post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে ব্রেইন স্ট্রোক করে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে ব্রেইন স্ট্রোক করে আবদুল খালেক সিদ্দিক (৪৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির তিনাধু আইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, ওইদিন রাতে তিনি ব্রেইন স্ট্রোক করলে সহকর্মীদের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরতর হলে কর্তব্যরত চিকিৎসক সি-প্লেনে করে পার্শ্ববর্তী তিনাধু আইল্যান্ডে পাঠিয়ে দেন, সেখানেই তার মৃত্যু হয়।তিনাধু আইল্যান্ডে আবারও রক্তক্ষরণে নিস্তেজ হয়ে নুইয়ে পড়েন আব্দুল খালেক সিদ্দিক। এরপর দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মালদ্বীপ থেকে তার ভাগিনা নিজাম উদ্দিন জানান, কিছু দিন থেকে তার ফুপা বলছেন ছুটিতে দেশে যাবেন। তার ফুপা ওই আইল্যান্ডের একটি আবাসিক হোটেলের রুমে কাজ করতেন। গতকাল ফুপা অসুস্থতার কথা জানান। আজ কাগজপত্র নিয়ে বাংলাদেশ হাইকমিশন অফিসে যাবেন বলে জানিয়েছেন নিজাম উদ্দিন।আবদুল খালেকের দেশের বাড়ি হবিগঞ্জের লাখায়ল উপজেলার বাদাখারা গ্রামে। মরহুমের বাড়িতে যোগাযোগ করা হলে তার নিকটাত্মীয় আকতার হোসেন ও ছোট ভাই আবদুল হামিদ ভাইয়ের মরদেহ হাই কমিশনারের সহযোগিতায় দেশে পাঠানোর জন্য অনুরোধ করেন। এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ জানান, খালেকের পরিবারের সম্মতিতে মরদেহ মালদ্বীপে দাফন করা হবে। তিনি যেখানে কাজ করতেন সেখান থেকে পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি। বর্তমানে আবদুল খালেকের মরদেহ মালদ্বীপের তিনাধু আইল্যান্ডের মর্গে রাখা হয়েছে। খালেকের মৃত্যুতে মালদ্বীপ প্রবাসীরা মৃতের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

post
এনআরবি বিশ্ব

কাতারে বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি দেওয়ার অনু‌রোধ

কাতার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী‌দের বিভিন্ন লেভেলে বৃত্তি প্রদানের জন্য বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দেরহামকে অনু‌রোধ ক‌রে‌ছেন কাতারে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। রোববার (২২ জানুয়া‌রি) কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের স‌ঙ্গে অনু‌ষ্ঠিত বৈঠ‌কে এ অনু‌রোধ ক‌রেন তিনি। চার্জ দ্য’এফেয়ার্সের অনু‌রো‌ধে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বংলাদেশের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন। মুস্তাফিজুর রহমান কাতার ও বাংলাদেশ শিক্ষা সহায়তা বিষয়ক খসড়া সমঝোতা স্মারক অনুমোদন করার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। এ স্মারক স্বাক্ষরিত হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও তি‌নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কাতার বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা উপস্থাপন করেন। জবাবে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জানান, বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এ ধরনের সমঝোতা স্বাক্ষর করা যেতে পারে। চার্জ দ্য’এফেয়ার্স সফলভাবে ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ সম্পন্ন করার জন্য কাতার সরকারকে অভিনন্দন জানান।

