post
বিনোদন

শাকিব বিষয়ে মন্তব্য করার আগে ৫০ বার পানি খেতে হবে : অপু বিশ্বাস

কোনো বড়মাপের মানুষের বিষয়ে মন্তব্য করার আগে যদি ৫ বার পানি খাওয়া লাগে তবে শাকিব খানের বিষয়ে মন্তব্য করার আগে ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার বলে মনে করেন অপু বিশ্বাস।সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। অপু বিশ্বাস বলেন, শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা। আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। তাই তার বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার। কারণ উনি যে মানের নায়ক, যতটা শক্তিশালী নায়ক, তাকে সম্মান দেওয়ার জন্যও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে; সেখানে মন্তব্য করা তো অনেক দূরের কথা।

post
বাংলাদেশ

বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসা, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানি আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এখানে র‌্যাফেলস টাওয়ারের দ্বিপাক্ষিক সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী তাঁকে (শেখ হাসিনার) বলেন, তারা (কাতার) বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাতার থেকে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করে। ‘আমরা চাই আপনি জ্বালানি দিয়ে আমাদের সহায়তা করুন,’ তিনি তার সমকক্ষকে বলেন উদ্ধৃত করেন পররাষ্ট্রমন্ত্রী। জবাবে মোহাম্মদ বিন আবদুল রহমান বলেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কাতার বাংলাদেশের জন্য যতটা সম্ভব করবে। ২০২৩ সালের ফিফা বিশ্বকাপের পর কাতারে বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা সম্পর্কে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের সম্পদ এবং বন্ধু এবং কাতার তাদের যতটা সম্ভব তাদের দেশে রাখবে। পরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থলে সাক্ষাৎ করেন। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আলোচনায় আসে। প্রেস ব্রিফিং-এ ড. মোমেন বলেন, শেখ হাসিনা কাতার থেকে বৃহত্তর পরিমাণে জ্বালানি সংগ্রহের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন চুক্তি স্বাক্ষর করতে বলেছেন। কাতার থেকে এলএনজি আমদানির জন্য ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যমান ১৫-বছরের চুক্তিটি ২০৩২ সাল পর্যন্ত কার্যকর থাকবে, তবে, ২০২৫ সালের পরে বৃহত্তর পরিমাণে জ্বালানি পেতে একটি নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে, তিনি বলেন। মোমেন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দরদাম সংক্রান্ত সমস্যা ঠিকঠাক করে অবিলম্বে চুক্তিতে সই করতে বলেছেন। বাংলাদেশকে একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করে এবং যে দেশটি দুঃসময়ে কাতারের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে, তারা (কাতার) প্রতিশ্রুতি দিয়েছে যে চুক্তি স্বাক্ষরের সময় তারা কাতারের পক্ষে যত দূর সম্ভব সব ধরনের ছাড় দেয়ার কথা বিবেচনা করবে। এছাড়া র‌্যাফেলস টাওয়ারে কাতার ইকোনমিক ফোরামের ফাঁকে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে উদ্ধৃত করে মোমেন বলেন, বৈঠকে কাগামে শেখ হাসিনাকে বলেন, তিনি সবসময় বাংলাদেশের উন্নয়নের গল্প শোনেন এবং তিনি বাংলাদেশ সফর করতে চান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে নিয়ে খুব গর্বিত।’ রুয়ান্ডার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ এবং আপনি (শেখ হাসিনা) খুব ভালোভাবে দেশ পরিচালনা করছেন। আমি এটা দেখতে চাই।’ জবাবে প্রধানমন্ত্রী কাগামেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পল কাগামে বলেন, তিনি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে একটি সেতু তৈরি করতে চান, বিশেষ করে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করতে চান। সম্প্রতি রুয়ান্ডায় একটি বাংলাদেশি কোম্পানির ফার্মাসিউটিক্যাল কারখানা খোলার উল্লেখ কওে প্রেসিডেন্ট তার দেশে বিভিন্ন খাতে আরও বাংলাদেশি বিনিয়োগ আমন্ত্রণ জানান। শেখ হাসিনা পল কাগামের প্রশংসা করে বলেন, তার ভালো নেতৃত্বের কারণে আফ্রিকায় রুয়ান্ডা খুবই ভালো অবস্থানে রয়েছে। তিনি কাগামেকে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমস্যা তৈরি করেছে এবং যা বাংলাদেশ, রুয়ান্ডার মতো দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে। ‘আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, তবে, আমরা এই ধরণের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো,’ তাঁকে উদ্ধৃত করেন বলেন পররাষ্ট্র মন্ত্রী। শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করে কাগামে বলেন, সহযোগিতা জোরদার করার এখনই সময়।

