post
আন্তর্জাতিক

নিউইয়র্কে অপরাধ কমাতে পাতাল রেলে রক্ষীবাহিনী মোতায়েন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় শহরের গুরুত্বপূর্ণ পাতাল রেল স্টেশনে জাতীয় রক্ষীবাহিনী (ন্যাশনাল গার্ড) মোতায়েন করা হয়েছে। নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে জাতীয় রক্ষীবাহিনী মোতায়েন করা হয়৷ এর আগে মেয়র গত জানুয়ারীর শেষ দিকে প্রায় এক হাজার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তাকে পাতাল রেলে মোতায়েন করেন, কিন্তু তারাও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হন৷গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এ বছর জানুয়ারি মাসে নিউইয়র্ক সিটির পাতাল রেলে শতকরা ৪৬ শতাংশ অপরাধ বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারি মাসে ০১.১ শতাংশ অপরাধ কমেছে বলে জানিয়েছে সিটি ট্রানজিট বিভাগ। তবে নিউইয়র্কে সামগ্রিক অপরাধ কিছুটা কমলেও পাতাল রেলে অপরাধ ক্রমেই বেড়েই চলছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরের বাসিন্দারা। চলতি বছরের প্রথম দু'মাসেই তিনটি হত্যাকাণ্ডসহ বেশ কিছু লোমহর্ষক অপরাধ কাণ্ড ঘটেছে সিটির পাতাল রেলের বিভিন্ন স্টেশনে। নিউইয়র্ক পুলিশের সূত্রে জানা গেছে গত বছরের ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্য অপরাধের মধ্যে ২৭টি খুন, ১১৩টি ধর্ষণ, ১,১৬৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব অপরাধের মধ্যে ছিল ২১টি খুন, ১১৬টি ধর্ষণ ও ১,২২২টি ছিনতাইয়ের ঘটনা। সব মিলিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৯,০২০টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৮,৯১৯টি। অপরদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের অপরাধের সংখ্যা ছিল ২৭টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের সংখ্যা ছিল ২৮টি। নিউইয়র্ক সিটির ট্রানজিট ব্যবস্থা নিয়ে যেসব এডভোকেসি গ্রুপ কাজ করে তারা এরই মধ্যে স্টেট ও সিটি গভর্নমেন্টকে পাতাল রেলে অপরাধের ভয়াবহতা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, পাতাল রেলে অপরাধ অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সিটির গণপরিবহণ থেকে আস্থা হারাবে সাধারণ নাগরিকরা। সিটির যাত্রীরা বলছেন, পেশাদার অপরাধী ছাড়াও হোমলেসদের উৎপাতে যাত্রীদের বিড়ম্বনা লেগেই আছে। এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে শক্ত কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা। নিউইয়র্ক সিটিতে প্রতিদিন তিন মিলিয়ন মানুষ পাতাল রেলে ব্যবহার করে যাতায়াত করে।ফলে বিপুল সংখ্যক মানুষের চলাচল নিরাপদ করতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন স্টেট ও সিটি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অপরাধের মাত্রা কমিয়ে আনতে গভর্নর ক্যাথি হোকুল সীমান্তরক্ষী ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা ভাবেন। পাতাল রেলে টহলে নতুন এক হাজার ফোর্সের মধ্যে ৭০০ জন ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করেছেন গভর্নর। গত ৭ মার্চ বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশ ও ট্রানজিট পুলিশ সদস্যদের পাশাপাশি ন্যাশনাল গার্ডরা তাদের টহল শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে সিটির বিভিন্ন পাতাল রেলে তাদেরকে যাত্রীদের লাগেজ, ব্যাগ এবং ব্যাকপ্যাক তল্লাশি করতে দেখা যায়। গভর্নর হোকুল যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্টেশনগুলোর প্রবেশমুখে আকস্মিক ব্যাগ তল্লাশির নির্দেশ দিয়েছেন৷ কারো ব্যাগ তল্লাশিতে আপত্তি থাকলে তার সাবওয়ে ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন গভর্নর হোকুল৷ 