post
এনআরবি বিশ্ব

গ্রিসে যে প্রক্রিয়ায় বৈধ হতে পারবেন বাংলাদেশিরা

অবশেষে গ্রিসে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের সুখবর দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে ১৫ হাজার বাংলাদেশিকে পাঁচ বছরের জন্য অস্থায়ী আবাসন ও কাজের অনুমতি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে অভিবাসন বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আইন (নং- ৪৯৫৯/২০২২ ও আন্তঃমন্ত্রণালয় ডিসিশন নং ৭১৬৬৫৯; ২৯/১১/২০২২) অনুযায়ী ৯ ফেব্রুয়ারি ২০২২ বা এর আগে থেকে যেসব বাংলাদেশি দেশটিতে অনিয়মিতভাবে বসবাস করছিলেন, তাদের বৈধতা দেওয়ার জন্য একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।এই প্ল্যাটফর্মে আবেদনের জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হবে:ক) দুই বছরের বেশি মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট (আবেদন করার দিন পর্যন্ত) খ) ৯ ফেব্রুয়ারি, ২০২২ বা এর আগে থেকে গ্রিসে অবস্থানের প্রমাণপত্রগ) গ্রিসের একজন চাকরিদাতার প্রদত্ত নিয়োগের কাগজপত্র ঘ) আবেদন ফি (পারাবোলো) ৭৫ ইউরো (নির্ধারিত ২১৪৮ কোডে) জমা করে তার কোড সংগ্রহ ঙ) নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর (মোবাইল নম্বরে প্রয়োজনীয় বার্তা ও কোড যাবে) চ) ব্যক্তিগত, সক্রিয় ই-মেইল আইডি (ই-মেইলে প্রয়োজনীয় বার্তা ও কোড যাবে)বৈধতা দেওয়ার এই প্রক্রিয়ার প্রথম ধাপে গ্রিসে বসবাসরত উপযুক্ত এবং আগ্রহী বাংলাদেশি নাগরিকরা দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ পাসপোর্ট সত্যায়িত করার মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। দ্বিতীয় ধাপে দূতাবাসে নিবন্ধন নেওয়া বাংলাদেশিদের গ্রিক সরকারের চালু করা অনলাইন প্ল্যাটফর্মে প্রাথমিক তথ্য দিয়ে বৈধতার জন্য আবেদন চালু হবে। অনলাইন প্ল্যাটফর্মে যাদের আবেদন চালু হয়েছে দূতাবাস ক্রমানুযায়ী তাদের তালিকা প্রতি সপ্তাহে দূতাবাসের ফেসবুক পেজে (Bangladesh Embassy in Athens বাংলাদেশ দূতাবাস, এথেন্স) প্রকাশ করবে। তৃতীয় ধাপে সংশ্লিষ্ট আবেদনকারী অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশিদের বৈধকরণের জন্য চালু করা ট্যাবে প্রবেশ করে নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে প্রোফাইলে ঢুকবেন এবং তার পাসপোর্টের সত্যায়িত অনুলিপি, ৯ ফেব্রুয়ারি, ২০২২ বা এর আগে থেকে গ্রিসে অবস্থানের প্রমাণপত্র ও সম্ভাব্য একজন চাকরিদাতার নিয়োগের ইচ্ছাপত্র আপলোড করবেন এবং তার নামে নিবন্ধিত মোবাইল নম্বর, নিজ ই-মেইল আইডি, নির্ধারিত ২১৪৮ কোডে জমা দেওয়া ৭৫ ইউরো আবেদন ফি (পারাবোলো) এর কোড আবেদনপত্রের নির্ধারিত ঘরে প্রবেশ করাবেন।এর মাধ্যমে আবেদন সম্পন্ন হলে সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার নির্দিষ্ট সময়ের মধ্যে তার নিজ ই-মেইল আইডিতে বৈধতা লাভের জন্য আবেদনের সনদ পাঠানো হবে যা স্মার্ট কার্ড রেসিডেন্স পারমিট ইস্যু না হওয়া পর্যন্ত বিকল্প রেসিডেন্স পারমিট হিসেবে কার্যকর থাকবে। এই বিকল্প রেসিডেন্স পারমিট দিয়ে আবেদনকারী যেকোনো ধরনের চাকরি লাভসহ সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন এবং বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতে পারবেন। আবেদনকারীদের সুবিধার্থে ও সতর্কতাক) অনলাইনে আবেদন একটি সহজ ও সংক্ষিপ্ত প্রক্রিয়া যা আবেদনকারী নিজেই অথবা ক্ষেত্র বিশেষে ইংরেজি জ্ঞান সম্পন্ন একজন প্রবাসীর সহায়তায় সম্পন্ন করতে পারবেন। এজন্য কোনো উকিলের প্রয়োজন নাই। দূতাবাস যেকোনো সময়ে এ বিষয়ে