post
আন্তর্জাতিক

এবার অ্যামাজনের ২০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা

বিশ্বের বড় বড় বেশ কয়েকটি কোম্পানি হঠাৎ করেই কর্মী ছাঁটাই শুরু করেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে ফেসবুকের মেটা, টুইটারের মতো কোম্পানিগুলো তাদের কর্মীদের বড় একটি অংশকে ছাঁটাই করে। এবার সেই তালিকায় যোগ দিতে যাচ্ছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজন। জানা গেছে, সব মিলিয়ে ২০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে তারা।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি কম্পিউটারওয়ার্ল্ড পোর্টালের বরাতে জানিয়েছে, বিশ্বব্যাপী অ্যামাজনের প্রায় ১৬ লাখ কর্মী রয়েছে। এর মধ্যে ২০ হাজার জন চাকরি হারাবেন। যার মধ্যে থাকবে বিতরণ কর্মী, কর্পোরেট এক্সিকিউটিভ এবং প্রযুক্তি কর্মকর্তা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছে, অ্যামাজনের সব স্তরে ছাঁটাই হবে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, অ্যামাজন ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে। যা কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা হতো। এখন শোনা যাচ্ছে এ সংখ্যা দ্বিগুণ হবে। জানা গেছে, অ্যামাজন উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্য কর্মীদের ওপর নজর রাখতে বলেছে। মূলত ভালো কর্মী খুঁজে বের করার জন্য এমনটি করতে বলা হয়েছে। যেন ছাঁটাইয়ের মধ্যে তারা পড়ে না যান। ওই সূত্রটি আরও জানিয়েছে, যাদের ছাঁটাই করা হবে তাদের ২৪ ঘণ্টা আগে জানানো হবে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া ছাঁটাইয়ের বিষয়টি সামনে আসার পর কর্মীদের মধ্যে ভীতি কাজ করছে বলে জানিয়েছে ওই সূত্রটি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যামাজন একটি নির্দিষ্ট বিভাগ এবং অঞ্চলের বেশিরভাগ কর্মী ছেঁটে ফেলার চিন্তা করছে। যা তাদের পুরো ব্যবসায়িক কার্যক্রমের ওপর প্রভাব ফেলবে। অবশ্য ওই সূত্রটি জানিয়েছে, যাদের ছাঁটাই করা হবে তাদের করোনা মহামারির সময় নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় অনলাইনে পণ্য কেনাকাটা অনেকাংশে বেড়েছিল। তবে এখন অর্থ সাশ্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে অ্যামাজন। কয়েকদিন আগে জানা গিয়েছিল, বড়দিন সহ অন্যান্য ছুটির সময় অ্যামাজনে পণ্য বিক্রির পরিমাণ বেড়ে যায়। কিন্তু এবার কমেছে। এরপরই কর্মী ছাঁটাইয়ের চিন্তা-ভাবনা শুরু করে তারা। সূত্র: এনডিটিভি