post
আন্তর্জাতিক

রমজান জুড়ে যে দোয়াগুলো বেশি বেশি পড়বেন

ক্ষমার মহান বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস এটি। রোজা শুধু আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নিজের সঙ্গে রোজার সম্পর্ক ঘোষণা করেছেন একইভাবে সব ইবাদত-বন্দেগি থেকে রোজাকে আলাদা মর্যাদা দিয়েছেন। যেমন তিনি এক হাদিসে কুদসিতে বলেন, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, আমিই তার প্রতিদান দেব (মুসলিম -২৭৬০)।’ এ হাদিস দ্বারা আমরা অনুধাবন করতে পারি, নেক আমলের মাঝে রোজা রাখার গুরুত্ব আল্লাহর কাছে কতটা বেশি। তাই, সাহাবি আবু হুরাইরা (রা.) যখন বলেছিলেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে অতি উত্তম কোনো নেক আমলের নির্দেশ দিন। রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ এর সমমর্যাদার আর কোনো আমল নেই।’ (নাসায়ি-২৫৩৪) রোজার এত মর্যাদার কারণ কী, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে, আমরা যা দেখি তা হলো, রোজা এমন একটি আমল, যাতে লোকদেখানো ভাব থাকে না। এটি বান্দা ও আল্লাহর মধ্যকার একটি অতি গোপন বিষয়। রোজা পালনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অনুসরণ করাই সব মুসলিমের কর্তব্য। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান বহুগুণে বেড়ে যায়। রোজায় রাসুল (সা.) আমাদের অনেকগুলো দোয়া শিখিয়েছেন। হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেয়া হয় না। (ইবনে মাজাহ, হাদিস : ১৭৫৩; তাবরানি, হাদিস : ১২২৯-১২৩০/২; বায়হাকি, হাদিস : ৩৯০৫) হাদিস অনুযায়ী এবং ইফতারের আগে রোজাদারদের দুর্বল অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে ইফতারের আগে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রোজাদারের উচিত, সারাদিন রোজা অবস্থায় দোয়া করার সুযোগ হাত ছাড়া না করা। বিশেষ করে ইফতারের আগের সময়টিতে দোয়ার জন্য বেশি গুরুত্ব দেয়া। এ সময় রোজদার যা দোয়া করবেন তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইফতারের আগমুহূর্তে বেশি বেশি ইস্তিগফার পড়া-  – اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাযি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। – اَلْحَمْدُ للهِ اَللّهُمَّ إنِّيْ أسْئَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْئٍ أنْ تَغْفِرَلِيْ উচ্চারণ : আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাইয়িন আন তাগফিরলি। অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহ! আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। (ইবনে মাজাহ) রমজান জুড়ে বিশ্বনবির এ দোয়াগুলো বেশি বেশি করা জরুরি। আরও একটি দোয়া হচ্ছে- اَﻟﻠَّﻬُﻢَّ ﺇﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ اﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আ’ন্নি। সাইয়্যিদুল ইসতেগফারও পড়া যেতে পারে- اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি; ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আ’হদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বা’তু, আউজুবিকা মিন শাররি মা সানা’তু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়া; ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। যে ব্যাক্তি দিনের (সকাল) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যাক্তি রাতের (প্রথম) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দু’আ পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতী হবে। (বুখারী ৫৮৬৭)

post
আন্তর্জাতিক

করোনায় বিশ্বে মানুষের গড় আয়ু কমেছে দেড় বছর: গবেষণা

কোভিড মহামারির প্রথম দুই বছরে বিশ্বে মানুষের গড় আয়ু ১.৬ বছর কমেছে। যে ধারণা করা হয়েছিল তার চেয়েও কম এই সংখ্যা। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে। অ্যামেরিকান ভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) তথ্য অনুসন্ধানকারী গবেষকদের মতে, বিশ্বে আয়ুর গড় টানা এক দশক দীর্ঘ বৃদ্ধি পাওয়ার পর এখন উল্টো দিকে ঘুরছে। আইএইচএমই গবেষক এবং দ্য ল্যানস্যাট জার্নালে প্রকাশিত গবেষণার প্রধান অস্টিন শুমাখার বলেছেন, ‘বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের জন্য, কোভিড মহামারি গত ৫০ বছরে সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগসহ অন্য যে কোন ঘটনার চেয়ে গভীর প্রভাব ফেলেছে।’ তিনি এক বিবৃতিতে বলেছেন, ২০২০-২০২১ সময়কালে, ২০৪ টি দেশ ও অঞ্চলের বিশ্লেষণে ৮৪ শতাংশে আয়ু হ্রাস পেয়েছে, যা নতুন ভাইরাসগুলোর ‘সম্ভাব্য বিধ্বংসী প্রভাব প্রদর্শন করে।’ এই সময়ে ১৫ বছরের বেশি মানুষের মৃত্যুর হার পুরুষদের জন্য ২২ শতাংশ ও নারীদের জন্য ১৭ শতাংশ বেড়েছে। গবেষকরা অনুমান করেছেন, মেক্সিকো সিটি, পেরু ও বলিভিয়ায় আয়ু সবচেয়ে বেশি কমেছে।