সহায়তা অব্যাহত রাখবে। খ) আবেদনকারীরা অবশ্যই নিজ নামে নিবন্ধিত সিমের নম্বর ও নিজ ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করবেন। কারণ, গ্রিক কর্তৃপক্ষ তা যাচাই/ভেরিফাই করবে। এছাড়া, কোনো অবস্থাতেই নিজ মোবাইল নম্বর এবং নিজ ই-মেইল ব্যতীত অন্য কারো মোবাইল নম্বর এবং ই-মেইল ব্যবহার করা যাবে না। করলে ভবিষ্যতে প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। গ) যেহেতু ছয় মাস ধরে এই বৈধকরণ প্রক্রিয়া চলবে তাই কোনো ধরনের তাড়াহুড়া না করে, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করুন। ঘ) নিজ নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে বা করা যাবে তাই নিজ নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং নিজ ই-মেইল অ্যাড্রেসসহ কোনো ধরনের তথ্য ও দলিলপত্র কাউকে দেবেন না। কোনো বাংলাদেশি নাগরিক অতি উৎসাহী হয়ে যেন কোনো দালাল বা প্রতারক দ্বারা প্রতারিত না হোন এবং বিভ্রান্তিমূলক প্রচারণা ও প্রতারক চক্রের প্ররোচনার শিকার যাতে না হতে হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হলো। গ্রিক সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া অব্যাহত থাকবে। ১। আবেদন করার দিন পর্যন্ত যাদের পাসপোর্টের মেয়াদ দুই বছরের বেশি সময় রয়েছে এবং লিগালাইজেশন প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী, তারা দূতাবাসে এসে নাম নিবন্ধন করে সত্যায়ন ফি দুই ইউরো ও ব্যাংক ফি দুই ইউরো মোট চার ইউরো জমা করে পাসপোর্টের কপি সত্যায়িত নেওয়ার জন্য অনুরোধ করা হলো।নিবন্ধনের জন্য যা লাগবে (১) মূল পাসপোর্টের দুটি ফটোকপি (২) ৯ ফেব্রুয়ারি, ২০২২ বা এর আগে থেকে গ্রিসে অবস্থান সংক্রান্ত প্রমাণপত্রের কপি (৩) গ্রিসের একজন চাকরিদাতার চাকুরির নিশ্চয়তাপত্রের হতে ইস্যুকৃত কপি (৪) নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বরের প্রমাণপত্রের কপি ৫) ব্যক্তিগত সক্ৰিয় ই-মেইল আইডির তথ্য সংবলিত কপি দূতাবাসে জমা দিতে হবে (ক) গ্রিসসস্থ বাংলাদেশ দূতাবাস থেকে ইস্যুকৃত পাসপোর্ট অথবা পাসপোর্টের আবেদনের রিসিট কপি (ডেলিভারি স্লিপ) অথবা দূতাবাস থেকে ইস্যুকৃত বিভিন্ন সার্টিফিকেট বা অন্যান্য রেকর্ড অথবা দূতাবাস থেকে ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ অথবা (খ) গ্রিসে অবস্থানের অন্যান্য রেকর্ডপত্র, যেমন আফিমি/আমকা/ভ্যাক্সিনেশন কার্ড/পুলিশ রিপোর্ট/নিজ নামে ক্রয়কৃত মোবাইল সিম কার্ডের তথ্য/নিজ নামের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য/হাসপাতালের চিকিৎসাপত্র/কোর্টের আদেশপত্র/বৈধ চ্যানেলে টাকা পাঠানোর রিসিট /আন্তর্জাতিক সুরক্ষা সংক্রান্ত রেকর্ডপত্র ইত্যাদি দাখিল করা যাবে। গ্রিসের একজন সম্ভাব্য চাকরিদাতার প্রদত্ত চাকরির ইচ্ছাপত্র, গ্রিক সরকারের অনলাইন প্ল্যাটফর্ম, থেকে আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, কাজের ধরন বা কাজের ক্ষেত্র উল্লেখ করে চাকরিদাতা বা তার ব্যক্তিগত লগস্তি কর্তৃক তার ব্যবসায়িক বা ব্যক্তিগত myTaxisNet (ক্লিদিয়াআরিকমস) থেকে ইস্যু করতে হবে (নমুনা কপি সংযুক্ত)। এটি সম্পূর্ণ ডিজিটাল কিউ-আর কোড সংবলিত একটি সার্টিফিকেট, যার সঠিকতা যেকোনো সময় যাচাই করা যায়। ৪। আবেদন ফি (পারাবোলো) ৭৫ ইউরো (নির্ধারিত ২১৪৮ কোডে) অনলাইন ব্যাংকে জমা করার পর, বিশেষ কোডসহ রশিদ পাওয়া যাবে, যা একজন আবেদনকারী অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করবেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ার হাসপাতালে ৪০ দিন ধরে মর্গে পড়ে আছে এক বাংলাদেশির মরদেহ

