post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে বাংলাদেশি মালিকানাধীন আইনি সহায়তা কেন্দ্র বাড়ছে

ভাষাগত দুর্বলতার কারণে ভিনদেশি প্রতিষ্ঠান থেকে সেবা নিতে বেশ বিড়ম্বনায় পড়তে হতো প্রবাসীদের। তবে বাংলাদেশি মালিকানাধীন আইনি সহায়তা কেন্দ্র বাড়ছে ফ্রান্সে।রাজনৈতিক আশ্রয়ের নিয়ম, ইমিগ্রেন্ট ফাইল জমা, নাগরিকত্ব অর্জন ও প্রশাসনিক সমস্যায় আইনি সহায়তা ও পরামর্শসহ নানা সেবা দিচ্ছে এসব প্রতিষ্ঠান। আর এমন সেবা পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। দেশের বাইরে প্রশাসনিক নিয়মকানুন সম্পর্কে ভালো ধারণা না থাকায় বিপত্তিতে পড়তে হয় প্রবাসীদের। এছাড়া ভাষাগত দুর্বলতা তো আছেই। তবে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের এমন সমস্যায় বিভিন্ন সহায়তা দিয়ে আসছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।রাজনৈতিক আশ্রয়ের নিয়ম থেকে শুরু করে বৈধতার নানা পন্থার আইনি সহায়তা, নাগরিকত্ব অর্জনসহ এ সংক্রান্ত অন্যান্য সহায়তা দিতে কাজ করছে এ প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠান বিনামূল্যে প্রবাসীদের ইমিগ্রেন্ট ফাইল‌ জমা, প্রশাসনিক বিভিন্ন সমস্যায় আইনি সহায়তাসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। ধারণা করা হয়, বর্তমানে ৫০ থেকে ৬০ হাজার বাংলাদেশির বসবাস ফ্রান্সে। যে সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর বসবাসের ক্ষেত্রে এই বাংলাদেশিদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার মধ্যে পড়তে হয়। যে সমস্যা সমাধানের ক্ষেত্রে সহযোগিতা করছে এই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।

post
বাংলাদেশ

সেপ্টেম্বর মাসের প্রথম ৮ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ৬০ কোটি ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে প্রবাসীরা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৯ কোটি ৫৯ লাখ ডলার। বেশির ভাগ ডলার এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।প্রতিবেদনে জানা যায়, এর মধ্যে ৫০ কোটি ডলারের বেশি এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ডলারের মতো। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এর আগে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। আগস্ট মাসে দেশে বড় উৎসব না থাকলেও সেই সময় প্রবাসী আয়ের প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় আনছে।এদিকে এখন বিদেশ থেকে যেকোনও পরিমাণ আয় পাঠাতে আর নথিপত্র লাগছে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ডলারের দাম ৯৫ টাকা হলেও প্রবাসীরা প্রতি ডলারের জন্য ১০৮ টাকার বেশি পাচ্ছেন।

