post
আন্তর্জাতিক

দিল্লিতে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি, ফ্লাইট-ট্রেন চলাচল ব্যাহত

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এতে করে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এমনকি কয়েক হাত দূরের জিনিসও ঠিক ভাবে দেখা যাচ্ছে না। একইসঙ্গে কনকনে ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও চলছে সেখানে। এতে করে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সড়ক ও রেলপথে চলাচল। আর ঘন কুয়াশার জেরে শতাধিক ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পরে দিল্লি বিমানবন্দরে ১১০ টিরও বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সেখানে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে গেছে। এর ফলে সড়ক পথে যানবাহনের চলাচল ও রেল পরিষেবাও ব্যাহত হয়েছে। এদিকে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া অফিস দেশটির জাতীয় রাজধানীতে ‘খুব ঘন কুয়াশা’ পড়ার বিষয়ে লাল সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে দিল্লিগামী ২৫টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে বলে দেশটির নর্দার্ন রেলওয়ে জানিয়েছে।

post
আন্তর্জাতিক

তুলে নেওয়ার পর সেনা হেফাজতে ৩ জনকে হত্যা, ক্ষোভে ফুঁসছে কাশ্মির

ভারতশাসিত কাশ্মিরে সেনাবাহিনীর হেফাজতে ৩ বেসামরিক নাগরিককে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ওই তিনজনকেই ভারতীয় সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছিল। পরে সেনা হেফাজতেই মৃত্যু হয় তাদের।এই ঘটনায় কাশ্মিরে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে হেফাজতে হত্যার তদন্তের আহ্বানও জানিয়েছেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতশাসিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের মারাত্মক আক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরের তিন বেসামরিক নাগরিককে তুলে নিয়ে যায়। পরে সেনা হেফাজতে ওই নাগরিকের মৃত্যু উপত্যকাটির মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা হেফাজতে হত্যার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছেন।আল জাজিরা বলছে, মোহাম্মদ শওকত, সাফির হুসাইন এবং শাবির আহমদ নামে তিনজনকে গত শুক্রবার সকালে কাশ্মিরের পুঞ্চ জেলার পাহাড়ি টোপা পীর গ্রাম থেকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলার একদিন পর তাদের আটক করা হয়। ওই হামলায় কমপক্ষে পাঁচজন ভারতীয় সেনা নিহত হন। নিহত ওই তিন ব্যক্তির পরিবার বলছে, আটকের পর শুক্রবার পুলিশ তাদের স্বজনদের লাশ ফিরিয়ে নিতে ডাকার পরে তারা হতবাক হয়ে যায়। সাফির হুসাইনের ভাই নূর আহমেদ আল জাজিরাকে বলেছেন, ‘তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। এটা কোন ধরনের ন্যায়বিচার? তিনি অত্যাধিক নির্যাতনের কারণে মারা গেছেন।’

post
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাবে পক্ষে যেতে পারে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। এবারের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘পক্ষে’ ভোট দিতে পারে। পক্ষে না গেলেও অন্তত ভোট দান থেকে বিরত থাকতে পারে দেশটি।সোমবার এ ভোট হওয়ার কথা ছিল। সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এ প্রস্তাবে বলা ছিল, ‘গাজায় তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধ করতে হবে, জিম্মিদের বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং গাজার সাধারণ মানুষের কাছে বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।’তবে সোমবার ভোট স্থগিত করা হয়। মূলত যুক্তরাষ্ট্র যেন নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেয়— সেজন্য নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশগুলোর কূটনীতিকরা মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসেন।বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবটির ভাষায় পরিবর্তন আনার দাবি জানিয়েছে। গাজায় হামলা বন্ধের বদলে ‘হামলা স্থগিত’ রাখার মতো শব্দ ব্যবহার করতে চাইছে তারা। আর এ বিষয়টি নিয়েই আলোচনা চলছে। যেন যুক্তরাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দেয়— পক্ষে না গেলেও অন্তত যেন ভোট দানে বিরত থাকে।গত ৯ ডিসেম্বর গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। কিন্তু সেটিতে সঙ্গে সঙ্গে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। এতে ইসরায়েল খুশি হলেও; বিশ্বের অন্যান্য দেশগুলো মার্কিনিদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। যুক্তরাষ্ট্রের সেই ভেটোর পর গাজায় বর্বরতা বৃদ্ধি করে দখলদার ইসরায়েলি সেনারা। তবে বিশ্বের অন্যান্য দেশগুলো যুদ্ধবিরতির পক্ষে সরব হওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