প্রায় ৪০ দিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুর হাসপাতাল মর্গে এক বাংলাদেশির মরদেহ পড়ে আছে। ওই বাংলাদেশির নাম রেজাউল করিম (৪৫)। গত ১২ ডিসেম্বর মারা যান তিনি। পাসপোর্ট থেকে নাম জানা গেলেও এখন পর্যন্ত তার পরিবারের সন্ধান মেলেনি। ফলে মরদেহ বাংলাদেশে পাঠানোও সম্ভব হচ্ছে না। পাসপোর্ট থেকে পাওয়া তথ্যমতে, রেজাউল করিম সিরাজগঞ্জের চৌহালী থানার সাইলজানা গ্রামের আব্দুল কাইয়ূম ও সুফিয়া বেগমের ছেলে। তবে ওই ঠিকানায় রেজাউলের পরিবারের সন্ধান না পাওয়ায় তার মরদেহ হস্তান্তর করতে পারছে না বাংলাদেশ হাইকমিশন।রেজাউল করিমের মৃত্যুর এক মাস পরেও পরিবারের সন্ধান না পেয়ে মরদেহ দেশে পাঠাতে বা স্থানীয়ভাবে (মালয়েশিয়া) দাফনের ব্যাপারে পরিবারের সম্মতি নিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালককে চিঠি দিয়েছে হাইকমিশন। গত ১২ জানুয়ারি হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নাগরিকত্ব নিশ্চিত এবং মরদেহের দাবিদার না পাওয়া পর্যন্ত রেজাউল করিমের মরদেহ দেশে পাঠানো সম্ভব নয়। পরিবারের সম্মতি নিয়ে হাইকমিশনকে অবহিত করার জন্যও চিঠিতে উল্লেখ করা হয়।এ বিষয়ে সিরাজগঞ্জের চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর- রশিদের সঙ্গে কথা হলে তিনি জানান, মালয়েশিয়া প্রবাসী রেজাউল করিমের পরিবারের সন্ধানে স্থানীয়ভাবে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু এই ঠিকানায় এমন কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এদিকে, মৃত রেজাউল করিমের পরিবারের সন্ধানে হাইকমিশনের অনুসন্ধান চলছে। পাশাপাশি পরিচিতজন বা স্বজনদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

post
বাংলাদেশ

বাংলাদেশে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে জামাত শুরু হয়। নামাজে ইমামতি করেন দিল্লি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়।এছাড়া টঙ্গীর বিভিন্ন উঁচুভবনের ছাদে থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হন।শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।আজ জুমার পর সংক্ষিপ্ত বয়ান করবেন কাকরাইলের শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আসরের পর বয়ান করবেন মাওলানা সাদের মেঝ ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্দলভী, মাগরিবের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইজতেমা ময়দানকে কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে ময়দানের আশপাশে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম পর্বে যেসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল এবারও ঠিক আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে।