post
টেক মেন্টর

হাজী সেলিম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ ঘোষণা

পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যদি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য যেতে চান তাদেরকে বিশেষ স্কলারশীপের ব্যবস্থা করা হবে।রবিবার ১১ সেপ্টেম্বর রাজধানীর হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও পিপলএনটেকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশী আবুবকর হানিপ যিনি আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ২০১৯ সালে আমরা একটা জরিপে দেখেছি প্রথম তিন মাসে প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী ওয়াশিংটন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য গিয়েছে। তিনি বলেন, ‘ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং সিইও আবুবকর হানিপ ইতিমধ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ ঘোষণা করেছে, আমি হাজী সেলিম ইউনিভার্সিটি কলেজের মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশীপের সুযোগ করে দিবো’। ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি ও পিপলএনটেক থেকে একটা তথ্য আপনাদের দিতে চাই, অনেক শিক্ষার্থী আছেন ইংরেজিতে দক্ষতার সাথে কথা বলা বা বিভিন্ন প্রস্তুতির ঘাটতি থাকায় তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষে যেতে পারছেন না। কিন্তু ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য IELTS স্কোর ৫.৫ পয়েন্ট এবং ডুয়োলিঙ্গ ৯০ স্কোর নিয়ে আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে’। তিনি বলেন, যারা আইটিতে বিভিন্ন কোর্স নিয়ে যেতে চাচ্ছেন তাঁদের জন্য পিপলএনটেক প্রশিক্ষণের প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে এবং প্রশিক্ষণ শেষে আপনাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানাজ পারভীন। তিনি প্রথমে পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটির সকল কর্মকর্তাকে সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই সেমিনার থেকে বড় হয়ে কে কোন জব করবে সে বিষয়ে দিক নির্দেশনা পাবে এবং পড়াশোনার পাশাপাশি তোমরা ফ্রিল্যান্সিং বিষয়েও এই সেমিনার থেকে জানতে পারবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসাইন খান, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আখতার ইবনে জাফর সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আলোচক কমলেশ চন্দ্র দাস। এছাড়াও পিপলএনটেকের বিভিন্ন কোর্স নিয়ে বক্তব্য রাখেন পিপলএনটেক জব প্লেসমেন্ট ম্যানেজার ও ওয়াশিংটন ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি মাছুমা ভূইয়া ফারহা, বিজনেস ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার রনি সাহা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র এসইও এক্সিকিউটিভ এন্ড ফ্যাকল্টি অফ ডিজিটাল মার্কেটিংয়ের ফরহাদ হোসেন , অনামিকা সরকার পুজাসহ অন্যান্যরা ।

post
এনআরবি বিশ্ব

রেমিট্যান্স পাঠাতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি

কষ্টার্জিত টাকা পাঠিয়ে নিজ দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও রেমিট্যান্স পাঠাতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। তীব্র গরম উপেক্ষা করে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অর্থ পাঠাচ্ছেন তারা। ভোগান্তি কমাতে ব্যাংকিং পরিষেবা বাড়ানোর দাবি প্রবাসীদের।স্বাধীনতার পর বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশের অর্থনীতির টালমাটাল পরিস্থিতেও প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রায় পথ হারায়নি বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত আগস্ট মাসেও সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। তবে রেমিট্যান্স পাঠাতে গিয়ে তাদের ভোগান্তির যেন শেষ নেই। টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি সরকারের নির্দিষ্ট পরিমাণের সীমাবদ্ধতা থাকায় একজন প্রবাসী চাইলেই দেশে বেশি অর্থ পাঠাতে পারেন না। এ কারণে সৌদি আরবে বাংলাদেশের ব্যাংকিং পরিষেবা বাড়ানোর আহ্বান প্রবাসীদের। এ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয় বলেও অভিযোগ তাদের।এদিকে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রতিবন্ধকতা দূর না হলে অনেকে অবৈধ হুন্ডির পথ বেছে নিতে পারেন বলে শঙ্কার কথা জানান প্রবাসীরা। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশি কর্মীর বড় বাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বর্তমানে ২২ লাখের মতো বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে বাংলাদেশিরা বৈধ না হলে শাস্তিমূলক ব্যবস্থা

মালদ্বীপে অনিয়মিত প্রবাসী কর্মীরা চলমান বিশেষ প্রোগ্রামের অধীনে নির্দিষ্ট মেয়াদকালের মধ্যে বৈধ না হলে নিয়োগকর্তাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ইসমাইল ফাইয়াজ। মন্ত্রী সরকারের দেওয়া সুযোগ নিয়ে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ জানিয়েছেন।তার মন্ত্রণালয়ে নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করে 'ওয়ার্ক পারমিট' বা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অনিয়মিত প্রবাসী কর্মীরা। বৃহস্পতিবার রাজধানী মালেতে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন মন্ত্রী। মালদ্বীপে প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি কর্মী আছেন, যাদের অনেকে নানা সময়ে নানা কারণে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েন। বাংলাদেশ হাইকমিশনের হিসেব মতে, এমন প্রায় ৩৪ হাজার বাংলাদেশি কর্মী আছেন, যাদের বর্তমানে বিশেষ প্রোগ্রামের অধীনে নিয়মিত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। হাইকমিশনার অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণে সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য মালদ্বীপ সরকারকে কাছে অনুরোধ জানান। সাক্ষাতে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধকরণ ছাড়াও বৈধ কর্মীদের স্বাস্থ্যসেবা, আবাসন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা সহজীকরণ ও চুক্তি মোতাবেক বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসী কর্মীদের মৃত্যু বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে ও প্রবাসী কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