post
আন্তর্জাতিক

কপালে চোট নিয়ে হাসপাতালে মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন। তাঁর কপালে ‘গুরুতর চোট’ লেগেছে বলে জানানো হয়েছে। রাত ৮টার পর তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে, দলের নেত্রী কপালে চোট পেয়েছেন। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে তাঁর বাড়ির কাছে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর ক্ষত সেলাই করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক মাধ্যমে যে ছবিটি প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কপালে চোট লেগেছে এবং সেখান থেকে একটি রক্তের ধারা গড়িয়ে পড়ছে। রাত ৯টা পর্যন্ত এই বিষয়ে দলের তরফে আর কিছু জানানো হয়নি। তিনি নিজের বাড়িতে থাকাকালে কীভাবে পড়ে গেলেন, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি যে গাড়িতে সফর করছিলেন সেই গাড়ির দরজা তাঁর পায়ের উপরে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি বন্ধ করে দেন বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে ইচ্ছাকৃতভাবেই আঘাত করার চেষ্টা হয়েছে, যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল। এরপরে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে প্রচার চালান মমতা বন্দ্যোপাধ্যায়।

post
আন্তর্জাতিক

বার্ড ফ্লু থেকে দেখা দিতে পারে আরেক মহামারি, গবেষকদের আশঙ্কা

বার্ড ফ্লু এর এইচফাইভএনওয়ান ধরণটির ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশের সরকার এবং গবেষকরা। তবে যুক্তরাজ্যের একজন গবেষক দাবি করেছেন, বার্ড ফ্লু মহামারি হয়তো ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে। দ্যা মেট্রো সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক ড. ডায়ানা বেল জানিয়েছেন, ২০২০ সালের পর থেকে দ্রুত ছড়াচ্ছে বার্ড ফ্লু। ১৯৯৭ সালের দিকে চীনে গৃহপালিত হাঁসের মাঝে প্রথম দেখা দেয় বার্ড ফ্লু। এরপর থেকে তা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে। পাখি ছাড়াও অন্যান্য প্রজাতিতে দেখা দিচ্ছে বার্ড ফ্লু।ড. ডায়ানা বেল এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২০২০ সাল থেকে ২৬টি দেশে বিভিন্ন স্তন্যপায়ী প্রজাতিতে ছড়িয়েছে বার্ড ফ্লু- যার মাঝে শ্বেতভালুক এবং পেঙ্গুইন পর্যন্ত আছে। আর এতে মৃত্যুর সংখ্যা বেশ ভয়াবহ। মানুষের মাঝেও ছড়াচ্ছে বার্ড ফ্লু। শুধু গত বছরেই ২৩টি দেশের ৮৮২ জন মানুষ আক্রান্ত হয়েছেন বার্ড ফ্লুতে। এতে মৃত্যুর হার ৫২ শতাংশ। এশিয়ার কিছু দেশে পাখি থেকে মানুষে ভাইরাস ছড়ানোর হার অনেক বেশি। এসব দেশে বার্ড ফ্লু আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে আশঙ্কা করা যাচ্ছে। করোনাভাইরাসের মতো বার্ড ফ্লুয়ের উৎসও অজানা। তবে ধারণা করা হয় অন্য কোনো প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়েছে দুটোই। এখন পর্যন্ত মানুষ থেকে মানুষে বার্ড ফ্লু সংক্রমিত হওয়ার ঘটনা খুব বেশি ঘটেনি। তবুও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে এই ভাইরাসটি মহামারি হয়ে উঠতে পারে। মহামারি ঠেকাতে বার্ড ফ্লু নিয়ে গবেষণা এবং নজরদারির বিকল্প নেই বলে মনে করেন ড. ডায়ানা বেল। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গৃহপালিত হাঁস-মুরগির মাঝে বার্ড ফ্লুয়ের প্রকোপ কমিয়ে আনা। এর জন্য পোলট্রি ফার্মিং পদ্ধতিতেই আমূল পরিবর্তন আনা উচিত বলে তিনি মনে করেন।

