পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বাংলাদেশে তাদের পছন্দের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারবে।
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। এসময় স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন,অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী। স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো। সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