post
বাংলাদেশ

দ্বাদশ সংসদ নির্বাচন সম্পূর্ণ করাই আওয়ামী লীগের এখন বড় চ্যালেঞ্জ

আবু জাকির ও হারুন উর রশিদ-  বাংলাদেশের প্রধান বিরোধীদলগুলোকে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক অথবা নূন্যতম অংশগ্রহণমূলক করাই এখন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।বর্তমান সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বক্তব্যে এখনও অনড় আওয়ামী লীগ। কিন্তু বর্তমান নির্বাচনি ব্যবস্থায় দেশের প্রধান দুটি রাজনৈতিক দল ইতিমধ্যে অনাস্থা প্রকাশ করেছে।অন্যদিকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ মূলক, অবাধ ও সুষ্ঠু দেখতে চায় বিদেশি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের বর্তমান ও পূর্বে কয়েক বছরের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টি নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। গেলো ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ২০১৯ সালের ১৪ জুলাই হুসাইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণ করেন তার ভাই জি এম কাদের। গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি হযবরল হতে পারে। আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনার জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে আবার ভালোর দিকেও যেতে পারে। তাই এবারের নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কে বেগ পেতে হতে পারে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবি পূরণ না হলে দলটি হরতাল (হরতাল) ও অবরোধের মতো আরও আক্রমণাত্মক কৌশল অবলম্বন করতে চায় বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি। এসব ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দল আন্দোলন চালিয়ে যাবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার তাদের দাবি না মানলে দলটি হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবে। গত রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক আলাপচারিতায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন-বিবৃতির প্রতি অসামাজিক অবস্থান ব্যক্ত করেন। কাদের জোর দিয়ে বলেন, এসব দলের নেতাদের বক্তব্য এবং তাদের বাস্তব কর্মকাণ্ডের মধ্যে চরম বৈষম্য রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার সময় ওবায়দুল কাদের জানান, বিএনপি ও জাতীয় পার্টির কার্যক্রম বা ঘোষণা নিয়ে আওয়ামী লীগ মাথা ঘামায় না। তার মতে, এই দলগুলোর নেতাদের দেওয়া বক্তব্য এবং তাদের প্রদর্শিত কর্মকাণ্ডের মধ্যে বৈষম্য আওয়ামী লীগকে তাদের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। ওবায়দুল কাদের দৃঢ়তার সাথে বলেছেন যে তার দল একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার নিজস্ব এজেন্ডায় মনোনিবেশ করছে। কাদের বিরোধী দল এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের উদ্বেগ মোকাবেলায় আওয়ামী লীগের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেছেন, গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখে এমন পরিবেশ গড়ে তোলার প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরে।

post
বিনোদন

বিবাহ এবং বিচ্ছেদ এগুলা জীবনের অংশ : সানাই মাহবুব

বিচ্ছেদকে স্বাভাবিক ব্যাপার মন্তব্য করে আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই বলেছেন, এগুলো জীবনেরই অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শনিবার এ কথা বলেছেন তিনি। এ পোস্টের কমেন্টে অনেকেই লিখেছেন, তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন সানাই? এই প্রশ্নে অবশ্য এখনও মুখ খোলেননি তিনি। ফেসবুকে সানাই লিখেছেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলা জীবনের অংশ। এবং সব দোষ যে মেয়েদেরই এমনটাও ভাবার কিছুই নাই।’ তিনি লিখেছেন, ‘স্বামী /স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খুজে লাভ কী? যাই হোক জীবন এমনই।’ এর আগে সম্প্রতি ফেসবুক লাইভে এসে তাকে নিয়ে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের সতর্ক করেন সানাই। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু সানাই মাহবুবের। পরে কাজ করেন মিউজিক ভিডিওতে। এক পর্যায়ে ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে সিনেমা দুটি মুক্তি পায়নি। ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সানাই সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে তার স্তনের আকৃতি বড় করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের পর ভক্তদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি। ২০১৯ সালে সাবেক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে আবার আলোচনায় আসেন। তবে শেষ পর্যন্ত গত বছর একজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে ঘর বাঁধেন তিনি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক সময় চর্চার কেন্দ্রে সানাইকে এখন তেমন একটা দেখা যায় না পর্দায়। ফেসবুক বা অন্য মাধ্যমেও আগের মতো আলোচিত কোনো কর্মকাণ্ড নেই তার। সানাই বেশ কিছুদিন আগে ঘোষণা দেন অনলাইনে শাড়ির ব্যবসার। স্বামী-সংসার, পারিবারিক ব্যবসা এসব নিয়েই সময় কাটছে তার।

post
বাংলাদেশ

৪১৫ যাত্রী নিয়ে জেদ্দায় পৌছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। স্থানীয় সময় রোববার (২১ মে) সকাল ৭টায় বিমানটি জেদ্দায় পৌঁছে। এ ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৫ জন। রোববার (২১ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (২০ মে) দিনগত রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।এর আগে রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের টার্মিনাল-২-এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩০০১। রোববার (২১ মে) আরও চারটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্য হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বহন করবে অর্ধেক। বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