post
আন্তর্জাতিক

রাখাইন রাজ্য বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে অঞ্চলটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পাশাপাশি প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া শহরটির দখল নেওয়ারও দাবি করেছে তারা। রোববার এক বিবৃতিতে জানিয়েছে, রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৫টিতেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে।মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্য ও চিন রাজ্যের পালেতওয়ার ওপর নিজেদের নিয়ন্ত্রণ ঘোষণা করে। এমনকি জান্তা বাহিনীর কাছ থেকে ১৪২টি সেনাঘাঁটি দখল করে নিয়েছে বলে দাবি তাদের। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, তারা গত ৪৫ দিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে টানা যুদ্ধ করে যাচ্ছিল। শেষমেশ তাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে রাখাইনের রাজধানী সিতওয়ে থেকে পিছু হটে জান্তা। পরে রাজ্যটির আরও ১৫টি শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। পাশাপাশি পালেতওয়া শহরের ১৭টি গুরুত্বপূর্ণ স্থানের দখল নেয় তারা।তবে রাখাইনের বেশির ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও ম্রউক উ, পাকতাও ও মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। গত বুধবার ম্রউক উ শহরের কোয়ে থাউং প্যাগোডার কাছাকাছি আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আরাকান আর্মির ওপর বিমান হামলা শুরু করে জান্তা বাহিনী।চলতি সপ্তাহে মংডু ও পাকতাওয়ে শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর বাইরে পালেতওয়ায় জান্তা বাহিনীর প্রধান ঘাঁটিতেও হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি। এমনকি পালেতওয়ার ত্রাউনাইং ও নোনে বু দুর্গ থেকে জান্তা বাহিনীকে তাড়িয়ে দিয়েছে তারা।ইরাবতী বলছে, জান্তা বাহিনীর বিরুদ্ধে শুধু রাখাইনেই নয়, জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমারজুড়েই বেশ সাফল্য লাভ করছে। শান প্রদেশের একটি বাণিজ্য কেন্দ্র দখল করেছে জাতিগত সংখ্যালঘু যোদ্ধারা। কয়েক দিন আগে চীন অস্থায়ী যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার আশ্বাস দেওয়ার পর গত শনিবার এ ঘোষণা দেয় সংখ্যালঘু যোদ্ধারা।মিয়ানমার আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির গঠিত জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গত অক্টোবরের শেষদিকে যৌথ আক্রমণ শুরু করে। তারপর থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শানে সংঘর্ষ শুরু হয়।থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বলছে, তারা চীনের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান ও সীমান্ত কেন্দ্রগুলো দখল করেছে। বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে এটাই জান্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ।

