post
প্রযুক্তি

তরুণদের পছন্দের শীর্ষে টেলিফটো লেন্স!

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি ‘মিডিয়া প্রিভিউ ইভেন্ট ২০২৪’ এর আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অনুষ্ঠানে রিয়েলমি ১২ প্রো সিরিজে একটি ফ্ল্যাগশিপ পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইভেন্টে পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি এবং বিলাসবহুল ঘড়ির ডিজাইনের ফিচার সমৃদ্ধ রিয়েলমি ১২ প্রো সিরিজটি অংশগ্রহণকারীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চলতি বছর থেকে রিব্র্যান্ডিংয়ের ঘোষণার পর রিয়েলমি প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আনলো রিয়েলমি ১২ প্রো সিরিজটি। রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি সম্প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রিয়েলমি প্রেমীদের জন্য একটি খোলা চিঠি লেখেন। এ চিঠিতে তিনি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেন। এজন্য ‘মেক ইট রিয়েল’ শীর্ষক একটি নতুন স্লোগানও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজেকে এমন একটি টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে যা তরুণ ব্যবহারকারীদের টেক চাহিদা আরও ভালোভাবে উপলব্ধি করার পাশাপাশি তা পূরণেও কাজ করবে। নতুন ব্র্যান্ড পজিশনিং এর মাধ্যমে, রিয়েলমির এ নম্বর সিরিজ নেক্সট-জেন ইমেজিং এর ভবিষ্যত হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করবে। রিব্র্যান্ডিং এর পর রিয়েলমি’র আনুষ্ঠানিক যোগাযোগের প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এই মিডিয়া ইভেন্টকে। রিয়েলমি’র করা এক গবেষণায় দেখা গেছে, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ৩ গুণ বা তারও বেশি টেলিফটো লেন্স পছন্দ করে, যা মূলত ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করা হয়। তাই তরুণ প্রজন্মের পছন্দের কথা বিবেচনা করে, রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে একটি ফ্ল্যাগশিপ-এক্সক্লুসিভ পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রিয়েলমি ১২ প্রো সিরিজটি রাতে ছবি তোলার সময় আশেপাশের উজ্জ্বলতা কমিয়ে সাবজেক্টকে আরও স্পষ্ট করে তোলে। স্বাভাবিক ছবি তোলার জন্য ৭১ এমএম গোল্ডেন ফোকাল লেংথের পাশাপাশি এতে রয়েছে একটি ৩ গুণ পোট্টেট মোড। ডিভাইসটিতে আরও রয়েছে অসাধারণ টেলিফটো সক্ষমতা, যা গ্রাহককে দিবে ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমের অনন্য অভিজ্ঞতা। স্মার্টফোনের পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে। সিরিজের টেলিফটো লেন্সটির আলো-সংবেদনশীলতা আইফোন ১৫ প্রো এর তুলনায় প্রায় ৩ গুণ বেশি। রিয়েলমি ১২ প্রো সিরিজের মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯০ ওআইএস ফিচার। এই ক্যামেরায় রয়েছে একটি ১/১.৫৬ ইঞ্চির বৃহৎ সেন্সর, একটি ২৪ এমএম এর সমপরিমাণ ফোকাল লেংথ, এবং একটি বিস্তৃত এফ/১.৮ অ্যাপারচার। এই সিরিজে রয়েছে একটি পেরিস্কোপ টেলিফটো ও আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এতে আছে ০.৬ গুণ, ১ গুণ, ২ গুণ, ৩ গুণ ও ৬ গুণ লসলেস জুমের সুবিধা।