post
বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আকবর আলী খান

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষক ড. আকবর আলি খানকে।আজ শুক্রবার বেলা তিনটার পর তাকে সেখানে দাফন করা হয়।এর আগে বাদ জুমা তার জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।জানাজায় অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান প্রমুখ।সকালে এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে আকবর আলি খানের মরদেহ রাজধানীর গুলশানে তার বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গুলশানে আকবর আলি খানের বাসায় গিয়েছেন সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী, দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)রাত ১০টার দিকে আকবর আলি খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় একদিনে দুই প্রবাসী বাংলাদেশি অপহৃত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অপহরণ থামছে না। একেক দিন একেক শহরে অপহৃত হচ্ছেন বাংলাদেশিরা। উদ্ধার হওয়ার আগেই ভুক্তভোগীর তালিকায় যোগ হচ্ছে নতুন নাম। অপহৃত কাউকে কাউকে উদ্ধার করা যাচ্ছে না, শেষ পর্যন্ত মৃত্যু হচ্ছে তাদের।  এবার একদিনেই দুই বাংলাদেশি অপহরণের শিকার হয়েছেন দেশটিতে। ৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কুইন্স শহরের ইন্ডিওয়ে এলাকা থেকে আল-আমীন এবং কিংভেলি শহর থেকে নাসির উদ্দীন নামে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে। বাংলাদেশে নাসিরের বাড়ি নরসিংদীতে, আর আল-আমিনের দেশের বাড়ি মুন্সিগঞ্জ বলে জানা গেছে।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের অপহরণের পর মুক্তিপণ আদায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন প্রবাসীরা। কেউ কেউ অপহরণ থেকে বাচাঁর উপায় জানতে চেয়ে ফেসবুকে পোস্ট করছেন। দক্ষিণ আফ্রিকায় অপহৃত প্রবাসী ব্যবসায়ীদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সাথে কাজ করেন বাংলাদেশি শফিকুর ইসলাম বলেছিলেন, সপ্তাহে দুই থেকে চারটা অপহরণের ঘটনা আমরা শুনছি। বাস্তবে দক্ষিণ আফ্রিকায় অপহরণের শিকার হচ্ছে এর চেয়ে আরও বেশি। 

post
এনআরবি সাফল্য

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আবারও নাম উঠে এসেছে বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতে অন্যতম কম্পানি সামিট পাওয়ার'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বুধবার (৭ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর এই তালিকা প্রকাশ করে। তালিকায় আজিজ খান রয়েছেন ৪২ নম্বরে। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ৯৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৯ হাজার কোটি টাকা।২০১৯ সালের পর থেকে আজিজ খানের সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। তাতেই তিনি এ বছর বিলিয়ন ডলারের ধনীর ক্লাবে স্থান করে নিয়েছেন। ফোর্বসের হিসাবে এবারই প্রথম আজিজ খান সিঙ্গাপুরের বিলিয়ন ডলারের (১ বিলিয়নে ১০০ কোটি) সম্পদশালী ব্যক্তিদের ক্লাবে ঢুকলেন। এরআগে ২০২১ সালে তার সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালের পর থেকে আজিজ খানের সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে।সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। এ কারণে বাংলাদেশ ভিত্তিক হলেও এই কম্পানির হিসাব করা হয় সিঙ্গাপুরে। ফোর্বসের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মদ আজিজ খানের নাম প্রথম উঠে আসে ২০১৮ সালে। ওই বছর তিনি এ তালিকায় ৩৪ নম্বরে ছিলেন। ২০১৮ সালে সিঙ্গাপুরে তার ও তার পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি মার্কিন ডলার।ফোর্বস জানিয়েছে, ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করে দেন। ফলে সেবছর তার সম্পদের পরিমাণ কমে নেমে আসে ৮৫ কোটি ডলারে। এরপর থেকে আবার তার সম্পদের পরিমাণ বাড়তে শুরু করে। সামিটের যাত্রা শুরু হয় ট্রেডিং কোম্পানি হিসেবে। পরে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায় এসে ভালো করে প্রতিষ্ঠানটি। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী আজিজ খান এক যুগেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, অবকাঠামো খাতের ব্যবসা আছে সামিট গ্রুপের। সামিটের অধীনে দেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল।সামিট গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ফোর্বস মুহাম্মদ আজিজ খানের যে সম্পদের হিসাব দিয়েছে, সেটি শুধু বিদ্যুৎ খাতের ব্যবসার সম্পদের হিসাব। এর বাইরে সামিটের অন্যান্য খাতের ব্যবসার সম্পদের হিসাব সেখানে যুক্ত হয়নি।