post
আন্তর্জাতিক

ভারতে আরও ৭৯ এমপি বরখাস্ত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে ‘রং বোমা’ হামলার ঘটনায় হট্টগোল ও উদ্ধত আচরণের অভিযোগে নজিরবিহীন এক পদক্ষেপে আরও ৭৯ এমপিকে বরখাস্ত করা হয়েছে। সোমবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভা থেকে তাদের বরখাস্ত করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার ১৪ এবং উচ্চকক্ষ রাজ্যসভার একজন এমপিকে বরখাস্ত করা হয়। ফলে এ নিয়ে দেশটির সংসদের উভয়কক্ষ থেকে প্রায় ১০০ জন এমপিকে বরখাস্ত করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার লোকসভার ৩০ জন রাজ্যসভার ৩৫ এমপিকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে লোকসভার ৩ জন এবং রাজ্যসভার ১১ জন এমপিকে রাখা হয়েছে ‘বিশেষ’ জোনে। পার্লামেন্টের প্রিভিলেজ কমিটির প্রতিবেদন আসার পর এই ১৪ এমপির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।সোমবার বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের অন্যতম মুখপাত্র অধীর রঞ্জন চৌধুরী এবং উপনেতা গৌরব গগৈও রয়েছেন এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও রয়েছেন।গত ১৩ ডিসেম্বর লোকসভায় অধিবেশন চলাকালে স্থানীয় সময় দুপুর ১টার দিকে সেখানে ঢুকে রং বোমা ছোড়েন দুই যুবক। কেউই এ ঘটনায় হতাহত হয়নি, তবে গোটা অধিবেশন কক্ষে এ সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লামেন্টে জঙ্গি হামলা হয়েছে— এই আতঙ্কে অনেক এমপি ছোটাছুটি শুরু করেন।হামলাকারী দুই যুবক এবং তাদের সহযোগীদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই ঘটনার জের ধরে পার্লামেন্টের বিরোধী দলীয় এমপিরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র জবাবদিহিতা চান এবং দাবি করেন, অমিত শাহকে পার্লামেন্ট অধিবেশনে এ ব্যাপারে বক্তব্য দিতে হবে।এই দাবির পক্ষে অধিবেশনের সভায় হট্টগোলের প্রতিবাদে গত শনিবার ১৩ এমপিকে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করেছিলেন ওম বিড়লা। তারই ধারবাহিকতায় আজ সোমবার এই ৩০ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।পার্লামেন্টের সূত্রে জানা গেছে, অমিত শাহর জবাবদিহিতা চেয়ে শনিবার অধিবেশন চলাকালে এই এমপিরা ব্যাপক হট্টগোলের পাশাপাশি প্ল্যাকার্ড প্রদর্শনও করেছিলেন। এই ব্যাপারটিকে আমলে নিয়েই এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার এক ভাষনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বোমা হামলার এই ঘটনায় পার্লামেন্টে ক্ষোভ প্রকাশ না করে তদন্তের দাবি তোলা উচিত বিরোধী এমপিদের।

