাখার অভিজ্ঞতা সুখকর হয় না। কয়েকটি কৌশল অবলম্বন করলে অনেক দ্রুত অ্যানড্রয়েড ফোন চার্জ করা যায়।১. এয়ারপ্লেন মোড অন করুনআপনার ব্যাটারির চার্জ কমার বড় একটি কারণ হলো নেটওয়ার্ক সিগন্যাল। সিগন্যাল যত খারাপ হবে, আপনার ব্যাটারির চার্জ তত দ্রুত শেষ হবে। ফোন চার্জ করার সময় দুর্বল সিগন্যালে ব্যাটারির শক্তি অপচয় হয়।এর সমাধান হলো, চার্জে প্লাগ ইন করার আগে আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে রাখা। পরীক্ষায় দেখা যায় যে এটি সম্পূর্ণ চার্জের জন্য প্রয়োজনীয় সময়ের পরিমাণ ২৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে৷আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে নিতে, নোটিফিকেশন বার নিচের দিকে সোয়াইপ করুন এবং এয়ারপ্লেন মোড আইকনে ট্যাপ করুন।অথবা, সেটিংস > নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট > এয়ারপ্লেন মোডে গিয়েও এটি সেট করতে পারেন।ব্যাটারির চার্জ পূর্ণ হয়ে গেলে এটি একই প্রক্রিয়ায় গিয়ে এয়ারপ্লেন মোড বন্ধ করুন।২. ফোন বন্ধ রাখুনসহজ, স্পষ্ট একটি উপায় কিন্তু প্রায়ই এটিকে উপেক্ষা করা হয়। সহজ কথায় আপনার ফোনটি চার্জ করার সময় বন্ধ থাকলে, অনেক দ্রুত ব্যাটারি চার্জ হবে৷ এক্ষেত্রে চার্জিংয়ের সময় ব্যাটারি থেকে কোনো চার্জ ক্ষয় হবে না।তবে অবশ্যই, চার্জ করার সময় ফোন বন্ধ রাখার কিছু নেতিবাচক দিকও রয়েছে। তবে আপনি যদি বাড়ি থেকে বের হওয়ার আগে ফোনটিকে দ্রুত ১৫-মিনিটের একটি বুস্ট দিতে চান তবে সেক্ষেত্রে এটিকে বন্ধ করা অবশ্যই একটি ভালো উপায়।৩. চার্জ করার সময় ফোন ব্যবহার না করুনচার্জ করার সময় ফোন ব্যবহার করবেন ন। এ সময় ফোন ব্যবহার করলে তা চার্জিংয়ের গতি ধীর করে দেয়৷ বিশেষ করে, গেমের মতো ভারী অ্যাপ ব্যবহার করলে ফোন গরম হয়ে উঠবে, চার্জিং প্রক্রিয়া ধীর হবে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির ক্ষতি করবে।ফোন দীর্ঘ সময় গরম হয়ে থাকলে এর ব্যাটারির ক্ষতি হতে পারে। এ কারণে ফোন চার্জারের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় গেম খেলা, ভিডিও বা সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকুন।৪. ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ এবং ফিচার বন্ধ রাখুনব্যাকগ্রাউন্ড প্রসেসিং অ্যাপ ব্যবহার না করলেও ডিভাইসের ব্যাটারি ব্যবহার করে। সরাসরি ব্যবহার করা হচ্ছে না এমন অ্যাপের মাধ্যমেও একটি স্মার্টফোনের ব্যাটারি সাধারণত ধীরগতিতে চার্জ হতে পারে। তাই এই ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অ্যাপ্লিকেশানগুলি বন্ধ করে চার্জিংয়ের গতিকে বাড়িয়ে তুলতে পারেন। অ্যাপ সেটিংসে গিয়ে আপনি চাইলে এগুলো বন্ধ করে নিতে পারেন।এছাড়া লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো ব্যাটারি খরচকারী ফিচারগুলো বন্ধ করুন৷ ওয়াই-ফাই ও ব্লুটুথ উল্লেখযোগ্য পরিমাণে ব্যাটারি খরচ করে। চার্জিংয়ের সময় এগুলো বন্ধ রাখলে ডিভাইস চার্জিংয়ে গতি বাড়বে।৫. চার্জ মোড চালু আছে কিনা তা নিশ্চিত করাআপনি যখন আপনার ফোনে একটি ইউএসবি ক্যাবল প্লাগ ইন করেন তখন আপনি কোন ধরনের সংযোগ চান তা আপনার অ্যানড্রয়েড ডিভাইস আপনাকে নির্দিষ্ট করার অপশন দেয়। আপনি যদি ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে চার্জ করেন তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে চার্জিং ফিচারটি চালু আছে কিনা।চালু করতে, সেটিংস > কানেক্টেড ডিভাইস > ইউএসবি প্রিফারেন্সেসে যান।অপশনের তালিকায় গিয়ে নিশ্চিত করুন যে চার্জ কানেক্টেড ডিভাইস টগলটি চালু করা আছে। তবে আপনার ডিভাইসটি সেই সময়ে একটি ইউএসবি ক্যাবলের সঙ্গে সংযুক্ত না থাকলে আপনি এই মেনুর অপশনগুলো পরিবর্তন করতে পারবেন না।৬. ওয়াল সকেট ব্যবহার করুনকম্পিউটার কিংবা গাড়িতে ইউএসবি পোর্ট ব্যবহার করে চার্জ করলে চার্জিংয়ের কর্মদক্ষতা অনেক কম এবং গতি ধীর হয়।সাধারণত, নন-ওয়াল সকেট ইউএসবি পোর্টগুলো মাত্র ০ দশমিক ৫ অ্যাম্পিয়ার পাওয়ার আউটপুট অফার করে। অন্যদিকে ওয়াল সকেট চার্জিং সাধারণত আপনার ডিভাইসের উপর নির্ভর করে ১ অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়ার আউটপুট দিতে পারে। কম অ্যাম্পেরেজে চার্জিং খারাপ না বরং এটি আপনার ডিভাইসের ক্ষতি করবে না। কিন্তু আপনাকে এটি বেশ দীর্ঘসময় ধরে অপেক্ষা করাবে। তাই, অতিরিক্ত একটু চার্জের জন্য শুধুমাত্র আপনার গাড়ি বা ল্যাপটপ ব্যবহার করুন, সম্পূর্ণ ব্যাটারি চার্জের জন্য নয়।৭. পাওয়ার ব্যাংক ব্যবহার করুনচলার মাঝে আপনার ফোন রিচার্জ করার প্রয়োজন হলে উদাহরণস্বরূপ, আপনি যদি প্রায়ই সারাদিন বাইরে থাকেন তাহলে একটি পাওয়ার ব্যাঙ্ক হতে পারে জীবন রক্ষাকারী ডিভাইস।অনেক পাওয়ার ব্যাংক ওয়াল সকেটের মতো একই অ্যাম্পেরেজ আউটপুট দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও দেয়। কিন্তু যখন আপনার ফোন ২-অ্যাম্প আউটপুট দিয়ে দ্রুত চার্জ হতে পারে তখন একটি বিষয় সম্পর্কে সতর্ক থাকবেন। আপনাকে তখন নিশ্চিত করতে হবে যে আপনার ইউএসবি ক্যাবলটি এই অতিরিক্ত শক্তি পরিচালনা করার ক্ষমতা রাখে কিনা।৮. ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলুনওয়্যারলেস চার্জিংয়ের বেশ কিছু চমৎকার দিক আছে; এটা খুবই সুবিধাজনক এবং এতে কম ক্যাবল লাগে, যা আমি নিশ্চিত যে আমরা অনেকেই এগুলো চাই।কিন্তু যদি চার্জিং গতি অগ্রাধিকার হয়, তাহলে এটি এড়ানো উচিত। তারের চেয়ে ধীরে চার্জ হয় তারবিহীন ব্যবস্থায়। পরীক্ষায় দেখা যায় যে এটি ৫০ শতাংশ পর্যন্ত ধীর হতে পারে।৯. ফোনের কেস খুলে ফেলুনবর্তমানে প্রায় সব ফোনেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার হয়। এই ধরনের ব্যাটারি ঠান্ডা থাকলে দ্রুত চার্জ হয়। ৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চার্জিংয়ের জন্য উপযুক্ত। ফোন বেশি গরম হয়ে গেলে কেস খুলে ফেলতে হবে।১০. ভালো মানের ক্যাবল ব্যবহার করুনক্যাবলের মান চার্জিং এর গতিতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। চার্জিং ক্যাবলের ভিতরে চারটি পৃথক তার আছে—লাল, সবুজ, সাদা এবং কালো।

