post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে অসুস্থ প্রবাসী বিল্লালকে দেশে ফেরার ব্যবস্থা হাইকমিশনের

মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশি বিল্লালকে দেশে যাওয়ার বিমানের টিকিট হস্তান্তর করেছেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে টিকিট হস্তান্তর করা হয়।এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। মোহাম্মদ বিল্লাল কিছুদিন আগে একটি দ্বীপে স্ট্রোক করেন এবং তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়।এরপর তিনি মালের আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাইকমিশনার অসুস্থ প্রবাসী বাংলাদেশি বিল্লালের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাকে একটি বিমানের টিকিট দেওয়ার ব্যবস্থা করেন।গত জুলাই মাসের ৩০ তারিখ হাসপাতাল থেকে খবর পেয়ে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ওই বিল্লালকে দেখতে যান মালদ্বীপ হাইকমিশন অফিসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও মোহাম্মদ জসিম উদ্দীন।তখন তিনি তিনি তার নাম-ঠিকানা কোনো কিছুই বলতে পারছিলেন না। মালদ্বীপে তার নিকটাত্মীয়-স্বজন আছে কি-না সেটাও জানা ছিল না। শুধু বলতে পেরেছেন, গ্রামের বাড়ি কুমিল্লার ইলিয়াটগঞ্জে।পরে হাইকমিশনার অফিস ও হাসপাতাল সূত্র থেকে পাওয়া তথ্য জানা যায়, তার দেশের বাড়ি, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দাড়িপাড়া গ্রামের আলী মিয়া ও পরাশা বেগমের ছেলে মোহাম্মদ বিল্লাল।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে তৈরি পোশাকশিল্পে বাংলাদেশিরা এগিয়ে

বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে সুঁই সুতো আর আধুনিক যন্ত্রপাতির মেলবন্ধনে প্রতিদিন তৈরি হচ্ছে লাখো কোটি তৈরি পোশাক। দীর্ঘদিন ধরে আমিরাতের এই প্রদেশে পোশাক উৎপাদনের একচেটিয়া বাজার ধরে রেখেছেন বাংলাদেশিরা। ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও ক্রমান্বয়ে ব্যবসায় সফলতা পেয়েছেন অনেকে।ব্যবসায়ীরা জানান, আমিরাতের তৈরি পোশাক উৎপাদনের অন্যতম বড় বাজার এটি। যেখানে প্রায় ২ হাজার গার্মেন্টস ব্যবসায়ীসহ প্রায় ১০ হাজারের অধিক বাংলাদেশি কর্মী এ শিল্পে জড়িত। আজমানের এক বাজারেই রয়েছে বাংলাদেশিদের প্রায় ৫ শতাধিক তৈরি পোশাক প্রতিষ্ঠান। এ ছাড়াও রপ্তানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আলাদা শ্রেণিবিন্যাস আছে এখানে। দেশ থেকে সরাসরি তৈরি পোশাক বাজারজাত করেও এ ব্যবসায় আধিপত্য ধরে রেখেছেন অনেক বাংলাদেশি। এসব প্রতিষ্ঠানে প্রতিমাসে ২৫ কোটি টাকার মতো ব্যবসায়িক টার্নওভার হয়। এখান থেকে প্রতিমাসে দেশে কয়েক কোটি টাকা রেমিট্যান্স যায়।বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মেয়ে শেফালী আক্তার আঁখি এই বাজারের তৈরি পোশাক শিল্পের একজন উদ্যোক্তা। ২০ বছরের ব্যবধানে গড়ে ওঠেছে তার পাঁচটি পোশাক শিল্প প্রতিষ্ঠান। যেখানে প্রায় ২ শতাধিক কর্মী কাজ করছেন। মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, মিশরসহ বেশ কিছু দেশে রপ্তানি হয় তার প্রতিষ্ঠানে তৈরিকৃত পণ্য।শেফালী আক্তার আঁখি বলেন, নতুন ব্যবসায়ীদের আগ্রহী করে তুলতে দেশীয় উদ্যোগে আমিরাতে অন্তত বছরে একবার হলেও পোশাক শিল্প মেলা করা দরকার। দেশের বাইরে তৈরি পোশাক শিল্পের এমন উৎপাদন ও ব্যবসা বাড়াতে বিজিএমইএ কর্তৃপক্ষ এইদিকে মনোযোগ দিতে পারেন। তাতে প্রবাসী উদ্যোক্তারা উৎসাহিত হবেন। দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার মোহাম্মদ আনিসুর রহমানও একই বাজারের ব্যবসায়ী। পোশাক শিল্প উদ্যোক্তা হিসেবে এখানে নয় বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন তিনি। তার শুরুটা একজন সাধারণ পোশাক শ্রমিক হিসেবে হলেও নিয়মিত সুঁই সুতার কারিগর হিসেবে তার অধীনে বর্তমানে কাজ করছেন ৩০ জন কর্মী। তার প্রতিষ্ঠানে মাসে ব্যবসায়িক লেনদেন ৩ লাখ দিরহাম ছাড়িয়ে যায়। বরিশাল মুলাদী উপজেলার আরেক ব্যবসায়ী দিদারুল আলম প্রায় ১৩ বছর ধরে নিজস্ব ফ্যাক্টরি পরিচালনা করছেন এখানে। শুরুতে সামান্য অপারেট হিসেবে এই পেশায় এলেও ২০০৯ সালে নিজের মালিকানায় তৈরি পোশাক উৎপাদনের কাজ শুরু করেন। অল্প সময়ে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা।দিদারুল আলম বলেন, করোনার কারণে অন্যান্য সেক্টরে ক্ষতি হলেও এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা লাভবান হয়েছেন পিপিই, মাস্ক ও মেডিকেল সরঞ্জাম তৈরি করে। কাজের মাত্রা গতিশীল থাকায় তখন ক্ষতির মুখে না পড়লেও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে নিয়মিত বাণিজ্য কিছুটা থমকে আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা বাড়ার পাশাপাশি বাড়বে রেমিট্যান্স।ব্যবসায়ী মনিরুজ্জামান মনির বলেন, আমিরাতের সঙ্গে সমুদ্রপথে সরাসরি যোগাযোগ না থাকায় কয়েকটি দেশ ঘুরে এসব বিক্রয়জাত পণ্য আনতে হয়। দেশ থেকে মালামাল আমিরাতে পৌঁছাতে সময় লাগে ২০ থেকে ৩০ দিন। শিপমেন্ট জটিলতা ও সময়ের দূরত্ব কমানো গেলে এই বাজারে দেশীয় তৈরি পোশাক রপ্তানি আরও বাড়ার সম্ভাবনা আছে।