post
আন্তর্জাতিক

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হলেন শেখ হাসিনা

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্তুগালের রাজধানীর লিসবনে সোমবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) আয়োজিত বিশ্ব ডায়াবেটিস সম্মেলন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মানসূচক উপাধি দেওয়া হয়।অপরদিকে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি অধ্যাপক আকতার হোসেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান সম্মাননা গ্রহণ করেন। ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সহযোগিতা এবং জীবনযাপন উন্নয়নে অসামান্য অবদানের জন্য স্বীকৃতির স্বরূপ এই প্রথম কাউকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিসের সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হলো। আগামী দুই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস রোগে আক্রান্ত বিশ্বের সব মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনকে তাকে সম্মানিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সম্মাননা গ্রহণ করতে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের শিশুসহ প্রায় ৮৫ লাখ আর গোটা পৃথিবীতে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিস এবং এ সম্পর্কিত নানা সমস্যা নিয়ে বসবাস করছেন। সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিচ্ছে এবং বিনামূল্যে ইনসুলিন সরবরাহ কার্যক্রম শুরু করেছে। দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য সেন্টারে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দ্বারা ডায়াবেটিস রোগীদের সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া এবং অভূতপূর্ব অর্জনের মাধ্যমে উন্নয়নশীল বিশ্বের জন্য একটি রোল মডেল হিসেবে অধিষ্ঠিত হওয়ার বিষয়ে মত প্রকাশ করেন রাষ্ট্রদূত তারিক আহসান। তাছাড়া তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতে অর্জন এবং আন্তর্জাতিক অবদান তুলে ধরেন। অনুষ্ঠানে আসা পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি ও পর্তুগিজ দ্বৈত নাগরিক রেজাউল বাসেত শিমুল ঢাকা পোস্টকে বলেন, এই অর্জন আমাদের জন্য গৌরবের। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। এমন একটি গুরুত্বপূর্ণ অর্জনের সাক্ষী হতে পেরে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, রাজধানীর নিসবনের মেয়র কারলোস মোয়েদা, প্রবাসী বাংলাদেশি নেতারাসহ আন্তর্জাতিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

post
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে সৌদি আরবে

নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে সৌদি আরব। দামামে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও বড় আরেকটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজধানী রিয়াদের ২২ বর্গমাইলজুড়ে নির্মিত হবে কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্তর্জাতিক এই বিমানবন্দরে ছয়টি সমান্তরাল রানওয়ে থাকবে। সৌদি আরবের তেলবহির্ভূত মোট দেশজ উৎপাদনে বার্ষিক ৭.১৮ বিলিয়ন ডলার অবদান রাখবে এই প্রকল্প বলে আশা করা হচ্ছে। স্থাপত্যশৈলী জগতের খ্যাতিসম্পন্ন ‘ফস্টার + পার্টনারস’ খ্যাত ব্রিটিশ স্থাপত্য, প্রকৌশল দ্বারা নকশা করা হয়েছে। ‘স্টুডিওর ফস্টার + পার্টনার্সের’ প্রধান লুক ফক্স বলেন, ‘বিমানবন্দরটি ঐতিহ্যবাহী টার্মিনালকে একটি একক ‘কনকোর্স লুপ’ হিসাবে পুনরায় কল্পনা করবে, যা পরিবেশিত হবে একাধিক প্রবেশদ্বারে মধ্য দিয়ে।’ ৪.৫ বর্গমাইলের বেশি ছোট আউটলেট, আবাসিক এবং বিনোদনমূলক সুবিধা এবং লজিস্টিক স্পেস থাকবে। ২০৩০ সালের মধ্যে বিমানবন্দরটি বছরে ১২০ মিলিয়ন যাত্রী বহন করার জন্য প্রস্তুত হবে। পরবর্তী দুই দশকে যার পরিমাণ বৃদ্ধি পাবে ৫০% শতাংশ। ২০৫০ সালের মধ্যে প্রতিবছর ৩.৫ মিলিয়ন টন কার্গো পরিচালনা করার পরিকল্পনাও রয়েছে। ‘ফস্টার + পার্টনারসের’ একজন সিনিয়র অংশীদার সেফ এ বাহা এলদিন একটি বিবৃতিতে বলেন, বিমানবন্দরের লক্ষ্য হলো রিয়াদকে ‘সৃজনশীলতা এবং উদ্বাবনের গ্লোবাল হাব’ হয়ে উঠতে সহায়তা করা। পর্যটন খাতে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছে সৌদি আরব। সেসব বৃহৎ প্রকল্পেরই একটি এই বিমানবন্দর। সিএনএন।

