post
বাংলাদেশ

যান চলাচলের জন্য ১০০টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানের সেতুগুলো ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বাংলাদেশটাকে উন্নয়নের জন্য রূপকল্প ২০২১ ঘোষণা দিয়েছিলাম। সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।তিনি আরও বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ করেছি। পার্বত্য চট্টগ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিল না, সেখানে সেটা করে দিয়েছি। এর জন্য বিভিন্ন জেলা যুক্ত করে আজ একসাথে ১০০ সেতুর উদ্বোধন করতে পারছি।

post
বাংলাদেশ

বাংলাদেশের রিজার্ভ নামবে ২৬ বিলিয়ন ডলারে !

ডলার সংকটের কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এতে করে চাপে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৭ নভেম্বর) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মাসের আমদানি বিল ১৩০ কোটি ডলার পরিশোধ করা হলে রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারে নেমে আসবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী হিসাবায়ন হলে রিজার্ভের অঙ্ক নেমে দাঁড়াবে ২৬ বিলিয়ন ডলারে। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে নতুন এলসি খোলা কমেছে। তবে বাকি বা দেরিতে পরিশোধের শর্তে আগের খোলা এলসির দায় এখন পরিশোধ করতে হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার ব্যয় কমেনি। এই কারণে দিন দিন ডলারের সংকট বাড়ছে। বাজারে ‘স্থিতিশীলতা’ আনতে ডলার বিক্রির চাপে কমছে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই সূচক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার । ৭ নভেম্বর আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা-আকুর (সেপ্টেম্বর-অক্টোবর) আমদানি বিল বাবদ ১৩০ কোটি ডলার পরিশোধ করা হবে। এতে করে রিজার্ভ নেমে আসবে ৩৪ দশমিক ৪২ বিলিয়ন ডলারে। আইএমএফের দেওয়া শর্তে হিসাব করলে যা কমে দাঁড়াবে ২৬ দশমিক ০২ বিলিয়ন ডলারে। প্রতি মাসে ৮ বিলিয়ন ডলার হিসাবে এই রিজার্ভ দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ। সূত্র-ঢাকা পোস্ট

post
এনআরবি বিশ্ব

মিশিগানের ডেট্রয়েট বাংলাটাউন নামফলকে কালো কালি লেপন,ক্ষোভ প্রবাসীদের

মিশিগানের ডেট্রয়েট বাংলাটাউন নামফলকে কালো কালি লেপন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাংলাদেশি প্রবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রবাসীরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এদিকে দুর্বৃত্তদের চিহ্নিত করতে ডেট্রয়েট সিটি পুলিশ তদন্তে নেমেছে।শনিবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয় প্রবাসীদের নজরে আসে। তাদের ধারণা, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।বাংলাটাউন নামফলকের দুই পাশে কালো রং দিয়ে লেপন করে দেওয়ায় ফলকটি শ্রীহীন হয়ে পড়েছে। ডেট্রয়েট সিটি পুলিশকে ঘটনার তদন্তের জন্য সরেজমিন পরিদর্শন করতে দেখা গেছে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা খচিত বাংলাটাউন এই ফলকটি নির্মাণ করে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স। ২০১৭ সালের ২০ অক্টোবর ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডোগান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালে ৬ নভেম্বর মিশিগান স্টেটের তৎকালীন গভর্নর রিক স্নাইডার এই এলাকাকে আনুষ্ঠানিকভাবে বাংলাটাউন স্বীকৃতি প্রদান করেন।ডেট্রয়েট-হ্যামট্রাম্যাক শহরের প্রবেশমুখের কনান্টে দৃষ্টিনন্দন বাংলাটাউন ফলকটি বাংলাদেশিসহ অন্যদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। বাংলাদেশি ঐতিহ্য বহন করে আসা এই ফলকটি মিশিগানে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্পট।

post
বাংলাদেশ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী উপসচিব আফরিন আক্তার।আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম ইউনিট সচিব অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ২ দিনের সফরে গতকাল বিকেলে ঢাকায় আসেন আফরিন আক্তার। তিনি সাংবাদিকদের বলেছেন, বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরা ও অন্যান্য ধরণের অপরাধ মোকাবিলাসহ সমুদ্র নিরাপত্তায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেছেন। আফরিন আক্তার আগামী বছরের শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেই বিষয়েও আলোচনা করেন।

post
টেক মেন্টর

বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্মকর্তাদের সাথে পিপলএনটেক ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

