post
আন্তর্জাতিক

ওমরাহ নিবন্ধনে ৪০০ বাংলাদেশির জালিয়াতি, ভিসা নিষেধাজ্ঞার শঙ্কা!

একজনের আঙুলের ছাপ ব্যবহার করে ওমরাহ করতে সৌদি আরবে গেছেন ৪০০ বাংলাদেশি। এক চিঠিতে এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি সরকার। এদিকে, এমন জালিয়াতিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্নসহ ওমরাহ ভিসায় নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা।পবিত্র মক্কা ও মদিনায় আগতদের জন্য সৌদি সরকার ভিসা ব্যবস্থা সহজ করার ফলে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লি প্রতিনিয়ত সৌদি আরবে ওমরাহ পালনে যান। শুধুমাত্র হাতের আঙুলের ছাপ ব্যবহার করে ওমরাহ পালনের জন্য দেয়া হয় ভিসা। এ ব্যবস্থার ফলে কোনো দালাল ছাড়াই ভিসা পেয়ে উপকৃত হচ্ছে মানুষ। কিন্তু এর মধ্যেও শুধুমাত্র একজন ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনে সৌদিতে গেছেন বলে জানিয়েছে রিয়াদ। এক জরুরি চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানায় সৌদি সরকার।যা করা হয়েছে তা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়ম-কানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরাহ নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা। এদিকে, এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের ফলে ভবিষ্যতে বাংলাদেশিরা সৌদি সরকারের বিরাগভাজন হতে পারে। এমনকি ওমরাহ ভিসা প্রদানে নিষেধাজ্ঞাও আসতে পারে বলে শঙ্কা তাদের।এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা।  

post
আন্তর্জাতিক

বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি বিশেষ এই দিনে বাংলাদেশিদের উষ্ণ শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব এবং দুই দেশের নাগরিকদের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা, বৈশ্বিক স্বাস্থ্য–চ্যালেঞ্জ মোকাবিলাসহ চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।ব্লিঙ্কেন বলেন, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ‘বাংলাদেশ আরও একটি স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে, তাই আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এসব প্রচেষ্টাই বাংলাদেশের সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে।’

post
আন্তর্জাতিক

অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

রমজান মাসে গাজায় 'অবিলম্বে যুদ্ধবিরতি'র আহ্বান জানিয়ে প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। আজ সোমবার নিরাপত্তা পরিষদের সভায় প্রস্তাবটি পাস হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ জানিয়েছে।গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ছাড়াও অবিলম্বে ও নিঃশর্তভাবে জিম্মিদের মুক্তি এবং গাজায় ত্রাণ সরবরাহ 'বাড়ানোর জরুরি প্রয়োজন' উল্লেখ করে এ প্রস্তাব আনা হয়।নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষে মোজাম্বিক এ প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবের ওপর ভেটো না দিলেও ভোটদানে বিরত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রস্তাবের সমর্থনে ভোট পড়েছে ১৪টি। যুদ্ধবিরতি, জিম্মিদের ফিরিয়ে আনা, গাজায় ত্রাণ বাড়ানো-এই তিন দাবিতে প্রস্তাবটি উপস্থাপন করা হয় নিরাপত্তা পরিষদের সভায়। প্রস্তাবে রমজান মাসে 'অবিলম্বে যুদ্ধবিরতি'র আহ্বান জানানো হয়, যা 'স্থায়ী' যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। তবে রাশিয়ার প্রস্তাব ছিল, এই প্রস্তাবনাতেই স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো। কিন্তু, তা গৃহীত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, হামাস জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত থাকলে আরও 'কয়েক মাস আগে' যুদ্ধবিরতি হতে পারত-তা প্রস্তাবে স্পষ্ট করে উল্লেখ করা উচিত। প্রস্তাব পাসের পর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাবটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। (নিরাপত্তা) পরিষদের ব্যর্থতা ক্ষমা করা হবে না।

post
আন্তর্জাতিক

৪ দিনের সফরে বাংলাদেশে ভুটানের রাজা

৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন, ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াং চুককে। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা। এ সময় রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অতিথিকে অভিবাদন জানায়। বাংলাদেশের রাষ্ট্রপতি ভুটানের রাজা অভিনন্দন মঞ্চে নির্ধারিত স্থানে দাঁড়ানোর পর, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাজা প্যারেড পরিদর্শন করেন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে যান রাজা-রানি। সেখানে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এসময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন, ভুটানের রাজা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের স্বার্থ সংস্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।

