post
বাংলাদেশ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন মঞ্জুর

রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। গত ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এসময় আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার (২৯ মার্চ) সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে একজন বাদী হয়ে ডিএমপির তেজগাঁও থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করেন। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি ফটোকার্ডে একজন দিনমজুরের বক্তব্য উদ্ধৃত করা হয়। কিন্তু সেই উদ্ধৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শিশুর ছবি। দিনমজুরের উদ্ধৃতির সঙ্গে শিশুর ছবি প্রকাশের অসংগতির বিষয়টি তুলে ধরে ১৭ মিনিটের মধ্যেই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করে সংশোধনী দেয় প্রথম আলো। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৯ মার্চ অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক বাদি হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। রোববার এ মামলায় মতিউর রহমান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।   

post
বাংলাদেশ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকাল ৭টা থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কোনাবাড়ী-জিরাব আঞ্চলিক সড়ক অবরোধ করেন তাঁরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এতে ওই সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কারখানার শ্রমিক মো. আমিনুল  ইসলাম বলেন, ‘বকেয়া বেতনের মধ্যে এক মাসের টাকা গতকাল দেওয়ার কথা ছিল। কিন্তু রাত পর্যন্ত অপেক্ষা করে শ্রমিকেরা বাড়ি ফিরে গেছেন। রোজার মাস, সামনে ঈদ—সব মিলিয়ে বেতন না পেয়ে আমাদের অবস্থা খারাপ। এর আগেও কয়েকবার বেতনের দাবিতে অবস্থান নিয়েছি আমরা। কিন্তু তাঁরা (কারাখানা কর্তৃপক্ষ) শুধু তারিখ পরিবর্তন করছে। যে কারণে আন্দোলন ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না।’ এ বিষয়ে কথা বলতে কেয়া নিট কম্পোজিটের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। কারখানার প্রশাসনিক কর্মকর্তা এস এম সুমন আহমেদ বলেন, ‘শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাঁরা কিছুই মানছেন না। তাঁদের বারবার বলছি, আজকেই (সোমবার) বেতন দিয়ে দেওয়া হবে।’ সড়কে অবস্থান নেওয়া কয়েকজন শ্রমিক বলেছেন, কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানায় তিন পালায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। স্টাফ আছেন শতাধিক। স্টাফদের তিন মাসের বেতন বকেয়া। এ ছাড়া শ্রমিকদের গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া আছে। গত বৃহস্পতিবার এ বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ ‘দিই, দিচ্ছি’ বলে কালক্ষেপণ করে। পরে তাঁরা গতকাল রোববার বেতন দেওয়ার কথা জানায়। দিন পেরিয়ে রাত হয়ে গেলেও বেতন না পেয়ে শ্রমিকেরা গতকাল রাতে কারখানায় বিক্ষোভ করেন। এরপর আজ সকাল ৭টা থেকে তাঁদের একটি পক্ষ কারখানার বাইরে কোনাবাড়ী-জিরাব অঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সময়ে শ্রমিকদের আরেকটি পক্ষ কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে। কয়েকজন শ্রমিক উত্তেজিত হয়ে কারখানার বেশকিছু গ্লাসও ভাঙচুর করেন। নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন কর্মকর্তা বলেন, কারখানার শতাধিক স্টাফ তিন মাসের বেতন পাবেন। এ ছাড়া শ্রমিকেরা বেতন পাবেন দুই মাসের। তাঁদের বেতন না দিয়ে কয়েক দিন ধরে টালবাহানা করা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁদের বোঝানোর চেষ্টা চলছে এবং মালিকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বিকেলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু শ্রমিকেরা মালিক পক্ষের কথা বিশ্বাস করতে পারছেন না। তাঁরা এখনই বকেয়া বেতন চাচ্ছেন।

post
বাংলাদেশ

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, '৩০০ আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন।' এর কারণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, 'নির্বাচন কমিশন নির্বাচনী রোড ম্যাপে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছিল। এই লক্ষ্য ৮ হাজার কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। কিন্তু সরকার সেই প্রকল্পটি অনুমোদন করেনি। অন্য দিকে বিদ্যমান ইভিএম সংস্কারে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা দিতেও অর্থ মন্ত্রণালয় অপারগতা প্রকাশ করেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে ঐক্যমতের অভাব ছিল। এই সব বিষয় বিবেচনায় নিয়ে কমিশন হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে।'

