শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সাদা পোশাকের এই সিরিজ শুরুর আগে টানা সীমিত ওভারের ম্যাচ খেলেছে টাইগাররা। সে কারণে টেস্টের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া যায়নি বলে মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এ নিয়ে পরে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল টেস্ট সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি ছিল কি না। এই প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘প্রস্তুতি বলতে কী বুঝাচ্ছেন। প্রস্তুতির জন্য জাতীয় লিগ ছাড়া সুযোগ নাই, কারণ সিরিজের পর সিরিজ হতে থাকে। আপনি দেখেন কোন প্লেয়ার সময় পায় বেশি টেস্ট খেলার? এই সুযোগটা নাই। সিরিজ হলে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি থাকে। জাতীয় দলের প্লেয়ার হিসেবে এডজাস্ট করেই খেলতে হবে। বেশি করে টেস্ট খেলতে পারলে তো ভালোই হত। কিন্তু সেই সুযোগটা হয় না।’
তিনি আরও বলেন, ‘এবারও আমাদের ‘এ’ দলের প্রোগ্রাম আছে। তারা পাকিস্তান যাবে, আবার পাকিস্তান দল আসবে এখানে। নিউজিল্যান্ডও আসবে। ভালো হত যদি ইন্ডিয়া সিরিজের আগে খেলতে পারত। কিন্তু সেভাবে সুযোগ পাওয়া যায় না। সুযোগ পেলে আরও ভালো হত। এখন সুযোগ বের করা বেশ কঠিন।’
