post
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যা বললেন বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে বিষয়টির সমালোচনা করে ওবামা বলেন, 'দুই পক্ষের কেউই নিরপরাধ নয়।' আজ রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়। শনিবার এক সাক্ষাৎকারে ওবামা জানান, ইসরায়েলি সম্প্রদায়ের বিরুদ্ধে হামাসের ৭ অক্টোবরের হামলা 'ভয়াবহ', তবে এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে, তা 'সহ্যের বাইরে'। পড সেভ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, 'কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখে যা মনে হয়, বিষয়টি ততটা সরল নয়। হামাস যা করেছে, তা ভয়ানক এবং এর পেছনে কোন যুক্তি নেই। কিন্তু একইসঙ্গে এটাও সত্য যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা চলছে এবং আগে তাদের ভূখণ্ড যেভাবে অধিগ্রহণ করা হয়েছে, তা সহ্যের বাইরে।' 'তবে এটাও সত্য, গাজায় অনেক ফিলিস্তিনি মারা যাচ্ছেন, যাদের সঙ্গে হামাসের কার্যক্রমের কোনো যোগসূত্র নেই', যোগ করেন ওবামা। প্রেসিডেন্ট হওয়ার আগে ওবামা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান দেওয়ার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি এতে সক্ষম হননি। ওবামা 'টিকটক ভিত্তিক আন্দোলনের' সমালোচনা করে বলেন, এর মাধ্যমে চলমান পরিস্থিতির সরলীকরণ করা হচ্ছে। সাবেক মার্কিন নেতা বলেন, 'আপনি সত্য বলার অভিনয় করতে পারেন, আপনি একপাক্ষিক সত্য বলতে পারেন, আর কোনো কোনো ক্ষেত্রে নিজেকে নির্দোষও দাবি করতে পারেন। তবে এতে সমস্যার সমাধান হবে না।' 'আর আপনি যদি এই সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে পুরো সত্যটাই গ্রহণ করতে হবে এবং মেনে নিতে হবে, কেউই নিরপরাধ নয় এবং আমরা সবাই (নীরব থেকে) খানিকটা হলেও এই সংঘাতে অংশীদারের ভূমিকা পালন করেছি', যোগ করেন ওবামা।

post
সংবাদ

ইসির কাছে খোলা চিঠি

নির্বাচন কমিশনের ডাকা সংলাপে অংশ না নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে খোলা চিঠি দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।শনিবার সকালে তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক একথা জানান। তিনি বলেন, তারা এই আলোচনা সভায় সংলাপ অংশগ্রহণ করার প্রয়োজন মনে করছে না। দলটি মনে করে, সরকার প্রতিহিংসামূলক অবস্থান থেকে বিএনপিসহ তাদের রাজনৈতিক বিরোধীদের দমন করতে যে পরিস্থিতির তৈরি করেছে তা কোনোভাবেই একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সহায়ক নয়।

post
সংবাদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত,অংশ নেয়নি বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। ৪৪ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়ে আজ শনিবার সকালে বৈঠক শুরু করে বাংলাদেশ নির্বাচন কমিশন। কিন্তু সকালে ১৩ টি ও বিকেলে ১৩টিসহ মোট ২৬ টি দল এই সংলাপে অংশ নিলেও ছিল না বিএনপি ও তাদের সমমনা কোন রাজনৈতিক দলের কোন প্রতিনিধি।নির্বাচন ইস্যুতে কমিশনের সঙ্গে আলোচনায় প্রথমধাপে সকালে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৩টি দল। এসময় ভোটের প্রেক্ষাপট ও প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এসময়ে তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, জনস্বার্থ রক্ষা করে আস্থার নির্বাচন আয়োজন করতে হবে। আর এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন বলেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি নাহলে নির্বাচন সুষ্ঠু হবে না।তাই নির্বাচন কমিশনকে বেশ কিছু সুপারিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো কথা সংবিধানে লেখা নেই। যাদের জনসমর্থন নেই, তারা নির্বাচনে আসবে না। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন বক্তব্যের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পোলিং এজেন্টদের মাধ্যমে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিতে প্রস্তুতি নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর বিএনপিকে রাজনীতির মতভেদ ভুলে সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন সিইসি। তবে, নির্বাচনকালীন সরকার কী হবে, তা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের বিপরীতমুখী অবস্থানের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর এই সংলাপ কতখানি বাস্তবিক, তা জানতে কথা হয় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা জানিপপ চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সঙ্গে। তিনি বলেন, বিদেশী বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাষ্ট্রদূতরা বারবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ ও পরামর্শ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় কমিশনের এ আয়োজন হতে পারে বলে মনে করেন তিনি। প্রথম পর্বের সংলাপে অংশ নেয়া ১৩টি রাজনৈতিক দল হলো—বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-(এনডিএম)। আর অনুপস্থিত ছিলো যে ৯ টি দল—লিবারেল ডেমোক্রেটিক পার্টি-(এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-(বিএমএল), বাংলাদেশ কল্যান পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি ও বাংলদেশ মুসলিম লীগ। ১৩টি দলের প্রতিনিধিরা ২য় দফার সংলাপে অংশগ্রহণ করেছেন। দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। বিকেলের সংলাপে অংশ নেয়নি- বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