post
লাইফ স্টাইল

মাইগ্রেন দূর করার জন্য যেসব খাবার খাবেন

মাইগ্রেন সহ্য করা কঠিন। এই সমস্যা শীতের সময়ে আরও তীব্র হয়। মাইগ্রেন হলে আলো ও শব্দ সহ্য হয় না, এমনকী বেশি দেখা দিতে পারে বমির মতো সমস্যাও। এই যন্ত্রণা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। এ ধরনের ব্যথা হলে তখন বাকিসব কাজ করা মুশকিল হয়ে যায়। মাইগ্রেন থেকে দূরে থাকার জন্য নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকেও। চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেন দূর করার জন্য কোন খাবারগুলো খাবেন- ১. দানাশস্য ও বাদাম মাইগ্রেন দূর করার জন্য খাবারের তালিকায় রাখতে পারেন বিভিন্ন দানাশস্য ও বাদাম। কারণ এ ধরনের খাবারে ম্যাগনেসিয়াম থাকে। বিশেষজ্ঞরা বলেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যেকোনো খাবার মাইগ্রেন কমাতে সাহায্য করে। ফ্ল্যাক্সসিড, সিয়া সিড, কাজু বাদাম- এ ধরনের খাবার ম্যাগনেসিয়ামে ভরা। প্রতিদিনের খাবারে এগুলো থাকলে মাইগ্রেনসহ অন্যান্য মাথাব্যথাও দূর হবে সহজে। ২. হার্বাল টি শরীর যদি হাইড্রেটেড থাকে তাহলে মাইগ্রেন থেকে দূরে থাকা সহজ হয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব খাবার শরীরকে হাইড্রেটেড রাখে সেগুলো মাইগ্রেন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এক্ষেত্রে বেছে নিতে পারেন হার্বাল টি। কারণ এটি আপনাকে এই কাজে সাহায্য বরবে। ফ্লেভারড টিয়ের মধ্যে পিপারমিন্ট টি। এটি মাইগ্রেন উপশমে সহায়ক হবে। ৩. টকদই যেসব খাবার আমাদের শরীরের জন্য উপকারী তার মধ্যে একটি হলো টকদই। এটি নানাভাবে শরীর ভালো রাখে। অনেক সময় গ্যাসের কারণে মাইগ্রেনের সমস্যা বাড়ে। এক্ষেত্রে মাইগ্রেন থেকে দূরে থাকার জন্য খেতে পারেন টক দই। এতে আপনার পেট ভালো থাকবে এবং শরীরও হাইড্রেটেড থাকবে। সেইসঙ্গে দূর হবে মাইগ্রেনও। ৪. ফল ও সবজি নিয়মিত তাজা ফল ও সবজি খাওয়ার অনেক উপকারিতা। এতে থাকে নানা ধরনের প্রয়োজনীয় পুষ্টি। নিয়মিত সবজি ও ফল খেলে কমে মাইগ্রেনের সমস্যা। সেইসঙ্গে শরীরও সুস্থ থাকে। ভালো থাকে পেটের স্বাস্থ্য। তাই প্রতিদিনের তিনবেলার খাবারেই যোগ করতে পারেন নানা রকম ফল ও সবজি। এতে সুফল পাবেন দ্রুতই। ৫. মাছ মাইগ্রেন থেকে বাঁচতে চাইলে বিভিন্ন ধরনের মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন। বিশেষ করে সামুদ্রিক বিভিন্ন মাছে থাকে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই উপাদান ইনফ্লেম্যাশন কমাতে সাহায্য করে। মাছ ও সামুদ্রিক অন্যান্য খাবারে থাকা প্রোটিন ও উপকারী ফ্যাট মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ করে। সেইসঙ্গে শরীরে পৌঁছে দেয় প্রয়োজনীয় অনেক পুষ্টিও।

post
বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা

পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা।শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এর আগে সকাল ১০টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা।

