শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তাপ লেগেছে প্রবাসের বিভিন্ন দেশেও। যেসব বাংলাদেশিদের রেমিটেন্সের উপর নির্ভর করে দেশের অর্থনীতির চাকা, তাদের মনেই নেই শান্তি। দেশজুড়ে সহিংসতা, মৃত্যু, ইন্টারনেট বন্ধ, কারফিউ ও গ্রেপ্তারে প্রবাসীদের মাঝে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা। সবাই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
লেবাননে রয়েছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি। প্রবাসের কর্মব্যস্ততা মাঝেও তারা খুঁজে বেড়ান পরিবারের জন্য একটু সুখ-শান্তি। কিন্তু দেশে চলমান এ অস্থির প্রেক্ষাপটে ভাল নেই প্রবাসীরা। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, একসঙ্গে এত মৃত্যু ও ক্ষয়ক্ষতি লেবানন প্রবাসীদের করে তুলেছে বিমর্ষ। দেশে বিরাজমান পরিস্থিতির অবসান হোক, সর্বত্র শান্তি ফিরে আসুক, দোষীদের বিচার হোক, এমনটাই দাবি প্রবাসী বাংলাদেশিদের।