post
সংবাদ

জো বাইডেনের ভূয়া উপদেষ্টার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আইনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়া উপদেষ্টা মিয়া আরফির বিচার হবে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।শনিবার সকালে সিলেটের খাদিমনগর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের ৬ লেনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকা থেকে জানানো হয়েছে, মিয়া আরফির তাদের কেউ নয়।

post
বাংলাদেশ

উস্কানি ছড়িয়ে গার্মেন্টসে অসন্তোষ,অভিযান চলছে- জানালো র‌্যাব

সাভার ও আশুলিয়ায় যারা গার্মেন্টস এ উস্কানি দিয়ে অসন্তোষ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় র‌্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। র‌্যাব জানায়, এক শ্রেণীর অসাধু চক্র গার্মেন্টস শিল্প ধংসের পায়তারা করছে। এসময় শ্রমিকদের কোন প্রকার গুজবে কান না দেয়ার জানানো হয়।

post
বাংলাদেশ

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে উদ্বোধন

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে এ অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন সরকারপ্রধান। উদ্বোধনের পর ট্রেনে উঠে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যান তিনি। তবে উদ্বোধন হলেও সর্বসাধারণের জন্য মেট্টোরেল চলাচল করবে রোববার (৫ নভেম্বর) থেকে। প্রথমে তিনটি স্টেশনে যাত্রী ওঠানামা করবে। এই স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। গত বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ী-আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে। আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন। মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এ সমাবেশকে ঘিরে ব্যাপক শোডাউন দেবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে লাখ লাখ কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেবে বলে নেতারা জানিয়েছেন।

post
আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫০ ছাড়াল

হিমালয়ের দেশ নেপালের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫০ জন ছাড়িয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। রাজধানী কাঠমুন্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরের জারাকোত এবং পশ্চিম রুকুম ভূমিকম্পের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। পুরো নেপাল ছাড়াও ভারতের রাজধানী নয়াদিল্লির মানুষও শক্তিশালী কম্পন অনুভব করেছেন। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন। জারাকোতের হাসপাতাল আহত মানুষে এখন পরিপূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। আতবিসকোত পৌরসভার মেয়র রবি কেসি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার পর মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। ফলে বাড়ির ভেতর যাওয়ার বদলে বাইরেই অবস্থান করছেন তারা। তিনি আরও জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ শক্তিশালী কম্পন অনুভব করেন তারা। এরপর সেখানকার সব বাসিন্দা বাড়ির বাইরে চলে আসেন। ভূমিকম্পের আঘাতে মাটির কয়েকশ ঘর ভেঙে গেছে এবং এখন সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। প্রথম ভূমিকম্পের এক ঘণ্টার মধ্যে আরও তিনটি ছোট ভূমিকম্প আঘাত হানে। আরও ভূমিকম্প আঘাত হানার শঙ্কা থেকে মানুষ সারারাত বাড়ির বাইরেই অবস্থান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অনেক উঁচু ভবন ধসে পড়েছে এবং রাতের আঁধারেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চালান সাধারণ মানুষ। নেপালের পক্ষ থেকে বলা হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৬ মাত্রার। এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গায় এটি সংঘটিত হয়েছে।