post
দূতাবাস খবর

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর-বিশৃঙ্খলা খতিয়ে দেখা হবে: দূতাবাস

রোমে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর-বিশৃঙ্খলার ঘটনায় রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেছেন, দূতাবাসে ভাঙচুর করা খুবই দুঃখজনক ঘটনা। এই বিশৃঙ্খলায় কারো কোন ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।এর আগে রোমে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের বয়স সংশোধন ও ফিঙ্গার প্রিন্টসহ অন্যান্য সমস্যার সমাধান না পেয়ে বিক্ষুব্ধ কয়েকশ প্রবাসী বাংলাদেশি দূতাবাসে ভাঙচুর করেছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে দূতাবাসে এ ঘটনা ঘটে।বিক্ষুব্ধ প্রবাসীরা সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান করেন। পরে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাইরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ সময় রাষ্ট্রদূত মো. শামীম আহসান প্রবাসীদের এ সমস্যা সমাধানের আশ্বাস দেন তাদের। এরপর বিক্ষুব্ধ কয়েকজন বাংলাদেশি রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি তুলে দেন।ওই দিন ১৭ জনের একটি প্রতিনিধি দল দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পাসপোর্ট সংক্রান্ত বৈঠক করে। বৈঠক শেষে পুলিশ দুজনকে আটক করে। কিন্তু পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয়।জানা গেছে, কয়েক বছর ধরে প্রায় ৭ হাজার পাসপোর্ট আটকে আছে দূতাবাসের অধীনে। এ কারণে এসব বাংলাদেশিরা পাসপোর্ট জটিলতার কারণে বিপদে আছেন। এর কোন সমাধান না পেয়ে দূতাবাসে এসে বিক্ষুব্ধ প্রবাসীরা ভাঙচুর করে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, গত তিন বছর ধরে ফিঙ্গারপ্রিন্ট সমস্যার কারণে আমার পাসপোর্টটি আটকে আছে। আমার মতো আরও অনেক বাংলাদেশিদের একই সমস্যা। খুবই বিপদে আছি। রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। আমাদের মত অসহায় প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য।তিনি বলেন, ইতালিতে আমরা বৈধ হলেও পাসপোর্টের কারণে চরম বিপদে আছি। যেকোনো মুহূর্তে অবৈধ হয়ে যেতে পারি। এরমধ্যে আমার বাবা মারা গেছেন পাসপোর্টের কারণে দেশে যেতে পারিনি।এ ব্যাপারে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বলেন, দূতাবাসে পাসপোর্টের বয়স সংশোধনসহ অন্যান্য চলমান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরপরেও দূতাবাসের এরকম একটি সুশৃঙ্খল কাজে বিশৃঙ্খলা করার কোন কারণ দেখছি না। বিষয়টি সমাধান করতে ঢাকা অফিসে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তারপরেও দূতাবাসে ভাঙচুর এটা খুবই দুঃখজনক ঘটনা।তিনি আরও বলেন, এই বিশৃঙ্খলায় কারো কোন ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে যদি এরকম কিছু পাওয়া যায় তবে এদেশের নিয়ম মেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ যেমন সবার, দূতাবাসও তেমন সবার।প্রসঙ্গত, গতকাল পাসপোর্টের বয়স সংশোধনসহ অন্যান্য সমাধান না পেয়ে দূতাবাসের ভিতরে বিক্ষুব্ধ কয়েকশ প্রবাসী বাংলাদেশিরা ভাঙচুর করে। পরে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের নিরাপত্তা জোরদার করা হয়।