post
বাংলাদেশ

বাংলাদেশে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার ২০ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে। ইতিমধ্যে ইজতেমা মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আজ বৃহস্পতিবার ভোর থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও বিপুল সংখ্যক মুসল্লির জমায়েত হবেন বলে আশা করছেন ইজতেমা আয়োজক কমিটির। আগামী রোববার ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, পায়ে হেঁটে, ট্রাকে, পিকআপ গাড়ি নিয়ে যে যেভাবে পারছেন ইজতেমায় পৌঁছেছেন। মুসল্লিরা তাদের প্রয়োজনীয় মালছামানা নিয়ে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। মাওলানা সাদ অনুসারী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমায় বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। এখানে তাঁরা শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান। তিনি বলেন, দেশের সব জেলা থেকে ৮৫ খিত্তার নজমের জামাত ইতিমধ্যে ময়দানে চলে এসেছেন। প্রতি খিত্তার জামাত, সেন্ট্রাল জামাতসহ দুই জামাতের প্রায় ২০ হাজার সাথি ময়দানে অবস্থান করছেন। তাঁদের নিয়ে সকাল থেকে ময়দানের বিভিন্ন বিষয়ে বয়ান হয়েছে। এ বিষয়ে জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আগামীকাল শুক্রবার ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। ইজতেমায় লাখ লাখ মানুষ আসবেন। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা। কুমিল্লা জেলা থেকে আসা মোঃ সেলিম মিয়া বলেন, মহান আল্লাহকে রাজি খুশি করাতে ইজতেমা ময়দানে এসেছি। ময়দানে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের বয়ান শোনার পাশাপাশি নামাজ, তসবিহ-তাহলিল, জিকির-আসগার ও নফল ইবাদতে মশগুল থাকব। মালয়েশিয়া থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি জানান, দুই বছর পর টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে পেরে আমরা খুবই খুশি। আমরা বাংলাদেশেকে ভালোবাসি। টঙ্গীর বিশ্ব ইজতেমাকে ভালোবাসি। এ আয়োজনে সহায়তা করায় বাংলাদেশের সরকারকে অভিনন্দন জানাই। বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ট্রাফিক উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় একটি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, ২টি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে এবং একটি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ বিনামূল্যে পরিবহন সার্ভিসের জন্য ভোর ৪টা থেকে মোতায়েন থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ধর্মপ্রাণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

post
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন

দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টা থেকে আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা পর্যন্ত দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ); অন্যটি প্রতিস্থাপন করা হয় কিডনি ফাউন্ডেশনে। সারাহ ইসলাম নামের (২০) এক তরুণীর দান করা কিডনি দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। ওই তরুণী কর্নিয়াও দান করে গেছেন। প্রথম কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান। আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘ঢাকার বাসিন্দা সারা ইসলাম দীর্ঘদিন ধরে মস্তিষ্কে টিউমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর শিক্ষক মা বলেন, সারা মৃত্যুর আগে তাঁর দেহের সবকিছুই দান করে দিতে বলেছেন। তবে তাঁর কিডনি ও কর্নিয়া নেওয়া হয়েছে। সারাকে বীরের মর্যাদা দেওয়া উচিত। মরণোত্তর কিডনি দানে উদ্বুদ্ধ করতে সারার এই দান মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে।’হাবিবুর রহমান আরও বলেন, সারা তিন দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা দেওয়া হয়। হাবিবুর রহমান জানান, তাঁর কিডনির সঙ্গে ম্যাচ করতে কয়েকজন কিডনি রোগীর তথ্য মেলানো হয়। এর মধ্যে ৩৪ ও ৩৭ বছর বয়সী দুই নারীর সঙ্গে ২৫ থেকে ৩০ শতাংশ মিলে যায়। আত্মীয় না হওয়ায় এর বেশি মেলেনি। বাকিটা ওষুধ প্রয়োগে উপযোগী করা হয়েছে। বিএসএমএমইউতে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার দলে আরও ছিলেন হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক তৌহিদ মো. সাইফুল হোসাইন, সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক কার্তিক চন্দ্র ঘোষসহ ১৫ চিকিৎসক। তাঁরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দাতার কাছ থেকে কিডনি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অস্ত্রোপচারে সময় লাগে দেড় ঘণ্টা। এরপর কিডনিটিকে প্রতিস্থাপনযোগ্য করতে আধা ঘণ্টা লাগে। কিডনি প্রতিস্থাপনে সময় লাগে আরও দুই ঘণ্টা। কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের অধ্যাপক এ কে এম খুরশিদুল আলমের নেতৃত্বে ৩৭ বছর বয়সী নারীর কিডনি প্রতিস্থাপন করা হয়। মৃত ব্যক্তি বলতে এখানে ‘ব্রেন ডেথ’ ঘোষিত ব্যক্তিদের বোঝানো হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ‘ব্রেন ডেথ’ অনেক রোগী থাকেন। তাঁরা আর বাঁচেন না। তাঁদের হৃৎপিণ্ড ও ফুসফুস ফ্লুইডের মাধ্যমে কৃত্রিমভাবে কিছুদিন চালু রাখা যায়।কোনো ব্যক্তি ‘ব্রেন ডেথ’ ঘোষিত হওয়ার পর কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ বা লিভার, অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ও খাদ্যনালির মতো অঙ্গগুলো দান করলে অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা যায়। তবে হৃৎপিণ্ড থেমে গেলেও কর্নিয়া, অস্থি, অস্থিমজ্জা ও চর্ম প্রতিস্থাপন করা যায়। এগুলোকে ক্যাডাভেরিক প্রতিস্থাপন বলা হয়। এমন ব্যক্তিদের কিডনি বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনে দিকনির্দেশনা, তদারকি ও পরামর্শ দেওয়ার কাজ করে ‘ক্যাডাভেরিক জাতীয় কমিটি’।

