post
এনআরবি বিশ্ব

লেবাননে ছিনতাইকারীর হামলায় প্রবাসী বাংলাদেশি গুলিবিদ্ধ

লেবাননে ছিনতাইকারীদের গুলিতে নুরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। শনিবার সকালে দেশটির জুনি জেলার তাবারজা হাইওয়ে রোডে সাবরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নুরুল ইসলামকে স্থানীয় একটি হাসপাতালের ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত না বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় বাংলাদেশিরা জানায়, প্রতিদিনের মতো নুরুল ইসলাম মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে যাওয়ার সময় তাবারজা হাইওয়ে রোডে দুজন ছিনতাইকারী তার পথ অবরোধ করে। ছিনতাইকারীরা তার মটরসাইকেল, মোবাইল ছিনিয়ে নিয়ে যেতে চাইলে নুরুল ইসলাম বাঁধা দেন। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারিরা তাকে গুলি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ছুটে এসে মূমুর্ষ নুরুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। নুরুল ইসলামের গ্রামের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় । বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লেবানন পুলিশ প্রশাসনকে ঘটনাটি তাৎক্ষনিক জানানো হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২ এর একটি শিপিং কোম্পানির গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তাদের মধ্যে ৩১৮ জন ভারতের, ১৬ জন নেপালের, ১৫ জন বাংলাদেশের, ৬২ জন ইন্দোনেশিয়ার, ৭৯ জন শ্রীলঙ্কার ও ১১ জন মিয়ানমারের নাগরিক। আটকৃতদের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপ-পরিচালক তরমিজি তালিব আলি গণমাধ্যমকে জানান, স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণের পর তাদের আটক করা হয়েছে। তার নেতৃত্বে এই অভিযানে যোগ দেন সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ কর্মকর্তা। শনিবার মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় কেউ কেউ বস্তার স্তূপের আড়ালে, টয়লেটে ও ওই ভবনের ছাদে লুকানোর চেষ্টা করে। প্রতিবেদনে বলা হয়েছে, আটকৃতদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের কাছে বৈধ কোনো ভ্রমণ নথিও ছিল না। তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। অভিবাসন কর্মকর্তা তরমিজি বলেন, 'এর আগে কখনো এই গুদামে অভিযান চালানো হয়নি। এ অভিযানে ১১৩ জন স্থানীয় নাগরিকসহ মোট ৬১৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী আটক করা হয়েছে।' প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক বিদেশি শ্রমিকরা স্বীকার করেছেন যে, তারা কয়েক মাস ধরে প্রতিদিন ৬ থেকে ১২ ঘণ্টার শিফটে ৮০ থেকে ১০০ রিঙ্গিত পারশ্রমিকে কাজ করছেন। বৈধ নথি ছাড়া শ্রমিকদের কাজ করার অনুমতি দেওয়ায় মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তা তরমিজি।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় শিকলে বাঁধা অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার

শিকলে বাঁধা অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ। অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি অপহৃত মালয়েশিয়াপ্রবাসী সোহেল মিয়ার (৩৯) মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই শিকলে হাত-পা বাঁধা অপহৃত আরেক বাংলাদেশিকে উদ্ধার করলো দেশটির পুলিশ। একের পর এক অপহরণের ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ১৪ অক্টোবর কুয়ালালামপুর সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ার সেরি কামবাগানের পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা অপহৃতের মোবাইল ব্যবহার করে বাংলাদেশে পরিবারকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা। এরপর থানায় অভিযোগ দায়েরের পর বাংলাদেশিকে উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ। এ ঘটনায় গত ১০ অক্টোবর অপহরণচক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত দুই বাংলাদেশি ও স্থানীয় তিন নাগরিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশ ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের ধারণা, গত ৭ অক্টোবর ওই পাঁচজনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এছাড়া অপহরণের সময় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং একটি গাড়ি জব্দ করা হয়েছে। অপহরণকারী দুই বাংলাদেশিকে ২৪ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং স্থানীয় তিন নাগরিককে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অপহরণের জন্য দণ্ডবিধির ৩৬২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এসিপি বেহ এং লাই।

post
এনআরবি বিশ্ব

বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহযোগী হতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো জরুরি।  শুক্রবার (১৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজার এক্সপো সেন্টারে আইডিয়া গ্যালারি আয়োজিত ৩ দিনব্যাপী প্রবাসী উৎসবের উদ্বোধনী অধিবেশনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধ, অবৈধ স্বর্ণের চালান রোধ, বিমানবন্দরে হয়রানি বন্ধ, রেমিট্যান্স পাঠানোর চার্জ মওকুফ ও জাতীয় পরিচয়পত্রের জটিলতা নিরসনসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রবাসীরা। পরিকল্পনামন্ত্রী প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, 'প্রবাসীদের সব যৌক্তিক দাবির ব্যাপারে সরকার খুবই আন্তরিক৷ বিমানবন্দরে হয়রানি, সহজ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থাসহ যতগুলো পরামর্শ আমরা পাচ্ছি তা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি৷' তিনি আরও বলেন, 'দেশের সব ব্যাংককে বলবো, প্রবাসীদের সেবার ব্যাপারে তারা যেন আরও সচেতন হয়৷'পরিকল্পনামন্ত্রী বলেন, 'সরকারের সমালোচনা করা ভালো, তবে সমালোচনা রাজনীতির উদ্দেশ্যে যেন না হয়।'বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, 'অর্থনীতি আর রাজনীতিকে এক করা উচিৎ না।'বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন, এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের।

