post
সংবাদ

‘ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন’

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তার সম্পর্কে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ড. ‍মুহাম্মদ ইউনূসতো ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে, তার সফল নেতৃত্বে সব সমস্যা কাটিয়ে উঠে তিনি তা পূরণ করতে পারবেন। তিনি বলেন, যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কী— জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রথমটা হচ্ছে, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে… তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে সেখানে প্রত্যাবর্তন করতে হবে। তৃতীয়টি হচ্ছে, অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পঙ্গু হাসপাতালে যান। সেখানে কোটা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীসহ শেখ হাসিনা সরকারের দলের সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত কয়েকশ মানুষ চিকিৎসাধীন রয়েছেন।

post
সংবাদ

জানা গেল অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম

কিছু সময় পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই। অবশেষে শপথের একটু আগে অন্তর্বর্তীকালীন সরকারের সেই ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। ঢাকা পোস্টের হাতে আসা সেই তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো— প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা: ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই। যাতে করে একসঙ্গে কাজ করতে পারি। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। এই কাজগুলো করছে গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি)। তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

post
সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিবেন ড. ইউনূস

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেয়ারে কথা রয়েছে বিশিষ্ট এই অর্থনীতিবিদের। নাম না জানা গেলেও ধারনা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন এই সরকারে থাকতে পারে ১৫ জন সদস্য। এর আগে কোটা বিরোধী আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়। পরে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সম্মতি জানান। এরি মধ্যে শপথ অনুষ্ঠান ঘিরে সম্পন্ন হয়ছে সব ধরনের প্রস্তুতি।

post
সংবাদ

নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না: তারেক রহমান

হামলা-সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে দলীয় সমাবেশে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনারা আপনাদের প্রতিবেশী, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। তারেক রহমান বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহিদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র-জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য-একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই, বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

post
সংবাদ

অসম্ভবকে সম্ভব করা বীর সন্তানদের ধন্যবাদ জানাই: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারামুক্তি এবং রোগমুক্তির জন্য আপনারা সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্যদিয়ে ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি উল্লেখ করে ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের। যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শত-শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দুই মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি ও গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। তিনি আরও বলেন, এই ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন তা বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সব ধর্ম ও সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, শান্তি, প্রগতি ও সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করি।

post
বিনোদন

আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি: সিয়াম

গত সোমবার সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলনের সাফল্য প্রসঙ্গে একটি লম্বা পোস্ট দেন সিয়াম আহমেদ। পোস্টে সিয়াম লিখেছেন, প্রিয় তারুণ্য তোমরা এক অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছ। নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। কিন্তু আজ বিকাল থেকে এখন পর্যন্ত যেসব ঘটনা দেখছি, তা ভীষণ ভীষণ দুঃখজনক। কিছু পরামর্শ জানিয়ে এই অভিনেতা লেখেন, এখন আমাদের অনেক দায়িত্ব। আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি। প্রতিটি ধর্মাবলম্বীর মানুষ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ বৌদ্ধ, খ্রিষ্টান সবার। এদেশের কারও বাসায় আগুন দেওয়া যাবে না। যারা এসব করছে, তারা নিঃসন্দেহে দুর্বৃত্ত। তাদের প্রতিহত করতে হবে। মহল্লায় মহল্লায় আমাদের সবাইকে সজাগ হতে হবে। অভিনেতা লেখেন, থানায় আক্রমণ করবেন না প্লিজ। কোনো রাজনৈতিক নেতা-সংগঠনের বাসা কিংবা অফিসে আগুন আর ভাঙচুরের মতো প্রতিহিংসামূলক আচরণ থেকে নিবৃত্ত রাখতে হবে নিজেদের। গণমাধ্যমগুলোর অফিসে আক্রমণ করবেন না, সবাই সবার লিমিটেশন মাথায় রেখে যথাসাধ্য চেষ্টা করেছে। কোনো ভাস্কর্য ভাঙবেন না। আমাদের আরও সভ্য হতে হবে, উদার হতে হবে, মানবিক হতে হবে। দেশের সম্পদ রক্ষা করতে হবে। সবশেষ সিয়াম আবারও বলেন, আমাদের আরও অনেক অনেক কাজ বাকি। সবাই সবার পাশে দাঁড়াই। দেশটা আমাদের, আমাদেরই দায়িত্ব নিতে হবে।

post
সংবাদ

পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ০২টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: সুনামগঞ্জ বয়স: ০১ আগস্ট ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ। আবেদন ফি: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। এবং টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

post
সংবাদ

র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে এ কে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

post
সংবাদ

পুলিশকে আগামীকালের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ

আগামীকালের মধ্যে সকল সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো: ময়নুল ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি। এসময় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সরকারের অনিয়ম-দুর্নীতির কারণেই গণঅভ্যুত্থান হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, সকল হত্যা কান্ডের সুষ্ঠু তদন্ত করা হবে।

post
সংবাদ

পুলিশ সদস্যদের কর্মবিরতির ঘোষণা, সংস্কার চান বাহিনীর

বাংলাদেশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে। ‘দেশ থেকে স্বৈচারার উৎখাত’ করার জন্য তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সকল সৈনিককে’ অভিনন্দন জানিয়েছে। সেই সাথে নিহত ছাত্রদের রূহের মাগফেরাত কামনা করেছে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এটি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ‘আমরা প্রকৃতপক্ষে নিয়োগের শুরু থেকেই সার্জেন্ট/সাব-ইন্সপেক্টরসহ নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সিনিয়র অফিসারদের অথবা রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিলের বাহক হিসেবে কাজ করতে বাধ্য হই। আমাদের অফিসাররা বেশির ভাগ ক্ষেত্রেই দলীয় পরিচয়ে দুষ্ট।’ আমরা বর্তমান কোটা সংস্কার আন্দোলনসহ যেকোনো আন্দোলনে কোনো সাধারণ মানুষকে সরাসরি গুলি করতে না চাইলেও সেটা বাধ্য হয়ে করতে হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য।...আমরা কোটা সংস্কারের মতো পুলিশ বাহিনীর সংস্কার চাই।’ সেখানে বলা হয়েছে, ‘পুলিশ বাহিনী হিসেবে নিরীহ ছাত্রদের সাথে যে অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী।’ যেসব পুলিশ কর্মকর্তা অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। সোমবার (৫ আগস্ট) রাতে সারাদেশে ৪৫০টিরও বেশি থানায় হামলা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের ওই বিবৃতিতে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.