post
আন্তর্জাতিক

গাজায় আর কোনো জায়গাই এখন নিরাপদ নেই - জাতিসংঘ

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সেখানে আর কোনো জায়গাই এখন নিরাপদ নেই বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটির পরিচালক টমাস হোয়াইট জানিয়েছেন যে, সেখানকার বাসিন্দাদের বাঁচাতে জাতিসংঘের কোনো কিছুই করার নেই। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে মধ্য গাজার আল শিফা হাসপাতাল থেকে রাফাহ ক্রসিংয়ে যেতে থাকা একটি অ্যাম্বুলেন্সের বহর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৩ জন মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতাল থেকে আহতদের নিয়ে রাফাহ সীমান্ত পার করছিল অ্যাম্বুলেন্সের বহরটি। হামাস দাবি করেছে যে, ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীও নিশ্চিত করেছে যে, তারা একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে। তবে তারা বলছে, ওই অ্যাম্বুলেন্সে হামাসের সদস্যরা ছিল। একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের বাইরে রাস্তায় রক্তের মধ্যে কয়েকজন মানুষ পড়ে আছে। এদের মধ্যে কেউ কেউ নিথর হয়ে পড়ে আছে আবার কেউ আহত হয়ে ছটফট করছেন। কয়েকটি ভিডিও যাচাই করে দেখা গেছে, ওই ঘটনায় অন্তত ২০ জন আহত বা নিহত হয়েছেন।

post
বাংলাদেশ

আলুর বাজারে অস্থিরতা; প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৭০ টাকা

রাজধানীর সবজির বাজারে প্রভাব পড়েনি অবরোধের। তবে আলু ও পেঁয়াজের বাজারে অস্থিরতা কমেনি। বর্তমানে আলুর কেজি ৭০ টাকা এবং পেঁয়াজের দাম ঠেকেছে ১৪০ টাকায়।রাজধানীর কারওয়ানবাজারে সরেজমিনে দেখা গেছে, আলু-পেঁয়াজের দাম নিয়ে ক্ষুব্ধ খোদ খুচরা বিক্রেতারাই। তারা ক্রেতাদের বোঝাতে গিয়ে মেজাজ হারাচ্ছেন।  কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে। সরকার তাদের ধরেন না কেন? তারা কেন বড় বড় ব্যবসায়ীদের ধরেন না? তারাই তো আলু মজুত করে বসে আছেন। পেঁয়াজের সরবরাহ কম থাকার কথা জানিয়ে আরেক খুচরা বিক্রেতা বলেন, ‘হিসাব অনুযায়ী, পুরো ঢাকা শহরে দৈনিক ৪০ গাড়ি পেঁয়াজ দরকার হয়। কিন্তু সরবরাহ করা হয় মাত্র ২০ থেকে ৩০ গাড়ি। সেক্ষেত্রে বাজারে ঘাটতি তো থাকবেই।’ এদিকে অসাধু চক্রের কাছে জিম্মি ভোক্তারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬২ টাকা থেকে ৭০ টাকায়। এছাড়া পেঁয়াজের প্রতি কেজি ঠেকেছে ১৩০ থেকে ১৪০ টাকায়। বাজারে পণ্যের দাম এত বেশি হওয়া ঠিক নয়। বর্তমানে আলুর দাম অনেক বেশি। আমরা কখনই আলু ৭০ টাকা কেজি দরে কিনিনি। তাছাড়া বাজারে সব পণ্যের যে দাম, এতে ঢাকা শহরে চলা অনেক কঠিন হয়ে উঠেছে। এর আগে ১৪ সেপ্টেম্বর আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। সে সময়ে উৎপাদক পর্যায়ে প্রতি কেজি আলুর যৌক্তিক দাম ১৪ টাকা ১৭ পয়সা, পাইকারি পর্যায়ে ২৭ টাকা ৬৩ পয়সা এবং খুচরা পর্যায়ে ৩৫ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রয় করা হচ্ছে না। এছাড়া দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৬৪ টাকা থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু তা বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। এদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) দাম নিয়ন্ত্রণে হিমাগার পর্যায়ে নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিল সরকার। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি খুচরা পর্যায়েও সরকারনির্ধারিত দাম প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রির জন্য কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়। তবে বুধবার (১ নভেম্বর) এ নির্দেশনা কার্যকরের কথা বলা হলেও বাজারের চিত্র আগের মতোই।

post
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনের আগে হয়রানি , গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে, তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন? জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান তাঁরা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন। স্টিফেন ডুজারিক আরও বলেন, এই সময়ের মধ্যে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা তাঁরা দেখতে চান না। এসবের বিরুদ্ধেও তাঁরা কথা বলেছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.