ভোটের অধিকারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছেন প্রবাসীরা। তারই ধারবাহিকতায় এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে সরকার। তবে, বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় কম থাকা আর ব্যবস্থাপনার ঘাটতিতে এবারও ভোট বঞ্চিত হবেন প্রবাসীরা।
সংবিধানে সব নাগরিকের ভোটের অধিকারের কথা বলা হলেও স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির মৌলিক এই অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলনের কনভেনার কে এম আবু তাহের চৌধুরী বলেন, প্রবাসীদের ভোটের অধিকারের দাবিতে যুক্তরাজ্যে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছেন তারা।
তবে বিশ্লেষকরা বলছেন,নির্বাচনের সময় কম থাকা এবং প্রবাসীদের এনআইডি কার্ড না থাকায় এবারও অনিশ্চিত পোস্টাল ভোট।
এদিকে,ইতালিতে এনআইডি কার্যক্রমের উদ্বোধন করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন ইতালী প্রবাসী কমিউনিটি নেতা শাহাদাত হোসাইন। সম্প্রতি প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটাররাও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
