post
আন্তর্জাতিক

পুতিনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় মস্কোর ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। ১৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

post
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা দিল আইএমএফ

বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি দেশগুলোরমানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে মাথাপিছু জিডিপির সমন্বয় করে এ তালিকা প্রকাশ করেছে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইএমএফের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্বের শীর্ষ দরিদ্র দেশগুলোর ১০টিই আফ্রিকার। এ তালিকায় একদম প্রথমে রয়েছে দক্ষিণ সুদান। এ ছাড়া অন্য ৯টি দেশ হচ্ছে—বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার। আইএমএফ জানিয়েছে, এই তালিকা তৈরি করতে জিডিপি ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া হয়েছে। বেশ কিছু দেশের প্রচুর বৈদেশিক সম্পদ থাকা সত্ত্বেও তারা চরম দারিদ্রের মধ্যে ডুবে আছে। দারিদ্রের শীর্ষে থাকা দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। তবে দেশটিতে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। স্থানীয়দের মধ্যে অব্যাহত সংঘর্ষ ও অপ্রতুল অবকাঠামোর কারণে দেশটিতে জীবনযাত্রার মান খুবই নিম্ন। দরিদ্র দেশের তালিকায় থাকা অন্যান্য দেশগুলোতেও সংঘর্ষ, অবকাঠামোগত দুর্বলতা, অনাধুনিক কৃষিব্যবস্থা, জনসংখ্যার আধিক্য ও তীব্র খাদ্যসংকট রয়েছে। কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় বড় দেশগুলোও দারিদ্রের কষাঘাতে জর্জরিত। আইএমএফ আরও জানিয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে দারিদ্র্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইয়েমেন। তবে দেশটিতে চলমান সংঘাতের কারণে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইএমএফ। আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্র দেশগুলোর দারিদ্র্যের কারণ খুঁজে বের করা এবং তা বিশ্ববাসীকে জানানোই এ তালিকার মূল উদ্দেশ্য। সংস্থাটি মনে করে, দরিদ্র দেশগুলোর দারিদ্র্য দূর করতে হলে অবকাঠামোগত উন্নয়ন, অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং রাজনীতিতে স্থিতিশীলতা আনা জরুরি।

post
আন্তর্জাতিক

অবশেষে যোগাযোগ করল জলদস্যুরা

ভারত মহাসাগর থেকে ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করা সোমালি জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। জিম্মি ঘটনার ৯ দিনের মাথায় ২০ মার্চ (বুধবার) মালিকপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করে। একইদিন দুপুরে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘জলদস্যুরা যোগাযোগ (ফোন) শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে।’ যোগাযোগ শুরু হওয়ায় এখন জলদস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে। দর-কষাকষি মাধ্যমে সমঝোতায় পৌঁছালে জাহাজসহ নাবিকদের মুক্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। অবশ্য জলদস্যুদের যোগাযোগের আগেই সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে নানান উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়াও মালিকপক্ষ সমঝোতার নানা প্রক্রিয়ার কাজ চালিয়ে যাচ্ছিল। এদিকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের পর অভিযান বন্ধ করতে নাবিকদের ওপর চাপ দিচ্ছে জলদস্যুরা। জাহাজের নাবিক ক্যাপ্টেন আতিক ইউএ খান জানান, গত দুদিন আন্তর্জাতিক নৌবাহিনী জিম্মি হওয়া জাহাজটিকে চাপের মুখে রেখেছে। অন্যদিকে দস্যুরাও অভিযান বন্ধ করতে নাবিকদের ওপর চাপ দিচ্ছে। ‘বাড়াবাড়ি’ করলে জাহাজ তীরে তুলে দেবে বলে হুমকি দিচ্ছে জলদস্যুরা। এদিকে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের মালিকপক্ষ ও সরকার নাবিকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, “আমরা কোনো ধরনের সামরিক অভিযানকে সমর্থন করছি না। তা ছাড়া রাষ্ট্রের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা হচ্ছে সহিংস অভিযান পরিচালনা করা যাবে না।” উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। জাহাজে রয়েছে প্রায় ৫৫ হাজার টন কয়লা রয়েছে, যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা বা ৬৬ লাখ ডলার। এসব কয়লা মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হচ্ছিল।

