সাকিব আল হাসান কি মিরপুরে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন। অধিনায়ক শান্তর কাছে এমন এক প্রশ্নই উঠল সাংবাদিকদের পক্ষ থেকে। কারণটাও খুবই স্বাভাবিক। বেলায় বেলায় অনেকটা সময় ক্রিকেটের সঙ্গে পার করে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর তিনি নিজেই গত ওয়ানডে বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, ২০২৪ এর বিশ্বকাপ শেষেই বিদায় বলবেন টি-টোয়েন্টি ক্রিকেটকে।
দুই-দুই চার মেলালে দেশের মাটিতে এটাই সাকিবের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আর সেই শেষের সঙ্গে আছে অনেক প্রশ্ন। বিশ্বকাপে সাকিবকে কি ব্যাট হাতে আগের সেই কার্যকরী রূপে দেখা যাবে? চোখের সমস্যা নিয়ে ভুগছেন অনেকটা দিন। হেড পজিশন নিয়ে কথা হচ্ছে বারবার। এমন অবস্থায় বিশ্বকাপে সাকিব কি পারবেন দলের প্রত্যাশা পূরণ করতে?
বলা- না বলা সব প্রশ্নের জবাবই একসঙ্গে দিয়েছেন শান্ত, ‘শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলল কি না এই বিষয়ে আমি জানি না। বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপাবল এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যে টুর্নামেন্ট বা সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবে।’
