post
প্রযুক্তি

আইফোন গরম হওয়ার সমস্যার সমাধান আসছে এই সপ্তাহে

সম্প্রতি অ্যাপল স্বীকার করেছে, আইফোন ১৫ সিরিজের ফোনগুলো মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং এর জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭ দায়ী। জানা গেছে, খুব শিগগির আসছে এ সমস্যার সমাধান।প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, বেশ শিগগিরই এই আপডেট আনতে যাচ্ছে অ্যাপল। এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে এটি।অ্যাপলের পণ্য বা সেবা নিয়ে পূর্বাভাষ ও গোপন খবর আগেভাগে জানানোর জন্য ম্যাকরিউমারস এর খ্যাতি রয়েছে। ওয়েবসাইটটি নিশ্চিত করেছে, ১৭.০.৩ ভার্সনের বেটা টেস্টিং চলছে।এই আপডেটটি মূলত আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে।আইফোন ১৫ সিরিজ বাজারে আসার পর থেকেই ব্যবহারকারীরা ফোনগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ জানাতে শুরু করেন। চিহ্নিত হয় পাঁচ মূল সমস্যা।তবে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে—এই অভিযোগটিই ছিল সবচেয়ে বড়। সবচেয়ে বেশি ব্যবহারকারী এ সমস্যায় ভুগেছেন।ইতিমধ্যে আইওএস ১৭.০.৩ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ঠিক কী সমস্যার কারণে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে, তা নির্দিষ্ট করে জানায়নি অ্যাপল। তবে নতুন সফটওয়্যার আপডেট এ ১৭ প্রো চিপের কার্যকারিতা কোনো দিক দিয়েই কমাবে না।অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আইফোন ১৫ প্রো'র টাইটানিয়াম বডির কারণে ফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে। কেউ বলছেন, আগের মডেলের তুলনায় এর তাপ ধারণ ক্ষমতা কমে গেছে।তবে অ্যাপল এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যাপলের দাবি, ফোন অতিরিক্ত গরম হওয়ার পেছনে কোনো হার্ডওয়্যারের সমস্যা নেই। যার ফলে সফটওয়্যার আপডেটেই হবে এ সমস্যার সমাধান।আইওএসের পরবর্তী বড় আপডেট হচ্ছে ১৭.১। এটি অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরে আসতে পারে।এই ভার্সনে ১৭.০.৩ এর সমাধানের পাশাপাশি আরও উন্নত ফিচার ও নিচ্ছিদ্র সমাধান অন্তর্ভুক্ত করা হতে পারে।বর্তমানে এই ভার্সনের বেটা টেস্টিং চলছে। অক্টোবরের শেষদিকে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

post
টেক মেন্টর

ঢাকায় ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ; সোমবার দিবেন যুক্তরাষ্ট্রে স্কলারশীপ নিয়ে পড়াশোনার পরামর্শ

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। নানা বিচিত্র বিষয়ে পড়ার সুযোগ আছে সে দেশে।যুক্তরাষ্ট্রে এমন একটি বিশ্ববিদ্যালয় রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেখানে স্নাতক পর্যায়ে পড়ার জন্য বেশ বিস্তৃত ও নানা আঙ্গিকের সুযোগ রয়েছে । বিশ্ববিদ্যালয়টি তে বিভিন্ন অ্যাসোসিয়েট ডিগ্রির আবেদন করা যায়।আবার নানা বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রির জন্যও বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টিতে।বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন প্রক্রিয়া,পার্টটাইম চাকুরী, টিউশন ফি, স্কলারশিপ, প্রশিক্ষণ সুবিধা সহ নানাবিধ বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকছে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিপের সাথে।আগামী ৯ অক্টোবর সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।সাক্ষাতের স্থান-পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি।১৫১/৭, গুড লাক সেন্টার, (৭মও ৮ম তলা) গ্রীণ রোড, ঢাকা।উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২১ সালে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির মালিকানা নেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টি তার শিক্ষণ ও পরিচালন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনে। যার মধ্য দিয়ে এটি দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২১ সালে তিনশো ছাত্রছাত্রী নিয়ে আবুবকর হানিপ তার যাত্রা শুরু করেন। দুই বছরের ব্যবধানে ছাত্রছাত্রীর সংখ্যা দাড়িয়েছে এখন ১৫শ'র বেশি। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে পাঁচশতাধিকের ও বেশি বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে।বিশ্ববিদ্যালয়ে স্কলার কাম প্রাক্টিশনার শিক্ষক, সুসংগঠিত টিমওয়ার্ক, শ্রেণিকক্ষে কর্মস্থলের রেপ্লিকা সৃষ্টি করে দেওয়া বিশেষ শিক্ষাপদ্ধতি এবং সেন্টার ফর স্টুডেন্ট সাকসেস প্রতিষ্ঠাই এই সাফল্যের কারণ।ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক ও গ্রিনকার্ড হোল্ডার শিক্ষার্থীরাও এখন এই বিশ্ববিদ্যালয়কে তাদের পাঠস্থল হিসেবে বেছে নিচ্ছেন।

