post
এনআরবি বিশ্ব

কাতার থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করলেন রাষ্ট্রদূত

কাতার থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে বিকাশ হুন্ডি বন্ধে কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে প্রবাসীদের উৎসাহিত দিতে বিভিন্ন এক্সচেঞ্জে গিয়ে প্রচারণা চালাচ্ছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানী দোহার মনসুরায় অবস্থিত গালফ এক্সচেঞ্জ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রতিকী রেমিট্যান্স প্রেরণ দিবস পালন করা হয়। গালফ এক্সচেঞ্জের ভাইস চেয়ারম্যান জাফর আলী আল সরফফ, দূতাবাসের লেভার মিনিস্টার ড.মুস্তাফিজুর রহমান,বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এসময় উপস্থিত ছিলেন।

post
আন্তর্জাতিক

সৌদি সরকারের সমালোচনা করে টুইট, মার্কিন নাগরিকের কারাদণ্ড

সৌদি আরব সরকারের সমালোচনা করে টুইট করার অভিযোগে সৌদি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। গত বছর দেশটিতে ফেরার সময় বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়েছিল। চলতি মাসের ৩ তারিখে তাঁকে এ সাজা দেয় সৌদি কর্তৃপক্ষ। এদিকে কারাবন্দী আমেরিকান নাগরিকের বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবারের ওই আলোচনার ফলে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন নাগরিক সাদ ইব্রাহিম আলমাদির আটকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বলছে, যুক্তরাষ্ট্র ওই ব্যক্তির বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে। আলমাদির ছেলে ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তাঁর বাবা টুইটারে সৌদি সরকারের সমালোচনা করে টুইট করেছেন। এ জন্য তাঁকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘আমরা রিয়াদ এবং ওয়াশিংটনে উভয় চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেছি। আমরা ওই মামলার বিষয়ে ধারাবাহিক এবং নিবিড়ভাবে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। মত প্রকাশের স্বাধীনতাকে কখনোই অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আলমাদি ফ্লোরিডার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন তাঁর ১৪টি টুইটে সৌদি আরব সরকারের সমালোচনা করা হয়েছে—এমন অভিযোগে গত নভেম্বরে বিমানবন্দরে তাঁকে আটক করা হয়েছিল। তাঁর ছেলে ইব্রাহিমের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৭২ বছর বয়সী আলমাদিকে ৩ অক্টোবর ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। কারাদণ্ড ভোগের পর তাঁর ওপর আরও ১৬ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়। আলমাদির ছেলে জানিয়েছেন, তাঁর বাবা সৌদি আরবের দুর্নীতি এবং কলামিস্ট জামাল খাসোগির হত্যার সমালোচনা করে টুইট করেছিলেন।

post
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে চিকেন বিরিয়ানির পরিবর্তে অন্য খাবার সরবরাহ করায় বাংলাদেশি রেস্টুরেন্টে আগুন

এক গ্রাহক অর্ডার দিয়েছিলেন চিকেন বিরিয়ানি, কিন্তু তাকে অন্য খাবার সরবরাহ করা হয় বলে অভিযোগ। এতে বচসা হয় উভয়পক্ষের মধ্যে। এ ঘটনার পর বাংলাদেশি রেস্টুরেন্টে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট, ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ইউকেসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় চোফেল নরবু (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জ্যাকসন হাইটসে অবস্থিত ইত্তাদি গার্ডেন অ্যান্ড গ্রিল নামের রেস্টুরেন্টে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও অপরাধমূলক অপকর্মের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি নিউ ইয়র্ক পোস্টকে বলেন, “আমি মাতাল ছিলাম। আমি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। কিন্তু তারা আমাকে তা দেয়নি। পরে আমি তা ফেল দিই।” চোফেল নরবু বলেন, “আমি একটি গ্যাস ক্যান আনি এবং ওই রেস্টুরেন্টে ছুড়ে মারি। পরে আগুন ধরিয়ে দিই। এর পরে সেখানে বিস্ফোরণ হয়। কিছুটা আমার গায়েও লাগে।” এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং নিউ ইয়র্কের দমকল বিভাগও এর একটি ভিডিও প্রকাশ করেছে। ফুটেজে আগুন লাগানোর আগে নরবুকে রেস্টুরেন্টের বাইরে দাহ্য তরল ছুড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাতে রেস্তোরাঁটি বন্ধ থাকায়, নরবু সেটির সাটারে তরলটি ছুড়ে মারেন। বাংলাদেশি রেস্টুরেন্টটি যুক্তরাষ্ট্রের কুইনসের জ্যাকসন হাইটসে অবস্থিত। এটি নিউইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত একটি এলাকা। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, মিরর ইউকে, এনডিটিভি

