post
বাংলাদেশ

রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি বন্ধ করার আহ্বান

দেশের বিমানবন্দরে প্রতিনিয়ত দৃশ্যমান হয়রানির শিকার হন রেমিট্যান্স যোদ্ধারা। ভ্রমণে যাতায়াতে কন্ট্রাক্ট, মালামাল চুরি, লাগেজ কাটা ও ট্রলি সংকটের মতো ঘটনার মুখোমুখি হন তারা। অনেকের কাছে তাই বিমানবন্দর মানেই আতঙ্কের নাম। অথচ বিমানবন্দর হওয়ার কথা ছিল নিরাপদ ও স্বস্তির জায়গা। প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা, দেশে সার্বিক নিরাপত্তা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও সহজ বিনিয়োগ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।সরকারকে রেমিট্যান্স বাড়াতে হলে সবার আগে রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা ও তাদের বিমানবন্দরে হয়রানি বন্ধের উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তারা। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই ও খুলনা প্রেস ক্লাবের সমন্বয়ে আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।দীর্ঘ আলোচনায় বক্তারা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি তুলে ধরে বলেন, অভিবাসী দিবসকে সমানে রেখে সরকারের উচিত প্রবাসীদের সুযোগ-সুবিধাগুলো আরও গুরুত্ব সহকারে মূল্যায়ন করা। বিশেষ করে এই দিবস উপলক্ষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তত একশটি এজেন্ডা নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। এ ছাড়াও বক্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ায় প্রবাসীর সন্তানদের জন্য বিশেষ কোটা প্রথা চালু, দেশের বাইরে সাধারণ শ্রমিকদের শিক্ষার আলোয় বিকশিত করতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু, সরকারি দপ্তরে প্রবাসী প্রতিনিধি প্রদান, প্রবাসে থাকা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ই-পাসপোর্টের জটিলতা নিরসন ও বাংলাদেশ মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহমুদ সোহেল, বিমল সাহা, হুমায়ুন কবীর, আশরাফুল ইসলাম ভূঁইয়া, সংগঠক প্রকৌশলী মইনুল ইসলাম, ইফতেখার পাবেল, জুলফিকার হায়দার, সাজন আহমেদ সাজু, শামসুল হক প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে আমিরাতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সমাধানে আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ও আজমানের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে আজমান স্পাইসি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন।সচিব বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, বর্তমানে যেসব সমস্যাগুলো রেমিট্যান্স প্রবৃদ্ধিতে বাধাগ্রস্ত করছে সেগুলো দূর করতেও সরকারের সদিচ্ছা রয়েছে বলে জানান তিনি। দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. খুরশিদ ওয়াহাব, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির সিআইপি।