post
এনআরবি সাফল্য

আগষ্টের ১৬ দিনে ১১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

বাংলাদেশে ডলার সংকট চরমে। সংকট সমাধানে রিজার্ভ থেকে ডলার ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এতে টান পড়েছে রিজার্ভে, কমে দাঁড়িয়েছে ৪০ বিলিয়নের নিচে। রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স।এসব উদ্বেগের মধ্যে প্রশান্তির সুবাতাস নিয়ে আসছে রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েই চলেছে। জুলাই মাসের পর আগস্টেও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী।চলতি আগস্ট মাসের ১৬ দিনে ১১৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা) ১১ হাজার ১২৪ কোটি টাকা। এটি গত বছরের (২০২১ এর আগস্টের ১৬ দিন) একই সময়ের চেয়ে ১৬.৩০ শতাংশ বেশি। প্রতিদিন এসেছে ৭ কোটি ২৬ লাখ ডলার বা প্রায় ৭০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে রেমিট্যান্স আসছে এটা ইতিবাচক দিক। এ ধারা অব্যাহত থাকলে গত জুলাই মাসের মতো আগস্ট মাসেও ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসবে।চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আর গত বছরের (২০২১) জুলাই মাসের চেয়ে বেশি ছিল ১২ শতাংশ।চলতি অর্থবছরের ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের (চলতি মাস আগস্টের ১৬ দিন) প্রথম দেড় মাসে ৩২৮ কোটি ৮০ লাখ (৩.২৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা হিসাবে) এ অর্থের পরিমাণ ৩১ হাজার ৪৬ কোটি টাকা।গত বছরের আগস্টের একই (১ থেকে ১৬ আগস্ট) সময়ে ১০০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর গত ২০২১-২২ অর্থবছরের প্রথম দেড় মাসে (২০২১ এর আগস্টের ১৬ দিন) ২৮৭ কোটি ৮০ লাখ (২.৮৮ বিলিয়ন) ডলার এসেছিল দেশে। সে হিসাবে গত অর্থবছরের দেড় মাসের চেয়ে ১৩.৫০ শতাংশ বেশি এসেছে।২০২১-২০২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি (২১.০৩ বিলিয়ন) ডলার এসেছিল দেশে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৬ লাখ ডলার। সবচেয়ে বেশি এসেছিল ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে ২ হাজার ৪৭৮ কোটি (২৪.৭৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল দেশে যা প্রতিদিন গড়ে আসে ৬ কোটি ৭৯ ডলার।