post
এনআরবি বিশ্ব

৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো গ্রিস

গ্রিস থেকে আট অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। গত সোমবার (১৭ অক্টোবর) রাতে একটি বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। এ নিয়ে চতুর্থবারের মতো গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।জানা গেছে, এ ৮ জনের আশ্রয় আবেদন বাতিল হয়েছে। এবং তারা এখানে কোনোভাবেই বসবাসের সুযোগ বা বৈধতার আওতায় আসতে পারবেন না। তাই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে গ্রিস কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে।গ্রিক সরকারের তথ্যমতে, ২০১৬ সালের পর ২০২১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ১৯ জনকে ফেরত পাঠানো হয়। সমন্বিত পুলিশি অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।এর ৬ মাস পর চলতি বছরের গেলো জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প ও সাইপ্রাস থেকে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এর পর অনিয়মিত বাংলাদেশিদের গণহারে গ্রেফতার করা হচ্ছিল।সম্প্রতি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তিতে নতুন জনশক্তি রপ্তানি ও অনিয়মিতদের বৈধ করার কথা ছিল। এরই মধ্যে গতকাল ফের ৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনায় বিভিন্ন ক্যাম্পে থাকা ও অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী বৈধ অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলো থেকে এমন অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেডিউর্স চুক্তি হয়। এ চুক্তির আওতায় অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে।

post
এনআরবি সাফল্য

দুই সপ্তাহে ৭৭ কোটি ডলারের প্রবাসী আয়

চলতি মাসের প্রথম দুই সপ্তাহে (২-১৩ অক্টোবর) ব্যাংক মাধ্যমে ৭৬ কোটি ৯৮ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান থেকে এই চিত্র পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে সবচেয়ে বেশি ১৯ কোটি ডলার প্রবাসী আয় এনেছে ইসলামী ব্যাংক। তারপর অগ্রণী ব্যাংক ৫ কোটি ৫৩ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪ কোটি ৭৬ লাখ, সোনালী ব্যাংক ৪ কোটি ৪১, ডাচ্-বাংলা ব্যাংক ৪ কোটি ১৯ লাখ ডলারের প্রবাসী আয় এনেছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা গত সেপ্টেম্বরে দেশে ১৫৪ কোটি ডলার পাঠিয়েছেন, যা কিনা ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। গত আগস্টে ২০৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। তার মানে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় কমে যায় ২৪ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরে তুলনায় হিসাব করে গত মাসে প্রবাসী আয় কমেছে ১০ দশমিক ৪৭ শতাংশ। গত মাসে প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধির পর চলতি মাসের প্রথম দুই সপ্তাহে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, সেটিকে সন্তোষজনক বলছেন বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা। তাঁরা বলছেন, চলতি মাস শেষে প্রবাসী আয় ১৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। ব্যাংক মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ করতে চলতি অর্থবছরে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করে সরকার। এরপরও সেপ্টেম্বরে প্রবাসীর আয়ে পতন হয়। তার কারণ হিসেবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলোই ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়। এরপর প্রবাসী আয় আসা কমে গেছে।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ২ টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ দুর্ঘটনা ঘটে।এছাড়া এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, শহীদুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের ছোট ছেলে রনি। তাদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সিরাজিদিখান উপজেলায়। নিহত শহিদুল ইসলাম (৬২) অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা। রাজিয়া সুলতানা (৫৫) প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। রনি পড়াশোনা করতেন। আহত ডক্টর আনোয়ার জাহিদ তাদের বড় সন্তান।নিহতদের আত্মীয়রা জানান, সম্প্রতি বড় ছেলের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় আসেন তারা। ছুটির দিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে বের হন। দুর্ঘটনার সময় ড. আনোয়ার জাহিদ চালকের আসনে বসা ছিলেন। তাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। তাকে আইসিউতে রাখা হয়েছে। এদিকে, গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মারা গেলেও একই সঙ্গে তিনজন বাংলাদেশির মৃত্যু এ প্রথম। এ মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