post
যুক্তরাষ্ট্র

জবাবদিহিতার আওতায় না আনা পর্যন্ত র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে : যুক্তরাষ্ট্র

হাসিনার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে ৪ বছর আগে যুক্তরাষ্ট্র র‌্যাবকে সহায়তা বন্ধ করে।ওয়াশিংটনে গত বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ কথা জানান।তিনি বলেন, 'বাস্তবতা হলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব মানবাধিকার লঙ্ঘনে জড়িত আছে, এমন বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা ২০১৮ সালেই র‌্যাবকে সহায়তা বন্ধ করে দিয়েছি।'জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, 'যুক্তরাষ্ট্র র‌্যাব তৈরি করেছে, প্রশিক্ষণ দিয়েছে ও অস্ত্র সরবরাহ করেছে। তারা যেমন প্রশিক্ষণ দিয়েছে, র‍্যাব তাই করেছে।'সংবাদ ব্রিফিংয়ে নেড প্রাইস বলেন, 'প্রায় ৪ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাবকে সহায়তা বন্ধ করে দেয় এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ডিসেম্বরে র‌্যাব ও এর ছয় বর্তমান-সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্লোবাল ম্যাগনিটস্কি আইনের অধীনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।''এছাড়া মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে আমরা র‍্যাবের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আইনের অধীনে ব্যবস্থা নিয়েছি,' বলেন তিনি।নেড প্রাইস আরও বলেন, 'বাংলাদেশ হোক, দক্ষিণ এশিয়া বা বিশ্বের অন্য কোনো দেশ হোক, যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে মানবাধিকার। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়টিতে দৃষ্টি আকর্ষণের পাশাপাশি যারাই মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিই।'তিনি আরও বলেন, 'এই নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের লক্ষ্য র‌্যাবের সংস্কার ও জবাবদিহির আওতায় আনা এবং বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন রোধ করা।''আমরা দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দেশগুলো যেন নিজস্ব উপায়ে অপরাধের বিরুদ্ধে লড়াই, ন্যায়বিচার নিশ্চিত এবং আইনের শাসন রক্ষা করতে পারে তার জন্য কাজ করে যাব। বাংলাদেশ নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার সময় আমরা এই নীতিগুলোকেই সামনে রেখেছি,' যোগ করেন তিনি।বাংলাদেশ সরকার বাকস্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার ওপর আক্রমণ করছে, এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে নেড প্রাইস জানান, সভা-সমাবেশের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতার সার্বজনীন অধিকারের ওপর আক্রমণের ক্ষেত্রে তার মন্তব্য একই।তিনি বলেন, 'জনগণ যে কোনো জায়গায় শান্তিপূর্ণভাবে ও আইনের শাসন মেনে বক্তব্য দেওয়ার এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার আছে।'র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাংলাদেশ বিভিন্নভাবে চেষ্টা করছে। এ বিষয়ে অবশ্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, 'জবাবদিহিতা নিশ্চিত করা এবং র‌্যাবের সংস্কার না হওয়া পর্যন্ত তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।'

post
এনআরবি বিশ্ব

দুবাইয়ে তিন দিনব্যাপী ‘বঙ্গসংস্কৃতি বাংলাদেশ বইমেলা’ অনুষ্ঠিত

দুবাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গসংস্কৃতি বাংলাদেশ বইমেলা’। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আগামী ৪ থেকে ৬ নভেম্বর তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।মেলার সার্বিক প্রস্তুতি জানাতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দুবাই বাংলাদেশ কনস্যুলেট।দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, আরব আমিরাতে বসবাস করছেন প্রায় দশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। বিপুল সংখ্যক বাংলাদেশির বাংলা বইয়ের প্রতি আগ্রহ, মধ্যপ্রাচ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরতে এ বইমেলার আয়োজন করা হচ্ছে।এটি প্রথম উদ্যোগ হলেও পরবর্তী বছর থেকে নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে বাংলাদেশ বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে দুবাইয়ে বাংলাদেশ বইমেলা স্থায়ী রূপ লাভ করবে।তিন দিনব্যাপী উৎসবের প্রতিদিন নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন, গ্রন্থ আলোচনা, সাহিত্য বিষয়ক সেমিনার, বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক অনুষ্ঠান দিয়ে সাজানো হবে। এর পাশাপাশি স্থানীয় ও দেশি-বিদেশি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশের আবহমান ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে।এ আয়োজনে দেশের সৃজনশীল ও স্বনামধন্য প্রকাশনা সংস্থা এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় সর্বমোট ৫০টি স্টল থাকবে। বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের খ্যাতিম্যান কবি, সাহিত্যিক, লেখক বইমেলায় অংশগ্রহণ করবেন।সংবাদ সম্মেলনে কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, লেবার কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনসহ কনস্যুলেট কর্মকর্তা, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ ও সৌদির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান সৌদির বাণিজ্যমন্ত্রীর