post
খেলা

দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো বাংলাদেশ নারী ফুটবল দল

নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ। রেফারির শেষ বাঁশি, বাংলাদেশের উল্লাস... এই দিনটি দেখার অপেক্ষা বাংলাদেশের ফুটবলাঙ্গনে দীর্ঘদিনের। দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ।নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় শুরু হয়ে ফাইনালের শিরোপা লড়াই। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল সাবিনা খাতুনরা। দ্বিতীয়ার্ধে এসে প্রথমে একটি গোল হজম করে তারা। ম্যাচ পরিণত হয় ২-১ এ। এর কিছুক্ষণ পর আবারও গোল করে বাংলাদেশ এবং শিরোপা জয় নিশ্চিত করে নেয়।ফাইনালের জয়ের নায়ক কৃষ্ণা রাণী সরকার। তার জোড়া গোলে বাংলাদেশ নেপালকে বধ করে। ফাইনালের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ। ১৪ মিনিটে শামসুন্নাহার জুনিয়র দুর্দান্ত গোল করেন। মনিকা চাকমার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়র কোনাকুনি প্লেসিংকে করে বাংলাদেশকে লিড এনে দেন। এক গোলে পিছিয়ে পড়ে পুরো দশরথ স্টেডিয়াম স্তব্ধ হয়ে পড়ে। উজ্জীবিত নেপাল সমর্থকরা কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যান। নেপাল ফুটবলাররা ম্যাচে সমতা আনার সর্বাত্মক চেষ্টা করে। বিশেষ করে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে তারা বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা দুটি দারুণ সেভ করেছেন।নেপালের জালে বাংলাদেশ দ্বিতীয় গোল দেয় ৪২ মিনিটে। মিডফিল্ড থেকে বাড়ানো এক থ্রু পান কৃষ্ণা রাণী সরকার। বক্সের এক প্রান্তে আনমার্কড থাকা কৃষ্ণা আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। বাংলাদেশের ডাগআউট আবার উৎসবে মাতে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে স্বাগতিক নেপাল বেশ চাপে রাখে বাংলাদেশকে। সেই চাপের ধারাবাহিকতায় ৭০ মিনিটে আনিতা বেসন্ত গোল করে নেপালকে ম্যাচে ফেরান। সংঘবদ্ধ এক আক্রমণে বক্সের মধ্যে প্রবেশ করে কোনাকুনি শটে রুপনা চাকমাকে পরাস্ত করেন বেসন্ত। স্কোর হয় ২-১।নেপাল আরও এক গোল দিয়ে সমতা আনার চেষ্টা করছিল। বহু আক্রমণ হয়েছে বাংলাদেশের ডি-বক্সে। তবে গোল তারা আর পায়নি। উল্টো বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার নিজের ২য় গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে দেন।৭৭ মিনিটে মিডফিল্ড থেকে পাওয়া থ্রুতে তিনি আগুয়ান গোলরক্ষককে দারুণভাবে পরাস্ত করেন। কৃষ্ণার এই গোলের পর কোচ ছোটনের কপাল থেকে চিন্তার ভাঁজ একেবারে মুছে যায়। ৩-১ গোলে এগিয়ে যায় সাবিনারা।দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নারী দলে এবারই প্রথম। এর আগে ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছিল। এবার কাঠমান্ডুতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র ফুটবলে কখনো ভারত ও নেপালকে না হারানো বাংলাদেশ এবার তাদের হারিয়েছে। গ্রুপ পর্বে হারিয়েছে ভারতকে আর ফাইনালে নেপালকে। 

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ১৯ সেপ্টেম্বর সকালে লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের জীবন উন্নত করা সম্ভব। কিন্তু এজন্য প্রয়োজন দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। তিনি এই খাতে প্রবাসী বিনিয়োগের আহ্বান জানিয়ে শুধুমাত্র যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্ট্ররে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও দেশের স্বাস্থ্যখাত এবং কৃষি খাতে বিনিয়োগের জন্য ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু’র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের বিদ্যমান দুর্দশা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অতিমাত্রায় হয়রানি লাগবে সরকার পদক্ষেপ নেবে। মন্ত্রী শিগগিরই বিমানের কার্গো সুবিধা চালুর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের কথা ও উল্লেখ করেন।

post
এনআরবি সাফল্য

১৫ দিনে ১০ হাজার ৮৯৩ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ (১০০৮ দশমিক ৬৭ মিলিয়ন) ডলার। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৮ টাকা ধ‌রে) যার পরিমাণ ১০ হাজার ৮৯৩ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ লাখ মার্কিন ডলার আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।আলোচিত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২২ কোটি ডলার। এরপর সিটি ব্যাংকে এসেছে ৯ কোটি ৯৭ লাখ ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৭ কোটি ৩০ লাখ, অগ্রণী ব্যাংকে ৬ কোটি ২৩ লাখ এবং ডাচ্–বাংলা ব্যাংক ৫ কোটি ২১ লাখ এবং পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৫৮ লাখ ডলার প্রবাসী আয়। আলোচিত সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ওরি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিভিন্ন ছাড় ও সুবিধার সুফল দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বৈধ পথে পাঠিয়েছে প্রবাসীরা। গত আগস্ট মাসের ২০৩ কো‌টি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে ঈদ-উল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। তবে আগস্টে বড় উৎসব ছিল না, তারপরও প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়ায়। চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে যে তিন মাস প্রবাসী আয় ২০০ কোটি ডলারের বেশি ছিল।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, হঠাৎ বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি রেমিট্যান্স আনছে। কারণ, এসব ব্যাংক বেশি দামে বিদেশ থেকে ডলার কিনছে। প্রবাসীরাও বেশি দাম পাওয়ায় এসব ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন। প্রণোদনা ও ডলারের দাম বাড়ার পরও ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন হয়। কেন্দ্রীয় ব্যাং‌কের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠাতে কোনো ধরনের কাগজপত্র লাগে না। এছাড়া আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।

