মালদ্বীপে আগুনে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি শ্রমিকদের একটি আবাসস্থলে আগুনে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে। তাদের পরিচয় শনাক্ত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। নিহতরা হলেন— টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের জরিফ আলীর মেয়ে আসিয়া বেগম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গোলামের ছেলে উজ্জ্বল। মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ শুক্রবার (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত হয়ে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের রোকন মোল্লা ও রহিমার ছেলে তৈয়ব। এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালের মাফান্নু ও ইস্কান্দার মাগুর কাছে একটি ভবনের নিচে এ দুর্ঘটনা ঘটে। আগুনে দুই বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় অনেকে দগ্ধ হয়েছেন। এ বিষয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ ফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে সমবেদনা জানিয়েছেন। মালদ্বীপ পুলিশ জানিয়েছে— অগ্নিকাণ্ডে নিহত ১১ জনের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চার নারী ও পাঁচ পুরুষ রয়েছেন। চার নারীর মধ্যে তিনজন ভারতীয় ও একজন বাংলাদেশি। এছাড়া পাঁচজন পুরুষের মধ্যে চারজন ভারতীয় ও একজন বাংলাদেশি। এখনো দুইজনের পরিচয় পাওয়া যায়নি। দেশটির ফায়ার সার্ভিস জানায়— সেনরোজ নামের ওই ভবনের নিচে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে বেশিরভাগ অভিবাসী নারী শ্রমিকেরা থাকতেন