post
আন্তর্জাতিক

তেলের দাম বেঁধে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাল মস্কো

রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেঁধে দেওয়ার পশ্চিমা পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে মস্কো। একই সঙ্গে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার ইউক্রেনে হামলার জেরে মস্কোকে চাপে ফেলার চেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর হবে। রাশিয়ার পক্ষ থেকে গতকাল শনিবার ঘোষণা দেওয়া হয়েছে, তারা পশ্চিমাদের এই পদক্ষেপ মানবে না। এই পদক্ষেপের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা তারা পর্যালোচনা করছে। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা পদক্ষেপের ব্যাপারে রাশিয়ার দিক থেকে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের আগে মস্কো পরিস্থিতি বিশ্লেষণ করবে। যুক্তরাষ্ট্র বলছে, তেলের দাম বেঁধে দেওয়ার পদক্ষেপে রাশিয়ার আয় কমে যাবে। অচিরেই বড় ধাক্কা খাবেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তবে পশ্চিমা পদক্ষেপটি ইউক্রেনকে সন্তুষ্ট করতে পারেনি। একে একটি ‘দুর্বল’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জেলেনস্কির মতে, রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই পদক্ষেপ যথেষ্ট ‘গুরুতর’ নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর নিয়মিত রাত্রিকালীন ভাষণে বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে ইতিমধ্যে বিশ্বের সব দেশের ব্যাপক ক্ষতি করেছে। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যে ‘দুর্বল’ পদক্ষেপ নেওয়া হয়েছে, তার সমালোচনা করেন তিনি।

post
আন্তর্জাতিক

ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণে ভূষিত হলেন গুগলের সুন্দর পিচাই

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল ও সফটওয়্যার কোম্পানি অ্যালফাবেটের শীর্ষ নির্বাহী সুন্দর পিচাই। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিসকো শহরে তাকে এই সম্মাননা প্রদান করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের দূত তরণজিৎ সিং সান্ধু। নিজের টুইটার অ্যাকাউন্টে সুন্দর পিচাইকে পদ্মভূষণ প্রদানের ছবি টুইট করে সান্ধু লিখেছেন, ‘সান ফ্রান্সিসকোয় গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আমরা আপ্লুত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তার অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে। তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে নিশ্চিত করেছেন।’আগামী বছর ২৬ জানুয়ারি ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদয়াপন করবে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সুন্দর পিচাইকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পদ্মভূষণ পাওয়ার পর নিজের ব্লগে পিচাই লেখেন, ‘ভারতের সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রের নিযুক্ত ভারতের দূত তরণজিৎ সিং সান্ধু এবং কনসাল জেনারেল প্রসাদ আমাকে পদ্মভূষণ প্রদান করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। এই অপরিমেয় সম্মান প্রদানের জন্য আমি ভারতের কেন্দ্রীয় সরকার ও জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এভাবে সম্মানিত হওয়া আমার জন্য অবিশ্বাস্যভাবে অর্থপূর্ণ এবং এই অর্জন আমাকে সামনে এগিয়ে চলার প্রেরণা যোগাবে। ভারত আমাকে তৈরি করেছে এবং এই দেশ আমার অস্তিত্বের অংশ। আমি যেখানেই যাই, মনে সবসময়ই ভারত জেগে থাকে।’ পদ্মভূষণ প্রাপ্তির পর নিজের বাবা-মাকে স্মরণ করেছেন গুগুলের সিইও। এ প্রসঙ্গে ব্লগে তিনি লেখেন, ‘আমি ভাগ্যবান যে, এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের কাছে। আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের।’সুন্দর পিচাই ওরফে পিচাই সুন্দর রাজনের জন্ম ১৯৭২ সালের ১২ জুলাই। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাইয়ে তার পৈতৃক বাড়ি। খড়্গপুর আইআইটির থেকে স্নাতক পাস করা পিচাইয়ের গুগলে যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে। প্রথমে গুগল ক্রোম, ক্রোম, ওএস প্রভৃতি নিয়ে কাজ শুরু করেন তিনি। পরে ওই সংস্থারই সিইও নিযুক্ত হন। নিজের ব্লগে পিচাই বলেন, ‘ভারত এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার উদ্যোগ অব্যাহত থাকবে।’