post
আন্তর্জাতিক

সুয়েজ সংকট বিশ্ব অর্থনীতির জন্য হুমকি

গাজা থেকে শত শত মাইল দূরে অবস্থিত সুয়েজ খাল। এই খালের মাধ্যমেই লহিত সাগর দিয়ে ভূমধ্যসাগরের দিকে জাহাজ চলাচল করে, যা দূরত্ব কমিয়েছে এশিয়া ও ইউরোপের মধ্যে। কিন্তু ইসরায়েল ও হামাসের সংঘাতে নতুন সংকট তৈরি হয়েছে সুয়েজ খালে, যা বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। বিশেষ করে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে।গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই পদক্ষেপ নিয়েছে ইয়েমেনের হুথি। এই ঘটনাকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বরের পর পাঁচটি বড় কন্টেইনার শিপিং কোম্পানি লহিত সাগরে তাদের কার্যক্রম বন্ধ করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে নেভাল কার্যক্রম জোরালো করেছে। লহিত সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক করতে তারা হুথির বিরুদ্ধে অভিযানও পরিচালনা করতে পারে।আফ্রিকা ও আরব পেনিনসুলাকে আলাদা করেছে বাবএলমান্দেব প্রণালী। যেখান দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্য ও ৩০ শতাংশ কন্টেইনার ট্রাফিক সম্পন্ন হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে হুথির হামলার কারণে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।১৫ ডিসেম্বর একটি জাহাজে হামলার হুমকি দেয়, একটিতে হামলা চালানো হয় ড্রোন দিয়ে, পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলাও। যেসব জাহাজে হামলা চালানো হয় তার সবগুলোই ছিল লিবারিয়ান পতাকাবাহী। ১৬ ডিসেম্বর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ক্যারনি লহিত সাগরের ওপর থেকে অন্তত ১৪টি ড্রোন ভূপাতিত করে। ব্রিটিশ যুদ্ধজাহাজও একটি ড্রোন ধ্বংসের দাবি করে।জাহাজ বিকল হয়ে যাওয়া ও ক্রুদের হতাহতের আশঙ্কায় চাপে পড়েছে শিপিং কোম্পানিগুলো। ১৫ ডিসেম্বর মারস্ক ও হ্যাপাগ-লয়েড তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে। এরপর সার্ভিস বন্ধ করে সিএমএ সিজিএম ও এমসসি। বলা হয়েছে, লহিত সাগর নিরাপদ না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম বন্ধ রাখবে এবং কিছু জাহাজকে কেপ অব গুড হোপ দিয়ে পরিচালনা করা হবে।সার্ভিস বন্ধ করা এই চারটি কোম্পানি বিশ্বের কন্টেইনার বাণিজ্যের ৫৩ শতাংশ নিয়ন্ত্রণ করে। এখন ছোট ছোট কোম্পানি যেমন ড্রাই বাল্ক ও অয়েল ট্যাঙ্কারস তাদের অনুসরণ করতে পারে বলেও মনে করা হচ্ছে।সুয়েজ সংকটকে কেন্দ্র করে তাৎপর্যপূর্ণ দুইটি সমস্যা সামনে আসছে। একটি হলো বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব। আর অন্যটি হলো মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি। মিশরের আয়ের অন্যতম উৎস হলো সুয়েজ খাল থেকে রাজস্ব আয় । আগে থেকেই দেশটি অর্থনৈতিক সংকটে রয়েছে। যদিও ইসরায়েল এই পথে মাত্র পাঁচ শতাংশ বাণিজ্য সম্পন্ন করে। কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে বৈশ্বিক অর্থনীতি। কারণ এই পথে জাহাজ চলাচল বন্ধ হলে আফ্রিকার পথ দিয়ে দীর্ঘ পথ ঘুরে শিপিং কার্যক্রম চালাতে হবে। এত বেড়ে যাবে সময় ও খরচ। ২০২১ সালে সুয়েজ খালে একটি জাহাজ ছয়দিন ধরে আটকে ছিল। এতে ব্যাহত হয় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা।বর্তমান বাস্তবতায় হুথি বিদ্রোহীরা বিভিন্নভাবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে তাদের দমন করার প্রক্রিয়া জটিল। বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েলের মৃত্যু চায়। গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ সচল না করা পর্যন্ত ইসরায়েলগামী জাহাজে হামলার ঘোষণা দিয়েছে তারা। কিন্তু সম্প্রতি নির্বিচারে অর্থাৎ লহিত সাগরের যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি। এতে হুমকিতে পড়েছে বৈশ্বিক অর্থনীতি।

post
আন্তর্জাতিক

কুয়েতের নতুন আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ

কুয়েতের নতুন আমির হিসেবে শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহর (৮৩) নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর এ ঘোষণা করা হয়।শেখ মিশেল শেখ নাওয়াফের সৎভাই । ৮৬ বছর বয়সী আমির শেখ নাওয়াফের মৃত্যুর কারণ জানানো হয়নি। গত মাসে অসুস্থ হয়ে পড়ায় জরুরিভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন শেখ নাওয়াফ। ২০২১ সালে তিনি শেখ মিশেলের হাতে বেশির ভাগ দায়িত্ব তুলে দেন। সে বছরই কুয়েতের পরবর্তী আমির হিসেবে তাঁকে মনোনীত করা হয়। কুয়েতের সংবিধান অনুযায়ী, যুবরাজ শেখ মিশেল দেশটির পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্য দিয়ে আমির হিসেবে ক্ষমতায় বসবেন। নিজের উত্তরসূরি ঘোষণার জন্য সর্বোচ্চ এক বছর সময় পাবেন তিনি। এদিকে শেখ নাওয়াফের মৃত্যুর পর কুয়েতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরগুলো তিন দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ নাওয়াফকে ‘বন্ধু’ অভিহিত করেছেন। আর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বলেছেন, শেখ নাওয়াফ একজন ‘বিজ্ঞ নেতা’ ছিলেন।শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর এ দায়িত্ব পান তিনি। এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়।

