post
আন্তর্জাতিক

সৌদি সরকারের সমালোচনা করে টুইট, মার্কিন নাগরিকের কারাদণ্ড

সৌদি আরব সরকারের সমালোচনা করে টুইট করার অভিযোগে সৌদি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। গত বছর দেশটিতে ফেরার সময় বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়েছিল। চলতি মাসের ৩ তারিখে তাঁকে এ সাজা দেয় সৌদি কর্তৃপক্ষ। এদিকে কারাবন্দী আমেরিকান নাগরিকের বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবারের ওই আলোচনার ফলে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন নাগরিক সাদ ইব্রাহিম আলমাদির আটকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বলছে, যুক্তরাষ্ট্র ওই ব্যক্তির বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে। আলমাদির ছেলে ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তাঁর বাবা টুইটারে সৌদি সরকারের সমালোচনা করে টুইট করেছেন। এ জন্য তাঁকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘আমরা রিয়াদ এবং ওয়াশিংটনে উভয় চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেছি। আমরা ওই মামলার বিষয়ে ধারাবাহিক এবং নিবিড়ভাবে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। মত প্রকাশের স্বাধীনতাকে কখনোই অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আলমাদি ফ্লোরিডার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন তাঁর ১৪টি টুইটে সৌদি আরব সরকারের সমালোচনা করা হয়েছে—এমন অভিযোগে গত নভেম্বরে বিমানবন্দরে তাঁকে আটক করা হয়েছিল। তাঁর ছেলে ইব্রাহিমের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৭২ বছর বয়সী আলমাদিকে ৩ অক্টোবর ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। কারাদণ্ড ভোগের পর তাঁর ওপর আরও ১৬ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়। আলমাদির ছেলে জানিয়েছেন, তাঁর বাবা সৌদি আরবের দুর্নীতি এবং কলামিস্ট জামাল খাসোগির হত্যার সমালোচনা করে টুইট করেছিলেন।

post
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় শিশুদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হচ্ছে

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের কারণে দেশটির শিশুদের রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হচ্ছে। সামনের দিনগুলোয় দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও একই ধরনের খাদ্যঘাটতিতে পড়তে পারে। গতকাল শুক্রবার জাতিসংঘ এমন সতর্কবার্তা দিয়েছে। খবর এএফপির। নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় আমদানি ব্যয় মেটানোর জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। এপ্রিলে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ১০০ কোটি ডলার। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে তাদের বেল আউট (অর্থনৈতিক পুনর্গঠন সহায়তা) নিয়ে আলোচনা চলছে। এমন অবস্থায় খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে আছে দেশটি। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক জর্জ লারিয়া আদজেই বলেন, দরিদ্র পরিবারগুলোকে প্রচণ্ড রকমের এ অর্থনৈতিক সংকটের পরিণাম ভোগ করতে হচ্ছে। রান্নার জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে পারছে না তারা। এমন অবস্থায় প্রতি বেলার খাবার জোগাড় করা তাদের জন্য অসাধ্য হয়ে পড়েছে। জর্জ লারিয়া আদজেই সাংবাদিকদের বলেন, পরবর্তী বেলার খাবার কোথা থেকে আসবে, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমাতে যাচ্ছে শিশুরা। ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে শ্রীলঙ্কার প্রতিবেশী দেশগুলোর অর্থনীতিতেও। লারিয়া আদজেইর আশঙ্কা, দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্য দেশগুলোতেও পুষ্টিজনিত সংকট দেখা দিতে পারে। জর্জ লারিয়া আদজেই বলেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে প্রচণ্ড অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতি শিশুদের জীবনকে আরও হুমকির মুখে ফেলে দেবে। শ্রীলঙ্কায় আমি যা দেখেছি, তা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা।’ ইউনিসেফ বলছে, শ্রীলঙ্কার শিশুদের মধ্যে অন্তত ৫০ শতাংশের জন্য জরুরি ভিত্তিতে আড়াই কোটি ডলার সহায়তা প্রয়োজন। শিশুদের অপুষ্টির হাত থেকে রক্ষা করার জন্য চলতি মাসে খোদ শ্রীলঙ্কার সরকারও সহায়তার আবেদন জানিয়েছে। ২০২১ সালে শ্রীলঙ্কায় সরকারিভাবে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে ৫ লাখ ৭০ হাজার প্রাক্‌-স্কুলের শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৭ হাজারই অপুষ্টিতে ভুগছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, পরবর্তী সময়ে খাদ্যঘাটতি ও মূল্যস্ফীতির পূর্ণাঙ্গ প্রভাবে এ সংখ্যা অনেক বেড়েছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে প্রচণ্ড বিক্ষোভের মুখে গত মাসে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরপর পদত্যাগ করেন তিনি।