post
এনআরবি বিশ্ব

চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় পাঠানো কন্টেনারে মিলল মরদেহ

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পৌঁছানো একটি কন্টেনারের ভেতরে একজনের মরদেহ পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে পাঠানো ওই কন্টেনার গত ৬ অক্টোবর মালয়েশিয়ার পেনাং বন্দরে পৌঁছায় বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ওয়ার্ল্ড অববাজ বলেছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরুর ৯ দিন পর ওই কন্টেনার পেনাংয়ে পৌঁছায়। যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি কয়েক দিন ধরে কন্টেনারে আটকা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।কন্টেনার থেকে উদ্ধার করা মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে; যা নিয়ে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। কমেন্টে কন্টেনারের ভেতরে আটকা পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন কেউ কেউ। এক ব্যক্তি বলেছেন, তার সহকর্মীরা একদিন হাস্যরসের ছলে তাকে কন্টেনারের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিলেন। এতে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি হয় বলে জানিয়েছেন তিনি। তবে কন্টেনার থেকে মরদেহ উদ্ধারকে অনেকেই মানব পাচারের ঘটনা বলেও মন্তব্য করেছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।এদিকে, মালয়েশিয়ায় পাঠানো কন্টেনারে মরদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু জানতে পারেনি বলে জানিয়েছে। তবে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে পাঠানো কন্টেনার থেকে লোকজনকে উদ্ধারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে পাঠানো বাংলাদেশের কন্টেনার থেকে লোকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২০১৬ সালে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরে বাংলাদেশি একটি খালি কন্টেনার থেকে এক তরুণকে উদ্ধার করে পুলিশ। বিশাখাপত্তম বন্দর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি ওই তরুণের নাম মোহাম্মদ রোহান হোসাইন (৩০)। ২০১৭ সালে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরগামী কন্টেনার লোড করার সময় কেডিএস কন্টেনার ডিপোর বাবুল ত্রিপুর নামের এক কর্মীকে একটি কন্টেনারের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

