post
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ওমান

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ওমানের পুলিশ জানিয়েছে।দেশটির গণমাধ্যম ওমান অবজারভার ও টাইমস অব ওমানের প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়েছে। তবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।ওমান অবজারভার জানিয়েছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রাজকীয় ওমান পুলিশ ভিসা প্রদানের নীতিমালা হালনাগাদ করেছে। এখন থেকে ‘ট্যুরিস্ট’ ভিসা বা ‘ভিজিট’ ভিসাকে আগের মতো ‘রেসিডেন্স স্ট্যাটাসে’ (বসবাসের অনুমতি) পরিণত করা যাবে না।কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চায়, তাহলে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। কাজের জন্য ওমানে ফিরতে চাইলে আবেদনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে।নতুন এই নিয়ম শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

post
বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় নিন্দা জানিয়েছেন ডোনাল্ড লু

বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) হওয়া রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড লু জানিয়েছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।এ ব্যাপারে সংবাদমাধ্যমটিকে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে— সেগুলো গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করব।’শনিবার বিকেলে নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের এ সমাবেশের সময় বাংলামোটরে আমিরুল ইসলাম পারভেজ (৩৩) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। অপরদিকে বিএনপি দাবি করেছে, নয়াপল্টনে পুলিশের গুলিতে আহত হয়ে তাদের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম শামীম মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি ছিলেন। তার বাবার নাম ইউসুফ মোল্লা।মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে শামীম মোল্লা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। তিনি বলেছেন, নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় শামীম মোল্লা গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান শামীম।

post
বাংলাদেশ

রাজধানীতে বিএনপি পুলিশ সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার বিকেলে সংঘর্ষে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত কনস্টেবলের নাম পারভেজ। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সেকান্দর মণ্ডলের ছেলে ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে দৈনিক বাংলা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া একটি ইট নিহত কনস্টেবলের মুখে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি। এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।কয়েক সপ্তাহ আগে আজ ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ বিকেল ৪টা পর্যন্ত চলছিল।

post
বাংলাদেশ

রবিবার সারাদেশে বিএনপির সকাল-সন্ধা হরতাল

বিএনপি আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। দলটি আজ শনিবার দ্বিতীয় দফায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ হরতালের কথা জানায়। দলটির মিডিয়া সেলের প্রধান জহিরউদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেন। প্রথমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকায় সকাল–সন্ধ্যা হরতালের কথা জানানো হয়েছিল।এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের মহাসমাবেশ থেকে ঢাকায় সকাল–সন্ধ্যা হরতালের এ ঘোষণা দিয়েছিলেন। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ায় সমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে তিনি ওই ঘোষণা দিয়েছিলেন।ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইল, বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকায় বারবার বিকট শব্দের মধ্যে হরতালের ঘোষণা এল।এর আগে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল।’ তবে পরে তা সরিয়ে নেওয়া হয়। পরে বিএনপির পক্ষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সারা দেশে নয়, আগামীকালের হরতাল শুধু ঢাকায়। এরপর দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি দিয়ে সারা দেশে হরতালের কথা জানানো হলো।বিএনপির মহাসমাবেশে অংশ নিতে নেতা-কর্মীরা সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হন। একপর্যায়ে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ ব্যাপকভাবে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় কাকরাইল মোড়ে একটি পুলিশ বক্স ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।কাকরাইলের পর বেলা দুইটার দিকে শান্তিনগর মোড় ও বিজয়নগর পানির ট্যাংক এলাকায়ও সংঘর্ষ শুরু হয়।