post
বাংলাদেশ

দেশে আবারও কমলো রিজার্ভ

চলতি জানুয়ারি মাসের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। আকুর পেমেন্ট ও ডলার বিক্রি অব্যাহত থাকায় রিজার্ভ আবারও কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে ১৫৬ কোটি ডলার কমে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৩  কোটি ডলারে।     বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে রিজার্ভের এ চিত্র পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, ১০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গ্রোস রিজার্ভ কমে দাঁড়ায় ২ হাজার ৫৪৩ কোটি ডলার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিপিএম-৬ ম্যাথোডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫২৫ কোটি ডলারের পার্থক্য রয়েছে। অর্থাৎ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ দুই হাজার ১৮ কোটি ডলার বা ২০ দশমিক ১৮ বিলিয়ন।২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রোস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩  বিলিয়ন ডলার আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।তবে বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের প্রকৃত রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলারের মতো। প্রতি মাসে প্রায় ৬ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংকটের কারণে রিজার্ভ থেকে বাজারে প্রচুর ডলার বিক্রি করা হচ্ছে। এছাড়া এ মাসে আকুর বিলও পরিশোধ হয়েছে। রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ কম এসব কারণেই মূলত রিজার্ভ কমছে।

post
বাংলাদেশ

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ শপথ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এবার সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার পর পঞ্চমবারের মতো ক্ষমতায় এল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর শপথের পর অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।এর আগে শপথ নিতে সন্ধ্যায় বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

শপথ নিলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যরা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। শেখ হাসিনা সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। তাঁরাও সবাই আজ শপথ নিয়েছেন। প্রথমে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।শপথ নেওয়া পূর্ণ মন্ত্রীরা হলেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আবদুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আবদুর রহমান, মো. আবদুস শহীদ, ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট), মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী।শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রীরা হলেন নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন রিমি, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী ও আহসানুল ইসলাম।

post
বাংলাদেশ

আবারও সংসদ নেতা শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী লিটন প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে। এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও রাখা হয় বহাল। চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকেও বহাল রাখা হয়েছে তার পদে। তিনি আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা। তিনি ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ২২২ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন।

post
বাংলাদেশ

নির্বাচনী খেলা শেষ হলেও রাজনীতির খেলা চলবে: ওবায়দুল কাদের

নির্বাচনের খেলা শেষ হলেও রাজনীতির খেলা চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী খেলা শেষ হয়েছে। এখন রাজনীতির খেলা চলবে।’ তিনি বলেন, ‘এখনো পথে পথে নানা বাধাবিপত্তি চলছে। বিএনপি, গণতন্ত্রের শত্রুরা এখনো হুমকি দিচ্ছে। মানুষ পুড়িয়ে মেরেছে। তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সে দূর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘এদের চেতনায় স্বাধীনতা নেই। এদের চেতনায় দ্বিজাতিতত্ত্ব। আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মাথা গরম করা যাবে না। এতবড় নির্বাচন। কিন্তু তেমন কোনো সহিংসতা হয়নি। পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। কঙ্গোতে দেখলাম ইন্টারনেট বন্ধ। বিদ্যুৎ নেই। পরে ফল প্রকাশ। এমন নির্বাচন আমরা করিনি।’

post
বাংলাদেশ

মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে না হয় তার জন্য বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল। তাদের কিছু মুরুব্বি আছে, তারা পরামর্শ দেয়। মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না। এটাই হলো বাস্তবতা। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা। নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়?মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি এবার নির্বাচন হতেই দেবে না। তাদের লক্ষ্য ছিল নির্বাচন হতে দেবে না। তাদের কিছু মুরুব্বি আছে তারাও সেই পরামর্শ দেয়। এমন অবস্থা সৃষ্টি করবে যাতে নির্বাচন না হয়। কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চিনে নাই। ’৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বলেছিলেন, কেউ দাবাযয়ে রাখতে পারবা না। ৭ জানুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ এটাই প্রমাণ করেছে। তিনি বলেন, ’৭৫ এর পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়। স্বাধীনতায় লাখো শহীদের যে অবদান, সেটাই ইতিহাস থেকে মুছে ফেলা হয়। ইতিহাস বিকৃত করা হয়। এটাই হচ্ছে জাতির সবচেয়ে দুর্ভাগ্য।

post
বাংলাদেশ

নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার সন্ধ্যায়

নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় সদস্য হিসেবে কারা থাকবেন সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাননি বলেও জানিয়েছেন তিনি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.