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ ও সৌদির মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বাণিজ্য সক্ষমতার বিষয়ে আন্তর্জাতিক প্রচার-প্রসারে গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি। রিয়াদে আজ তার কার্যালয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।মহামারি কাটিয়ে উঠে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি ২ দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী ২০১৯ সালে তার বাংলাদেশ সফরের উল্লেখ করে বলেন, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার আশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ২ দেশের মধ্যে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তিনি এ মাসের শেষে ২ দেশের মধ্যে অনুষ্ঠেয় ১৪তম যৌথ কমিশন সভার বিষয়েও তাকে অবহিত করেন। ২ দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দ্বি-পাক্ষিক কার্যকর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পারস্পারিক সহায়তার আশ্বাস ব্যক্ত করে বৈঠক শেষ হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাস থেকে মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা এবং ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে কুয়েতে দুই বাংলাদেশি কিশোর

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশি কিশোর তাওহীদ ওবাইদুল্লাহ ও হাফেজ আবু রাহাত। তারা দুজনই একাধিকবার বিশ্বসেরা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে তারা স্থানীয় একটি ফ্লাইটে কুয়েত পৌঁছায়। বর্তমানে তারা কুয়েতের সালওয়ার নিকটবর্তী আলবিদা রেজিন্সি হোটেলে অবস্থান করছে।চলতি বছরের ৯ ও ১০ জানুয়ারি বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের বাছাইপর্বে তারা কুয়েতের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়।দুটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আবু রাহাত ও বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ তাওহীদ ওবাইদুল্লাহ।তাদের সঙ্গে আসা শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বলেন, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন দেশের কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। এর মাধ্যমে তারা লাল-সবুজের পতাকাকে অনন্য সম্মান এনে দিয়েছে।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে আছির প্রদেশ মাখাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আলম (৪৫) নামে এক প্রবাসী। মঙ্গলবার (১১ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মাখাইল আল বিরিক নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। প্রবাসী মোহাম্মদ আলম (৪৫) এর বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ভূমিরখীল গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ বলে জানা গেছে। মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক প্রবাসী জানান, আলম প্রবাসে আবহার মাহেল সানাইয়া এলাকায় কাজ করতো। মঙ্গলবার (১১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সৌদি আরবের আল বিরিক নামক স্থানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ করতে গিয়েছিল। বিকালে সেখান থেকে একটি গাড়িতে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে সৌদি আরবের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিল আলম। আলমের সংসারে স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছে তার ভাই। 

post
বিনোদন

এবার পর্তুগালে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা 'হাওয়া'

এবার পর্তুগালে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা 'হাওয়া'।আগামী শনিবার সকাল ১১টায় দেশটির রাজধানী লিসবনে বাইশা সিয়াদো মেট্রোর পাশে সিনেমা ইডিয়েলে উদ্বোধনী শোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত হবে 'হাওয়াএকই হলে ২২ ও ২৩ অক্টোবর সকাল ১১টায় সিনেমাটির আরও একটি করে শো চলবে। বাঙালি অধ্যুষিত বেনফোরমোসো রোডে মাতৃভাণ্ডার ও বিডি সুপার মার্কেটে 'হাওয়া'র অগ্রিম টিকিট পাওয়া যাবে। পর্তুগালে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি ও প্রদশর্নের উদ্যোগ নেওয়া হয়েছে। 'হাওয়া' প্রদর্শনের উদ্যোক্তা জামাল উদ্দিন বলেন, 'পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির বসবাস প্রায় ৩৫ বছর এবং এখানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আছেন। কিন্তু দেশীয় ছবি প্রবাসে দেখার সুযোগ পায়নি কখনও। তাই এবার আমরা হাওয়ার মাধ্যমে সূচনার উদ্যোগ নিলাম'। এ নিয়ে বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা যাচ্ছে। প্রবাসী কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, পর্তুগালে হলিউড বা বলিউডের সিনেমা নিয়মিত দেখার সুযোগ থাকলেও বাংলাদেশি সিনেমা কখনো দেখার সুযোগ হয়নি। তাই হাওয়ার মুক্তির খবরে সবাই অনেক উচ্ছ্বসিত।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.