post
প্রযুক্তি

এবার চ্যাটজিপিটির সুবিধা পাওয়া যাবে স্মার্টওয়াচে

এআই এর ছোঁয়া এখন সব জায়গায়। যে কোনো কাজ এআই দিয়ে খুব সহজেই করে ফেলা যায়। অ্যান্ড্রয়েড এবং ওয়েবে চ্যাটজিপিটি অনেক আগে থেকেই ব্যবহার করা যায়। এবার চ্যাটজিপিটির সুবিধা পাবেন স্মার্টওয়াচেও। এবার স্মার্টওয়াচ এবং ওয়্যারলেস অডিও টেক কোম্পানি ক্রসবিটস একটি স্মার্টওয়াচ চালু করেছে, যা চ্যাটজিপিটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্রসবিটস নেক্সাসে রয়েছে ২.১ ইঞ্চি ফুল টাচ অ্যামোলেড ডিসপ্লে। এতে যেহেতু একটি বড় স্ক্রিন সাহায্যে আপনি ডিসপ্লেটি স্পষ্ট দেখতে পাবেন। এটি একটি অ্যামোলেড প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। আপনি এই ঘড়িতে রুট ট্র্যাকিং ফিচারও পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ডাইনামিক আইল্যান্ড এবং ইবুক রিডারের মতো ফিচার। ঘড়িটিতে অল্টিমিটার, ব্যারোমিটার এবং কম্পাসের মতো ফিচার দেওয়া হয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টওয়াচটি একেবারে উপযুক্ত। স্মার্টওয়াচগুলো ধীরে ধীরে আরও উন্নত হবে বলেই দাবি কোম্পানির। স্মার্টওয়াচটি দুটি রঙে বাজারে আনা হয়েছে- রুপালি এবং কালো। ক্রসবিটস নেক্সাস স্মার্টওয়াচের দাম ভারতে ৫ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৯০০ টাকা। ক্রসবিটসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে স্মার্টওয়াচটি।

post
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু : ইউনিসেফ

টানা প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। সংঘাতের শুরু থেকেই পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু। এমন তথ্যই সামনে এনেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।বুধবার (২৫ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ১৮ দিন ধরে চলমান লড়াইয়ে ২ হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও ৫ হাজার ৩৬৪ শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থার মধ্যপ্রাচ্যের পরিচালক অ্যাডেল খোদর বলেছেন, গাজায় প্রতিদিন প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে।তিনি বলেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের বিবেকের ওপর ক্রমবর্ধমানভাবে দাগ কাটছে। হামলায় শিশুদের মৃত্যুর এবং আহত হওয়ার হার কেবলই বিস্ময়কর।’ অ্যাডেল বলেন, ‘শিশুদের হত্যা ও পঙ্গু করা, শিশুদের অপহরণ, হাসপাতাল ও স্কুলে হামলা এবং মানবিক সহায়তার প্রবেশে বাধা দেওয়া শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘন।’ গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের অবিরাম নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় আড়াই হাজার। অর্থাৎ ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এছাড়া ইসরায়েলের হামলায় গাজায় শুধুমাত্র গত একদিনে ৭০৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।অন্যদিকে ইসরায়েলের বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। এছাড়া গত ৮ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে রেখেছে ইসরায়েল। এই অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি ও জ্বালানির মতো অতিপ্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ বন্ধ রয়েছে। যদিও সম্প্রতি কিছু ত্রাণ গাজায় প্রবেশ করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়েছে, যদি গাজায় ইসরায়েলের এই অবরোধ অব্যাহত থাকে তাহলে কয়েকদিন পর সেখানে মানবিক বিপর্যয় দেখা যেতে পারে।

post
বাংলাদেশ

যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারের এ দৃশ্য প্রতিদিনের

বাংলাদেশের মানুষের নানা কারণে ভারতে যেতে হয়। অনেকের জন্য এটা এতটা জরুরি যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড় দেখেই অনুমান করা যায়।যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন সেন্টারের এ দৃশ্যটি প্রতিদিনের।মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্রানজিট ভিসাসহ প্রতিদিন আবেদনকারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। সারা দেশের ১৬টি কেন্দ্রে মোট আবেদনকারীর সংখ্যা ১০ হাজারের কম নয়।বুধবার (২৫ অ্ক্টোবর) সরেজমিনে দেখা যায় ভুক্তভোগীদের অসুস্থতা অবস্থায় ভিসা আবেদন করতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।এছাড়াও অনেক বাবা- মা ভিসা আবেদন করতে শিশুদের নিয়ে এসে পড়েছেন বিপাকে।এম. এ হামিদ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, 'ভিসা আবেদন করার পর শুধু পাসপোর্ট জমা দিতেই সময় লাগছে এক থেকে দেড় মাস, আবার প্রক্রিয়া শেষে শেষে সেই পাসপোর্ট ফিরে পেতে সময় লাগছে পনের থেকে বিশ দিন। ভিসা পেতে তাহলে কতদিন লাগবে? এই সমস্যাটি অত্যন্ত ভোগান্তির'।ভুক্তভোগী ব্যক্তিরা আরো বলেন, 'একসময় ভারতীয় ভিসা দিনে দিনে পাওয়া যেত। সকালে ভারতীয় দূতাবাসে আবেদন জমা দিলে বিকেলেই পাওয়া যেত ভিসা। পাকিস্তান আমল তো বটেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বেশ কয়েক বছর শুধু ভারত ভ্রমণের জন্য এক পাসপোর্ট ছিল; আন্তর্জাতিক ভ্রমণের জন্য আরেক পাসপোর্ট'।ক্রমান্বয়ে ভারতে যাওয়ার আলাদা পাসপোর্ট বিলুপ্ত হয়ে একক আন্তর্জাতিক পাসপোর্ট হয়েছে। তবে সমস্যা হলো, ভারতীয় ভিসা পেতে এখন এক দিনের পরিবর্তে এক মাস নয়, তার চেয়েও বেশি সময় লাগছে। কখনো তা ৪০ দিন বা তারও বেশি।এর ফলে অনেকটা সময় ধরে পাসপোর্ট আটকে থাকছে, যা আবেদনকারীর জন্য ভোগান্তির সৃষ্টি করছে। এটাকে অনেকেই ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করছেন।