post
বিশেষ প্রতিবেদন

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, আকাশছোঁয়া দাম

প্রকৃতিজুড়ে শরতের আনাগোনা। শীতের দেখা মিলতে বাকি আরও দুই মাস। এর আগেই বাজারে উঁকি দিচ্ছে শীতকালীন সবজি। আগাম এসব সবজির দামে থমকে যাচ্ছেন ক্রেতা। বাজারে এসব সবজির দাম বেশ চড়া। এসব সবজি উচ্চবিত্তের খাবার, নিম্নবিত্তরা ছুঁতে পারছেন না দামের কারণে।রাজধানীর কারওয়ান বাজারে এসব সবজির মধ্যে শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি এবং টমেটো আমদানি হয়েছে।খুচরা বাজারে শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মুলা ৫০, ফুলকপি ৬০, বাঁধাকপি (প্রতি পিস) ৪০ এবং টমেটো বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।পাইকারি বাজারে শিম প্রতি কেজির দাম ১৫০ টাকা। মুলা ৪৫ , ফুলকপি ৪০, বাঁধাকপি (প্রতি পিস) ৩০ এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে আমদানি কম হওয়ায় বাজারে দাম বেশি এসব সবজির। আমদানি বেশি হলে দাম দ্রুতই কমবে এমন প্রত্যাশা তাদের।শাহিদ নামের এক যুবক কারওয়ান বাজারে এসেছেন সবজি কিনতে। একটি দোকানে দেখা গেল শীতকালীন সবজি নিয়ে দর কষাকষি করছেন তিনি। তিনি বলেন, “নতুন সবজি পরিবারের সবাই প্রথমে খেতে চায়। তাই কিনতে চেয়েছিলাম। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। সবজির দাম এমনিতেই বেশি। আর শীতকালীন সবজির দাম তো আরও চড়া।”আমির চাঁদ নামের আরেক সবজি বিক্রেতা বলেন, “১৫ থেকে ২০ দিন আগে বাজারে যখন শীতকালীন সবজি আসতে শুরু করে। তখন দাম তুলনামূলক বেশি ছিল। যেমন- শুরুর দিকে শিম বিক্রি করছি ২২০ টাকার উপরে। এখন প্রতি কেজির দাম ১৬০ টাকা। দাম কমে যাওয়ায় এসব সবজির বিক্রি বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমবে।”

post
প্রযুক্তি

আইফোন ১৫ অতিরিক্ত গরম হওয়ার কারণ জানালো অ্যাপল

আলোচনা সমালোচনায় মুখর প্রযুক্তি বিশ্ব। বাজারে এসেই আলোচনায় আইফোন ১৫। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। শনিবার এই অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, সমস্যা সমাধানে তারা একটি সফটওয়্যার আপডেট করবে। কারণ হিসেবে আইওএস-১৭ এর বাগ ও অ্যাপের বাগের কথা উল্লেখ করেছে এই টেক জায়ান্ট। অ্যাপলের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছে, আইফোন ১৫ যে সব কারণে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এমন কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বৃদ্ধির কারণে ডিভাইসট সেট আপের পর প্রথম কয়েক দিন ডিভাইসটি গরম হতে পারে। তিনি বলেন, কিছু ব্যবহারকারী আইওএস-১৭ বাগ খুঁজে পেয়েছেন। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের কিছু আপডেট সিস্টেমকে ওভারলোড করে। ওই অ্যাপ ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য কাজ করছে অ্যাপল। গত ১২ সেপ্টেম্বর রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি করে আসছিলেন ব্যবহারকারীরা। জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।