post
আন্তর্জাতিক

বাংলাদেশি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের দখলে

ভারত মহাসাগরে বাংলাদেশি একটি জাহাজ দখলে নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। এতে জিম্মি হয়েছেন নাবিক ও ক্রুসহ ২৩ বাংলাদেশি। মঙ্গলবার জাহাজটিতে হামলা চালায় জলদস্যুরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই জাহাজের নাম এমভি আবদুল্লাহ। এটি দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান। জাহাজে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমন এক সূত্র জানিয়েছে, জাহাজটি বর্তমানে আছে ভারত মহাসাগরের সোমালিয়া উপকূলের কাছাকাছি। জাহাজে আনুমানিক ৫০ জন সশস্ত্র জলদস্যু অবস্থান করছে। বৈশ্বিক জাহাজের অবস্থান নির্ণয়কারী সাইট ভেসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী, জাহাজটি একটি কার্গো ভেসেল। আফ্রিকার মোজাম্বিক থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল এটি। ৪ মার্চ মোজাম্বিক থেকে রওনা দিলেও গত চারদিন ধরে এটি সোমালিয়া উপকূলে আটকা আছে। এর আগে, ২০১১ সালের মার্চে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় ২৬ বাংলাদেশি নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি। তিন মাস পর মুক্ত হয় জাহাজটি।

post
আন্তর্জাতিক

ভারতে বিতর্কিত সিএএ কার্যকর

ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এই আইন কার্যকর করা নিয়ে ভারতজুড়ে অস্থিরতা দেখা দিতে পারে। আইনটি নিয়ে এরই মধ্যে আসামসহ উত্তর-পূর্ব ভারতে বিক্ষোভ শুরু হয়েছে। আসামে রাতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আইনের অনুলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও রাজ্যটিতে মঙ্গলবার ধর্মঘট ডেকেছে বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গেও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৯ সালের ডিসেম্বরে এই আইন পাস করে। শুরু থেকেই বিভিন্ন পক্ষ থেকে প্রবলভাবে এই আইনের বিরোধিতা হয়ে আসছে। আইনটি পাস হওয়ার সময়েও দিল্লিতে দীর্ঘদিন অবরোধ চলেছে, সারা ভারতেই প্রতিবাদ হয়েছে। ওই সময় বিক্ষোভ সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ।

post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে চরমপন্থী নিয়ন্ত্রণে বল প্রয়োগ না করার আহবান

চরমপন্থীদের নিয়ন্ত্রণে রাজনীতিকে মাঠের বল হিসেবে ব্যবহার না করতে সরকার ও বিরোধী দলকে সতর্ক করেছেন, ব্রিটেনের সাবেক তিন হোম সেক্রেটারী। প্রীতি প্যাটেল, সাজিদ জাভিদ এবং এম্বার রুড লিখিতভাবে একটি বিবৃতিতে বলেছেন, চরমপন্থীদের নিয়ন্ত্রণে অত্যন্ত দক্ষতার সঙ্গে এগুতে হবে। আগামী নির্বাচনের আগে এ ইস্যুটিকে রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করা ঠিক হবে না। ইসলামিক এবং ডানপন্থী চরমপন্থীদের নিয়ন্ত্রণে, সরকার নতুন নামকরণের ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন তারা। এদিকে কমিউনিটি সেক্রেটারী মাইকেল গোভ ঘোষণা দিয়েছেন, নাশকতাকারীদের চিহ্নিত করতে ‘চরমপন্থী’ নামকরণ করা হবে। যাতে করে ওইসব নাশকতাকারী ব্যক্তি বা সংগঠন কোন ধরণে আর্থিক সহায়তা না পায়। কারণ ব্রিটিশ সরকার মনে করছে,গাজায় যুদ্ধ বিরতির জন্য লন্ডনে অনুষ্ঠিত র‌্যালিগুলোকে চরমপন্থী কোন দল নিয়ন্ত্রণ করছে। তারই প্রেক্ষিতে সরকার কঠোর এই বার্তা দিয়েছে। কিন্তু সাবেক হোম সেক্রেটারীরা মনে করছেন, সরকারের এই ঘোষণা সঠিক নয়।

post
আন্তর্জাতিক

মাঝ আকাশে ঘুমিয়ে পড়েন দুই পাইলট!