post
আন্তর্জাতিক

সরকারি অর্থে বাগানের জন্য ভাস্কর্য কিনে বিতর্কের মুখে ঋষি সুনাক

বিপুল অর্থ খরচ করে বিখ্যাত ব্রিটিশ ভাস্কর হেনরি স্পেনসার মুরের তৈরি একটি ব্রোঞ্জের ভাস্কর্য সংগ্রহ করায় যুক্তরাজ্য সরকার ক্ষোভের মুখে পড়েছে। আর্থিক সংকটের এ সময়ে ভাস্কর্যটির জন্য ১৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) খরচ করায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বেহিসেবি আচরণের অভিযোগ উঠেছে। খবর বার্তা সংস্থা পিটিআই-এর নিলামে ভাস্কর্যটি কেনার পর এটিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি কার্যালয় ও বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে রাখার জন্য পাঠানো হয়েছে। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়ার্কিং মডেল পর সিটেড উম্যান’ নামের বিমূর্ত এ ভাস্কর্যটি তৈরি হয়েছে ১৯৮০ সালে। ধারণা করা হচ্ছে, এটি গত মাসে যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির নিলামে বিক্রি হয়েছে এবং ব্রিটিশ সরকারের মালিকানাধীন শিল্পকর্ম সংগ্রহশালা (গভর্নমেন্ট আর্ট কালেকশন) তা সংগ্রহ করেছে। যুক্তরাজ্যে যখন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি চলছে, জীবনযাপনের খরচ বেড়ে গেছে এবং সরকারি তহবিলে কাটছাঁট করা হচ্ছে—তখন এত অর্থ ব্যয় করে ভাস্কর্যটি সংগ্রহ করা নিয়ে সমালোচনা হচ্ছে। এক বিশেষজ্ঞ দ্য সানকে বলেন, ‘এটি দারুণ শিল্পকর্ম। মুরের তৈরি ‘বসে থাকা নারী মূর্তি’র গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এটি। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এ ভাস্কর্যের পেছনে যে খরচ হয়েছে তাকে সরকারি তহবিলের অসংযত ব্যবহার বলা যেতে পারে।’বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে আংশিক ঢাকা ভাস্কর্যটি দেখা যায়। ডাউনিং স্ট্রিট বলছে, কোনো রাজনীতিবিদ এ শিল্পকর্ম অধিগ্রহণের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন না। ক্রিস্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ ভাস্কর্যটি মাতৃত্ব ও গর্ভাবস্থার এক শক্তিশালী বার্তা বহন করছে। যুক্তরাজ্য সরকারের শিল্প সংগ্রহশালার সংগ্রহে এমন ১৪ হাজারের বেশি মূল্যবান শিল্পকর্ম আছে। লন্ডনের হোয়াইট হলসহ বিশ্বজুড়ে বিভিন্ন ভবনে এসব শিল্পকর্ম রাখা হয়েছে। ১৯৮৬ সালে মারা যান হেনরি স্পেনসার মুর। তাঁকে বিশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটিশ শিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়। অনেকে তাঁকে ওই সময়ে আন্তর্জাতিকভাবে সবচেয়ে সমাদৃত ভাস্কর বলে থাকেন।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়ালমার্ট স্টোরে গুলি, নিহত ১০

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ নিহত হয়েছেন। আহতও হয়েছেন বেশ কয়েকজন। বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার রাতে উত্তর আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির। বুধবার রয়টার্স, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে— এই গোলাগুলির ঘটনায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছেন। রয়টার্স বলছে, মঙ্গলবার রাতে ভার্জিনিয়ার চেসাপিকের ওয়ালমার্টে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং বন্দুকধারী নিজেও মারা গেছে বলে চেসাপিক সিটি জানিয়েছে। টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, ‘শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ। অভিযুক্ত বন্দুকধারী মারা গেছে।’ অবশ্য বন্দুক হামলায় আহতের সংখ্যা এখনো জানা যায়নি। এদিকে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চেসাপিক পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, মঙ্গলবার রাতে চেসাপিক শহরের ওয়ালমার্ট স্টোরের ভেতরে একাধিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, অভিযুক্ত বন্দুকধারীকে মঙ্গলবার রাতেই দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার নাম কর্তৃপক্ষ প্রকাশ করেনি। কোসিনস্কি আরও বলেন, বন্দুকধারী ওই স্টোরের কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা তদন্তকারীরা জানেন না। এ ছাড়া এই ঘটনায় পুলিশ অফিসাররা কোনো গুলি চালাননি বলেও জানিয়েছেন তিনি।