post
প্রযুক্তি

এখন থেকে ওয়েবসাইট ব্রাউজ করে তথ্য দেবে চ্যাটজিপিটি

পুরোনো তথ্য দিতে পারে না চ্যাটজিপিটি! এই অপবাদ দূর করছে ওপেনএআই। এখন সে আর পুরোনো তথ্য দেখাবে না। প্রয়োজনীয় ওয়েবসাইট ভিজিট করে রিয়েল টাইম ভিত্তিতে আপনার সব প্রশ্নের উত্তর খুঁজবে চ্যাটজিপিটি। তবে এই ফিচার এখন কেবল প্লাস এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটি-৪ এর মাধ্যমেও এই ফিচারের সব সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ওপেনএআই জানিয়েছে, সব চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এই ওয়েব ব্রাউজিংয়ের ফিচার পর্যায়েক্রমে ব্যবহার করতে পারবেন। ব্রাউজিং ক্ষমতাটি টেকনিক্যাল রিসার্স থেকে শুরু করে গ্যাজেট বাছাই বা আপনার ছুটি কাটানোর পরিকল্পনা পর্যন্ত সবকিছু রিয়েল টাইম ভিত্তিতে প্রদান করবে। চ্যাটজিপিটি Browser With Bing নামের একটি এক্সটেনশনও থাকছে। যার মাধ্যমে চ্যাটজিপিটির ব্রাউজিং ক্ষমতার সাহায্য নিতে পারবেন। এই মুহূর্তে চ্যাটজিপিটির দুই প্রতিদ্বন্দ্বী গুগলের বার্ড এবং মাইক্রোসফটের বিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীদের ব্রাউজিং ফিচার অফার করছে। চলতি বছরের জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি ওয়েব ব্রাউজিং ফিচার চালু করলেও তা কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেয়। কারণ ব্যবহারকারীরা এই চ্যাটবটকে কাজে লাগিয়ে পেওয়াল কনটেন্টের অ্যাক্সেস নিতে শুরু করে দেয়।

post
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে, আরও স্যাংশন দিতে পারে : ভয়েস অব আমেরিকাকে শেখ হাসিনা