বাংলাদেশ ইনোভেশন ফোরাম আয়োজিত এক সেমিনারে মেন্টর এবং স্বেচ্ছাসেবক দের সাথে সাক্ষাৎ করেছেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির বাংলাদেশ প্রতিনিধি মাছুমা ভূইয়া ফারহা।৫ নভেম্বর শনিবার রাজধানীর কারওয়ান বাজার জনতা টাওয়ারে বেলা ১১ টায় বাংলাদেশ ইনোভেশন ফোরামের কার্যালয়ের সেমিনার হলে দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করা হয়।মতবিনিময় কালে পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট পিপলএনটেকের বিভিন্ন কোর্স সমূহ নিয়ে আলোচনা করেন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তির তথ্য , স্কলারশিপ এবং অন্যান্য সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরেন তিনি।এ-সময় শিক্ষার্থীদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির কোর্স ও কোর্স ফি সহ বিভিন্ন তথ্য চিত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা এবং ই-সফটের সিইও আরিফুল হাসান অপু, রাইজআপ ল্যাবস-এর সিইও এবং প্রতিষ্ঠাতা এরশাদুল হক এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের পরিচালক সৈয়দ মাহমুদ মুসা। উল্লেখ্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম একটি বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা যা বাংলাদেশের যুব ও উদ্ভাবকদের অগ্রগতি নিশ্চিত করতে কাজ করে।

post
বাংলাদেশ

প্রবাস জীবন ছেড়ে ৭৫ লাখ টাকায় মাল্টা বাগান করলেন লক্ষ্মীপুরের যুবক

ছোট থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লক্ষ্মীপুরের যুবক আজিম ভূঁইয়ার। প্রবাসজীবন ছেড়ে পাঁচ বছরের চেষ্টায় এখন তিনি একজন উদ্যোক্তা। তার বাগানে গাছ ভর্তি মাল্টা প্রমাণ করে তিনি সফল হয়েছেন। এই মৌসুমে তার বাগানে ফলন হয়েছে ২৫-৩০ হাজার কেজি মাল্টা। বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।আজিম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ শাহ নেওয়াজের ছেলে। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে তিনি জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে সাড়ে ৮ একর জমিতে বাগানটি করেছেন। জানা গেছে, আজিম এইচএসসি শেষ না করেই ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে যান। সেখান থেকে সাড়ে ৩ বছর পর দেশে ফিরে আসেন। ছোট বেলার স্বপ্ন পূরণ করতে ফলের বাগান দেওয়ার পরিকল্পনা করেন। পরিবারের সহযোগিতায় চরলক্ষ্মী এলাকায় তোফায়েল আহমেদ ও আলী দরবেশের কাছ থেকে ১০ বছরের জন্য সাড়ে ৮ একর জমি লীজ নেন। ২০১৭ সালের জানুয়ারিতে শুরু করেন ফলের চাষ। তিনি বাগানে মাল্টা, বরই, আম ও পেয়ারা গাছের চারা লাগান। এছাড়াও রয়েছে নারকেল, আপেল ও বাউকুল। আমের মধ্যে রয়েছে বারি-৪ ও হিমসাগর। আজিম এখন পরিবার নিয়ে বাগানেই বসবাস করেন। ছোট ভাই মোক্তার ভূঁইয়াসহ তিনি এখন বাগানটি দেখাশোনা করেন। তার বাগানে ১৫-২০ জন লোক প্রতিদিন কাজ করেন। প্রতিদিনই তার বাগানে বিভিন্ন এলাকার মানুষ গিয়ে ভিড় জমান। ফরমালিন মুক্ত রসালো মাল্টা কিনতে দূর-দূরান্ত থেকে হাজির হন অনেকেই। কৃষি বিপণন কর্মকর্তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বাগানটির সম্পর্কে জানতে পারেন। এছাড়া জেলা শহর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার থেকেও অনেকেই বাগানটি দেখতে ছুটে যান। আজিম জানান, বাগানটি শুরু করার সময় তার কোন অভিজ্ঞতা ছিল না। প্রথমে মাল্টার চারা লাগালে তা নষ্ট হয়ে যেত। তখন তার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়। তবে তিনি থেমে যাননি। ক্ষতিকে অভিজ্ঞতা হিসেবে রুপ দিয়েই নিজের মত করে বাগানে গাছ লাগিয়েছেন। এখন যদি কেউ মাল্টা বাগান করতে চায়, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ সহযোগিতা করতে চান। চলতি বছর গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তথ্য পেয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন বাগানটি পরিদর্শনে যান। পরে কৃষি বিভাগ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন এ কর্মকর্তা। ফরিদগঞ্জ থেকে আসা ৩ জন যুবক জানিয়েছেন, তারা কৃষি বিপণন কর্মকর্তার ফেসবুকে বাগানটির ছবি ও ভিডিও দেখেছেন। এজন্যই তারা বাগানটি দেখতে এসেছেন। এটি অনেক বড়। এ ধরণের বাগান তাদের এলাকাতেও কোথাও নেই। নিজ হাতেই তারা গাছ থেকে মাল্টা সংগ্রহ করে খেয়েছেন। আজিম ভূঁইয়া বলেন, স্বপ্ন অনেকটাই সফল হয়েছে। প্রায় ৭৫ লাখ টাকা এ বাগানে ব্যয় হয়েছে। পুরো টাকা উঠাতে অন্তত আরও কয়েক বছর কষ্ট করতে হবে। তবে আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে। বাগানে যারা আসেন, তারা নিজ হাতেই গাছ থেকে মাল্টা সংগ্রহ করেন। এখানে কোন ফলেই ফরমালিন বা বিষাক্ত কোন কিছু ব্যবহার করা হয় না। কৃষি অধিপ্তরের কর্মকর্তা ড. জাকির হোসেন প্রায়ই বাগানে এসে খোঁজ নিয়ে যান। এবার মাল্টা বিক্রিতে কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন অনেক সহযোগিতা করেছেন। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন বলেন, মেঘনা উপকূলীয় অঞ্চল হওয়ায় মাল্টা চাষ নিয়ে আমরা সন্দিহান ছিলাম। কিন্তু কয়েকজন কৃষক মাল্টা চাষে সফল হয়েছেন। বর্তমানে জেলায় ২০ হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। আজিম এবার প্রায় ২৫ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন। গত বছর তারা ১০ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পেরেছেন। তার বাগানে আম ও পেয়ারাও রয়েছে। সবমিলিয়ে কয়েক বছরের মধ্যেই আজিম লাভজনক অবস্থানে যাবেন বলে আশা করছি। বাগানটি বেকার তরুণদের জন্য আদর্শ। তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে বাগানে পানির সমস্যা হয়। এতে সেচের জন্য ডিফ ইরিগ্রেশন সিস্টেম স্থাপন করে দেওয়া হবে। এ ব্যাপারে প্রক্রিয়া চলমান। এটাই তাদের বড় চাহিদা। আজিমসহ ৩ জনের নাম বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য প্রস্তাব করেছি। সকল কাগজপত্র ঢাকায় মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি পরিশ্রমের মূল্যায়ন হিসেবে তারা কৃষি পদক পাবেন।