post
অনুষ্ঠান

’বাইটপো’র উদ্যোগে “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক সেমিনার ২৩ অক্টোবর

‘বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন’(বাইটপো)’র উদ্যোগে ২৩ অক্টোবর “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ইউনভিার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি(ওয়াস্ট)’র অডিটরিয়ামে।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বাহাদুর।বিশেষ অতিথি থাকবেন ‘আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ এর সাবেক প্রেসিডেন্ট ও নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোস্যাল ওয়ার্কের এমিরিটাস প্রফেসর ড. গোলাম এম মাতবর, দি ইনস্টিটিউট অব ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার (আইইই)’র নির্বাচিত প্রেসিডেন্ট ও ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির ইলেকট্রিকেল এন্ড কম্প্যুটার ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ডঃ সাইফুর রহমান, বিশ্বব্যাংকের কনসালটেন্ট ড. আনোয়ার করিম, ম্যারিল্যান্ডের কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানোটেকনলজির ফাউন্ডার প্রেসিডেন্ট প্রফেসর ড. জামাল উদ্দিন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ড. ফয়সাল কাদের। এ ছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন ওয়াস্ট’র চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, সরকার কবীরুদ্দীন, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. আমিনুর রহমান, ড. মিজানুর রহমান, ড. শোয়েব চৌধুরী প্রমুখ।সেমিনারের সার্বিক দায়িত্ব ও পরিচালনা করবেন বাইটপোর ভাইস প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালেদ, সেক্রেটারি হাবিবুল্লাহ কচি ও এন্থনী পি গোমেজ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক, আইটি বিশেষজ্ঞ ও বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ।

