post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়া পাইকারি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে দেশটির রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের (আরটিডি) একটি পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আরটিডির ডেপুটি ডিরেক্টর জুলকিফ্লাই ইসমাইল বলেন, আরটিডি পাইকারি বাজারে টানা দুই ঘণ্টার অভিযানে ১৬ জন বাংলাদেশি, মিয়ানমারের ২৮ জন, ইন্দোনেশিয়ার ৬ জন এবং দুইজন ভারতীয়কে গ্রেফতার করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।তিনি আরও বলেন, ড্রাইভিং লাইসেন্স ও পণ্যবাহী গাড়ির লাইসেন্স না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে আটটি লরি, ১২টি ভ্যান, ২৫টি মোটরসাইকেল, ছয়টি ও সাতটি ট্রাইসাইকেলসহ ৫৮টি যান জব্দ করা হয়েছে।অন্যদিকে, বৈধ কাগজপত্র না থাকায় আটক ৫২ অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

post
এনআরবি সাফল্য

ম্যান অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশি নুরুজ্জামান

কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফ্রি ম্যান অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর জেনারেল অ্যাকাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান।১৮ অক্টোবর দুপুরে সিটি অব লন্ডন গিলডহলের লর্ড চেম্বারলিন চেম্বারে অ্যাকাউন্টেন্সি, ব্যবসা, সাংগঠনিক দক্ষতা ও কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় চেম্বার অব কমার্সের নেতা, সাংবাদিকসহ কমিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।‘ফ্রি ম্যান অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাকাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান বলেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই প্রেস্টিজিয়াস সম্মাননা নিয়েছি। এটি আমার কমিউনিটি জন্য উৎসর্গ করলাম। এই সম্মাননা কমিউনিটির জন্য বেশি কাজ করতে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।’অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু, সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, বশির আহমদ, ফাইন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হেড টিচার আশিদ আলী, সাবেক কাউন্সিলার ওয়াইসুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুহি মিকদাদ, জিয়াউর রহমান, আলাউদ্দিন, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, চ্যানেল এসের প্রধান ক্যামেরাপার্সন রেজাউল করিম মৃধা প্রমুখ।উল্লেখ্য, অ্যাকাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান ১৯৮১ সালের ১০ ডিসেম্বর সিলেটে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘিরপার রাজারগাঁও গ্রামে জন্ম নেন। তার বাবা মরহুম মুহাম্মদ নুরুল ইসলাম মতি বাংলাদেশ বনবিভাগের কর্মকর্তা ছিলেন। মা নুরুন্নাহার একজন গৃহিণী। ২১ বছর বয়সে তিনি লেখাপড়ার উদ্দেশ্যে ব্রিটেনে আসেন এবং গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের ওপর ডিগ্রি অর্জন করেন।তিনি ২০১০ সালে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে নিজস্ব অ্যাকাউন্টটিং প্রতিষ্ঠান তাজ অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠা করেন। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে এটি একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কাস্টমার সার্ভিস এবং নিজের দক্ষতার কারণে একাধিক অ্যাওয়ার্ড লাভ করে তাজ অ্যাকাউন্টেন্ট। প্রতিষ্ঠানটি ব্যবসার পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সহযোগিতা করে আসছে।আবুল হায়াত নুরুজ্জামান ২০১৭ সালে ‘এএটি লাইসেন্স মেম্বার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি ২০১৯ সালে দ্য লন্ডন এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডস কর্তৃক বেস্ট স্মল বিজনেস অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হন। অ্যাকাউন্টিং টেকনিশিয়ান ম্যাগাজিন জুলাই-আগস্ট ২০১৭ সংখ্যা তাকে নিয়ে বিশেষ কভার স্টোরি প্রকাশ করে।নুরুজ্জামান তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্রিটেনের বিভিন্ন শহরে স্পেশাল স্পিকার হিসেবে বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশ নেন। তিনি বিবিসিসিআইয়ের ডিরেক্টর জেনারেল নির্বাচিত হওয়ার আগে লন্ডন রিজিওয়নের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।১২৩৭ সাল থেকে ‘ফ্রি ম্যান অব দ্য সিটি অব লন্ডন’ (ফ্রিম্যানশিপ) সম্মাননা চালু রয়েছে। স্ব স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ সম্মাননা পেয়ে থাকেন। বিভিন্ন সময়ে অনারারি ‘ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা লাভ করেছেন সব নামি-দামি ব্যক্তিরা। এদের মধ্যে অন্যতম, ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্স জর্জ ১৮৫৭ সালে এ সম্মাননা লাভ করেন।