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ফরহাদ আহমদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (হরিনগর) গ্রামের তজমুল আলীর বড় ছেলে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে সেহরি খাওয়ার পর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। ফরহাদ আহমদ বছরখানেক আগে আমিরাতে এসেছিলেন। তিনি আজমান শহরের আল জরফ এলাকায় থাকতেন। ফরহাদ আহমদের চাচা সাইফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চার লাখ টাকা ঋণ করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সে আমিরাতে আসে। অনেক আশা নিয়ে প্রবাসে এলেও মাত্র এক বছরের মাথায় না ফেরার দেশে চলে গেল। সদ্য বিয়ে করে প্রবাসে এসে ছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। কিন্তু দেশে ফিরবেন কফিনে বন্দি হয়ে।

post
আন্তর্জাতিক

'ভালোবাসার জন্য' শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি ঘোষণা

পূর্ব এশিয়ার দেশ চীনের নয়টি কলেজের শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। মূলত ভালোবাসা উপভোগের জন্য সপ্তাহব্যাপী শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের এ ৯টি কলেজ এমন সময় এ উদ্যোগ নিল যখন দেশটিতে জন্মহার আশঙ্কাজনকহারে কমে গেছে। কলেজগুলো পরিচালনা করে ফান মেই এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা। গত সপ্তাহে সংস্থাটি ঘোষণা দেয় ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা ‘ভালোবাসায় পড়ার জন্য মুক্ত’ থাকবেন।ওই ৯টি কলেজের অন্যতম একটি হলো মিনইয়াং এভিয়েশন ভোকেশনাল কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটির ডিন লিয়াং গুহি ছুটির ব্যাপারে বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান বসন্তের ছুটি চালু করেছে এই আশায় যে শিক্ষার্থীরা প্রকৃতিকে ভালোবাসতে শিখতে পারবে, জীবনকে ভালোবাসবে এবং ভালোবাসা উপভোগ করবে।’ তিনি আরও বলেছেন, ‘আমি আশা করি শিক্ষার্থীরা স্বচ্ছ পানি ও সবুজ পাহাড় এবং বসন্তের আসল সৌন্দর্য্য উপভোগ করতে পারবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের মানসিক বিকাশই ঘটাবে না, সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষার কনটেন্ট সমৃদ্ধ ও দৃঢ় করবে।’ জানা গেছে এই ৯টি কর্মমুখী কলেজে পড়াশুনা করে বিমান খাতের শিক্ষার্থীরা। ২০১৯ সাল থেকেই শিক্ষার্থীদের বসন্তের ছুটি দেওয়া হয়। তবে এবারের ছুটির থিম দেওয়া হয়েছে ‘ভালোবাসা।’ছুটির মধ্যে অবশ্য শিক্ষার্থীদের হোমওয়ার্কও দেওয়া হয়েছে। সেটি হলো— তারা ছুটির মধ্যে কী কী করবে সেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে অথবা ভিডিও প্রতিবেদন তৈরি করতে হবে। ছুটির কারণে যেন শিক্ষা কার্যক্রম ব্যহত না হয় বা শিক্ষার্থীরা পিছিয়ে না যান সে কারণে পরবর্তীতে বাড়তি ক্লাস নিয়ে সেগুলো পুষিয়ে দেওয়া হবে। তবে এখন শিক্ষার্থীদের ভালোবাসায় মনযোগী হওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বিশেষজ্ঞদের ধারণা, চীনে জন্মহার অত্যাধিক কমে যাওয়ার কারণে এবারের ছুটির থিম দেওয়া হয়েছে ভালোবাসা। দেশটির সরকার জনসংখ্যা বৃদ্ধিতে তরুণদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। সূত্র ইয়াহু নিউজ

post
এনআরবি বিশ্ব

বিএসএফের গুলিতে রবিউল নামে এক বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল (৩০) নামে এক যুবক। শনিবার (১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে।নিহত রবিউল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে। গুলিবিদ্ধ শহিদুল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে। তিনি গোপনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে বাংলাদেশি চার-পাঁচজন ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ এলাকায় প্রবেশ করে। টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর দুই রাউন্ড গুলি করে। এতে রবিউল ইসলাম মারা যান আর শহিদুলের বামপায়ে গুলিবিদ্ধ হন। ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান জাগো নিউজকে বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারির সময় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

