post
আন্তর্জাতিক

জয় ভীম স্লোগান দিয়ে ভারতের সংসদে হামলা

২২ বছর পর আবারো ভারতের সংসদে হামলা হয়েছে। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারি থেকে অধিবেশন কক্ষে লাফিয়ে পড়েন দুই যুবক। তাদের মুখে ছিল "স্বৈরতন্ত্র চলবে না" এবং "জয় ভীম" স্লোগান। যদিও বড় কিছু ঘটার আগেই সংসদের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাদের ধরে ফেলেন। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন জিরো আওয়ার চলার সময় এই ঘটনা ২২ বছর আগে সংসদে জঙ্গি হামলার স্মৃতি মনে করিয়ে দেয়। সংসদের ভিতরে- বাইরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেড এলার্ট জারি করা হয় পার্লামেন্ট চত্বরে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই ঘটনায় ওই দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনের একজনের নাম আমন শিন্ডে আর অপরজন হলেন নিলম সিনহা, তারা দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও হরিয়ানার বাসিন্দা।

post
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে পাস হয়েছে।বুধবার অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ১৯৩টি সদস্যের মধ্যে ১৫৩ রাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। এটাকে মানবিক যুদ্ধবিরতি হিসেবে বর্ণনা করছে জাতিসংঘ। যদিও এ প্রস্তাব মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তবে এই প্রস্তাবের রাজনৈতিক গুরুত্ব রয়েছে, এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বিশ্ব জনমত। অপরদিকে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রিয়াসহ ১০টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এছাড়া ব্রিটেন, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, এবং ইউক্রেনসহ ২৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

post
আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত অন্তত ২৪

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।হামলার শিকার এই পুলিশ স্টেশনটি পাকিস্তানের সামরিক বাহিনী ঘাঁটি হিসেবে ব্যবহার করত। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। অবশ্য আল জাজিরার প্রতিবেদনে নিহতের সংখ্যা কমপক্ষে ২০ জন বলে জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র লোকেরা উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করেছে বলে একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের দারাবনে এই হামলার ঘটনা ঘটে। আল জাজিরা বলছে, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এখনও গুলির শব্দ শুনতে পাচ্ছি।’ অন্যদিকে দুজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ স্টেশনে হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। মূলত এই পুলিশ স্টেশনকে পাকিস্তান সেনাবাহিনী বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে থাকে। একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘মৃতদের অনেকেই ঘুমন্ত অবস্থায় এবং বেসামরিক পোশাকে থাকা অবস্থায় নিহত হয়েছেন। তাই আমরা এখনও খতিয়ে দেখছি যে, তারা সবাই সেনা সদস্য কিনা।’

post
আন্তর্জাতিক

রোমানিয়ায় বাংলাদেশীসহ ১০৪ নাগরিক আটক

বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ১০৪ নাগরিককে আটক করেছে রোমানিয়া। অবৈধ অভিবাসনের সময় হাঙ্গেরি সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সীমান্ত পুলিশ।আটককৃতদের মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া ইরাক, ইথিওপিয়া, ইরান ও আফগানিস্তানের নাগরিকেরাও রয়েছে।দেশটির সীমান্ত পুলিশের বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে,রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পরিচালিত একটি অভিযানে লুকিয়ে থাকা অবস্থায় তাদের খুঁজে পায় পুলিশ।আটককৃতরা আরাদ অঞ্চলের নাদলাক-২ বর্ডার পয়েন্টে তিনটি ট্রাক এবং একটি ভ্যানে লুকিয়ে ছিলেন। তারা পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় সীমানা অতিক্রম চেষ্টার অভিযোগে বিচারিক তদন্ত শুরু করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে ইউরোপের এ দেশটি।