post
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে প্রবাসী নারীর মৃত্যু

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে হুরুন্নাহার বেগম (৬২) নামে এক প্রবাসী বাংলাদেশী মারা গেছেন।১৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে মারা যান তিনি।১৯ অক্টোবর বুধবার জ্যামাইকা মুসলিম সেন্টার তার জানাযার সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছিলেন হুরুন্নাহার।এরপর তাকে ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন আগে। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত হুরুন্নাহারের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বাড়ৈ গ্রামে। হুরুন্নাহার নিউইয়র্কে বসবাসরত আফাজউদ্দিন আহমদের স্ত্রী। বছর খানেকের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আর কোন প্রবাসীর মৃত্যু হয়নি । হুরুন্নাহারের মৃত্যুতে কমিউনিটিতে করোনা নিয়ে পুনরায় আতংক দেখা দিয়েছে। তাকে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে দাফন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিসহ সারা আমেরিকায় ১২ শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে।

post
বাংলাদেশ

শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে উদ্যোগী হতে চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। আর মূল প্রত্যাবাসন ইস্যুতে তেমন কোনো ‘সুখবর’ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।বৃহস্পতিবার (২০ অ‌ক্টোবর) রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরে বৈঠকে হওয়া আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে মূলত রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ হয়েছে। চীনকে বলেছি, আমাদের সীমান্তের শূন্য রেখায় প্রায় ৫ হাজারের মতো রোহিঙ্গা আছে। আমরা বলেছি, ওদের মিয়ানমারের ভেতরে নিয়ে যাও। কারণ এগুলো এখানে থাকলে আমাদের একটা ভয় থাকে। ওদের শূন্য রেখায় রাখা যাবে না।মোমেন জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনা দূত আগে বলেছিলেন ‘সুখবর’ দেবেন। কিন্তু আজকের বৈঠকে তিনি কোনো সুখবর দিতে পারেননি।মন্ত্রী বলেন, আমি তাকে বলেছি, ‘আপনি বলেছিলেন, সুখবর দেবেন।’ জবাবে রাষ্ট্রদূত জানান, তিনি আশা করেছিলেন, কিন্তু এখনও কিছু হয়নি। তিনি শুধু বলেছেন, তারা (চীন) এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে রোহিঙ্গাদের নেওয়ার জন্য, এটাই সুখবর।ড. মোমেন বলেন, আমরা বলেছি, আপনারা যে প্রজেক্ট নিয়েছেন (ত্রি-পক্ষীয় উদ্যোগ) সেটা অনেক দিন ধরে ঝুলে আছে। এটা ভালো নয়। আমাদের কত আশা, আমরা শুধু চিন্তা করি এ মাসে হবে, ওই মাসে হবে। এজন্য একটা তাগাদা দেওয়া প্রয়োজন। তিনি জানিয়েছেন, তারা (চীন) চেষ্টা করছে। তারা (চীন) তো ওই দেশের মালিক নয়। এ সমস্যা মিয়ানমার করেছে। তাদেরকেই সমাধান করতে হবে। এর বিকল্প কিছু নেই।পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যে চুক্তি হয়েছে সে অনুযায়ী রোহিঙ্গাদের নিতে রাজি আছে মিয়ানমার। তারা (মিয়ানমার) বলেছে, তারা (মিয়ানমার) ভেরিফিকেশনের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে। তারা এখনও বলছে, ‘আমরা ওদের নিরাপত্তা দিতে রাজি।’ তারা রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে, যাতে রোহিঙ্গারা সেখানে স্বেচ্ছায় যেতে পারে।তবে মিয়ানমার রোহিঙ্গাদের নিতে কতটা আন্তরিক হবে সেটা নিয়ে শঙ্কায় আছেন মোমেন। তিনি বলেন, এতদিন ধরে যে অবস্থা, মনে হয় না তাদের সে আগ্রহ আছে। এর আগে দুবার চেষ্টা করেছি। কিন্তু একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।পরপর দুবার ব্যর্থ বাংলাদেশ এখন আর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দিন তারিখ জনসম্মুখে প্রকাশ করতে চায় না বলে জানান মন্ত্রী।

