post
সংবাদ

এবার মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম

আবার বন্ধ করে দেওয়া হলো মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে এবার মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে শুধু মোবাইল নেটওয়ার্কে। এছাড়া মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রাম অ্যাপও বন্ধ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। এখন মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুক ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়। বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির বেশি। ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে।

post
সংবাদ

শোককে শক্তিতে পরিণত করে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শোককে শক্তিতে পরিণত করে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনায় মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর দর্শন ছিলো সবার থেকে ভিন্ন। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে ও বিদেশে সবাইকে এগিয়ে যাওয়ার আহবান জানান মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
সংবাদ

হজ যাত্রীদের ভাড়া কমানোর বিষয়ে আলোচনা করা হবে

হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে, বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান।এসময় তিনি বলেন, সরকারের লক্ষ্য যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করা। বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা আন্তর্জাতিক ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালিত করবে ইউএস-বাংলা। ২০১৪ সালে যাত্রার পর অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও বিশ্বের ১৩টি গন্তব্যে যাচ্ছে দেশের বৃহৎ এ বেসরকারী প্রতিষ্ঠানটির বিমান।

post
সংবাদ

রাজধানীতে নিরাপত্তা জোরদার

জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের পরে যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, নির্বাহী আদেশে বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

post
শিক্ষা

এইচএসসির সব পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট নতুন সূচি

এইচএসসির সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে। সেটিও স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলো নিতে যতদিন সময় লাগবে পরীক্ষার ফলাফল প্রকাশে ততদিন দেরি হবে।

post
সংবাদ

নোয়াখালীতে প্রবাসীর বাড়ীতে হামলা-লুটপাট

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামের ওমান প্রবাসী আফসার উদ্দিনের বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ভূক্তভোগী পরিবারটি।জানা যায়, প্রবাসী আফসার উদ্দিনের সাথে একই বাড়ির খোরশেদ আলমের পূর্ব বিরোধ ছিলো। এর জের ধরে খোরশেদ আলমের নেতৃত্বে আফসারের বসত ঘরে দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। হামলায় তার স্ত্রী, ভাই, ভাবি ও ভাতিজাসহ অন্তত ৮ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় আফসারের বড় ভাই জাকের হোসেন বাদি হয়ে খোরশেদসহ ১২ জনের নাম উল্লেখ করে, নোয়াখালী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমকে পাওয়ায় যায়নি। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

post
সংবাদ

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি আমিরাত

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর চাউর হয়েছে সেটি ‘গুজব’।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কিছু সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাউর হয়েছে। কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেই সাথে ৫৭ জনকে সাজা দেওয়ার খবরও প্রচার হয়।

post
সংবাদ

ভিক্ষু‌কের জা‌তিতে প‌রিণত কর‌তে এই হামলা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব‌লে‌ছেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হল আর কিছুই না বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটা বোধহয়, এর পেছনের ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক।শনিবার (২৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটর) হাসপাতালে গিয়ে এ কথা বলেন তি‌নি। সেখানে তিনি গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অপরাধটা কী করেছি? আমার কি এটাই অপরাধ, মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি। আর সেই জায়গাগুলোতেই হামলা করতে হবে।’ তিনি বলেন, ‘আজকে এতগুলো মানুষের জীবনের ক্ষতি হলো, এতোগুলো পরিবারের ক্ষতি হল, এর দায়দায়িত্ব কাদের? তাদের বিচার এই দেশের মানুষের করতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যখন বাংলাদেশকে একটা জায়গা নিয়ে আসলাম। সেখানে দেখি, জ্বালাও-পোড়াও সব কিছু, ঠিক যে প্রতিষ্ঠানগুলো মানুষকে সেবা দেয় সেখানে।’ জনগণের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে মেট্রোরেলে মানুষ কত অল্প সময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেই স্টেশনগুলো পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে আবার কষ্টে ফেলে দিলো, তাদের বিচার এ দেশের মানুষকেই করতে হবে। আমি শুধু সকলের সহযোগিতা চাই।’

post
সংবাদ

‘রবি-মঙ্গলবার ৯টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলবে’

আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। জনপ্রশাসনমন্ত্রী বলেন, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিরকল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। ব্যাংক, বীমা ও আদালত তাদের মতো করে সময় নির্ধারণ করবে। মঙ্গলবারের পর কারফিউয়ের সময় অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধ ও বৃহস্পতিবার সীমিতভাবে চলে সরকারি অফিস। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

post
সংবাদ

মোবাইল ডেটা চালুর বিষয়ে জানা যাবে কাল

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আগামীকাল রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হতে পারে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকও ডাকা হয়েছে।আগামীকাল রোববার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী ও বিটিআরসি কর্মকর্তারা। সেখানে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পলক বলেন, রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইলের ফোরজি নেটওয়ার্ক রবি বা সোমবারের (২৮-২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.