post
আন্তর্জাতিক

মারা গেছেন কুয়েতের আমির শেখ নাওয়াফ

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল-সাবাহ মারা গেছেন। শনিবার কুয়েতের রাজ দরবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬।কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 'কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ'র মৃত্যুতে শোক সংবাদ প্রকাশ করছি।' রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বন্ধ রেখে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে তার মৃত্যুর খবর সম্প্রচার করা হয়। কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা'র তথ্য মতে, গত নভেম্বরে অসুস্থতার জন্য শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়া হয়। যদিও পরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার কথা জানানো হয়েছিল। ২০০৬ সালে কুয়েতের আমিরের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর– ২০২০ সালে কুয়েতের নতুন আমিরের দায়িত্ব নেন নওয়াফ। দায়িত্ব নেওয়ার পরই ২০২০ সালে তেলের দাম হ্রাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকে মোকাবেলা করতে হয়েছিল তাঁকে। কুয়েতে একটি শক্তিশালী সংসদীয় ব্যবস্থা আছে। শাসক রাজপরিবার মন্ত্রিপরিষদে মন্ত্রী নিয়োগের ক্ষমতা সংরক্ষণ করে। নানান বিষয়ে আইনপ্রণেতাদের সাথে রাজ পরিবারের মতপার্থক্য এ পার্লামেন্টের অগ্রগতি কমিয়ে দিচ্ছে এবং বিনিয়োগকারীদের অস্বস্তিতে ফেলছে। একে একে সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়ায়– কুয়েতে গত বছরে পাঁচটি ভিন্ন মন্ত্রিসভা হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিকে স্থগিত করেছে, উন্নয়ন প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছে এবং অবকাঠামো ও শিক্ষাকে খারাপ অবস্থায় ফেলেছে, যা জনগণকে অসন্তুষ্ট করে। কুয়েতের সাবেক শাসক শেখ আহমদ আল-জাবের আল-সাবাহ-এর পঞ্চম পুত্র শেখ নাওয়াফ জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালে। মাত্র ২৫ বছর বয়সে হাওয়ালি প্রদেশের গভর্নর হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ১৯৭৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন, পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

post
আন্তর্জাতিক

ইরানে হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে এ হামলা চালান বিদ্রোহী বালুচ যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিষয়টি নিশ্চিত করে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহেমতি বলেন, তেহরানের দক্ষিণপূর্বাঞ্চল থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত রাস্ক শহরে বিদ্রোহী বেলুচ যোদ্ধাদের গুলিতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সেনারা নিহত হয়েছেন। তাছাড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। এই হামলার জন্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত প্রতিবেদনে জইশ আল-আদল নামক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এর আগে ওই গোষ্ঠী একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যা করেছে।ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। এছাড়া দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ জনপ্রিয়। জইশ আল আদিলের দাবি, বেলুচিস্তানের জনগণের স্বাধীকার ও জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করছে তারা। গত কয়েক বছরে সিস্তান বেলুচিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

post
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা চলবে:নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান আরও কয়েক মাস চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে এক বৈঠকে চলমান এই যুদ্ধ সম্পর্কে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।বৈঠক শেষে এক বিৃবতিতে নেতানিয়াহু বলেন, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই চলমান এই অভিযানের একমাত্র লক্ষ্য। আমি আমার মার্কিন বন্ধুকে জানিয়েছি, আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেবো না। যে সেনা জওয়ানদের আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লড়াই চালিয়ে যেতে হবে।’‘অর্থাৎ স্পষ্টভাবে বললে, হামাসকে সম্পূর্ণভাবে শেষ না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে এবং এতে আরও কয়েক মাস সময় লাগবে।’ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় হতাহত ফিলিস্তিনিদের নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন জ্যাক সুলিভান। উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের হার হ্রাস করতে অভিযানের পদ্ধতি পরিবর্তনেরও আহ্বান জানান তিনি। তবে সেই আহ্বান নাকচ করে দিয়ে নেতানিয়াহু বলেন, বর্তমানে যে পদ্ধতিতে অভিযান চলছে, আপাতত তাতে পরিবর্তন আনা সম্ভব নয়।’গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন প্রায় ১৯ হাজার বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর হার ৭০ শতাংশ।গত প্রায় আড়াই মাস ধরে চলা যুদ্ধে সহায় সম্বল হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অভিযান বন্ধের জন্য দিন দিন ইসরায়েলের ওপর বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ।যতই কূটনৈতিক চাপ থাকুক, গাজায় অভিযান এখনই বন্ধ হবে না,বলেছেন নেতানিয়াহু।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.