post
বিনোদন

এবার শর্টফিল্মে সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও তার পদচারণা বহুদিন আগে থেকেই। সম্প্রতি একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এপ্রিলের মাঝামাঝি এ সিনেমাটি প্রকাশ হবে বলে জানা গেছে।নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছেন, এই রমজানে শর্টফিল্মটির মাধ্যমে মানুষের জন্য নতুন বার্তা দিবেন সাকিব। প্রতিষ্ঠানটি এক বার্তায় জানিয়েছে, সাকিব আল হাসান তার সাফল্য ও পরিশ্রমী স্বভাবের জন্য পরিচিত। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষ, সব ক্ষেত্রেই সাকিব একজন চ্যাম্পিয়ন এবং সবার জন্য অনুপ্রেরণার এক উৎস। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সম্ভবত এটাই প্রতিফলন থাকছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর নাম কিংবা গল্প সম্পর্কে বিস্তাারিত জানানো হয়নি।

post
বাংলাদেশ

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত করার আহ্বান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের

বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন। ফলকার টুর্ক বলেছেন, ‘আমি উদ্বিগ্ন যে বাংলাদেশজুড়ে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও ভীতি প্রদর্শন এবং অনলাইনে সমালোচকদের কণ্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। আমি পুনরায় কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এর প্রয়োগ স্থগিত এবং এই আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এর ধারাগুলোতে প্রয়োজনীয় সংশোধনী আনার আহ্বান জানাচ্ছি।’ এই সংশোধনী আনতে সহযোগিতার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর থেকে বাংলাদেশকে ইতিমধ্যে বিস্তারিত পরামর্শ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফলকার টুর্ক। তাঁর বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালের ১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে এই আইনে দুই হাজারের বেশি মামলা হয়েছে। সর্বশেষ ২৯ মার্চ বাংলাদেশের সর্ববৃহৎ সংবাদপত্র প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান এর শিকার হয়েছেন। বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। সঙ্গে তাঁর ল্যাপটপ, ফোন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নেওয়া হয়েছে। তাঁর জামিনের আবেদন নাকচ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং একজন আলোকচিত্রী সাংবাদিককেও আসামি করা হয়েছে। এই মামলা করা হয়েছে বাংলাদেশে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় সৃষ্ট সংকট নিয়ে একটি প্রতিবেদনের ভিত্তিতে।গত ফেব্রুয়ারিতে পরিতোষ সরকার নামের এক তরুণকে এই আইনের আওতায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন তিনি।ফলকার টুর্ক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে তাঁর দপ্তর থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হচ্ছে। এসব ধারা অস্পষ্ট এবং বিস্তৃত পরিসরে সেগুলোর প্রয়োগ করা যায়। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার এই আইনের যথেচ্ছ ও মাত্রাতিরিক্ত প্রয়োগ বন্ধে সুরক্ষাকবচ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন গ্রেপ্তার করা অব্যাহত রয়েছে, তখন তাদের এই প্রতিশ্রুতি যথেষ্ট নয়। খোদ এই আইনেরই যথাযথ সংস্কার দরকার।প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে একটি প্রচারণা শুরু করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব মামলা রয়েছে, সেগুলো পর্যালোচনা করতে একটি স্বাধীন বিচারিক প্যানেল গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। তাঁর ভাষ্যমতে, এই পর্যালোচনা করা হবে যেন অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পান।বাংলাদেশে নিবন্ধন হারানো মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খান ও নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া নিয়েও উদ্বেগ জানিয়েছেন ফলকার টুর্ক। তাঁদের বিরুদ্ধে ২০১৩ সালে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মিথ্যা প্রতিবেদন করার অভিযোগে এই মামলা হয়েছিল। 

