post
বাংলাদেশ

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সকাল ৮টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিষয়টি জানিয়েছেন। গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার। উল্লেখ্য, ৭ জানুয়ারি দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

post
সংবাদ

বিএনপি অংশ নিলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো: সিইসি

বিএনপি অংশ নিলে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হতো বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে এটি আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হতো। তারা ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে বলেছেন। আমরা বলবো, তাদের (ভোটার) ভোট দিতে আসা উচিত। এটি তাদের পবিত্র রাজনৈতিক কর্তব্য যে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে, এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, এটি বলা কঠিন। কত ভোট পড়লে আমি খুশি হবো, এ বিষয়ে এখন কথা বলা কঠিন। তবে দুই শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে। কত শতাংশ পড়লে একটা নির্বাচন গ্রহণযাগ্য হবে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

post
শিক্ষা

নতুন বছরে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ

নতুন বছরে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। পুরোনো বৃত্তিগুলো যেমন চালু হচ্ছে, তেমনি নতুন অনেক বৃত্তির জন্যও আবেদনের আহ্বান করা হয়েছে। যাঁরা বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে চান, তাঁদের জন্য করণীয় কী?বিদেশে বৃত্তি নিয়ে লেখাপড়ার স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি শিক্ষার্থী। তবে এ প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। ফলে তাড়াহুড়ায় সুযোগ পাওয়ার সম্ভাবনা সীমিত। এর জন্যে যেমন পড়াশোনার প্রস্তুতির প্রয়োজন, অন্যদিকে প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয়ও কম গুরুত্বপূর্ণ নয়। প্রতিযোগিতামূলক বৃত্তিগুলোর জন্য দরকার হয় ৭ থেকে ৭ দশমিক ৫ আইইএলটিএস স্কোর। তবে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তিগুলোতে ৬ দশমিক ৫ স্কোরও গ্রহণ করা হচ্ছে। তাই ইংরেজি দক্ষতার প্রতি নজর দেয়া জরুরী। তবে যাঁরা ব্যবসায় শিক্ষা নিয়ে পড়বেন, তাঁদের জন্য জিম্যাট গুরুত্বপূর্ণ। আর প্রকৌশল এবং বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে পড়তে চাইলে দরকার হবে জিআরই স্কোর। এদিকে, বৃত্তির ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলি,স্বেচ্ছাসেবক বা গবেষক হিসেবে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হয়। তাই এসব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে আগে থেকেই। বাংলাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সনদ তুলতে গেলে আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। তাই শেষ মুহুর্তের জন্যে না রেখে শিক্ষা সনদ ও পাসপোর্টসহ প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে। দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে আবেদন প্রক্রিয়া ভিন্ন হয়। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে এসব বিষয়ে তথ্য পাওয়া যায়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকেও ই-মেইল করে তথ্য জানতে পারেন। বৃত্তির সর্বশেষ ধাপে সাক্ষাতের মুখোমুখিও হতে হয় আবেদনকারীকে। অনলাইনে মৌখিক সাক্ষাৎকারের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের দূতাবাসও নিতে পারে সাক্ষাৎকার। কিছু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট অর্থ ব্যাংকে রাখতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া সম্পর্কে জেনে নেয়া ভালো। চিভনিং বৃত্তিসহ প্রতিযোগিতামূলক স্কলারশিপগুলোর ক্ষেত্রে আবেদনের শেষ সময়ে সার্ভার জটিলতায় অনেকেই আবেদন বঞ্চিত হন। তাই কিছুটা সময় হাতে নিয়ে এ আবেদন করতে হবে।

post
বাংলাদেশ

বিএনপি ফাইনালের আগেই লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে: ওবায়দুল কাদের

খেলা শুরু হয়েছে। ৭ তারিখ ফাইনাল। বিএনপি কই? বিএনপি কোথায়? ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়েছে। ফাইনাল খেলার আগেই পালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত সমাবেশে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে তারেক রহমানের মতো সন্ত্রাসীকে দেখতে চাই না। আগামী ৭ জানুয়ারি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। উন্নয়নের পক্ষে খেলা হবে। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপি ভুয়া। বিএনপির সব আন্দোলন ভুয়া।’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