post
আন্তর্জাতিক

গাজায় হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েল

গাজায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। এতে তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসাকর্মীরা। হামলার মুখে একটি হাসপাতাল থেকে রোগী ও আশ্রয় নিয়ে থাকা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হতে হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সদস্যরা। গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে। তবে হামাস ও হাসপাতাল কর্মীরা এমন অভিযোগ অস্বীকার করে আসছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীতে হামলা চলার মধ্যে আল—আমাল ও নাসের হাসপাতালের আশেপাশে একটি ইসরায়েলি ট্যাংক হুট করে ঢুকে পড়ায় তাদের এক কর্মী নিহত হয়েছেন। এক বিবৃতিতে দাতব্য সংস্থাটি বলেছে, আল,আমাল হাসপাতাল ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালায়।

post
আন্তর্জাতিক

মস্কোয় সন্ত্রাসী হামলা: শঙ্কায় ব্রিটেন

মস্কোর মিউজিক ভ্যানুতে সন্ত্রাসী আক্রমণের পর নড়ে চড়ে বসেছে ব্রিটেন। চ্যান্সেলর জেরেমি হান্ট শংকা প্রকাশ করে বলেছেন, মস্কোয় ইসলামিক গ্রুপের হামলা ব্রিটেনের জন্য একটি লাল সংকেত। জেরেমি হান্ট বলেন, ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। গোয়েন্দা বিভাগের দক্ষতার কারণে সাম্প্রতিক সময়ের বহু সন্ত্রাসীর আক্রমন ঠেকাতে ব্রিটেন সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান জানিয়েছেন চ্যান্সেলর জেরেমি হান্ট । তার মতে ইসলামিক গ্রুপের সন্ত্রাসীরা নির্বিচারে মানুষ হত্যা করে।

post
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপহৃত প্রায় ৩ শ শিক্ষার্থী ও কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় এ কথা জানিয়েছে। বন্দুকধারীরা শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই অপহৃতদের উদ্ধার করা হলো। ২০২১ সালের পর এই প্রথম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।

post
আন্তর্জাতিক

কনসার্টে হামলা: মুখ খুললেন প্রেসিডেন্ট

রাশিয়ায় কনসার্টে হামলার ঘটনার একদিন পর মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার তিনি প্রাণঘাতী ওই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। শুক্রবার মস্কোর উপশহর ক্রাসনোগর্স্কের একটি কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে নগরীর গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। জানা যায়, শুক্রবার যখন ওই হামলা শুরু হয়, তখন গান শুরুর প্রস্তুতি নিচ্ছিল সোভিয়েত আমলের রক সঙ্গীত দল ‘পিকনিক’। ৬২০০ আসনের সিটি হলটি হামলার সময় দর্শক পূর্ণ ছিল। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন চার হামলাকারীসহ ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

post
আন্তর্জাতিক

রাফায় হামলা চালাবে ইসরায়েল

ইসরায়েল যদি ফিলিস্তিনের রাফা শহরে হামলা চালায়, তাহলে বৈশ্বিক পর্যায়ে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় গাজায় ত্রাণসহায়তার সুযোগ দিতে ও সাময়িক যুদ্ধবিরতি নিয়েও নেতানিয়াহুর কাছে প্রস্তাব দেন ব্লিঙ্কেন। কিন্তু ব্লিঙ্কেনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে নেতানিয়াহুর সঙ্গে এ বৈঠক করেন তিনি। এদিকে এমন এক সময়ে ব্লিঙ্কেন এ বৈঠক করলেন, যখন যুদ্ধবিরতিতে যেতে বৈশ্বিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে হামলার পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

post
আন্তর্জাতিক

রোমানিয়ায় ৩৪ অভিবাসী আটক

পৃথক অভিযানে বিভিন্ন দেশের ৩৪ অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপিয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে প্রবেশকালে তাদের আটক করা হয়। তবে এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছে কিনা-তা জানা যায় নি। রোববার এক বিজ্ঞপ্তিতে দেশটির সীমান্ত পুলিশ জানায়, শনিবার হাঙ্গেরি সীমান্তের নাদলাক-দুই গ্রিন জোনে আসা একটি গাড়ি থেকে ১৪ অভিবাসীকে আটক করা হয়। তারা সিরিয়া, ইরান, ইরাক এবং তুরস্কের নাগরিক। এছাড়া একই সীমান্ত পয়েন্টে পায়ে হেঁটে হাঙ্গেরির দিকে যাওয়া শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের চার নাগরিককে আটক করা হয়। এর আগে ১৮ মার্চ সীমান্তে আসা দুটি গাড়িতে লুকিয়ে থাকা ৯ বিদেশি নাগরিককে আটক করে পুলিশ। এছাড়াও পৃথক ঘটনায় আরও ৭ অভিবাসীকে আটক করার তথ্য জানায় দেশটির সীমান্ত পুলিশ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.