post
আন্তর্জাতিক

জাল ভিসা তৈরির অভিযোগে বিদেশি স্ত্রীসহ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশি এবং তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে,জহুরবারু ইমিগ্রেশন পুলিশ।রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অপস সেরকাপ নামে অভিযান পরিচালনা করে। এ সময় পাসির গুদাংয়ের একটি স্বল্প দামের ফ্ল্যাটে নকল ভিসা বানানোর সরঞ্জাম ও পাসপোর্টসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজন এজেন্টকে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে,অভিযানের সময় একটি আলমারিতে লুকিয়ে রাখা বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের ১৩টি পাসপোর্ট ও নগদ ৩৪ হাজার ৯৮৩ রিঙ্গিত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রধান টার্গেট ছিল বিদেশিরা,প্রধানত বাংলাদেশের নাগরিক, যাদের ওয়ার্ক পারমিট নবায়ন ও লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম এ নিবন্ধন করতে প্রতিটি আবেদনে ২ হাজার ৫০০ রিঙ্গিত থেকে ৩ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এই চক্রটি।

post
আন্তর্জাতিক

কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত বৈধ: সুপ্রিম কোর্ট

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারে দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সোমবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার ২০১৯ সালে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সুপ্রিম কোর্ট তা বৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেখানে রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতা লাভের পর থেকে গত ৭৫ বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশি পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে।২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার।  পাশাপাশি জম্মু-কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে জম্মু-কাশ্মির এবং লাদাখ নামে কেন্দ্রশাসিত দুটি অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়।পরে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এক ডজনের বেশি আবেদন করা হয়। সোমবার এই আবেদনের শুনানি শেষে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে রায় ঘোষণা করেছেন।

post
আন্তর্জাতিক

গাজায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে প্রায় অর্ধেক মানুষ

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে সেখানকার প্রায় অর্ধেক মানুষ। জাতিসংঘ বলছে, প্রয়োজনীয় সরবরাহের অল্প কিছু অংশই গাজা উপত্যকায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। সেখানে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই প্রতিদিন খাবার পাচ্ছে না। গাজার বর্তমান পরিস্থিতির কারণে সেখানে ত্রাণ সামগ্রী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে,গাজায় হামাসকে নির্মূল করতে এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে বিমান হামলা চালিয়ে যাওয়া হবে।

post
আন্তর্জাতিক

ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি সোনার বারসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সকালে বিজি ২৪৮ ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এসব তথ্য জানান। এক প্রশ্নের জবাবে আবদুর রউফ বলেন, সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ২৬ কোটি টাকার ৩৪ কেজি ১৫ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোনা চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, গত আড়াই বছরে ৪৬০ কেজি ৪৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে গত দুই অর্থবছরে ৩৮৩ কেজি ১২৫ গ্রাম এবং চলতি অর্থবছরে এখন পর্যন্ত জব্দ করা হয়েছে ৭৭ কেজি ৩২ গ্রাম স্বর্ণ।

post
আন্তর্জাতিক

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত, বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আবারও স্থান পেয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের জন্য প্রকাশিত এ তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। ২০২২ সালেও ফোর্বসের এই তালিকায় ছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়,তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাই নয়,তিনি সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তালিকার প্রথমে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, দ্বিতীয় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

post
আন্তর্জাতিক

বাংলাদেশে সৌদিআরবের বিনিয়োগ, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের যে কোন প্রয়োজনে সৌদি আরবকে সবসময় কাছাকাছি পেয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে বেসরকারি গ্লোবাল অপারেটর আরএসজিটিআই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধুপ্রতীম এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার । বাংলাদেশের জনগণের প্রতি তাদের রয়েছে গভীর শ্রদ্ধা ও আস্থা। তিনি বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ও জি২জি ভিত্তিতে সৌদি সরকার মনোনীত বেসরকারি গ্লোবাল অপারেটর আরএসজিটিআই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য কনসেশন চুক্তি স্বাক্ষর হলো। এই প্রকল্পটি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী এবং টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কনসেশন চুক্তি অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি এবং অটল অঙ্গীকারের উদাহরণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, এটি দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র আরও জোরদার করবে।পতেঙ্গা কনটেইনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতিঘর। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং নিরবচ্ছিন্ন বাণিজ্য সহজতর করার পাশাপাশি কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা সৃষ্টির পথও সুগম করবে। এটি বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে ।শেখ হাসিনা বলেন, আরএসজিটিআই আগামী ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে। আরএসজিটিআই যে সুনামের সঙ্গে জেদ্দা পোর্ট টার্মিনালসহ অন্যান্য টার্মিনাল পরিচালনা করছে, সেই দক্ষতা ও প্রযুক্তিজ্ঞান কাজে লাগিয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.