বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে
পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। রাত ৮-২৬ মিনিটের দিকে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। কদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপের বড় একটা আলোচনা ছিল বৃষ্টিতে ঘিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এ সিরিজের প্রথম ম্যাচে দেখা গেল সেটির দাপট। ৪.৩ ওভার পর প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টারও বেশি। এরপর ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ দফা ২৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে আবার। এরপর সন্ধ্যা ৭টায় ৪২ ওভারের ম্যাচই হবে, জানানো হয়েছিল এমন। ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে খেলা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আবার নামে বৃষ্টি। সেটি থামেনি আর। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া মাত্র দ্বিতীয় ওয়ানডে এটি।