১৫৩ জন যাত্রী নিয়ে বিমান তখন মাঝ আকাশে। ঠিক এমন সময় আধঘণ্টার জন্য ঘুমিয়ে পড়লেন দুই পাইলট! অবিশ্বাস্য হলেও সত্যিই এ ধরনের একটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বাতিক এয়ারের এ৩২০ এয়ারবাসের ক্ষেত্রে। যদিও কোনো বিপদ ছাড়াই বিমানটি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায়।রোববার (১০ মার্চ) ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জার্কাতা গ্লোব জানিয়েছে, গত ২৫ জানুয়ারি বিমানটি ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি থেকে জাকার্তায় যাচ্ছিল। উড্ডয়নকালে বিমানে দুজন পাইলট ও চারজন বিমানবালা ছিলেন। কিন্তু মাঝ আকাশে দুই পাইলট ঘুমিয়ে পড়ায় বেশ কিছু ‘নেভিগেশন’ ত্রুটি দেখা দেয়।যদিও বিমান অবতরণের আগেই ঘুম থেকে জেগে ওঠেন পাইলটরা। প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট পর বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন তারা।ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের অধীন সিভিল এভিয়েশনের মহাপরিচালক এম ক্রিস্টি এন্দাহ মুর্নি বলেন, মন্ত্রণালয় এ ঘটনার জন্য বাটিক এয়ারকে ‘কঠোরভাবে তিরস্কার’ করেছে। এয়ারলাইন্সগুলোকে তাদের পাইলট ও বিমানবালাদের বিশ্রামের ব্যাপারে আরও সচেতন হতে হবে।তদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিমানটি যখন ৩৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়, তখন কমান্ডে থাকা পাইলট (পিআইসি) দ্বিতীয়জনের (এসআইসি) কাছে বিশ্রাম নেওয়ার অনুমতি চান। আবেদন মঞ্জুর হলে পিআইসি ঘুমিয়ে পড়েন। অপর পাইলট  দায়িত্ব বুঝে নেন।আধঘণ্টা পর কমান্ড পাইলটের ঘুম ভাঙলে অপরজনের কাছে জানতে চান, তিনি বিশ্রাম নেবেন কি না। জবাবে এসআইসি জানান, তার বিশ্রামের প্রয়োজন নেই। এরপর তারা নিজেদের মধ্যে ৩০ সেকেন্ডের মতো কথা বলেন। তারপর পিআইসি আবার ঘুমিয়ে পড়েন।প্রায় ২০ মিনিট পর এসআইসি জাকার্তা এয়ার কন্ট্রোল সেন্টারের (এসিসি) একটি নির্দেশ পাঠ করেন। তারপর অসাবধানতাবশত ঘুমিয়ে পড়েন। তখন বিমান চলছিল অটোপাইলটে। ১২ মিনিট পর জাকার্তা এসিসি জানতে চায়, বিমানটি বর্তমানে যেদিকে যাচ্ছে, এটা ধরে আর কতক্ষণ চলবে। কিন্তু পাইলটদের কাছ থেকে কোনো উত্তর পায়নি।এসআইসির সঙ্গে এসিসির শেষ রেকর্ড করা আলাপচারিতার ২৮ মিনিট পর কমান্ড পাইলট ঘুম থেকে ওঠেন। আর আবিষ্কার করেন বিমানটি সঠিক পথে নেই। এরপর কমান্ড পাইলটকে ঘুম থেকে ডেকে তোলেন তিনি।

post
আন্তর্জাতিক

ওমরাহ পালনের জন্য সৌদির বিশেষ ব্যবস্থা

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ পান তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এজন্য দর্শণার্থীসহ সাধারণ মুসল্লিদের মাতাফ অংশে প্রবেশে কড়া বিধি-নিষেধ দিয়েছে দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য আগতরা ছাড়া অন্য সাধারণ মুসল্লিরা তাদের নামাজ ও ইবাদতের জন্য তাওয়াফের অংশে আসতে পারবেন না। মূলত কাবার দিকে মুখ করে লাখো মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদতে মশগুল থাকেন,এতে ওমরাহ পালনে আগতরা কাবা চত্বরে ঢুকতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এজন্য কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধু ওমরাহ পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দেবেন। তাই বরাবরের মতো এবারও ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিত করতে পবিত্র কাবা চত্বরে সাধারণ মুসল্লিদের প্রবেশে বিধি-নিষেধ দিল সৌদি আরব।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.