post
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ার শঙ্কা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে এসেছিল রাশিয়া। মূলত রাশিয়া ও ইউক্রেন উভয়ই বিশ্বের বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে এবং ইউক্রেনীয় শস্যের পরিবহনে রাশিয়ার আরোপিত অবরোধ এই বছরের শুরুর দিকে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সৃষ্টি করেছিল।আর তাই জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ানোর শঙ্কা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বিশ্ব ক্ষুধার্ত থাকলে রাশিয়ার কিছু যায়-আসে না। বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক খাদ্য সংকট লাঘবে জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়া উন্নয়নশীল বিশ্বকে ‘ক্ষুধার্ত’ করবে এবং এমন পদক্ষেপের জন্য মস্কোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া গত জুলাইয়ে স্বাক্ষরিত এই চুক্তির অন্যতম তত্ত্বাবধানকারী ও অংশীদার দেশ তুরস্ক। চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। সোমবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হালুসি আকার এক বিবৃতিতে বলেছিলেন, ‘ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার সরে আসার সিদ্ধান্ত উদ্বেগজনক। এটা এমন এক পদক্ষেপ, যার ফলে কেউই লাভবান হবে না।’ এমনকি রাশিয়া চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় বুধবার থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে আঙ্কারা। এই পরিস্থিতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘এই (শস্য রপ্তানির) উদ্যোগকে ব্যাহত করার জন্য ক্রেমলিনের যে কোনও সিদ্ধান্ত মূলত এমন একটি বিষয় যা মস্কো পাত্তা দেয় না।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব ক্ষুধার্ত হলে তাতে মস্কোর কিছু যায়-আসে না। মানুষ না খেয়ে থাকলেও মস্কোর কিছু যায়-আসে না। বিশ্বের খাদ্য নিরাপত্তা সংকট আরও জটিল আকার ধারণ করলেও মস্কো সেটা পাত্তা দেয় না।’ প্রাইস বলেন, চুক্তিটি পুনরুজ্জীবিত করার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রচেষ্টাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র এবং ‘আমাদের জন্য যা দরকারী বলে তিনি মনে করবেন’ সেটিকেও সমর্থন করবে ওয়াশিংটন। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া। এর মধ্যে সম্প্রতি অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য চুক্তি স্থগিত করে রাশিয়া। একইসঙ্গে গত সোমবার ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়। পরে দেওয়া এক বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন। আর পুতিনের এই দাবিকে রাশিয়ার ‘চাঁদাবাজি’ বলে আখ্যা দেন প্রাইস। তিনি জাতিসংঘের পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করে বলেন, চুক্তির পর ইউক্রেন থেকে প্রায় ১০ মিলিয়ন মেট্রিক টন শস্য পাঠানো হয়েছে। বৈশ্বিক রুটির ঝুড়ি বলে পরিচিত এই দেশটিতে আক্রমণের পর বিশ্বব্যাপী বেড়ে যাওয়া খাদ্যের মূল্যকে কমিয়ে আনতে সহায়তা করেছে এই চুক্তি। প্রাইস বলছেন, ইউক্রেন থেকে সরবরাহ করা ‘প্রতি আউন্স’ খাদ্যও বিশ্বের ক্ষুধার্ত মানুষকে উপকৃত করেছে।