post
এনআরবি বিশ্ব

দুবাইয়ে তিন দিনব্যাপি বইমেলা শুরু হচ্ছে কাল

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে বইমেলা ও বঙ্গসাংস্কৃতি উৎসব। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। তিন দিনব্যাপি বইমেলা শুরু হচ্ছে শুক্রবার (৪ নভেম্বর)। ইতোমধ্যেই মেলার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে। প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত এই বইমেলা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলায় ঢাকা থেকে যোগ দিচ্ছে ৩০টি প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা। প্রবাসে অবস্থানরত কবি-সাহিত্যিকদের মানসম্মত বই যাচাই বাছাই করে মেলায় উপস্থাপনের জন্য জায়গা করে দেওয়া হচ্ছে। আগামী ৪, ৫, ও ৬ নভেম্বর আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে বইমেলা ও বঙ্গসাংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। এই বইমেলা নিয়ে বাংলাদেশের বইপাড়ায়ও শুরু হয়েছে তোরজোড়। মেলায় যেখানে ৫০টি স্টল বরাদ্দ রাখার কথা ছিল সেখানে চাহিদার কারণে স্টল সংখ্যা দাঁড়িয়েছে এখন ৭৩টি। মেলাটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ইতিমধ্যে মেলার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈচিত্রতা নিয়ে আসার জন্য একটি সৃজনশীল টিম অবিরাম কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক আয়োজনকে মনমুগ্ধ করে তোলার জন্য বাংলাদেশি ও পশ্চিম বাংলার শিল্পীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। কনস্যুলেট সুত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলার জন্য বইমেলা ছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। এই দিন মেলায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। মেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। সার্বিক বিষয়ে বি এম জামাল হোসেন বলেন, কনস্যুলেট প্রাঙ্গণে এই প্রথম তিন দিনব্যাপি বইমেলার আয়োজন করা হচ্ছে। বস্তুত, আমাদের উদ্দেশ্য মানসম্পন্ন লেখক তৈরি করা এবং পাঠক আগ্রহ সৃষ্টি করা। আমরা ইতোমধ্যে প্রবাসীদের থেকে সন্তোষজনক সাড়া পেয়েছি। বাংলাদেশ বইমেলা স্থায়ী প্রবর্ত্তন করা এবং আগামীতে এই মেলায় পরিসর আরও বাড়ানোর ও প্রতি বছর নভেম্বর করার পরিকল্পনা রয়েছে। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি সন্তোষজনক। সবকিছু ঠিক থাকলে কাল যথাসময়ে মেলার উদ্বোধন হবে। প্রেসক্লবা ইউএই সভাপতি শিবলী সাদিক বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বইমেলা প্রবাসীদের জন্য এক নতুন বার্তা। এই বইমেলার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নানা কিছু বহিঃবিশ্বে ছড়িয়ে পড়বে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রকাশ পাবে সৃজনশীলতা। বিনিময় হবে একাধিক দেশের সংস্কৃতি। তিনি আরও বলেন, বাঙালি বা বাংলাদেশি সংস্কৃতির বর্ণাঢ্য ইতিহাস প্রসঙ্গে জানতে পারবে বিশ্বের বিভিন্ন দেশের লোকজন। বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি প্রবাসী শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। সংযুক্ত আরব আমিরাতবাসীর মধ্যে সৃষ্টি হবে বাংলাদেশ প্রসঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমাদের প্রত্যাশা এই বইমেলা সফল হোক, সাথে আমাদের ভাবমূর্তিও উজ্জ্বল হোক।

