বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের বড় জয়ের দিন ড্র করেছে ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জে কিংস ৫-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং গোপালগঞ্জে ঢাকা আবাহনী ফর্টিজ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
শুক্রবার ড্রয়ে আবাহনী ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। তবে কিংসের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাড়িয়েছে নয় পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান আগামীকাল জিতলে আবাহনীর সঙ্গে দূরত্ব দাঁড়াবে চার পয়েন্ট। ফর্টিস এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে পুলিশের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।
লিগের নতুন দল ফর্টিজ এফসির বিপক্ষে আগের লেগে হেরেছিল আবাহনী। দ্বিতীয় পর্বেও হারতে হারতে ড্র করেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ফর্টিজ ১-০ গোলে এগিয়ে ছিল অনেকক্ষণ। ইনজুরি সময়ে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
