post
সংবাদ

যেকোনও প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য থাকবে

গণমাধ্যম যে তথ্য চাইবে। যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য থাকবে- বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি জানান, গণমাধ্যমকর্মী আইন নিয়ে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে আইনটি সংসদে উত্থাপিত হবে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের সুরক্ষায় সরকার সবসময় সোচ্চার। গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে। এছাড়া অপসাংবাদিকতা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, আইনটি পাস হলে প্রকৃত সাংবাদিকরা সুরক্ষিত থাকবে।

post
শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশেষ ছাড়ে ভর্তি মেলা শুরু হয়েছে। মেলা চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিয়মিত ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ৫-১০ শতাংশ ওয়েভারে ফল সেমিস্টার ২০২৪-এ ভর্তি হতে পারবেন। আগামী ১৫ মে পর্যন্ত এ মেলা চলবে। গ্রিন ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগামগুলোর মধ্যে রয়েছে- সিএসই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইইই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, ইংরেজি এবং জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন। বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার সন্তান, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় সর্বোচ্চ ১০০% পর্যন্ত ওয়েভার পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল, করপোরেট গ্রুপে ভর্তি হলেও রয়েছে আকর্ষণীয় ৪০% পর্যন্ত ওয়েভার। এসব ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ৫-১০% ওয়েভার প্রদান করা হচ্ছে ভর্তি মেলায়। ভর্তির জন্য শিক্ষার্থীরা গ্রিন ইউনিভার্সিটির পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাস বা শেওড়াপাড়ার সিটি ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করতে পারবেন। ঢাকার পূর্বাচল আমেরিকান সিটির নান্দনিক পরিবেশে গ্রিন ইউনিভার্সিটির পাঠদান চলছে। যার সুবিশাল মাঠ সহজেই সবার নজর কাড়ছে। রয়েছে হোস্টেল সুবিধা, ইনডোর গেমসসহ অন্যান্য সুযোগ-সুবিধা। ছাত্র-শিক্ষক বিনিময় এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ ছাড়াও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে।

post
সংবাদ

১০ টাকায় চো‌খ দেখালেন প্রধানমন্ত্রী

১০ টাকার টি‌কিট কে‌টে চো‌খ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচ তলায় বহির্বিভাগ থেকে, সাধারণ রোগীদের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখ পরীক্ষা করান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

post
সংবাদ

খালেদা জিয়া আইনের ফাঁদে আটক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের ফাঁদে আটকে আছেন। সেখানে সরকারের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া সরকারকে যারা চাপ দেবে, তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসময়ে সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছে না, বিএনপি নেতাদের এমন অভিযোগের সমালোচনা করে তিনি জানান, আওয়ামী লীগ কাউকে আটকে রাখেনি, আইন তার নিজস্ব গতিতে চলছে। নির্বাচনের আগে চাপ,হুমকি ধমকি ছিল। নিষেধাজ্ঞার ভয় দেখিয়েছে কেউ কেউ। তবে যারা চাপ দিবেন তারা নিজেরাই চাপে আছে বলেও মন্তব্য করেন তিনি।

post
সংবাদ

নোয়াখালীতে বিদেশ ফেরতদের জন্য কর্মশালা

বিদেশ ফেরতদের প্রতি আন্তরিক হই,সবাই মিলে পাশে দাঁড়াই’ এই শ্লোগানে নোয়াখালীর বেগমগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে, ব্র্যক মাইগ্রেশান ফোরাম প্রত্যাশা-২, এই কর্মশালার আয়োজন করে। ব্র্যাকের নোয়াখালী আঞ্চলিক কর্মকর্তা নুরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস,সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী, বেগমগঞ্জ থানার এস আই কুতুব উদ্দিন ও ব্রাকের জেলা কর্মকর্তা ইমাম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

post
দূতাবাস খবর

যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা

ওয়াশিংটন ডিসি, 02মে, 2024 - মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান Near East South Asia (NESA) Center for Strategic Studies এর একটি প্রতিনিধিদল বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং মিশনের কর্মকর্তাদের সাথে একটি ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহণ করেন। NESA Center for Strategic Studies-এর বিশিষ্ট অধ্যাপক ড. হাসান আব্বাস ৪৬ সদস্যের দলটির নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে ওয়াশিংটন ডিসিতে নেসা সেন্টার আয়োজিত একটি সেমিনারে 28টি দেশের অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান দূতাবাসে নেসা সেন্টারের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রাষ্ট্রদূত ইমরান তার মূল বক্তব্যে বাংলাদেশের ইতিহাস এবং দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকট ইস্যু এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য এবং গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রিজিলিয়েন্স ফান্ড (জিসিইআরএফ)-এ দেশের অগ্রগতির ওপরও আলোকপাত করেন। রাষ্ট্রদূত সন্ত্রাসবাদের বৈশ্বিক চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সকল দেশের সমন্বিত প্রচেষ্টা গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং কোন দেশের পক্ষে এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কট প্রসঙ্গে রাষ্ট্রদূত ইমরান মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত সকল রোহিঙ্গাদের তাদের জন্মভুমিতে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যদি সমস্যাটি আরও দীর্ঘায়িত হয় তবে এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে এবং উন্নয়ন উদ্যোগকে হুমকির মুখে ফেলতে পারে। ড. আব্বাস ইন্টারঅ্যাকটিভ সেশনে বক্তৃতাকালে সন্ত্রাস, সহিংস চরমপন্থা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি বাংলাদেশের ঐতিহাসিক ব্যক্তিত্বদের দ্বারা দারুনভাবে অনুপ্রাণিত হয়েছেন। ড. আব্বাস বলেন, তার প্রতিষ্ঠান- NESA Center for Strategic Studies - বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক কামনা করে এবং আরও সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ দেখতে চায়। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অহিদুজ্জামান নুর সন্ত্রাস ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের বিষয়টি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। ফার্স্ট সেক্রেটারি আতাউর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং এর সার্বিক সমন্বয়ে ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি। এজেডএম সাজ্জাদ হোসেন মিনিস্টার (প্রেস)