post
এনআরবি বিশ্ব

চীনের চিয়াংশি ইউনিভার্সিটিতে 'স্টুডেন্ট ইউনিয়ন’ নির্বাচনে জয়ী দুই বাংলাদেশি শিক্ষার্থী

চীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে প্রথম অনুষ্ঠিত ‘ইন্টারন্যশনাল স্টুডেন্ট ইউনিয়ন’ এর প্রতিযোগিতামূলক নির্বাচনে দুই বাংলাদেশি শিক্ষার্থী জয়লাভ করেছেন।  মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং নির্বাচনের ফল ঘোষণা করেন।স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে জয়লাভ করা শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ ছাইয়েুদল ইসলাম এবং মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ আকবর হোসেন। মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন পদে এবং মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার পদে আগামী এক বছরে জন্য দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ ছাইয়েুদল ইসলাম চেয়ারপারসন পদের জন্য তিন প্রতিযোগীকে হারিয়ে এবং মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।ফলাফল ঘোষণার আগে স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক এ নির্বাচনটি দুই দফায় অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই এবং নির্বাচনী বক্তব্য উপস্থাপন করে। দ্বিতীয় ধাপে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে আগামী এক বছরের জন্য শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচন করে।

post
টেক মেন্টর

পিপলএনটেকের আয়োজনে ইস্টার্ন ইউনিভার্সিটিতে দু'দিন ব্যাপী 'মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং' ওয়ার্কশপ অনুষ্ঠিত

বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে ডিজিটাল মার্কেটিং আসলে কি? চলুন জেনে নেওয়া যাক, Digital Marketing হলো ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে রাজধানীর সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো "মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ"।১ ও ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির সিনিয়র ফ্যাকল্টি ও এসইও ফরহাদ হোসেন।একজন শিক্ষার্থী ডিজিটাল মার্কেটিং করে কিভাবে নিজের ক্যারিয়ার উন্নত করতে পারবেন এব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি। অনলাইন হতে টাকা ইনকাম সহ নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন আইটি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই ওয়ার্কশপে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রোফেসর ড. শাহিদ আখতার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. আব্বাস আলী খান, পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে মাশরুল হোসাইন খান লিওন বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশী আবুবকর হানিপ যিনি আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ২০১৯ সালে আমরা একটা জরিপে দেখেছি প্রথম তিন মাসে প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী ওয়াশিংটন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য গিয়েছে।তিনি বলেন, ‘ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং সিইও আবুবকর হানিপ ইতিমধ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ ঘোষণা করেছে, আমি ইস্টার্ন ইউনিভার্সিটি মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশীপের সুযোগ করে দিবো’।‘ওয়াশিংটন ইউনিভার্সিটি ও পিপলএনটেক থেকে একটা তথ্য আপনাদের দিতে চাই, অনেক শিক্ষার্থী আছেন ইংরেজিতে দক্ষতার সাথে কথা বলা বা বিভিন্ন প্রস্তুতির ঘাটতি থাকায় তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষে যেতে পারছেন না। কিন্তু ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য IELTS স্কোর ৫.৫ পয়েন্ট এবং ডুয়োলিঙ্গ ৯০ স্কোর নিয়ে আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে’।তিনি বলেন, যারা আইটিতে বিভিন্ন কোর্স নিয়ে যেতে চাচ্ছেন তাঁদের জন্য পিপলএনটেক প্রশিক্ষণের প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে এবং প্রশিক্ষণ শেষে আপনাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিবে।প্রধান অতিথির বক্তব্যে ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিদ আখতার হোসাইন আমেরিকার বুকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি গড়ে তোলায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও সিইও আবু বকর হানিপকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা রাখছি আমাদের ইউনিভার্সিটি থেকে অনেক শিক্ষার্থী তাঁর এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে, এবং সকল ধরনের সহযোগিতার জন্য পিপলএনটেক কে পাশে পাবেন বলে মনে করেন তিনি।দুদিন ব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী পরিচালক ফরহাদ হোসেন মল্লিক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির বিজনেস ডেভলপমেন্টের ব্যবস্থাপক নজরুল ইসলাম।

post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে বাংলাদেশি কারি শিল্প বিসিএ-র ১৬তম অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠিত

ব্রিটেনে বাংলাদেশি কারি শিল্পের বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৬তম অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) লন্ডনের পার্ক প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর রেস্টুরেন্ট ও টেকওয়ে থেকে নির্বাচিত সেরা দশটি ‘বেস্ট কারি হাউস’, সেরা দশ জন ‘শেফ অফ দ্য ইয়ার’, ৩টি ‘কমিউনিটি ওনার’, একটি ‘নিউ কামার’ ও একটি ইউরোপিয়ান রেস্টুরেন্টকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।কারি শিল্প নিয়ে বিসিএ’র ধারাবাহিক কাজের প্রেরণা ও সাফল্যগুলোকে ক্যাটারার্স ও কারি প্রেমীদের আরও কাছে নেওয়ার লক্ষ্যে এবারের অ্যাওয়ার্ডের ‘সেলিব্রেটিং সাকসেস অ্যান্ড ইন্সপায়ারিং আদারার্স’ স্লোগান নির্ধারণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সেক্রেটারি অব স্টেইট ফর ডিজিটাল, কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস মিশেল ডোনেলান। তিনি বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশি কারি শিল্পের চিহ্নিত সমস্যাগুলো আমি সরকারের সংশ্লিষ্টদের সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরব।যুক্তরাজ্যে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব না হলেও সরকার কারি ইন্ডাস্ট্রির সমস্যা ও দাবির বিষয়ে অবগত আছে। ব্রিটেনের অর্থনীতিতে অব্যাহত অবদান রাখায় কারি শিল্পের সংকট মোকাবিলার জন্য সরকার অত্যন্ত আন্তরিক।নিজেকে একজন বাংলাদেশি কারিপ্রেমী হিসেবে তুলে ধরে মিশেল ডোনেলান আরও বলেন, আমি বিশ্বাস করি এখানে আমার মতো উপস্থিত সকলেও নানা পদের কারি পছন্দ করেন এবং যা এদেশের খাবার সংস্কৃতি বিকাশেও অত্যন্ত গুরুত্ব বহন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও শেডো সেক্রেটারি অব স্টেইট ফর জাস্টিজ স্টিভ রীড ওবিই, স্যার স্টিপেন টিমস, স্যার গ্যারী স্ট্রিটার, পল স্কলি, রোশনারা আলী, রোড ক্যাডবারী, নীয়া গ্রেফথ প্রমুখ।বিশেষ অতিথির বক্তব্যে শেডো সেক্রেটারি অব স্টেইট ফর জাস্টিজ স্টিভ রীড ওবিই কারি ইন্ড্রাস্ট্রির অব্যাহত স্টাফ সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে স্টাফ আনার দাবির প্রতি সমর্থন জানান এবং বলেন, বাংলাদেশি কারি ব্রিটেনের প্রবৃত্তি ও খাবার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।স্টিভ রীড ওবিই ইন্ডাস্ট্রির সংকট সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে বলেন, লেবার পার্টির সদস্য হিসেবে আমি কারি শিল্পের সমস্যা সমাধানে কাজ করব। ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা দরকার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.