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান শতরূপা বড়ুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরের সময় একটি সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।তারা স্যাংশন দিচ্ছে, আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা। ২৭ সেপ্টেম্বর ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবং র‍্যাবের কর্মকর্তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞাসহ মানবাধিকার ও ভোটসংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন শতরূপা বড়ুয়া। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার এটাই প্রশ্ন যে হঠাৎ কথা নেই বার্তা নেই তারা আমাদের ওপর ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে? আর মানবাধিকার বা ভোটের অধিকারের কথা যদি বলে, তাহলে আমরা আওয়ামী লীগ, আমরাই তো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে এই ভোটের অধিকার আদায় করার জন্য। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, তার জন্য যত রকমের সংস্কার, সেটা আমরাই তো করেছি—আজকে ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘“আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”—এ স্লোগান তো আমার দেওয়া। আমি এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছি। আমাদের দেশে বেশির ভাগ সময় মিলিটারি ডিক্টেটর (সামরিক স্বৈরাচার) দেশ শাসন করেছে। তখন তো মানুষের ভোট দেওয়া লাগেনি। তারা ভোটের বাক্স নিয়ে গিয়ে শুধু রেজাল্ট ঘোষণা দিয়েছে। এরই প্রতিবাদে আমরা আমাদের আন্দোলন–সংগ্রাম করে নির্বাচন সুষ্ঠু পরিবেশে নিয়ে আসতে পেরেছি। এখন মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে অনেক সচেতন। সেটা আমরা করেছি। কাজেই সেই ক্ষেত্রে হঠাৎ এই ধরনের কোনো স্যাংশন দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।’ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের আইন অনুযায়ী, আমাদের দেশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেটা র‍্যাব হোক, পুলিশ বা যেটাই হোক, কেউ যদি কোনো রকম অন্যায় করে, আমাদের দেশে কিন্তু তাদের বিচার হয়। এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না। অনেক সময় কোনো কাজ তারা অতিরিক্ত করে, করতে পারে। কিন্তু করলে সেটা আমাদের দেশের আইনেই সেটার বিচার হচ্ছে। যেখানে এমন বিচার হচ্ছে, এ ধরনের ব্যবস্থা আছে, সেখানে এই স্যাংশনে কী কারণে?’ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর যতগুলো নির্বাচন হয়েছে, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচন—প্রতিটি সুষ্ঠুভাবে হয়েছে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এসব নির্বাচনে মানুষ তার ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এই নির্বাচনগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তোলার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতাটা কী, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার নিয়ে সব সময় সচেতন। কেউ ভোট চুরি করলে তাদের ক্ষমতায় থাকতে দেয় না।’ ২০০৯ থেকে ২০২৩ সাল, বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথা, ‘এখন আর বাংলাদেশে দুর্ভিক্ষ নেই, এখন মানুষের সে রকম হাহাকার নেই, এমনকি আমাদের যে বেকারত্ব, সেটাও কিন্তু কমে এখন মাত্র ৩ শতাংশ। সেটাও তারা ইচ্ছা করলে কাজ করে খেতে পারে।’ শেখ হাসিনা বলেন, ‘আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ওয়াই–ফাই কানেকশন সারা বাংলাদেশে। ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন আমরা করে দিয়েছি; মানুষ যেন কাজ করে খেতে পারে। আমাদের বিশেষ করে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং; আমরা এগুলোর ওপর গুরুত্ব দিচ্ছি। এভাবে দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেখানে এভাবে স্যাংশন দিয়ে মানুষকে ভয়ভীতি দেওয়া...। তো ঠিক আছে, স্যাংশন দিলে (বাংলাদেশিরা) আমেরিকা আসতে পারবে না, আসবে না। না আসলে কী আসবে-যাবে? আমাদের দেশে এখন যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে। কাজেই আমরা দেখি, কী করে তারা। কেন তাদের এই স্যাংশন জারি।’ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরুর ঘোষণা আসে ২২ সেপ্টেম্বর। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না দেশটি। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ার কৃতী সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।শেখ হাসিনা টানা তিন মেয়াদে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে প্রথমবার ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের একটি রোল মডেল হিসাবে পরিচিত করেছেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন।মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের দেশের মাটিতে আশ্রয় দিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সায়েরা খাতুনের আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা, শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। তবে দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই এখন আর জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বাবা বঙ্গবন্ধু এবং মা বেগম ফজিলাতুন নেছাসহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন। সেদিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে থাকায় প্রাণে বেঁচে যান দুই বোন। সঙ্গে ছিলেন শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া আর তাদের দুই শিশু সন্তান জয় ও পুতুল। এরপর বঙ্গবন্ধু পরিবারে নেমে আসে চরম অনিশ্চয়তা। তিনি পশ্চিম জার্মানি হয়ে ভারতের দিল্লিতে আসেন এবং দেশে ফিরে আসার আগ পর্যন্ত ছয় বছর নির্বাসন জীবন কাটে দেশটিতে।শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরান ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তারা। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩ নম্বর মিন্টু রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এখন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত। তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমানে বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে ১৯৬৮ সালে শেখ হাসিনার বিয়ে হয়। বদরুন্নেসার ছাত্রী থাকা অবস্থায় ছাত্ররাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে অংশ নেন এবং কলেজছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। আওয়ামী লীগ ১৯৮১ সালে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে দলের সভাপতি নির্বাচিত করে। দিল্লিতে ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরেন তিনি। পরবর্তীকালে তার নেতৃত্বে আওয়ামী লীগ এরশাদ সরকারবিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলে। ১৯৯০ সালে এরশাদ পদত্যাগে বাধ্য হন। এরপর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয় অবস্থান নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় আসে। ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বামপন্থি দলগুলোকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে। এতে মাথা নত করতে বাধ্য হয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। এরপর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করে।