post
এনআরবি সাফল্য

সাবিনা খাতুনকে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের সংবর্ধনা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার (১৯ অক্টোবর) হাইকমিশনের হলরুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ, হাইকমিশনারের সহধর্মিণী নাওমী নাহরিন, প্রথম সচিবের সহধর্মিণী রোমানা রাজিয়া সিদ্দিকী, প্রথম সচিব মো. সোহেল পারভেজ, দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়াসহ হাইকমিশনের কর্মচারীরা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া, যিনি সাবিনা খাতুনের সঙ্গে মালদ্বীপে একই ক্লাবে ফুটবল খেলছেন। অপরজন ফাতেমা তুজ জোহরা, তিনি মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ হিসেবে কাজ করছেন। সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন। অনুষ্ঠানের শুরুতেই মালদ্বীপে ক্রিকেট কোচিংয়ের ওপর অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন ফাতেমা তুজ জোহরা। মাতসুসিমা সুমাইয়া মালদ্বীপ ও বাংলাদেশের ফুটবলের অভিজ্ঞতা সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেন। পরে হাইকমিশনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অন্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ বিজয় লাভ ও আয়োজন সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেন। সবশেষে হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে খেলাধুলার অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে সাবিনা খাতুন ও তার উত্তরসূরিরা আরও বড় টুর্নামেন্ট এমনকি বিশ্বকাপ জিতবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রেলিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশি যুবকের ২৭ বছরের সাজা

স্ত্রীকে হত্যার দায়ে শাহাব আহমেদ নামে একজন বাংলাদেশি যুবককে ২৭ বছরের সাজার রায় দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সুপ্রিমকোর্ট আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। ৩৮ বছর বয়সী শাহাব তার ২৯ বছর বয়সী স্ত্রী খোন্দকার ফারিহা এলাহিকে ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি তাদের প্যারামাট্টা ইউনিটে হত্যা করেন। ২০১৯ সালে একক বিচারকের রায়ের বিরুদ্ধে আপিলের পর শাহাব পুনরায় বিচারের মুখোমুখি হন। তিনি আদালতে নিজেকে হতাশাগ্রস্ত মানসিক রোগী হিসেবে দাবি করেছিলেন। তবে সুপ্রিম কোর্টের জুরি বোর্ড আজ আগের রায় বহাল রেখেছেন। হত্যার পর শাহাব আহমেদ ট্রিপল জিরোতে কল করে যা বলেছিলেন তা জুরিদের শোনানো হয়। তিনি কল করে বলেছিলেন, 'আমি আমার স্ত্রীকে হত্যা করেছি।' তার আগে তিনি তার ঠিকানা, নাম এবং জন্ম তারিখ বলেন। শাহাব বলেছিলেন যে তিনি হত্যায় একটি ছুরি ব্যবহার করেছিলেন এবং তার মৃত স্ত্রী বিছানায় রয়েছেন। 'এটা কতদিন আগে হয়েছিল?' অপারেটর জিজ্ঞেস করেছিলেন। 'মাত্র কয়েক মিনিট আগে'। তিনি উত্তর দিয়েছিলেন। শাহাব বলেছিলেন, তার স্ত্রী শ্বাস নিচ্ছেন না তাই অ্যাম্বুলেন্সের প্রয়োজন নেই। শাহাব বলেন, 'তার স্ত্রীর কয়েক বছর আগে তার এক বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল এবং তাকে বলেছিল যে এটি শেষ হয়ে গেছে। 'কিন্তু আমি আজ তার ফোন চেক করেছি। তাদের সম্পর্ক আছে।' সুপ্রিম কোর্টে সাক্ষী হিসেবে ভারপ্রাপ্ত সার্জেন্ট মাইকেল আউটজেন জুরিকে বলেন, তিনি দৌড়ে ফ্ল্যাটে উঠেছিলেন এবং আহমেদকে জিজ্ঞাসা করলে তিনি জানান, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। 'তিনি আশ্চর্যজনকভাবে শান্ত ছিলেন। তিনি খুব ধীর এবং স্থির ছিলেন।' আউটজেন জুরিকে বলেন। তিনি আহমেদের প্যান্টে রক্ত ​​দেখতে পান এবং যখন তিনি বেডরুমে যান, এক নারীকে রক্তে ঢাকা গদিতে পড়ে থাকতে দেখেন।মেঝেতে একটি ছুরির পাশাপাশি একটি বাটিতে সিগারেটের বাট ছিল। একজন গোয়েন্দা ঘটনাস্থলে শাহাব আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি বলেছিলেন যে তার এবং তার স্ত্রীর মধ্যে তর্ক হয়েছে। প্রায় ২ বছর আগে তার বন্ধু ওমর খানের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল কিন্তু তাকে বলেছিল যে এটি শেষ হয়ে গেছে। জিজ্ঞাসাবাদে তখন তিনি বলেছিলেন, আমরা কয়েক মাস আলাদা ছিলাম এবং আমি আমার দেশে চলে যান। আহমেদ বলেন, 'আমি তার ফোন চেক করেছি এবং এখনো তার সঙ্গে সম্পর্ক রয়েছে। আমি তাকে হত্যা করেছি।' বিচারপতি মানিকা স্মিথ বলেছেন, তিনি স্ত্রীর মুখে ছুরিকাঘাত করার সময় তার দাঁতের মধ্যে সেই বড় ছুরির ডগা ভেঙে ফেলেছিলেন। এ বিষয়টি উপেক্ষা করা যাবে না।' রায় দেওয়ার সময় বিচারক বলেছেন, অন্যদের অবশ্যই ঈর্ষা বা অবিশ্বাসের অনুভূতিতে রান্নাঘরের ছুরির মতো ধারালো অস্ত্র ব্যবহারে বিরত থাকতে হবে। আমরা যতই রেগে যায় বা হিংস্রতাবোধ করি না কেন।'সুত্র - দ্য ডেইলি স্টার