post
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে দুই পক্ষের সংঘাতের রেশ যাতে কোনোভাবে বাংলাদেশে না আসে, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়তি জনবল নিয়োগ করতে হলে বিজিবি ও কোস্টগার্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।রোববার দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর খুরশেদ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।রাখাইন রাজ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সেখানকার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দুই মাস ধরে তুমুল লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ের জেরে গত শুক্রবার মিয়ানমারের দিক থেকে ছোড়া মর্টারের গোলায় এক রোহিঙ্গা কিশোর নিহত ও কয়েকজন হতাহত হয়েছেন।ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘সীমান্ত পরিস্থিতি নিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে আজ আমরা বাংলাদেশের সব সংস্থাকে নিয়ে একটি সভা করেছি। আলোচনায় এটা উঠে এসেছে যে সেখানে যা ঘটছে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা বলেছি, এর রেশ যাতে আমাদের ওপর না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিজিবি ও কোস্টগার্ডকে সীমান্তে সজাগ থাকতে বলেছি। বাড়তি জনবলের প্রয়োজন হলে তারা সেটা মোতায়েন করবে। এরপরও সাগর দিয়ে বা অন্য পথে নতুন করে রোহিঙ্গারা যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য সতর্ক দৃষ্টি রাখতে বলেছি।’ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব আরও জানান, আগেরবার মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আসার সঙ্গে বাংলাদেশের কিছু লোকজনের যোগসাজশ ছিল। এবার যাতে সেটা না হয়, সে জন্য সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সাথে হাইকমিশনারের মতবিনিময়

মালদ্বীপের মাফুসী আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এর আগে তার নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল মাফুসী আইল্যান্ড সফর করেন। এ সময় তারা মাফুসী কাউন্সিলের সাথে সৌজন্য সাক্ষাত করেন। গতকাল শুক্রবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাফুসী কাউন্সিলের প্রেসিডেন্ট হাসান সোলাহ হাইকমিশনার ও প্রতিনিধিদলকে কাউন্সিল অফিসে স্বাগত জানান। অতঃপর মাফুসীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও মাফুসীর উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সভার শুরুতে হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন, আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত নিয়মিতকরণ, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, স্থানীয় আইন-কানুন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় হাইকমিশনার দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয় উল্লেখ করে বলেন, আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ হওয়ার প্রচেষ্টা গ্রহণ করা হবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিজ স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও স্থানীয় আইন কানুন মেনে চলার অনুরোধ করেন।

post
বাংলাদেশ

লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৯০৯ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম লন্ডনে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানাবেন।১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে রাজার এক সংবর্ধনায় যোগ দেবেন। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সংবর্ধনায় যোগ দেবেন। পাশাপাশি তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি ইউএনএইচসিআর-এর ফিলিপো গ্রান্ডি এবং স্লোলোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনায় যোগ দেবেন।২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের টেকসই আবাসন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়া প্রবাসী বাবাকে বাঁচাতে ছোট্ট মেয়ের আকুতি

