৭ জানুয়ারী বাংলাদেশের নির্বাচন: সিইসির তফসিল ঘোষনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এসময় অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে, দেশবাসীকে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণের আহবান জানান সিইসি। দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিলে ঘোষণার জন্য অপেক্ষা ছিলো বুধবার দিনভরই।বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, বিকেলে কমিশনে বৈঠকে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন।বিকেলে তফসিল বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসে সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশনররা। পরে সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন ভবন থেকে সরাসারি জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমার শেখ তারিখ ৩০ নভেম্বর। প্রার্থী যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। দ্বাদশ সংসদ নির্বাচনে দেশবাসীকে একটি পরিচ্ছ্ন্ন ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার করেন সিইসি। তফসিল ঘোষণাকালে সিইসি জানান, সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রয়োজন হবে। কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চাইলে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র লাগবে। অবশ্য কেউ অতীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করে থাকলে এই বাধ্যবাধকতা থাকবে না।