post
আন্তর্জাতিক

কোরআন পড়ে মুগ্ধ হলিউড অভিনেতা স্মিথ

পবিত্র কোরআন পড়ে মুগ্ধতা প্রকাশ করলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। জানিয়েছেন নিজের উপলব্ধির কথাও। মুসলমানদের পবিত্র গ্রন্থটিকে ‌‘স্ফটিকের মতো স্পষ্ট’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রশংসা করেছেন এর সরলতারও। আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানা যায়, গত রমজানে কোরআন পড়েছিলেন স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি সরলতাকে পছন্দ করি, কোরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কোরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কোরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।’স্মিথ আরও জানিয়েছেন, ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন তিনি। অবাক হয়েছেন কোরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে। তিনি বললেন, ‘আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনও ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।’ বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এই অভিনেতা। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। মজা করে বলেছেন, ‘আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।’ আগামী অস্কার মাতানোর সিনেমা পেয়ে গেছে হলিউড?আগামী অস্কার মাতানোর সিনেমা পেয়ে গেছে হলিউড? প্রসঙ্গত, হলিউডের বিখ্যাত ‘আলাদিন’ ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন উইল স্মিথ। এটি পরিচালনা করেছেন গাই রিচি।

post
আন্তর্জাতিক

ধর্মীয় সম্প্রতি: দুবাইয়ে পাশাপাশি মসজিদ-গির্জা

সংযুক্ত আরব আমিরাতে একশ মিটারেরও কম দূরত্বের মধ্যে দু’টি ধর্মীয় উপাসনালয় দীর্ঘদিন ধরে সম্প্রতির উদাহরণ তৈরি করে রেখেছে। দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের অউদ মেথা এলাকায় পাশাপাশি রয়েছে মুসলমান ধর্মালম্বীদের প্রার্থনা কেন্দ্র মসজিদ ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় চার্চ বা গির্জা। প্রায় ৩৫ বছর আগে দুবাইয়ে ‘সেন্ট মেরি’স ক্যাথলিক চার্চ নামের এই উপাসনালয় যাত্রা শুরু করে। যদিও এর আগে ১৯৬৭ সালের দিকে স্বল্প পরিসরে এখানে তৈরি গির্জায় উপাসনা চলতো। এই গির্জা নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেন দুবাইয়ের তৎকালীন শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম। বর্তমানে এই ক্যাথলিক চার্চ সাড়ে তিন লাখের বেশি প্যারিশিয়ান নিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর অবস্থান ধরে রেখেছে। গির্জাটির মাত্র ৮৬ মিটারের মধ্যেই রয়েছে ‘আল জামিয়া’ নামে অউদ মেথা মসজিদ। এটি স্থানীয়দের কাছে পাকিস্তানি মসজিদ নামেও পরিচিত। দুবাইয়ের পাকিস্তান অ্যাডুকেশন একাডেমিতে নির্মিত এই মসজিদটি ২০০৫ সালে উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন পাকিস্তানের আউকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রী মুহাম্মদ লাজাজ উল হক। এরপর থেকে পাশাপাশি দুটো উপাসনালয়ে নিয়মিত চলছে ধর্মীয় প্রার্থনা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এখানে মুসলমান ও খ্রিস্ট ধর্মাবলম্বীরা নিজ নিজ উপাসনায় ব্যস্ত থাকেন। অউথ মেথার মূল সড়ক, বাসস্টেশন ও মাত্র তিন’শ মিটার মধ্যে মেট্রো স্টেশন থাকায় দূরদুরান্ত থেকেও এখানে প্রার্থনা করতে প্রতিদিন ভিড় করেন হাজারো মানুষ। ধর্মীয় বিশেষ দিবস, আচারণ-অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত ভিড় হলেও কোনো অপ্রতিকর ঘটনা ঘটে না। বরং নিজ নিজ প্রার্থনা শেষে উপাসনালয় ত্যাগ করেন সবাই। সরেজমিনে দেখা গেছে, শনিবার সন্ধ্যায় এই জামিয়া মসজিদে শতাধিক মুসল্লির জন্য ইফতারের আয়োজন চলছে। একই সময় ক্যাথলিক চার্চে চলছে উপাসনা, মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা। রাতে এশা ও তারাবির নামাজের সময়ও ছিল একই চিত্র। দুটো উপাসনালয়ে বাইরে একটি সরু রাস্তা রয়েছে। প্রার্থনা চলাকালীন সময় যেখানে গাড়ি পাকিং ছিল পরিপূর্ণ। মানুষের ভিড়ও ছিল প্রচুর। কেউ প্রার্থনার জন্য ভেতরে প্রবেশ করছেন, কেউবা উপাসনা শেষে বের হয়ে আসছেন। গির্জায় সপ্তাহব্যাপী ইংরেজি, আরবি, ফ্রেঞ্চ, কোঙ্কানি, মালায়ালম, সিংহলি, সোয়াহিলি, তামিল, তাগালগ ও উর্দু ভাষায় প্রার্থনা করা হয়। মসজিদে প্রার্থনায়ও রয়েছে আরবি ও উর্দু ভাষার ব্যবহার। এই দুই প্রার্থনাকেন্দ্র ঘিরে গড়ে তোলা হয়েছে দুটো শিক্ষাপ্রতিষ্ঠান। একটি ইংলিশ ল্যাংগুয়েজ (প্রাইভেট) স্কুল ও অন্যটি ‘সেন্ট মেরি’স ক্যাথলিক হাই স্কুল। মুখোমুখি দুটো শিক্ষাপ্রতিষ্ঠানেও কার্যক্রম চলছে নিয়মিত। এছাড়াও কয়েকশ মিটারের মধ্যে সড়কের দুই পাশে রয়েছে কয়েকটি দেশের সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল। বিশেষ করে উপাসনালয়ের পাশেই রয়েছে শেখ রশিদ হাসপাতাল, দুবাই মিডিয়ার কার্যালয়, হলি ট্রিনিটি চার্চ, ইরানিয়ান ক্লাব, সুদানি ক্লাব, জর্দান সোশ্যাল ক্লাব, ইন্ডিয়ান ক্লাব ও আল রশিদ আল সালেহ স্কুলসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। এ যেন নানা দেশ ও ধর্মের সম্প্রতির বন্ধনে আবদ্ধ একটি পরিকল্পিত নগর।

post
আন্তর্জাতিক

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন গায়ক লিল জন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় আমেরিকান গায়ক ও সঙ্গীত প্রযোজক লিল জন। শুক্রবার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন লিল। খবর, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে তার ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি এবং পরে ইংরেজিতে পবিত্র কালিমা পাঠ করছেন। চলতি রমজানে দেশটির লেখক ও অ্যাকটিভিস্ট শন কিংও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।উল্লেখ্য, ১৯৭২ সালে জন্ম নেয়া লিল জনের আসল নাম জোনাথন এইচ স্মিথ। বর্তমান শতাব্দির শুরুর দিকে ইংরেজি গানে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়।

post
আন্তর্জাতিক

৫ম বারের মতো প্রেসিডেন্ট হলেন পুতিন

৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৮৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। বিজয়ী হওয়ার পর পুতিন দাবি করেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে স্বচ্ছ রাশিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা।যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অবশ্য নিরঙ্কুশ বিজয়ের দাবি করেন পুতিন। দলীয় কর্মীদের সমাবেশে বিজয়ীর ভাষণ দেন তিনি। ভোটারদের ভোটদানে উৎসাহিত করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আরও তিন প্রার্থী থাকলেও, কেউই দাঁড়াতে পারেননি পুতিনের সামনে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া ঘোষণা অনুযায়ী ৪ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ। বাকী দু’জনের ভাগ্যে জুটেছে আরও কম। রাশিয়ায় নির্বাচনে শুক্র থেকে রবি তিনদিনব্যাপী চলে ভোটাভুটি।