মালয়েশিয়ায় দুর্ঘটনায় গুরুতর আহত মাহবুব আলমকে বাঁচাতে বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছে তার ছোট্ট মেয়ে মাহিমা আক্তার অধরা (৭)। প্রায় আড়াই মাস ধরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি কর্মী মাহবুব আলম (৪৮)। বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপন্ন। এর আগে চিকিৎসকরা বলছিলেন, তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু দুদিন ধরে মাহবুবের শারীরিক অবস্থা খারাপের দিকে। কথা বলতে পারেন না। বিদেশে ব্যয়বহুল চিকিৎসা এগিয়ে নেওয়া তার পরিবারের সাধ্যের বাইরে। সব মিলিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করাই এখন বেশি প্রয়োজন। কিন্তু মালয়েশিয়ার হাসপাতালের বিল পরিশোধ করে তাকে দেশে ফিরিয়ে আনার সামর্থ্য পরিবারের নেই। তাই একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে বাঁচাতে, দেশে ফিরিয়ে আনতে সরকার-বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছে মাহবুবের ছোট্ট মেয়েটি। কান্নাজড়িত কন্ঠে অধরা এ বলেন- আপনারা আমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিন। আমার বাবাকে দেখতে খুবই ইচ্ছা করছে। গত ২২ জুন মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শহরের পানির পাইপ সরাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রবাসী মাহবুব। সেই থেকে স্থানীয় শাহ আলম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দুর্ঘটনায় প্রচণ্ড আঘাতে তার মুখের হাড় ভেঙে গেছে, ডান চোখ নষ্ট হয়ে গেছে এবং ব্রেইনের গুরুতর ক্ষতি হয়েছে। ২০১৬ সালে সরকারি ভিসায় পাম অয়েল বাগানে কাজ নিয়ে মালয়েশিয়ায় যান মাহবুব। পাম অয়েল বাগানের ভিসা শেষ হলে অবৈধ হয়ে যান তিনি। তবে সরকারের রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধ হয়েছেন।এখন পর্যন্ত হাসপাতালে মাহবুবের বিল হয়েছে ৪৮ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। হাসপাতালের বিলের অংক আরও বাড়বে। তবে এ টাকা পরিশোধ না করলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া মুশকিল। শুরুতেই আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিডব্লিউতে রাখা হয়। চিকিৎসা অব্যাহত না রাখলে তাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে বলে চিকিৎসকরা ইতোমধ্যে জানিয়েছেন।

post
এনআরবি বিশ্ব

স্বামীকে জীবিত অথবা মৃত ফিরিয়ে পেতে এক প্রবাসীর স্ত্রীর আকুতি

পরিবারের সুখের কথা ভেবে ২০০৭ সালে সৌদি আরবে যান হারুন অর রশিদ। দেশটির আভকিক শহরের সাদ আলী আল এশা নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি ।বিদেশ থেকে দেশে নিয়মিত টাকা পাঠাতেন প্রবাসী হারুন অর রশিদ। সেই টাকায় তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানেরা ভালোভাবেই চলছিলেন। কিন্তু হঠাৎ ২৫ আগস্ট সেখান থেকে অচেনা এক ব্যক্তি হারুন অর রশিদের পরিবারকে ফোন করে বলেন, তিনি মারা গেছেন।পরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে বার বার সরাসরি যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু সাড়া মিলছিল না। অবশেষে ১০ আগস্ট কোম্পানি থেকে হারুনের ছেলেকে ফোন করে বলা হয়, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’। এরপর ফোনের সংযোগ কেটে দেওয়া হয়। এ অবস্থায় ১৫ দিন ধরে পরিবারটি দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় সময় কাটাচ্ছে।নিহত হারুন অর রশিদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।আজ মঙ্গলবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে হারুনকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবারের লোকজন।সংবাদ সম্মেলনে বলা হয়, হঠাৎ তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।হারুন অর রশিদের বড় ভাই আল-আমিন বলেন, প্রথমে গত ২৫ আগস্ট সৌদি আরব থেকে অচেনা একজন ফোনে বলেন, হারুন গ্যাস বিস্ফোরণে মারা গেছেন। তাৎক্ষণিক হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ সময় তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে কেউ সঠিক কিছু জানাতে পারেননি।হারুনের ছেলে পারভেজ বলেন, অনেক চেষ্টার পর গত শনিবার কোম্পানির এক লোক ফোন ধরে শুধু বলেন, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’। এর পর আর কেউ ফোন ধরছেন না।হারুনের স্ত্রী পারভীন খাতুন বলেন, ‘আমার স্বামী যদি মরেই যান, তাহলে অন্তত লাশটি ফেরত দিক তার কোম্পানি। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দপ্তরে আমি সহযোগিতা চেয়েছি। কিন্তু প্রতিকার পাইনি। আমি সরকারের কাছে আমার স্বামীকে জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছি।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.