post
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কালার ফেস্টিভ্যালের মঞ্চ মাতাল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার দেগু শহরে অনুষ্ঠিত হয়েছে দেগু কালারফুল ফ্যাস্টিভ্যাল। দুইদিন ব্যাপী এ আন্তর্জাতিক ড্যান্স প্যারেড উৎসবে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। আন্তর্জাতিক এই উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেল বাংলাদেশ। বাংলাদেশের তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার আরতি নৃত্যের মাধ্যেমে বাংলাদেশে সংস্কৃতিকে তুলে ধরে।শনিবার (৯ জুলাই) থেকে শুরু হয়ে রোববার (১০ জুলাই) দুই দিনব্যাপী চলে এ উৎসব। সেসময়টা পুরো রাস্তা শিল্পী এবং দর্শকদের দখলে ছিল। আন্তর্জাতিক এই উৎসবে কোরিয়ার বৃহত্তম প্যারেডে প্রথমবার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। দেগু কালার ফেস্টিভ্যাল’-এ তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছে। বিশ্ববাসীর সম্মুখে বাঙালি আরতি নৃত্যের মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরে রীতিমতো সবাইকে মুগ্ধ করেছে। তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তর নের্তৃত্বে ১০ সদস্যের একটি দল তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটারের নৃত্যশিল্পী ও তুরঙ্গমী স্কুল অব ডান্সের শিক্ষার্থীরা ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ করেন।উৎসবে তুরঙ্গমীর দুটি প্রযোজনা 'পাঁচফোড়ন' ও 'নন্দিনী' মঞ্চস্থ হয়। ১০ মিনিট ও ৫ মিনিট দৈর্ঘ্যের প্রযোজনা দুটির ভাবনা, বিকাশ, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। পূজা সেনগুপ্ত সময় সংবাদকে বলেন, দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ড্যান্স প্যারেডে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে 'পাঁচফোড়ন' ও 'নন্দিনী' আরতি নৃত্যের মঞ্চস্থ করার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে পেরে।দেগু কালারফুল ফ্যাস্টিভ্যালে ১০ টি দেশের প্রায় ২ হাজার শিল্পী অংশগ্রহণ করেন। এ ফ্যাস্টিভ্যালকে ঘিরে নানা আয়োজন করে থাকেন কোরীয় নাগরিকরা। করোনার কারণে গত ৩ বছর উৎসব না করতে পারায় এবারের থিম ছিল 'দ্য রিটার্ন অফ দ্য ফেস্টিভ্যাল-এ কালারফুল ইজ ব্যাগ'। দুদিন জুংগাং ইন্টারসেকশন থেকে শুরু করে জংগাক ইন্টারসেকশন পর্যন্ত জায়গাজুড়ে বিশাল কনসার্ট হলে পরিণত হয়। উৎসবটি দেগুর ইয়াংনিওংসি ওরিয়েন্টাল মেডিসিন কালচার ফেস্টিভ্যালের মতো দেগু শহরের একটি প্রতিনিধিত্বমূলক উৎসব। তাই এটিকে রঙিন দেগু উৎসব বলা হয়। উৎসবের নামের প্রতীক রঙিন এবং এটি দেগু শহরের একটি স্লোগান।

post
আন্তর্জাতিক

নিউইয়র্কে অভিবাসন বিষয়ক কমিটির চেয়ারম্যান শাহানা হানিফ

নিউইয়র্ক সিটি কাউন্সিলে অভিবাসন সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ। ২০ জানুয়ারি এ সংবাদ দিয়েছে সিটি কাউন্সিল। এই সিটির ইতিহাসে প্রথম মুসলমান নারী এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে শাহানা হানিফ এই দায়িত্বে অধিষ্ঠিত হবার আলোকে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, কঠোর পরিশ্রমী বাংলাদেশি দম্পতির সন্তান হিসেবে নিজেকে গৌরবান্বিত ও সম্মানিত বোধ করছি। লাখ লাখ অভিবাসী এই নিউইয়র্ক সিটিকে আপন ভুবন হিসেবে গ্রহণ করেছেন। এ অবস্থায় অভিবাসন সম্পর্কিত কমিটির চেয়ার হওয়ায় সকলের সমস্যার কথা অকৃপণভাবে শুনবো এবং তা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণে বিন্দুমাত্র কার্পণ্য করবো না। অভিবাসীগণের সম্মান ও মর্যাদা সুরক্ষায়ও সোচ্চার থাকবো। শাহানা বলেছেন, সিটি মেয়র অফিসের ইমিগ্রেশন সম্পর্কিত কর্মকর্তাগণও যাতে আন্তরিকতার সাথে নিজে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন সেদিকেও দৃষ্টি রাখবো। শাহানা হানিফ কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে গত নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে জয়ী হয়েছেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলে এর আগে আর কোনো বাংলাদেশি আমেরিকান জয়ী হতে পারেননি। শাহানা হানিফ হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের জ্যেষ্ঠ কন্যা। 