post
বিশেষ প্রতিবেদন

মাংস বিক্রির দোকানে শ্রমিক রাকিব,পাঁচ মাস পর ফিরলেন কঙ্কাল হয়ে

শরীয়তপুর শহরের পালং বাজারের একটি মাংস বিক্রির দোকানে শ্রমিক ছিলেন রাকিব হোসেন মোল্যা (২৩)। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। ৫ মাস ১০ দিন পর একটি বিল থেকে তাঁর কঙ্কাল (দেহাবশেষ) উদ্ধার করেছে পুলিশ। গায়ের জার্সি দেখে লাশ শনাক্ত করেছে পরিবার। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আজ বুধবার সন্ধ্যায় তাঁকে দাফন করা হয়েছে। পুলিশ জানায়, নিহত রাকিব সদর উপজেলার পালং ইউনিয়নের নরবালাখানা গ্রামের নুরুল ইসলাম মোল্যার ছেলে। গত ১৭ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। কোথায়ও খুঁজে না পেয়ে পরিবার ১৯ এপ্রিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর ৫ মে পালং মডেল থানায় তিন ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়। পুলিশ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তাঁদের মধ্যে দুজন জামিনে আছেন আর একজন কারাগারে আছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বিলাশখান বিলে পাখি শিকারে যায় কয়েকটি শিশু-কিশোর। তারা একটি জার্সির কিছু অংশ ভেসে থাকতে দেখে তা তুলে নেয়। তখন জার্সির সঙ্গে মানুষের হাড় দেখতে পেয়ে তারা চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই লাশের দেহাবশেষ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। দেহাবশেষের সঙ্গে থাকা জার্সি দেখে নিখোঁজ রাকিবের স্বজনেরা তা রাকিবের লাশ বলে শনাক্ত করেন। আজ ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর লাশ হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাকিব নিখোঁজ হওয়ার সময়ই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁর লাশ বিলের মাটিতে চাপা দেওয়া হয়েছিল। শরীরের হাড়গোড় খুলে গেছে। মাথা আলাদা হয়ে গেছে। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখার পর দেহাবশেষ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় নরবালাখানা মসজিদ প্রাঙ্গণে রাকিবের দেহাবশেষ দাফন করা হয়েছে। রাকিবের বাবা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। ছেলের সঙ্গেও বিরোধ ছিল না। তাহলে কেন আমার ছেলেকে হত্যা করা হলো? চিরবিদায়ের সময় ছেলের মুখটাও দেখতে পেলাম না। ওর হাড়গোড় দেখে তার মা বারবার জ্ঞান হারাচ্ছে। আমরা তাকে সান্ত্বনা দিতে পারছি না। আমাদের আশা ছিল ছেলে হয়তো ফিরে আসবে। ছেলে এসেছে কঙ্কাল হয়ে। যারা ওকে অপহরণ করে হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।’ পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ওই তরুণের নিখোঁজের ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। কী কারণে, কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটিত হবে।

post
নারী ও শিশু

খালি পেটে পানি পান করার উপকারিতা

সকালে উঠে পানি পান করার অভ্যাস আছে অনেকের। এই অভ্যাস ভালো নাকি খারাপ? বড়দের দেখাদেখি ছোটরাও শিখে নেয় খালি পেটে পানি পান করার অভ্যাস। তবে এর ফলে কী হয় তা বেশিরভাগেরই অজানা। সকালে খালি পেটে পানি পান করলে তার বড় প্রভাব পড়ে আমাদের শরীরে। চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে পানি পান করলে কী উপকার পেতে পারেন- সকালে খালি পেটে পানি পান করলে তা নতুন রক্তকোষ তৈরি করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়াও শরীর থেকে রক্তের দূষিত পদার্থগুলো বের করে দিতে কাজ করে এভাবে পানি পান করার অভ্যাস। যে কারণে ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়। সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে তা অনেকভাবে আপনার উপকারে আসবে। তার মধ্যে একটি হলো এটি হজমের সমস্যার সমাধান করে। রাতে সাত-আট ঘণ্টা ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে, তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে হজম শক্তি পুনরায় সচল হয়। প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে তা পেট পরিষ্কার রাখতে কাজ করবে। এতে শরীরের বিপাক হার বৃদ্ধি পাবে। সেইসঙ্গে কমবে অতিরিক্ত ওজনও। তাই নিজেকে ফিট রাখতে হলে প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করতে হবে। বাতের ব্যথা ও কিডনির সমস্যা কমাতেও কাজ করে সকালবেলা খালি পেটে পানি পান করার অভ্যাস। এর পাশাপাশি বমি বমি ভাব, গলার সমস্যা, মাইগ্রেন কমাতেও কাজ করে এই অভ্যাস। সুস্থ থাকার জন্য সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস ধরে রাখুন।