post
আন্তর্জাতিক

​ভেঙে পড়ার আগে দুলছিল গুজরাটের ঝুলন্ত সেতুটি, মৃতের সংখ্যা বেড়ে ১৩২

ভারতের গুজরাটের মরবিতে একটি ঝুলন্ত সেতু ছিঁড়ে ১৩২ জনের বেশি মানুষ মারা গেছেন। ঐতিহাসিক মরবি সেতুটি অনেক বছরের পুরোনো। সেতুটি মেরামতের পর চার দিন আগে (২৬ অক্টোবর) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু এটি উন্মুক্ত করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি বা এর ফিটনেস সনদ নেওয়া হয়নি। স্থানীয় মিনিউসিপ্যাল প্রধান ভারতের গণমাধ্যম এনডিটিভিকে এ কথা বলেন।ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, সেতু ভেঙে পড়ে প্রাথমিক হিসেবে ৯০ জনের বেশি মারা গেছেন। ৮০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নিখোঁজ ছিলেন ২০০ জনের বেশি। পরে মৃতের সংখ্যা ১৩২ জনে দাঁড়ায়। অরেভা নামের একটি প্রাইভেট ট্রাস্ট প্রতিষ্ঠান সরকারি টেন্ডারের মাধ্যমে সেতুটি মেরামতের কাজ পায়। সেতুটি মেরামত শুরুর পর থেকে সাত মাস এটি বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর এটি খুলে দেওয়া হয়। মরবি মিউনিসিপ্যাল এজেন্সি প্রধান সন্দীপন জালা বলেন, অরেভা কোনো ফিটনেস সনদ না নিয়েই সেতুটি চালু করে দিয়েছিল। তিনি বলেন, এটা সরকারি টেন্ডার। অরেভা গ্রুপের সেতুটি উন্মুক্ত করার আগে মেরামতের বিস্তারিত জানিয়ে ফিটনেস সনদ দেওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটা করেনি। সরকার এটার বিষয়ে অবগত ছিল না। রোববার সন্ধ্যার দিকে ধসে পড়ার সময় সেতুটিতে আনুমানিক ৫০০ মানুষ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, সেতুটিতে অনেক মানুষ জড়ো হয়েছেন। তারা এর ওপর দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন। তাদের এরকম কর্মকাণ্ডের জন্য সেতুটি দুলছিল।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এই শীতে 'ট্রিপলডেমিক' এর আশঙ্কা

যুক্তরাষ্ট্রে এই শীতে তিনটি ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা এই আশঙ্কার নাম দিয়েছেন 'ট্রিপলডেমিক'। এর একটি ফ্লু, অপরটি শ্বাসজনিত সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) আর সঙ্গে রয়েছে করোনা ভাইরাস। এরই মধ্যে হাসপাতালগুলোতে এই তিন রোগে আক্রান্ত রোগীর ভীর ব্যাপক হারে বাড়তে শুরু করেছে।আগামী মাসগুলোতে এই সংখ্যা বাড়তেই থাকবে এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউরোপীয় বিভিন্ন দেশে পরিস্থিতি আগে থেকেই খারাপের পথে যাচ্ছিলো। আর যুক্তরাজ্যে এরই মধ্যে পরিস্থিতি যথেষ্টই খারাপ। যুক্তরাষ্ট্রে এখনও সংক্রমনের হার অপেক্ষাকৃত কম। কিন্তু শীত আসছে। আর তাতে সন্দেহমাত্রই নেই পরিস্থিতি খারাপের দিকেই যাবে। দেখার বিষয় ঠিক কতটা খারাপ হয়। এদিকে কোভিডের নতুন দুটি ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এর একটি বিকিউ.১.১ এবং অপরটি এক্সবিবি। এর মধ্যে বিকিউ.১.১ এবং এর নিকট ভ্যারিয়েন্ট বিকিউ.১ এখন মোট সংক্রমনের ১৭ শতাংশ। আর এই সংখ্যা দ্রুত হারে বাড়ছে। সপ্তাহে সপ্তাহে এই সংক্রমন দ্বিগুন হচ্ছে। তবে ইউরোপীয় দেশগুলোতে এই ভ্যারিয়েন্টগুলো আরো আগেই সক্রিয় হয়। যা ক্রমেই ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য অংশে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.