post
টেক মেন্টর

এবার প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করলো মাইক্রোসফট

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও কর্মী ছাঁটাই করেছে। এবার প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছে বলে মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে।গত জুলাইয়ের পর থেকে এ নিয়ে মাইক্রোসফট তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করল। গত জুলাইয়ে পুনর্বিন্যাসের অংশ হিসেবে মাইক্রোসফট তাদের ১ লাখ ৮০ হাজার কর্মীর মধ্যে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করে। এতে সে সময় প্রতিষ্ঠানটির ১ হাজার ৮০০ কর্মী চাকরিচ্যুত হন। গত জুলাইয়ে প্রথম দফা কর্মী ছাঁটাইয়ের পর আগস্টে মাইক্রোসফট তাদের গ্রাহককেন্দ্রিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প থেকে আরও ২০০ কর্মীকে ছাঁটাই করে। সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের পর মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, ‘আজ আমরা অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করছি। অন্য প্রতিষ্ঠানগুলোর মতো আমরাও আমাদের ব্যবসার অগ্রাধিকারগুলো নিয়মিত মূল্যায়ন করি। সেই মূল্যায়ন অনুযায়ী প্রতিষ্ঠানের কাঠামোগত সমন্বয় করি।’ প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর বৈশ্বিক পরিবেশ, মন্দার আশঙ্কার এই সময়ে এসে মাইক্রোসফট তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাই করল। ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তা বলতে অস্বীকার করেছে মাইক্রোসফট। তবে সংখ্যাটি এক হাজারের কাছাকাছি। সারা বিশ্বে থাকা মাইক্রোসফটের বিভিন্ন স্তরের কর্মীদের ছাঁটাই করা হয়েছে। মাইক্রোসফটের ছাঁটাই হওয়া কর্মীরা টুইটার, ব্লাইন্ডসহ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোয় তাঁদের ছাঁটাই করার বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। প্রযুক্তিকর্মীদের কাছে ব্লাইন্ড অ্যাপ বেশ জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে বেনামে পোস্ট করা যায়। তবে এর জন্য কোনো কোম্পানির সঠিক একটি ই-মেইল ঠিকানার দরকার হয়। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া ও মন্দার আশঙ্কা বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। অনেক প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাই করছে ও নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে। ডেটা কমপ্লাইড সংস্থা ক্রাঞ্চবেজের তথ্য বলছে, গত জুলাই পর্যন্ত মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রায় ৩২ হাজার কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার, স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স, বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এবং ঋণদানকারী প্রতিষ্ঠানও রয়েছে। চলতি মাসের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম মেটা প্ল্যাটফর্মের ফেসবুক অন্তত ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ফেসবুক। সূত্র- প্রথম আলো

