সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি সোনার বারসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সকালে বিজি ২৪৮ ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।
বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এসব তথ্য জানান। এক প্রশ্নের জবাবে আবদুর রউফ বলেন, সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ২৬ কোটি টাকার ৩৪ কেজি ১৫ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোনা চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, গত আড়াই বছরে ৪৬০ কেজি ৪৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে গত দুই অর্থবছরে ৩৮৩ কেজি ১২৫ গ্রাম এবং চলতি অর্থবছরে এখন পর্যন্ত জব্দ করা হয়েছে ৭৭ কেজি ৩২ গ্রাম স্বর্ণ।