post
বাংলাদেশ

আমাকে উৎখাত করলে ক্ষমতায় আসবে কে?

যারা সরকারবিরোধী আন্দোলন করছে, তাদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধরে নিলাম তারা আমাকে উৎখাত করবে। কিন্তু এরপর কে ক্ষমতায় আসবে, তারা কি সেটা ঠিক করতে পেরেছে? বৃহস্পতিবার গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজেই জনগণের শক্তিকে আমি সবসময় বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি যে- জনগণ যতক্ষণ চাইবে, ততক্ষণই ক্ষমতায় থাকবো। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। অতিবাম রাজনৈতিক দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, তারা পুরো ৯০ ডিগ্রি ঘুরে গেছে। ধরে নিলাম তারা আমাকে উৎখাত করবে। কিন্তু এরপর কে আসবে ক্ষমতায় তারা কি সেটা ঠিক করতে পেরেছে? সেটাই আমার প্রশ্ন- কে আসবে ক্ষমতায়? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায় (ক্ষমতায়) সেটা কিন্তু স্পষ্ট নয়, আর সেটা স্পষ্ট নয় বলেই তারা জনগণের সাড়া পাচ্ছে না। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট এখনো টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য। সেখান থেকে যারাই জিতে আসে আসবে। সেটা হলো বাস্তবতা। মানুষ যাকে চাইবে সেই জয়ী হবে। যেমন আওয়ামী লীগকে চেয়েছে (ক্ষমতায়), আওয়ামী লীগ চলে এসেছে।

post
সংবাদ

জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই বেরিয়ে আসবে

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক অজানা তথ্য বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। বৃহস্পতিবার (২ মে) জাল মৃত্যু সনদসহ তিনটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। এর আগে বৃহস্পতিবার দুপুরে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, সমাজে যে সমস্ত লোক গুরুতর অসুস্থ থাকে মিল্টন সমাদ্দার তাদেরকে নিয়ে তার বৃদ্ধাশ্রমে রাখতেন। তার আশ্রমে কেউ যদি মৃত্যুবরণ করত তাহলে সে নিজেই তাদের ডেথ সার্টিফিকেট দিত। সে ডাক্তার না হয়েও ডেট সার্টিফিকেট দেয়। সে যে সার্টিফিকেট দেয় সেটাও ভুয়া। তার বক্তব্য অনুযায়ী তার আশ্রমে ১৮৯ জন মারা গেছে। মৃত সব ব্যক্তিদের কবর দেওয়ার সময় দেখা গেছে কারো পেটকাটা, কারো পিঠে কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা ও ক্ষত। তিনি বলেন, তার এক কোটি ২০ লাখ ফলোয়ার আছে। এসব ফলোয়ার তার ইনকামের কৌশল। সমাজে নিজের ভালো মানুষী মুখোশ দেখিয়ে এসব অন্যায়গুলো সে করেছে। এসব নিয়ে সাংবাদিকরা অনুসন্ধান করেছে। পরবর্তীতে ডিবিও তদন্ত করছে৷ এই ঘটনার সঙ্গে তার স্ত্রীসহ আরো কারা কারা জড়িত সেটাও তদন্ত করে বের করতে হবে। কারণ এরা দেশ ও সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। এ সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

post
সংবাদ

বিসিএ’র সাথে প্রবাসী প্রতিমন্ত্রীর মতবিনিময়

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ। মঙ্গলবার বিসিএ কার্যালয়ে প্রেসিডেন্ট ওলী খান এমবিই‘র সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় এমপির কাছে বিসিএর পক্ষ থেকে বিভিন্ন দাবী দাওয়া ও বাংলাদেশে তাদের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, কামাল ইয়াকুব, ফরহাদ হোসেন টিপু, নাজ ইসলামএবং সৈয়দ হাসানসহ আরো অনেকে।

post
সংবাদ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায়, পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে, সাইদুর রহমান দুলাল নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর জখম হয়।বুধবার রাতে, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইদুর আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা, হুমায়ুনের কবির মোল্লার ছেলে। তিনি গত তিনদিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত সাইদুর রহমান নীজ মোটরসাইকেল যোগে, তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে, কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে, পার্শ্ববর্তী উপজেলা আমতলী চলাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.