post
এনআরবি বিশ্ব

মানবপাচারের অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

মানবপাচারের অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা নারীসহ নিজ দেশের নাগরিকদের লিবিয়ায় বলপূর্বক আটকে রেখে অর্থআদায়ের চেষ্টা করেছেন।ইতালির বার্তা সংস্থা আনসার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, আটক দুই যুবকের বয়স ৩২ ও ২৪। তাদের বিরুদ্ধে অপহরণ ও অত্যাচার ছাড়াও মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।দুই অভিযুক্তের একজনকে ইতালির সিসিলির আগ্রিগেন্তো থেকে এবং আরেকজনকে উত্তরপূর্ব শহর গোরিৎসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।সূত্র জানায়, এই দুই যুবক ইতালির অভিবাসনের হটস্পট লাম্পাডুসায় গত সেপ্টেম্বরে আসেন। তারা নৌপথে সিসিলিতে পৌঁছান। তবে তারা বন্দিদের পাঠান অন্য নৌকায়। লিবিয়ার জুয়ারাহতে তাদের ডিটেনশন ক্যাম্প ছিল।বাংলাদেশ থেকে ইতালিতে আসতে এদের কাছ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা নেওয়া হয়। আগ্রিগেন্তো শহরের ডেপুটি পুলিশ প্রধান জিওভান্নি মিনারভি নেতৃত্বাধীন ফ্লাইং স্কোয়াড অনেক বাংলাদেশি অভিবাসীকে জেরা করে। এভাবেই তারা এই দুই যুবকের হদিস পায়।তদন্তে জানা যায়, যারা লিবিয়াতে আসার আগেই পুরো অর্থ পরিশোধ করেছেন, তাদের সঙ্গে ভালো আচরণ করা হয়। তারা খুব অল্প সময়েই লিবিয়াতে অবস্থান করেন। কিন্তু বাকিদের ওপর অর্থ পরিশোধের জন্য নির্যাতন চালানো হয়।অনুসন্ধানে জানা যায়, লিবিয়ার ক্যাম্পগুলো চালানোর দায়িত্ব লিবিয়ান ও মিশরীয়দের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরাও পাচ্ছেন। গত কয়েক মাসে এমন পরিবর্তন আসছে। এর কারণ অনিয়মিত পথে লাম্পাডুসায় আসা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে।আর গাদাগাদি করে একেকটি ক্যাম্পে থাকা কমপক্ষে আড়াই হাজার অভিবাসীকে কাছ থেকে পর্যবেক্ষণে রাখার জন্য একই দেশের মানুষ থাকলে বেশি সুবিধা। সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

post
যুক্তরাষ্ট্র

‘জয় বাংলা’ স্লোগান আর ‘আমরা সবাই রাজা’ সঙ্গিতের আবহে নিউইয়র্কে আরেকটি লিটল বাংলাদেশ