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে ব্রেইন স্ট্রোক করে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর।বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২০মিনিটে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১৫ অক্টোবর তার ব্রেইন স্ট্রোক হয়েছিল।রফিকুল ইসলামের দেশের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে মালদ্বীপ প্রবাসী। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।তার অকাল মৃত্যুতে দেশের বাড়ি ও মালদ্বীপ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রবাসী স্বজনদের সঙ্গে সহকর্মী ও রাজনৈতিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।

post
বাংলাদেশ

প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আইএলও’র শক্ত অবস্থান প্রয়োজন : আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রমিক ইস্যুতে যদি কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে, অনুগ্রহ করে রাজনৈতিক ফায়দা নিতে, অস্ত্র হিসেবে তা ব্যবহার করবেন না। সমস্যা মোকাবিলায় উদারভাবে আর্থিক সহায়তায় এগিয়ে আসুন।তিনি বলেন, বাংলাদেশ দেখতে চায়, আইএলও সারা বিশ্বে প্রবাসী শ্রমিকদের শ্রম অধিকার রক্ষায় আরও শক্ত অবস্থান নিয়েছে। প্রবাসী শ্রমিকরা আমাদের উন্নয়ন অংশীদার, তারও মানুষ এবং তাদের প্রতি যে অন্যায় আচরণ করা হয়, সেটিও দেখা উচিত।বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কর্মক্ষেত্রে মৌলিক নীতিমালা এবং অধিকার: আইএলওর সঙ্গে বাংলাদেশের ৫০ বছর’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএলওর নিজস্ব উদ্দেশ্যে কর্মীদের মাধ্যমে কাজ করানোর একটা প্রবণতা আছে, যা প্রায়ই জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠানে টেকসই প্রভাব রাখতে ব্যর্থ হয়। আমরা আইএলওকে সক্ষমতা অর্জনে একজন অংশীদার হিসেবে দেখতে চাই। স্থানীয় বিষয়ে তাদের মাথা ঘামানো দেখতে চাই না।তিনি বলেন, বাংলাদেশ আশা করে, আইএলওসহ আমাদের উন্নয়ন অংশীদাররা একতরফাভাবে নিজেদের মত অনুযায়ী সব কিছুতেই একটি মডেল চাপিয়ে না দিয়ে স্থানীয় পর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতার মূল্যবোধকে স্বীকার করে কাজ করবে।আব্দুল মোমেন বলেন, অতীতে দেখা গেছে, আইএলও সরকারি এবং বেসরকারি সেক্টরের সঙ্গে প্রকল্প নিয়েছে। আমরা আইএলওকে জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে কাজ করতে দেখেছি, দাতা সংস্থার কোনো অ্যাজেন্ডা অথবা অন্য কোনো মহলের স্বার্থরক্ষায় পরিচালিত হতে দেখা যায়নি।বাংলাদেশ সরকার ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সাম্প্রতিক সংকট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন মোমেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি আবু রাহাত

কুয়েত আমিরের তত্ত্বাবধানে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিন ক্যাটাগরিতে ১১৭টি দেশকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম আয়োজিত কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দু’জন শিক্ষার্থী দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। গত মঙ্গলবার কুয়েত পৌঁছান বাংলাদেশি তিন এই প্রতিযোগী।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ওজারাতুল আওকাফ (ধর্ম মন্ত্রণালয়)। তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন।প্রত্যেকের জন্য বিমানে আসা-যাওয়া ও থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন।হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামে তার জন্ম। বাবা রমজান আলী সরদার একজন মুদি দোকানি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.