post
বাংলাদেশ

বৈশ্বিক খাদ্যসংকটে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না : পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে ভবিষ্যতে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে। তাই এ ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরীর আম্বরখানা থেকে টুকেরবাজার সড়ক সংস্কার ও চার লেনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে তিন পারসেন্টের মতো, সেখানে আমাদের ৬-এর ওপরে।’ তিনি আরও বলেন, ‘সরকার খাদ্য নিশ্চিতের চেষ্টা করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি কিংবা খালি থাকবে না। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্য কিছুও ম্যানেজ করা সম্ভব।’এর আগে প্রায় ছয় কিলোমিটার সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়কটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে কয়েক মাসের মধ্যে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

post
এনআরবি বিশ্ব

অপহরণের ১১ দিন পর মালয়েশিয়া প্রবাসী সোহেলের মরদেহ উদ্ধার

অপহরণের ১১ দিন পর মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি সোহেল মিয়ার (৩৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানী কুয়াললামপুর থেকে ৩০ কিলোমিটার দূরে সেলাঙ্গর রাজ্যের সেরিকাম বাগানের তামিং জায়া ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১০ নম্বর রোডের একটি কারখানার পেছনের জঙ্গল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে স্থানীয় কাজাং থানা পুলিশ।মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন ও সোহেলের প্রবাসী স্বজনরা তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।কাজাং ওসিপিডির সহকারী কমিশনার মোহম্মদ জাইদ হাসান বলেন, 'মরদেহে পচন শুরু হয়েছিল এবং হাত ও মুখ টেপ দিয়ে বাঁধা ছিল।'তিনি জানান, অপহরণের ঘটনায় আটক ৪ প্রবাসী বাংলাদেশির স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোহেলের মামা মিজানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কাজাং থানা পুলিশ অভিযান শুরু করেছিলআজ সকালে সারডাং হাসপাতালে মরদেহ নিয়ে আসার পর সোহেলের মামা মিজান তার মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টার দিকে কুয়ালালামপুরের তামিলজায়া এলাকায় নিজ বাসার কাছ থেকে সোহেল মিয়াকে অপহরণ করা হয়। তাকে 'মেরে ফেলারও হুমকি' দেওয়ায় গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের বরিশালের একটি ব্যাংকের শাখার মাধ্যমে অপহরণকারীদের দাবি করা ৫ লাখ টাকার মুক্তিপণও পাঠায় তার পরিবার। কিন্তু এরপরও মুক্তি না পাওয়ায় মালয়েশিয়ায় ২টি ও দেশে ১টি মামলা করে সোহেলের পরিবার। এ ছাড়াও, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনেও সহায়তা চেয়ে আবেদন করা হয়।সোহেল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের মরহুম আহমেদ মিয়ার ছেলে। ১৫ বছর ধরে তিনি মালয়েশিয়াপ্রবাসী। সেখানে তিনি একটি কারখানায় কাজ করতেন।কাজং পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ অক্টোবর বিকেলে বেরানং এলাকা থেকে ২ বাংলাদেশি এবং পরদিন সেমেনিহে এলাকা থেকে আরও ২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে মামুন শিকদার ও আলমগীরের নাম প্রকাশ হলেও তদন্তের স্বার্থে বাকি ২ জনের নাম এখনো জানায়নি পুলিশ।একই ঘটনায় গত ৪ অক্টোবর বরগুনা থেকে মুক্তিপণের টাকাসহ নাসির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। টাঙ্গাইলের ঘাটাইল থানায় সোহেলের বোনজামাই বিল্লাল হোসেনের দায়ের করা অপহরণ মামলার সূত্রে নাসিরকে গ্রেপ্তার করা হয়। বুধবার ঘাটাইল থানা পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে নাসিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর কনসুলার জিএম রাসেল রানা বলেন, ৪ অপহরণকারী গ্রেপ্তার এবং তাদের জবানবন্দির ভিত্তিতে সোহেল মিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি মালয়েশিয়া পুলিশ প্রশাসন আমাদের নিশ্চিত করেছে। কী কারণে, কীভাবে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। অপহরণের ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে মালয়েশিয়া পুলিশ কাজ করছে।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.