জয় বাংলা ধ্বনি আর ‘আমরা সবাই রাজা’ গানের সাথে লাল-সবুজের পতাকার আবহে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ১৬ অক্টোবর রোববার বাঙালিদের এগিয়ে চলার অধ্যায়ে আরেকটি ইতিহাসের সংযোজন ঘটলো। সেটি হচ্ছে ‘লিটল বাংলাদেশ’। চার্চ-ম্যাকডোনাল্ড ইন্টারসেকশনে বিপুল করতালি আর হর্ষধ্বনিতে এই সাইনের উম্মোচন করেন ৪ শতাধিক বছরের পুরনো নিউইয়র্ক সিটিতে সর্বপ্রথম নারী-মুসলমান ও বাংলাদেশী বংশোদ্ভ’ত কাউন্সিলওম্যান শাহানা হানিফ। এর ৮ মাস আগে অর্থাৎ এ বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউর বড় একটি অংশের নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ’। এই সিটিতে বর্তমানে দু’লাখের বেশী বাংলাদেশী রয়েছেন। অনাড়ম্বর এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী ছাড়াও ছিলেন সিটির কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, স্টেট এ্যাসেম্বলীম্যান রবার্ট ক্যারোল, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম,ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির সদস্য খোরশেদ খন্দকার প্রমুখ। লিটল বাংলাদেশ’র স্বপ্নদ্রষ্টাগণের অন্যতম কাউন্সিলওম্যান শাহানার বাবা মোহাম্মদ হানিফ (যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি) এ সময় আবেগাপ্লুত হয়ে এ সংবাদদাতাকে বলেন, ১৯৯৫ সালের কথা। সে সময় আমরা কজন এই এলাকায় একটি অনুষ্ঠান থেকে ‘লিটল বাংলাদেশ’ রচনার প্রত্যাশার কথা জানিয়েছিলাম। তারপর সেই স্বপ্নের পরিপূরক হিসেবে একই বছরে এ এলাকায় ‘লিটল বাংলাদেশ’ নামক একটি রেস্টুরেন্ট চালু করি। তার চলে গেছে ২৬টি বছর। আমার সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটলো আমারই কন্যা শাহানার হাত ধরে। আমি কত যে খুশী আর আনন্দিত-তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্যে গর্ববোধ করছি। নির্বাচিত হবার ১০ মাসের মধ্যে বাংলাদেশী অধ্যুষিত এলাকাকে ‘লিটল বাংলাদেশ’-এ পরিণত করার আনন্দে অভিভূত শাহানা হানিফ বলেন, এটি আনন্দের এবং ঐতিহাসিক একটা দিন। কারণ, এই এলাকার নামকরণ হচ্ছে লিটল বাংলাদেশ। আমার তরফ থেকে এবং সিটি কাউন্সিলের তরফ থেকে কম্যুনিটির জন্যে এটি একটি উপহার। আমাদের যে সংগ্রাম অনেক বছর ধরে চলছিল, এখানে মাথা উঁচু করে থাকা,গড়ে উঠা, তার বাস্তবায়ন ঘটলো। আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে, এই লিটল বাংলাদেশ ঘিরে আমাদের শিক্ষা, ন্যায্য মজুরি এবং গৃহায়নের যে ফাইট চলছে, তাকে শক্তিশালি করতে হবে এই নামকরণের আনন্দের মধ্য দিয়ে। ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে শাহানা উল্লেখ করেন, একটা লেজিসলেশন(আইন) পাশ করার ইচ্ছা আছে, তা হচ্ছে এই সিটিতে কর্মস্থলে নিরাপদে কাজ এবং অসুস্থ হলে সবেতন ছুটির বিধি রয়েছে,সেটিকে সম্প্রসারণ করতে চাই। এটি করা সম্ভব হলে আমাদের যে ডেলিভারি (অধিকাংশই কাগজপত্রহীন এবং ইলেক্ট্রিক বাইকে রেস্টুরেন্টের খাবার সরবরাহ করেন) ভাইয়েরা আছেন, যারা কনট্রাক্ট বেইজ ওয়ার্কার, ডে লেবার,তারা কর্মস্থলে অসুস্থ হলে তাদেরকে সবেতন ছুটি মিলবে। এখন কিন্তু তারা সেটি পাচ্ছেন না। আমরা জানি যে, ডেলিভারিম্যানরা অত্যন্ত কঠোর শ্রম দিচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে খাদ্য-সামগ্রি পৌঁছাচ্ছেন। আমি সে সব কঠোর পরিশ্রমী মানুষের অধিকার নিয়ে কাজ করছি। এই এলাকার অর্থাৎ সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ এর সদ্য বিদায়ী কাউন্সিলম্যান থেকে সিটি কম্পট্রোলার হিসেবে বিজয়ী ব্র্যাড লেন্ডার প্রবাসীদের কর্মনিষ্ঠার প্রশংসা করে বলেন, আমি বেশ কয়েক টার্ম আপনাদের সান্নিধ্যে থেকেও এই এলাকার নামকরণ ‘লিটল বাংলাদেশ’ করতে পারিনি। আমার ছেড়ে দেয়া আসনে বিজয়ী শাহানা তা করে দেখালেন ১০ মাসের মধ্যেই। এভাবেই শাহানা দিপ্ত প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন আরো বড় গন্তব্যে,যার মধ্যদিয়ে বাংলাদেশীদের স্বপ্নের বাস্তবায়ন ঘটতে থাকবে। শুভেচ্ছা বক্তব্যে কন্সাল জেনারেল ড.মনিরুল ইসলাম বলেন, কাউন্সিলওম্যান এবং এই কাজে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এজন্যে যে, তারা নিজের প্রচেষ্টায় এই যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান তৈরী করে নিয়েছেন। তারা বাংলাদেশের পরিচয় বহন করছেন। আর এভাবেই এই বিশ্বমঞ্চে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, একটি উদিয়মান দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। এটি কিন্তু তারই সাক্ষ্য বহন করে। কন্সাল জেনারেল উল্লেখ করেন, আজকের দিনটি বিশেষভাবে আরো গুরুত্বপূর্ণ এজন্যে যে, আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্কের ৫০ বছর পালন করছি। এরফলে ‘লিটল বাংলাদেশ’ সাইন ফলক উম্মোচনের এই অনুষ্ঠানটি নতুন মাত্রা পেয়েছে এবং নতুন ডাইমেনশন পেয়েছে। ড. সর্বস্তরের প্রবাসীগণকে ধন্যবাদ জানাতে গিয়ে আরো বলেন, ‘তারা তাদের মেধা-মনন-সৃষ্টিশীলতা দিয়ে,কর্মদক্ষতা দিয়ে ভালো অবস্থান তৈরী করেছেন, সেজন্যে আমি মনে করি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছেন। গভীর সন্তোষ প্রকাশ করে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী বললেন, ‘প্রবাসীদের জন্যে অত্যন্ত খুশীর এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেও গৌরববোধ করছি। আমরা প্রথম জেনারেশনের সদস্য হিসেবে যতটা সম্ভব চেষ্টা করছি, তবে বলতে দ্বিধা নেই যে, আমাদের সন্তানেরা অনেক ভাল করছেন বহুজাতিক এ সমাজে বাংলাদেশ আর বাঙালি কালচার উজ্জীবিত রাখতে। চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাসহ ব্রুকলীনে কয়েক বছর আগেও লাখ খানেক প্রবাসী ছিলেন। এখন তা কমে হাজার পচিশেকে এসেছে। অন্যেরা পাড়ি জমিয়েছেন নিউইয়র্ক স্টেটের বাফেলো, কুইন্স ভিলেজ, ফিলাডেলফিয়া প্রভৃতি এলাকায়। যারা এখনও রয়েছেন তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সকলেই সিটিজেনশিপ গ্রহণ করায় মূলধারায় কদর বেড়েছে। শাহানা হানিফের বিজয়ের মধ্যদিয়ে কম্যুনিটির গুরুত্বের পরিধি বিস্তৃত হয়েছে বলেই ‘লিটল বাংলাদেশ’ বিলটি উত্থাপনের পরই তা পাশ হয়। মার্কিন রাজনীতির সাথে প্রথম প্রজন্মের চেয়ে নতুন প্রজন্মের বাংলাদেশী বংশোদ্ভ’তরা ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছেন এবং এই অনুষ্ঠানে তেমনি একজন শিহাব চৌধুরী বক্তব্যের সময় ‘জয় বাংলা’ধ্বনিতে বাঙালির বিজয়ে এই আনন্দ প্রকাশ করেন।