post
এনআরবি সাফল্য

আইসিটি অধিদপ্তরের সাথে পিপলএনটেকের সমঝোতা স্মারক সই

হারুন উর রশিদ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাথে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টায় রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: সামসুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।অনুষ্ঠানে প্রধান অতিথি সামসুল আরেফিন বলেন, আমরা তথ্য প্রযুক্তিতে যত বেশি জনবল তৈরি করতে পারব তত বেশি দেশের উন্নয়ন করা সম্ভব হবে। আমি আশা করছি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও দক্ষ জনবল তৈরি করতে আইসিটি বিভাগ ও পিপলএনটেক একসাথে কাজ করবে।এছাড়াও বিদেশের মাটিতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি গড়ার জন্য চ্যান্সেলর আবুবকর হানিপকে ধন্যবাদ জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, আইটিকে প্রধানতম স্তম্ভ হিসাবে তৈরি করলে আমাদের গার্মেন্টসের ওপর নির্ভর করতে হবে না, প্রবাসী রেমিট্যান্সের ওপর নির্ভর করতে হবে না।তিনি বলেন, আমি আমার ৩০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আইসিটি বিভাগ যেভাবে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে জনগণের নিকট আইটি শিক্ষা পৌঁছে দিচ্ছে এতে করে আইটি খাতকে বাংলাদেশের প্রধান স্তম্ভ হিসেবে তৈরী করা সম্ভব হবে।চ্যান্সেলর হানিপ বলেন, আমেরিকান অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেই একাডেমিক দিকটাকে বেশি জোর দেওয়া হয়ে থাকে। ফলে সেখান থেকে উচ্চতর ডিগ্রি লাভের পর একজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে চাকরি নিতে হয়। কিন্ত আমি ট্রিপল মিশন নিয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি গড়েছি, সেখানে ডিগ্রি, দক্ষতা ও চাকুরী। এই বিশ্ববিদ্যলয় থেকে শিক্ষার্থীরা দক্ষতার সাথে বের হয়ে শতভাগ চাকরি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।তিনি আরো বলেন, ’শিক্ষার্থীরা আমেরিকার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় যেমন প্রিন্সটন ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, কলোম্বিয়া ইউনিভার্সিটি থেকে ছাড়পত্র নিয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এসে পড়শোনা করছে। শুধু দক্ষ হয়ে চাকরী পাবার আশায়। গত ২০ বছরে আমি পিপলএনটেকের মাধ্যমে আমেরিকার মূল ধারায় ১০ হাজার দক্ষ ব্যক্তিতে চাকরি দিয়েছি যারা ১০০ থেকে ২০০ হাজার ডলার ইনকাম করছে।'ইঞ্জিনিয়ার হানিপ আরো বলেন, সমঝোতা স্মারকের লক্ষ্য আইটি কে সারাদেশে ছড়িয়ে দিতে পিপলএনটেক ও আইসিটি অধিদপ্তরের দক্ষ জনবল একসাথে কাজ করবে এমন টায় প্রত্যাশা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তফা কামাল, এছাড়াও উপস্থিত ছিলেন, পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, মানবসম্পদ ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা, পিপলএনটেকের প্রকল্প ব্যবস্থাপক সেলিম রেজা, ডেপুটি ব্যবস্থাপক (অপারেশন) শেখ আহমেদ প্রমুখ।উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

post
টেক মেন্টর

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড শিক্ষার্থীদের শতভাগ স্কলারশীপ ঘোষণা ডব্লিউইউএসটির চ্যান্সেলরের