post
আন্তর্জাতিক

গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৩১৫৫৩

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৩ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩১ হাজার ৫৫৩ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৩ হাজার ৫৪৬ জন।ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী রায়কে উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। তেল আবিবের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।এদিকে জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরায়েলি যুদ্ধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হামলা অব্যাহত রয়েছে এবং মানবিক বিপর্যয়ের জন্য সহায়তা বিতরণ অত্যন্ত অপর্যাপ্ত রয়ে গেছে।

post
আন্তর্জাতিক

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল ক্রিসেন্টের জন্ম ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।মুসলমানদের জন্য ঈদুল ফিতর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজানের মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলিমরা।ঈদের দিন মুসলমানেরা দুই রাকাত নামাজ আদায় করেন। এ নামাজকেই ইসলামে ঈদের নামাজ বলা হয়। খোলা মাঠ বা বড় জামাতে এ নামাজ অনুষ্ঠিত হয়।

post
আন্তর্জাতিক

মিশরের আল-আজহারে একসঙ্গে ইফতার করেন ৫ হাজার শিক্ষার্থী

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশুনা করেন। তাদের মধ্যে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় এক হাজার ২০০ জন বাংলাদেশি শিক্ষার্থী। রমজানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য ইফতার পরিবেশন করা হয় মসজিদে।আসরের আজানের সময়ই মসজিদে দলে দলে ছুটে আসেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ মোবাইলের অ্যাপসের মাধ্যমে পূর্ব পাশের গেট দিয়ে মসজিদে প্রবেশ করেন। সুউচ্চ মিনারের প্রাচীন মসজিদটির ভেতরের চারপাশে কাঠের দেয়াল। এসব দেয়ালের ভেতরে ইফতার করেন এবং নামাজ আদায় করেন নারী শিক্ষার্থীরা। মসজিদের মাঝখানে খোলা জায়গা, যেখানে রয়েছে সাদা টাইলস করা উঠান। আসরের নামাজ আদায় করে মসজিদের বারান্দায় শিক্ষার্থীরা কেউ কোরআন পড়েন, কেউ ব্যস্ত থাকেন তসবিহ পাঠে। এরই মধ্যে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শুরু করেন ইফতারের প্রস্তুতি।‌ যেখানে সবাই সুন্দরভাবে ইফতারের সামগ্রী রেখে দেন। সবাই নিজ নিজ অংশের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেন। মাগরিবের আজানের ৩০ মিনিট আগে সবাইকে ডাকা হয় ইফতার সামনে নিয়ে বসার জন্য। আজানের ১৫ মিনিট আগে কোরআন থেকে তেলাওয়াত করা হয়। মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর ও পানি খেয়েই সবাই নামাজে দাঁড়িয়ে যান। নামাজ শেষে ইফতারের বাকি খাবার শেষ করেন সবাই। ইফতারে থাকে মিশরের ঐতিহ্যবাহী খাবার, খেজুর, জুস, পানি, ভাত, এইশ বেলাদি (রুটি), ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোপ্তা, সবজি, মিশরীয় মিষ্টিসহ বিভিন্ন রকমের খাবার। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ময়মনসিংহের আজিজুল ইসলাম বলেন, 'মাতৃভূমি, পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের ছেড়ে এই প্রথম বিদেশের মাটিতে রমজান মাস অতিবাহিত করছি। দেশীয় আমেজ মিস করলেও বিশ্বের নানা দেশের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে একত্রে ইফতার করতে অন্যরকম ভালোলাগা কাজ করছে।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.