post
বাংলাদেশ

ব্রুনাইকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

জ্বালানিসমৃদ্ধ ব্রুনেইকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সদ্ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার ঢাকায় ব্রুনেইয়ের অর্থ ও অর্থনীতি মন্ত্রী ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন আবদুল্লাহর সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান।টিপু মুনশি বলেন, 'বাংলাদেশ হতে পারে বিনিয়োগের উপযুক্ত জায়গা। আমার অনুরোধ থাকবে বাংলাদেশে বিনিয়োগ করার।'বাণিজ্যমন্ত্রী ভারত ও চীনের কথা উল্লেখ করে জানান, এ দেশগুলো বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও বন্দর সুবিধা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। ব্রুনেইয়ের অর্থমন্ত্রী ড. আমিন বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে। পরিবহনের ক্ষেত্রে আঞ্চলিক হাব তৈরির সুযোগগুলো অন্বেষণ করুন। আমরা এই মুহূর্তে আমাদের সমুদ্রবন্দর সম্প্রসারণ করছি। বৈঠকে 'ব্রুনেই হালাল ফুডস ইন বাংলাদেশ' বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রুনেইয়ে বাংলাদেশিদের বিশেষ করে নির্মাণ শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও ব্রুনেইয়ের অর্থনীতিতে ব্রুনেইয়ে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে ব্রুনেইকে পেশাদার ও দক্ষ মানবসম্পদসহ প্রয়োজনীয় কর্মী সরবরাহের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা জানানো হয়। বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা 'পরিশ্রমী ও আন্তরিক' বলে প্রশংসা করেন ব্রুনেইয়ে সুলতান। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াকে জানান যে বাংলাদেশ সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য প্রস্তুত। বাংলাদেশে ব্রুনেইয়ের বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.