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের শিক্ষার্থীদের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ফুল স্কলারশিপ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬-১৪ বছরের শিশুদের ৩ জন করে ৯টি গ্রুপে ও ১ জন বেষ্ট চ্যাম্পিয়নসহ মোট ১০ জনকে ফুল স্কলারশিপ দেওয়া হবে।শনিবার (২১ অক্টোবর) রাজধানীর কাওরানবাজার ভিশন ২০২১ টাওয়ার সফটওয়্যার টেকনলোজী পার্ক কনফারেন্স রুমে এই প্রোগ্রামের মিশন কন্ট্রোলার এবং আসিসট্যান্ট মিশন কন্ট্রোলারদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।ইঞ্জিনিয়ার হানিপ বলেন, ' বাংলাদেশ ইনোভেশন ফোরামের শিক্ষার্থীরা যদি এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্সে ভর্তি হতে চায় তাদের সরাসরি ৫০% স্কলারশীপ প্রদান করা হবে৷শিক্ষার্থীদের উদ্দেশ্য হানিপ বলেন, 'অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে শুধু একাডেমিক বিষয়ে পড়াশোনা করানো হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে দক্ষতার প্রয়োজন হয়, অভিজ্ঞতা দরকার হয়।আমরা এসব বিষয় মাথায় রেখে ডিগ্রি অর্জনসহ কাজের দক্ষতা অর্জনের সাথে চাকরি জন্য প্রস্তুত করে থাকি।এছাড়াও আইটি বিষয়ক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনোভেশন ফোরামের শিক্ষার্থীদের পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটিতে ৫০% স্কলারশিপ ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান নির্বাহী আরিফুল ইসলাম অপু।এর আগে দ্বিতীয়বারের মতো ২৯-৩০ সেপ্টেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ‘স্পেস রোবটিক্স ক্যাম্প’ আয়োজন করে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প। দুই দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ থেকে ৪-১৬ বছর বয়সি ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ৩০টি গ্রুপে বিভক্ত হয়ে তারা স্পেস থিমের ওপর প্রায় ৩০টি রোবট তৈরি করে। এ রোবটগুলো বিশেষ করে মঙ্গলগ্রহে এবং চাঁদে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চালাতে পারবে। এর মধ্যে ছিল স্পেস জাঙ্ক কালেক্টর, কার্বন মনোঅক্সাইড ডিটেক্টর, অক্সিজেন ডিটেক্টর, মিথেন ডিটেক্টর ।

post
এনআরবি সাফল্য

এফআইআরসির সাথে ডব্লিউইউএসটি ও জিইএন বাংলাদেশের সমঝোতা স্মারক সই

উদ্ভাবন-গবেষণায় এক সঙ্গে কাজ করে দেশের বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের (এফআইআরসি) সঙ্গে গ্লোবাল এন্টাপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফআইআরসি) এ বিষয়ে আলাদা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং এফবিসিসিআই –এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়া গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি –এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। গ্লোবাল এন্টাপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের (জিইএন বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান বলেন, জিইএন বাংলাদেশ সব সময়ই বাংলাদেশের উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এফআইআরসির সঙ্গে আমাদের এই সমঝোতা স্মারক সেই লক্ষ্য আরও এগিয়ে নিতে সাহায্য করবে। সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে বাংলাদেশের উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে।সমঝোতা স্মারক অনুষ্ঠানে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তির যোগ্যতা সম্পন্ন সকল ছাত্র/ ছাত্রী এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের মাধ্যমে আবেদন করলে তাদেরকে ৫০% পর্যন্ত টিউশন ফি মওকুফ করবে বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও যুক্তরাষ্ট্রের চাকুরী বাজারে তাদের উচ্চ বেতনে চাকুরির নিশ্চয়তা বিধান করার প্রত্যাশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।ইঞ্জিনিয়ার হানিপ বলেন, সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই -এর পরিচালক মো. নিয়াজ আলী চিশতী, সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, এফআইআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.