post
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আরও নিরাপদ থাকার ৫ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে। সহজ ভাষায়, আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কথা বলছেন, সেটা আপনি এবং যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ জানবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই বার্তাগুলো বুঝতে পারবে না। কারণ, গোপন সংকেতে এগুলো লুকিয়ে রাখা হয়। এরপরও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আপনি যদি সন্দেহ করেন, কেউ হোয়াটসঅ্যাপে আপনার ওপর নজর রাখছে এবং আপনি আরও নিরাপদ থাকতে চাচ্ছেন, তবে নিচের এই পাঁচটি সেটিংস চালু রাখুন। ১. প্রথমে দেখতে হবে আপনি যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর চ্যাট বা বার্তাগুলো ‘এনক্রিপ্টেড’ আছে কি না। এটি যাচাই করার জন্য, চ্যাট করার সময় থ্রি ডটস অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ভিউ কনট্যাক্ট’থেকে ‘এনক্রিপশন’মেনুতে গিয়ে সবুজ রঙের তালা (লক) চিহ্ন দেখলে বুঝতে হবে চ্যাটটি নিরাপদ আছে। ২.আপনি যদি চান কাউকে পাঠানো বার্তাগুলো আপনাআপনি হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাক, সেটিও করা যাবে। সে জন্য আবারও থ্রি ডটস অপশনে গিয়ে ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করতে হবে। সেখান থেকে নির্দিষ্ট সময় ঠিক করে দিলেই, বার্তাগুলো নির্ধারিত সময়ের পর হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাবে। ৩.আপনি যদি আরও নিরাপদ হতে চান তবে হোয়াটসঅ্যাপের বার্তাগুলো যেখানে সংরক্ষিত (ব্যাকআপ) রাখা হয় সেখানেও ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করতে পারবেন। ফলে গুগল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানও আপনার বার্তাগুলো দেখতে পাবে না। এটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনে যেতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ-এ গিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশন একটি পাসওয়ার্ড দিয়ে চালু করা যাবে। তবে মনে রাখবেন, এই পাসওয়ার্ড ভুলে গেলে গুগল থেকে তথ্য ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। ৪.চাইলে যার সঙ্গে কথা বলছেন তাঁর চ্যাট লক করে রাখা যাবে। এর ফলে কেউ আপনার ফোন হাতে পেলেও আপনার পাঠানো বার্তাগুলো পড়তে পারবে না। এটি করার জন্য ভিউ কনট্যাক্ট-এ গিয়ে চ্যাট লক অপশন চালু করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের পর্দায় (হোমস্ক্রিন) লকড চ্যাট নামের একটি মেনু চলে আসবে। চ্যাট করার জন্য প্রতিবারই সেখানে লক খুলে ঢুকতে হবে। ৫.আপনি যদি হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে কল আসা বন্ধ করতে চান তবে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখান থেকে সাইলেন্স আননোন কলার চালু করে দিলেই অপরিচিত নাম্বার থেকে আসা কল বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।

post
সংবাদ

সংসদ নির্বাচন ঘিরে হামলার সক্ষমতা নেই জঙ্গিদের : সিটিটিসি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে কোনো ধরনের জঙ্গি হামলা, জঙ্গিদের মাথাচাড়া বা তাদের তৎপরতা কিংবা কোনো ঝুঁকি আমরা দেখছি না। এই মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, জঙ্গিদের সেই সক্ষমতাও নেই।বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ক্র্যাব। সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেসব সংসদীয় আসন রয়েছে, কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়নি। প্রার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশাবাদী কিছু ঘটবে না এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম প্রস্তুতিও রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ঠেকাতে ও প্রতিরোধে সক্ষমতা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

post
বাংলাদেশ

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে। নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচারণবিধি লঙ্ঘন দেখছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, যেখানেই অনিয়মের অভিযোগ আসবে সেখানেই আমরা অ্যাকশন নেব।বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, আমি মনে করি, নির্বাচনের মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। কোনো অনিয়ম পেলে আপনারা ছবি তোলেন, প্রমাণ দেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। যেখানেই অনিয়ম সেখানেই আমাদের অ্যাকশন। ইতোমধ্যে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটেছে। আপনারা দেখেছেন এর আগে আমরা গাইবান্ধায় ভোটও বন্ধ করেছি। তিনি বলেন, আমাদের যত আয়োজন, সব নির্বাচন ঘিরে। তাই নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে আজ থেকে সেনাবাহিনীকে নামানো হয়েছে। শুধু সেনাবাহিনী নয়, আমাদের যত বাহিনী আছে সবই এখন সুশৃঙ্খল ও উন্নত হয়েছে। ভোটের পরিবেশ কেমন হবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ভোট উৎসবমুখর ও সুন্দর হবে, এটা আমি বলতে পারি। ১৯৯৬ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে সেই নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তাই আমরা এবারের নির্বাচনে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমরা আমাদের জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন করা আমাদের নৈতিক দায়িত্ব। মিডিয়া, পত্রিকা দেখে আমার মনে হচ্ছে সরকার চাইছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক।

post
সংবাদ

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি

পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার। ভোট প্রদান শেষে ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে, দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। সেই সঙ্গে সবার অংশগ্রহণে সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে, আশা প্রকাশ করেন।  

post
বাংলাদেশ

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে: ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা রাখছে, সরকারের পক্ষ থেকে কোন প্রকার হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বলেন, যেখানেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সেখানেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে, তিনি এসব কথা বলেন। কাদের বলেন,বিশ্ববাসী ৭ জানুয়ারি বাংলাদেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটি ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে। যেখানে জনমত বিজয়ী হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামাত এখন লিফলেট বিতরণ করছে জানিয়ে তিনি বলেন, ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে বিএনপি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.