post
বাংলাদেশ

চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট রোববার

৪১৯ জন যাত্রী নিয়ে চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট রোববার (২১ মে) ভোরে যাত্রা শুরু করবে । এ অবস্থায় হজযাত্রীদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নির্দেশনাগুলো হলো- ১. হজযাত্রীদের জেদ্দা বা মদিনাগামী ফ্লাইটের বোর্ডিং পাস ও সিকিউরিটি চেক-ইন এবং বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজক্যাম্প আশকোনা ঢাকায় সম্পন্ন হবে। সুতরাং প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই নির্ধারিত ফ্লাইটের কমপক্ষে ১০ ঘণ্টা আগে হজক্যাম্প আশকোনা ঢাকায় যাবতীয় ডকুমেন্টসসহ উপস্থিত হতে হবে। ২. ফিরতি হজ ফ্লাইটের হজযাত্রীকে নির্ধারিত হজ ফ্লাইটের কমপক্ষে ১০ ঘণ্টা আগে জেদ্দা হজ টার্মিনাল অথবা মদিনা এয়ারপোর্টে উপস্থিত হতে হবে।৩. প্রত্যেক হজযাত্রী ইকোনমি ক্লাসের জন্য সর্বাধিক ২টি ৪৬ কেজি (প্রতি পিস ব্যাগেজের সর্বোচ্চ ওজন ২৫ কেজি) এবং কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করতে পারবেন। ইনফ্যান্ট বা ২ বছরের নিচের যাত্রী সর্বোচ্চ ১০ কেজি মালামাল পরিবহনের সুবিধা পাবেন। ৪. গোলাকৃতি বা গাঁইট জাতীয় ব্যাগেজ বিমানে পরিবহন করা যাবে না। এ ছাড়া পাটের দড়ি দিয়ে বাঁধা ব্যাগ, কাপড়ে মোড়ানো ব্যাগ বহনে সৌদি সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। ৫. বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ প্রত্যেক হজযাত্রীকে ঢাকা বা চট্টগ্রাম অথবা সিলেটে আগমনের পর টোকেন প্রদর্শন সাপেক্ষে ৫ লিটার জমজমের পানির ব্যবস্থা করবে। সৌদি কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী হজযাত্রীর ব্যাগেজে পানি বহন করার ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। ৬. হাতব্যাগে কোনো ধরনের ধারালো বস্তু, ছুরি, কাঁচি, নেইল কাটার ও গ্যাস জাতীয় বস্তু, অ্যারোসল এবং ১০০ এমএলের বেশি কোনো তরল পদার্থ বহন করা যাবে না এবং কোনো প্রকার খাদ্য সামগ্রী নেওয়া যাবে না। ৭. প্রত্যেক হজযাত্রীকে বহন করা ব্যাগেজের ওপর নাম ও ঠিকানা সংবলিত স্টিকার লাগাতে হবে। যেখানে যাত্রীর নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নম্বর ইংরেজিতে উল্লেখ করতে হবে। ৮. নিরাপত্তাজনিত কারণে হজযাত্রীরা নিজস্ব মালামাল ছাড়া অন্য কারো মালামাল বহন করতে পারবেন না। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। এবার সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এ ছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

post
বিনোদন

গায়ক নোবেল আটক

গায়ক মাঈনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।তিনি জানান, নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আজ সকালে তাকে আটক করা হয়েছে। ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, 'নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।' ডিএমপি সূত্রে জানা গেছে, নোবেলকে আটকের বিষয়ে আজ দুপুর ২টায় তাদের পক্ষ থেকে ব্রিফ করা হবে।

post
বিনোদন

'শাকিবকে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল'

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক এখন সাপে-নেউলে। এবার শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বুবলী বলেছেন, ওই (শাকিব খান) নামটি আর আমি মুখে আনতে চাই না। এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে একটি ক্যাফে উদ্বোধন উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী এ কথা বলেন।গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের বিভিন্ন মন্তব্যের জবাবে বুবলী বলেন, ‘কিছুদিন পরপর উনি আমাকে আক্রমণ করছেন। ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কারণ আমার আত্মসম্মানবোধ সবার আগে।’শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে বুবলী বলেন, ‘উনি (শাকিব) বলেন, আমাকে না কি উনার বাসা থেকে বের করে দিয়েছেন। নিজের সন্তানের মাকে বাসা থেকে বের করে দেওয়া কী কোনো পুরুষের পুরুষত্ব। তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না।’শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, ‘আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি। এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না।’

post
বিনোদন

শাকিব খান থাকতে আমার কোনো টেনশন নেই: অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বুবলীকে ঘিরে শাকিবকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে বুবলীর সঙ্গেও চলছে তার কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে ভক্তদের গুঞ্জন উঠেছে— আবার শাকিব-অপু জুটি এক হচ্ছেন। বুবলী-শাকিবের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সম্প্রতি অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের প্রশংসা করেছেন। এতে অনেকে ধারণা করছেন দুজনের সম্পর্ক এখন ভালো। ফলে জোড়া লাগার সম্ভাবনাও প্রবল।অপু বিশ্বাস বলেছেন, সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ। তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। এবং সেটি শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয় ।  

post
বাংলাদেশ

বাংলাদেশের যে ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

দেশের ছয় বিভাগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে সম্ভাব্য ঝড়ের শক্তি হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেগুলো হলো— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে— ‘খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’ এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টির পূর্বাভাস আছে। আর উপকূলের কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে জন্য নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.