post
এনআরবি সাফল্য

মালয়েশিয়ায় জোড়া সম্মাননা পেলেন ঝাড়খন্ডের সমাজসেবী লুৎফল হক

বাণিজ্যিক সাফল্য ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য মালয়েশিয়াতে একসাথে জোড়া সম্মাননা পেলেন ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হক। তিনি ইতিমধ্যেই খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নানান সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এবার তার মুকুটে নতুন পালক যুক্ত হল। একসাথে দু-দুটি জোড়া সম্মান পেলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের তরফে তাকে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। পাশাপাশি কমনওয়েলথ ইউনিভার্সিটি তাঁকে বাণিজ্যিক সাফল্যের জন্য সম্মানিক ডক্টরেট ডিগ্রী প্রদান করেন। কমনওয়েলথ ইউনিভার্সিটির তরফে এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রখ্যাত শিক্ষাবিদ, উদ্যোগপতি জনাব ড: মজলি মালিক। এদিন জনাব লুৎফল হককে কমনওয়েলথ ইউনিভার্সিটির তরফে সম্মানিক ডক্টরেট ডিগ্রী ও ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেন মালয়েশিয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী ড: মজলি মালিক। জনাব লুৎফল হক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জীবিকা নির্বাহের জন্য তিনি পাথর খনিতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। তিনি দিনমজুর হিসেবে তার কর্ম জীবন শুরু করলেও তার চোখ জুড়ে ছিল বিশাল স্বপ্ন। তিনি স্বপ্ন দেখতেন জীবনে একদিন সফল হতে হবে। দীর্ঘ কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে কাজ করছেন দেশজুড়ে। তার কঠোর পরিশ্রম এবং পিছনে না তাকানোর অভ্যাসের জোরে, লুৎফল হক শুধু ঝাড়খণ্ডেই নয়, তার বাণিজ্যিক সাফল্য ও মানব সেবার কথা ঝাড়খণ্ডের বাইরেও দেশজুড়ে চর্চা হচ্ছে। এই প্রথম বিদেশের মাটিতে ডঃ মালিক লুৎফল হকের মানবসেবার তুমুল প্রশংসা করেন। ডক্টর মালিক বলেন, জনাব লুৎফল হক জিরো থেকে হিরো হয়েছেন। তিনি শৈশবে কৈশোরে দারিদ্রতার সাথে লড়াই করেছেন। বর্তমানে তিনি একজন বড় মাপের সফল ব্যবসায়ী। তিনি কিন্তু শৈশবের দারিদ্রতার কথা ভুলে যাননি। তাই তিনি হাজার হাজার গরীব ও দুস্থ মানুষদের সেবায় আজও নিয়োজিত রয়েছেন। মালিক আরও বলেন, লুৎফল হকের সমাজসেবা অজস্র মানুষদের অনুপ্রাণিত করবে। এদিন কমনওয়েল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ড: রিপু রঞ্জন সিনহা উপস্থিত ছিলেন। তিনি লুৎফল হকের ভুয়সী প্রশংসা করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের পাঁচতারা হোটেল সুইস গার্ডেন হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে আমেরিকা,অস্ট্রেলিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সহ ভারতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ইতিপূর্বে লুৎফল হককে মুম্বাইতে অল ইন্ডিয়া জার্নালিস্ট প্রোটেকশন কমিটি কর্তৃক সমাজসেবার ক্ষেত্রে সম্মানিত করা হয়েছিল, যেখানে তাঁর সমাজসেবার কথা মুম্বাইয়ের বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছিল। তাছাড়া গত মাস দুয়েক পূর্বে কলকাতায় একটি পাঁচতারা হোটেলে লুৎফল হককে সমাজসেবার ক্ষেত্রে নিঃস্বার্থ কাজের জন্য বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্মান প্রদান করা হয়। এই মহার্ঘ্য সম্মানটি তুলে দেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এ দিন মালেশিয়ার মাটিতে লুৎফল হকের দু’দুটি পুরস্কার প্রাপ্তিতে গোটা ঝাড়খন্ড ও বাংলা জুড়ে প্রশংসার বন্যা বইছে। সমাজের বহু গুণীজন লুৎফল হকের এই পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। এদিকে লুৎফল হক বলেন, আমি শৈশবে দারিদ্রতার সাথে লড়াই করেছি, খুব কাছ থেকে দারিদ্রতাকে দেখেছি। আজ আমি ব্যবসায়ী হিসেবে সফল হয়েছি, তাই গরিব মানুষকে আমি ভুলিনি। আমি যতদিন পৃথিবীতে বাঁচবো, ততদিন গরিব ও অসহায় মানুষের সেবা করে যাব।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশটির প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির স্বপ্ন পূরণ হলো। বুধবার দেশটির রাজধানী মিসিলায় দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।এসময় আবেদনকারী ৩ প্রবাসী বাংলাদেশির হাতে ই-পাসপোর্টের বিতরণ স্লিপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল শাহরিয়ার কবির ই-পাসপোর্ট কার্যক্রম ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকী বাংলাদেশ ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম। রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান তার বক্তব্য বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'ই-পাসপোর্টের প্রচলন উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।' তিনি আরও বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে।' তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ কমিউনিটির নেতারা তাদের বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.