post
আন্তর্জাতিক

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে শিবলী-মিজান

নিউইয়র্ক প্রতিনিধি: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) দ্বি-বার্ষিক (২০২২-২০২৩) নির্বাচনে মীর ই. ওয়াজিদ শিবলী (বাংলা টিভি) সভাপতি এবং মিজানুর রহমান (সাপ্তাহিক দেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কার্যকরী পরিষদের ১১টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৮ জানুয়ারি আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) নির্বাচন হওয়ার কথা ছিল। গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার নির্ধারিত দিন। এদিন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং কার্যকরী পরিষদের ৪টি পদে ২২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ২৯ ডিসেম্বর ছিল মনোনয়পত্র প্রত্যাহারের দিন। এদিন ১১টি পদে ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে ১ জানুয়ারি সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। এর ফলে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আর প্রয়োজন নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আকবর হায়দার কিরন (ভয়েস অব আমেরিকা/নিউইয়র্ক বাংলা), সহ-সভাপতি শিব্বির আহমেদ (ভয়েজ অব বাংলা/খবর ডটকম), যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ (এবি টিভি), কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী (এখন সময়), প্রচার সম্পাদক নিহার সিদ্দিকী (বাংলাভিশন), কার্যকরী সদস্য শহীদুল ইসলাম (ইত্তেফাক/ঠিকানা), মুহাম্মদ শহীদুল্লাহ (চ্যানেল ৭৮৬/আইটিভি) ও আমজাদ হোসেন (বাংলা টিভি)। কার্যকরী সদস্যের একটি পদে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় কার্যকরী পরিষদের প্রথম সভায় প্রেসক্লাবের সদস্যদের থেকে একজনকে কো-অপ্ট বা অন্তুর্ভূক্ত করা হবে। প্রধান নির্বাচন কমিশনার মিশুক সেলিম এবং নির্বাচন কমিশনার জাহেদ শরীফ নির্বাচন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, বর্তমান কার্যকরী কমিটির সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হবে। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিগগিরই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

post
আন্তর্জাতিক

কানাডিয়ান ইউনিভার্সিটিতে 'আইটি ক্যারিয়ার ইন ইউএসএ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের (সিএসই) আয়োজনে ‘’আইটি ক্যারিয়ার ইন ইউএসএ’’ এর এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির প্রতিষ্ঠাতা সিইও এবং আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।এ সময় চ্যান্সেলর আবুবকর হানিপ আইটিতে স্কিল ডেভালপমেন্ট নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।সেমিনারে আরও উপস্থিত ছিলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক এবং সিএসই বিভাগের প্রধান ফরহাদ হোসাইন, প্রভাষক তানজিনা অরিয়ানা, প্রভাষক ফারহান তানভির ।

post
আন্তর্জাতিক

পিওন হতে চান পিএইচডি ডিগ্রিধারীরা

পিওন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষী পদে শূন্যপদ মাত্র ১৫টি। আর এই ১৫টি শূন্যপদের বিপরীতে আবেদন জমা দিয়েছেন প্রায় ১১ হাজার প্রার্থী। পিওন পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস চাওয়া হলেও স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং পাস, এমনকি আইন পাস ও বিচারক পদে নিয়োগ হওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরাও আবেদন করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। এর মাধ্যমে মূলত রাজ্যটির কর্মসংস্থানের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। বুধবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি পিওন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষী পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত শনিবার ও রোববার সেই পদে আবেদন ও পরীক্ষা দিতেই ভিড় জমান প্রায় ১১ হাজার বেকার যুবক-যুবতী। শুধু মধ্যপ্রদেশ থেকেই নয়, পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ থেকেও অনেকে সেখানে চাকরির পরীক্ষা দিতে যান।চাকরির পরীক্ষা দিতে সেখানে যাওয়া এক যুবক জানান, তিনি বিজ্ঞানে স্নাতক, কিন্তু আবেদন করেছেন পিওন পদের জন্য। যাদের পিএইচডি রয়েছে, তারাও এই লাইনে দাঁড়িয়েছেন বলে জানা যায়। অন্যদিকে আইন বিভাগ থেকে পাস করা এক যুবক গাড়ি চালকের পদে আবেদন করেছেন। কিছুদিনের মধ্যে তিনি বিচারক হওয়ার পরীক্ষায় অংশ নেবেন। তিনি বলেন, ‘টাকার এতো অভাব যে বই কেনার টাকাও থাকে না। ভাবলাম এখানে চাকরি পেয়ে গেলে যদি কিছুটা অর্থ সংকট দূর করতে পারি।’ এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি বাইরের রাজ্য থেকেও বেকার যুবকরা চাকরির খোঁজ করতে আসায় প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাম্প্রতিক বক্তৃতা ঘিরে। কয়েক দিন আগেই তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমরা প্রতি বছর এক লাখ যুবক-যুবতীকে চাকরি দেবো। যে পদগুলো দীর্ঘ সময় ধরে ফাঁকা পড়ে রয়েছে, সেগুলো পূরণ করতে কোনো অবহেলা করা হবে না।’ তিনি আরও বলেছিলেন, ‘সবাই চায় সরকারি চাকরি করতে, কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তবে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’উল্লেখ্য, কিছুদিন আগে মধ্যপ্রদেশে ফুটপথে দোকান চালু নিয়ে একটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ১৫ লাখ আবেদন জমা পড়ে। এর মধ্যে ৯৯ হাজার আবেদন গৃহীত হয়। আবেদনকারীদের ৯০ শতাংশই স্নাতক পাস ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.