post
দূতাবাস খবর

ঢাবির মাধ্যমে হবে পর্তুগিজ ভাষা শিক্ষা

বাংলাদেশে পর্তুগিজ ভাষা শিক্ষা ও পর্তুগিজ ভাষা-সংস্কৃতির প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সংযোগ স্থাপনে সহযোগিতা চুক্তি সই করেছে পর্তুগালের ক্যামোয়েস ইনস্টিটিউট অব কোঅপারেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। চুক্তির আওতায় ক্যামোয়েস ইনস্টিটিউটের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্স চালু করা হবে।পাশাপাশি, পর্তুগিজ ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি, সাংস্কৃতিক উন্নয়ন ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতা করা হবে। গতকাল মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ ও ক্যামোয়েসের পরিচালনা পর্ষদের সভাপতি জোয়াও রিবেইরো ডি আলমেদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে লিসবনপ্রান্তে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, ক্যামোয়েস ইনস্টিটিউটের প্রোগ্রামিং, ট্রেনিং ও সার্টিফিকেশন বিভাগের প্রধান রুই ভিসেন্তে দে আজেভেদো ও বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি এবং ঢাকাপ্রান্তে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রাজাউল করিম ফকির ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আশিক বিল্লাহ উপস্থিত ছিলেন। ক্যামোয়েসের পরিচালনা পর্ষদের সভাপতি জোয়াও রিবেইরো ডি আলমেদা চুক্তি সইয়ে সন্তোষ প্রকাশ করে আশা করছেন, উভয় শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে পর্তুগিজ ভাষা-সংস্কৃতির বিকাশ ও প্রসারে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একে সূচনা হিসেবে উল্লেখ করে তিনি জানান, তার প্রতিষ্ঠান এই চুক্তির অধীনে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে পেতে সচেষ্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ পর্তুগিজ ভাষা শিক্ষায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চুক্তি সইয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, 'চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে।' বর্তমানে আধুনিক ভাষা ইনস্টিটিউট ১৪টি ভাষার শিক্ষা কোর্স পরিচালনা করছে উল্লেখ করে তিনি আশা করেন, এই প্রটোকল চুক্তি সইয়ের মাধ্যমে ক্যামোয়েস ইনস্টিটিউটের সহযোগিতায় শিগগির পর্তুগিজ ভাষা কোর্স চালু হবে। রাষ্ট্রদূত তারিক আহসান ২ দেশের মধ্যে ঐতিহাসিক যোগসূত্রের কথা উল্লেখ করে বলেন, '১৬ শতাব্দী থেকে বাংলাদেশ ও পর্তুগালের মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশকে এই সহযোগিতা চুক্তি কাজে লাগাতে হবে।' তিনি আশ্বাস দেন লিসবন দূতাবাস চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর চালিয়েছে প্রবাসীরা

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের বয়স সংশোধনের জন্য গিয়ে সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। এ অভিযোগে শতাধিক বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। এসময় দূতাবাসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুজন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ বিষয়ে দূতাবাস কিছু জানে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।জানা গেছে, কয়েক বছর ধরে এসব বাংলাদেশিরা পাসপোর্ট জটিলতায় ভুগছেন। কোনো সমাধান না পেয়ে দূতাবাসে এসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তারা।খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে ইতালি সরকারের স্টে-পারমিট পেয়েছেন অনেক বাংলাদেশি। তবে পাসপোর্ট না পাওয়ায় তারা বৈধতা হারাতে বসেছেন। ফলে ভুক্তভোগীরা দূতাবাসে এসে ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছেন।তাদের দাবি, দ্রুত পাসপোর্টের বয়স সংশোধনের সুরাহা করতে হবে। পাসপোর্ট না পেলে তারা আবারো অবৈধ হয়ে যাবেন। পরে অবশ্য দূতাবাস ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। তারা দাবি সংবলিত একটি স্মারকলিপি রাষ্ট্রদূতকে দেন।এদিকে, পরিস্থিতি সামাল দিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, ‘তাদের বিষয়গুলো আমি অবগত। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। একমত হয়েছি যে, ভুক্তভোগীদের কাছ থেকে একটি দাবি সংবলিত স্মারকলিপি গ্রহণ করবো।’তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসবান্ধব। আমরা এরই মধ্যে পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধন করেছি। এর চেয়ে বেশি করা বিষয়টি ঢাকা অফিসকে জানিয়েছি। আজকেও ঢাকা অফিসকে পুনরায় অবগত করা হয়েছে।’দূতাবাস সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত ২৮ এপ্রিল একটি পরিপত্র জারি করে। সেই পরিপত্র অনুযায়ী, পাসপোর্টে বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনা অনুসারে দূতাবাস থেকে পাঁচ বছরের অধিক বয়স সংশোধনের আবেদন গ্রহণের সুযোগ নেই।এরই মধ্যে গত এপ্রিলে পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধনের আবেদন জমা নেওয়া শেষ হয়ে যায়। যারা এরই মধ্যে পাসপোর্টে পাঁচ বছরের অধিক বয়স সংশোধনের আবেদন করেছেন, তাদের অনেককেই ঢাকাস্থ পাসপোর্ট অধিদপ্তর থেকে আগের তথ্যে অর্থাৎ আবেদনকারীর পূর্বে যে পাসপোর্ট ছিল, সেই তথ্যে পাসপোর্ট নবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে।

post
এনআরবি সাফল্য

লিসবন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পুরস্কার পেলেন বাংলাদেশি সোহেল মুর্শেদ

পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পুরস্কার ২০২২ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল ইঞ্জিনিয়ারিং ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পুরস্কৃত হয়েছেন অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য বৈজ্ঞানিক অবদান ও প্রভাবের জন্য পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয় এই পুরস্কার দিয়ে থাকে। এর জন্য সম্মানসূচক ডিপ্লোমা ও পুরস্কার অংক হিসেবে সাড়ে ৬ হাজার ইউরো দেওয়া হয়।অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)। অধ্যাপক সোহেল মুর্শেদ ইম্পেরিয়াল কলেজ লন্ডন, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি নিউইয়র্কসহ বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেছেন। অধ্যাপক সোহেল মুর্শেদের জন্ম বাংলাদেশের নড়াইল জেলায়। তার বাবা অধ্যাপক রুস্তম সিকদার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক সোহেল মুর্শেদঅধ্যাপক সোহেল নড়াইল জেলার মাইজপাড়া হাইস্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশুনা করেছেন। তিনি রুয়েট (সাবেক বিআইটি) থেকে বিএসসি এবং বুয়েট থেকে এমএসসি সম্পন্ন করে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) থেকে মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন।

post
বাংলাদেশ

বাংলাদেশে ফ্লাইওভারের গার্ডার চাপায় শিশুসহ পাঁচজন নিহত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি প্রকল্পের জন্য নির্মিত গার্ডার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এসময় গার্ডারটি হঠাৎ করে রাস্তায় চলমান প্রাইভেট কারের ওপর পড়ে যায়। গার্ডারটি ক্রেন থেকে ছুটে যায়নি, বরং ক্রেনের একপাশ উল্টে যায়।ধারণা করা হচ্ছে ক্রেনটির ধারণক্ষমতা কম ছিল কিংবা চালক ভুলভাবে সেটি অপারেট করেছেন।এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে এই বিআরটি প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। ওই দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজকের এ দুর্ঘটনা ঘটল।

post
এনআরবি বিশ্ব

দ.আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি কে হত্যায় এক নাগরিকের ১৫ বছর জেল

দক্ষিণ আফ্রিকার ডারবান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করে হত্যায় দায়ে দেশটির এক নাগরিকের ১৫ বছর সাজা দিয়েছেন আদালত। শুক্রবার (১২ আগস্ট) ডারবনের একটি আদালত তিন আসামির মধ্যে উপস্থিত এক আসামি কানকেনইয়েজি সেগাটলির সামনে ১৫ বছর করে সাজার রায় ঘোষণা করেন বিচারক।ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকার ডারবানে দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে বসবাস করতেন শহিদুর রহমান। ডারবানের অদূরে তিনি কাঠের ব্যবসা করতেন। ব্যবসা-বাণিজ্য ও পরিবার নিয়ে সুখেই চলছিল তার সংসার। গত বছরের ৭ জুলাই শহিদুর ব্যবসার কাজে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। জানা যায়, তার ব্যবসায়িক এলাকার পরিচিত কয়েকজন তাকে অপহরণ করে। পরে সীমান্ত এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। হত্যার প্রায় ১৫ দিন পর শহীদুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনার পর শহীদুর রহমানের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত করে সেগাটলি নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তার সঙ্গে আরও দুজন জড়িত ছিলেন।এরপর জড়িত তিন দক্ষিণ আফ্রিকান নাগরিকের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারদের একজন কারাগারে আত্মহত্যা করেন। অপরজন এখনো পলাতক। ডারবনের একটি আদালতে উপস্থিত একমাত্র আসামির সামনে ১৫ বছর করে দুজনের সাজার রায় ঘোষণা করেন বিচারক।নিহতের স্ত্রী উম্মে সালমা বলেন, এক বছর দুই মাস পর রায় হলো। মামলা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি। বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। শহিদুর রহমান ১৯৯৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।

post
বাংলাদেশ

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদ, তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া দুপুর ১টায় দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। দুপুর দেড়টায় তিনি নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। দুপুর ২টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।এর আগে বেলা ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.