post
টেক মেন্টর

ইউআইটিএস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের বুটক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স (ইউআইটিএস) ক্যাম্পাসে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের বুটক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে দেশে চলছে ‘ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড’। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রতিভাবান হিসেবে গড়ে তুলতে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের বুটক্যাম্প সেমিনার। বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এবং সেমিনার শিক্ষক ও শিক্ষার্থী সহ ২৫০ জন এই ক্যাম্পে রেজিস্ট্রেশন করেছেন। অলিম্পিয়াড পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রকৌশলী মোহাম্মাদ শাফায়েত হোসাইন। তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয় ও শিক্ষা প্রতিষ্ঠানেই এই ক্যাম্প হচ্ছে। ক্যাম্পে স্টেম শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ক্যাম্পে নিজেদের নাম নিবন্ধন করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা কুইজ ও প্রজেক্ট প্রদর্শনীতেও অংশ নিবেন। সেমিনারে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু হাসান, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাফায়েত হোসাইন, পরিচালক, আইকিএসি এবং ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আবদুল হামিদ। সেমিনারে রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান বলেন, সমন্বিত শিক্ষার সুযোগ তৈরি করতে পারলে দেশ এগিয়ে যাবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে। স্টিম শিক্ষা হচ্ছে তারই একটা ধারাবাহিকতা। ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ বলেন, অন্য দেশগুলো যখন এগিয়ে যাচ্ছে, স্টিম শিক্ষা এবং ৪র্থ বিপ্লবের অগ্রগতির বিবেচনায় আমরা এখনো পিছিয়ে আছি। এগিয়ে যেতে হলে এখন গতি বাড়াতে হবে, আমাদের স্কীল ম্যানপাওয়ার বাড়াতে হবে। মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রথমবারের দেশজুড়েই এই বুটক্যাম্প কার্যক্রম পরিচালনা করছে আইটেসারেক্ট টেকনোলজিস (iTesseract Technologies)। এই আয়োজন বিষয়ে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আব্দুল হামিদ জানান, শিক্ষার্থীদেরকে পরিচিত এবং প্রস্তুত করার জন্য তারা দেশজুড়েই বুটক্যাম্প করছেন। মাদ্রাসা, পলেটেকনিকসহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারছেন এই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে। এরইমধ্যে সাতটি বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ আড়াশ’র মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এই বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বুটক্যাম্প হয়েছে এআইইউবি, আইইউবি ও রুয়েটসহ ৭টি বিশ্ববিদ্যালয়ে। আরো ২৫০ এর মতো প্রতিষ্ঠানে এই বুটক্যাম্প অনুষ্ঠিত হবে। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু হাসান বলেন, আমাদের স্টুডেন্টরা সুযোগ পেলে অনেক কিছু করতে সক্ষম। এই স্টিম অলিম্পিয়াড বিশাল এক সুযোগ সবার জন্য। আর্টস ও ক্রাফটস বিষয়টি এখানে রাখার আইডিয়াটা হচ্ছে অসাধারণ আইডিয়া। তিনি মন্ত্রণালয় এবং আইটেসারেক্ট টেকনোলজিসকে ধন্যবাদ এমন এমন উদ্যোগের জন্য। মোট ছয়টি স্তরের শিক্ষার্থীরা এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। স্তর গুলো হচ্ছে প্রথম-৫ম শ্রেনী, ৬ষ্ঠ-দশম শ্রেণী, কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পলিটেকনিক শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষার্থী। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.