post
এনআরবি সাফল্য

মুক্তিযুদ্ধে অবদান রাখায় ৫ আমেরিকান পাচ্ছেন সম্মাননা

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৫ আমেরিকানকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে 'বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার'র উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে। সেই দিন স্থানীয় সময় বিকেল ৬টায় টাইমস স্কয়ারের ম্যারিয়ট মার্কুইজ হোটেলের ৭ম তলায় এস্টোর বলরুমে ৩ দিনব্যাপী এই ট্রেড ফেয়ার উদ্বোধন হবে।সম্মাননা পেতে যাওয়া ৫ আমেরিকান নাগরিক হলেন: মুক্তিযুদ্ধে সহায়তার জন্য 'সেন্টার ফর বাংলাদেশ'র কো-ফাউন্ডার ও মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের কলেরা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. ডেভিড নেলিন, মুক্তিযুদ্ধকালের ভিডিওধারক লিয়ার লেভিন (যার ধারণ করা ফুটেজ নিয়ে 'মুক্তির গান' প্রামাণ্যচিত্র হয়েছে), মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশ সেন্টারের অন্যতম উদ্যোক্তা ডেভিড ওয়েজবোর্ড, 'কনসার্ট ফর বাংলাদেশ'র অন্যতম শিল্পী প্রয়াত ওস্তাদ আলী আকবর খান ও 'মুক্তির গান' প্রামাণ্যচিত্রের অন্যতম পরিচালক ক্যাথরিন মাসুদ। অনুষ্ঠানের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ বলেন, 'যারা সম্মাননা পেতে যাচ্ছেন তাদের মধ্যে যারা জীবিত আছেন সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রয়াত আলী আকবর খানের পক্ষে উপস্থিত থাকবেন তার ছেলে আশীষ খান।' গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহযোগিতায় 'বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার' আয়োজন করছে মুক্তধারা নিউইয়র্ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আইএফআইসি ব্যাংক। শীর্ষস্থানীয় শিল্পপতি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক আলোচনা ও সেমিনারের পাশাপাশি প্রদর্শনী চলবে। মেলায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও এফবিসিসিআইর সদস্যদের স্টল থাকবে।

post
এনআরবি বিশ্ব

দিনাজপুরের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। বুধবার রাত ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। নিহত মিনহাজ সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিখোঁজ দুই ব্যক্তি হলেন- একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুল ইসলামের ছেলে এমদাদুল (২৮) ও একই এলাকার সালমানের ছেলে সাগর (২০)। মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএসএফ জানিয়েছে, মিনহাজসহ অন্যরা মাদক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল।’ ওসি জানান, সীমান্তে বিএসএফ গুলি চালালে মিনহাজ নিহত হয়। মিনহাজের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে। পুলিশের দাবি, মাদক আনাকে কেন্দ্র করে এই গুলি চালিয়েছে বিএসএফ। এ ছাড়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। এ ব্যাপারে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি। বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডারের মুঠোফোনেও ফোন দেওয়া হয়েছিল। সেটিও রিসিভ হয়নি । তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আনা হবে। বিজিবির একজন সদস্য জানিয়েছেন, মরদেহ ভারতের গঙ্গারামপুর থানায় নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে হস্তান্তর করা হবে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.