post
বাংলাদেশ

বাংলাদেশে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সরিষা চাষ

বাংলাদেশে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে সরিষা চাষে আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে কৃষি প্রণোদনা পাওয়ায় দেশের উত্তরাঞ্চলের ৫টি জেলায় সরিষার আবাদ বেড়েছে।কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারীতে গত মৌসুমে ৩৯ হাজার ২৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি মৌসুমে এই ৫ জেলায় ৫২ হাজার ৫৫২ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন স্থানীয় কৃষক। তাদের মতে, গত বছর আশানুরূপ দাম পাওয়ায় এবং কৃষি বিভাগ সরিষা চাষে প্রণোদনা দেওয়ায় কৃষক সরিষা চাষে আগ্রহী হয়েছেন। এ বছর রংপুর অঞ্চলে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ মেট্রিক টন। গত বছর ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের কৃষক আব্দুল মালেক। বিঘা প্রতি তার খরচ হয়েছিল ৫ থেকে ৭ হাজার টাকা। ফলন পেয়েছিলেন ১৭ মণ। প্রতি মণ সরিষা ৩ হাজার দরে ৫১ হাজার টাকায় বিক্রি করেছিলেন। সরিষা চাষি আব্দুল মালেক বলেন, 'গত বছর সরিষা চাষে আশানুরূপ লাভ হওয়ায় এবার ৭ বিঘা জমিতে সরিষা চাষ করছি। আশা করছি এবারও ভালো ফলন ও ভালো দাম পাব।' মালেক জানান, আগে অনেক কৃষক সরিষা চাষ করতেন। আশানুরূপ দাম না পাওয়ায় তারা চাষ কমিয়ে দিয়েছিলেন। 'বাজারদর ৩ হাজার টাকার বেশি থাকলে কৃষকরা সরিষা চাষে আরও বেশি উৎসাহী হবেন,' বলেন তিনি। লালমনিরহাট শহরে সরিষা বিক্রেতা আলমগীর হোসেন বলেন, গত বছর সরিষার ব্যাপক চাহিদা ছিল। আমরা প্রতিমণ সরিষা ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ২০০ টাকা দরে কিনেছিলাম। এ বছরও সরিষার চাহিদা আছে। 'আমরা স্থানীয় কৃষকদের কাছ থেকে সরিষা কিনে বিভিন্ন স্থানে পাইকারদের কাছে বিক্রি করি,' বলেন আলমগীর। এবারের সরিষা চাষ বিষয়ে কুড়িগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, 'কৃষকদের সরিষা চাষে ফিরিয়ে আনতে এ বছর তাদের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। গেল বছর সরিষার আশানুরূপ ফলন ও দাম পাওয়ায় কৃষকরা উৎসাহী হয়েছেন। সরিষা চাষ কৃষির জন্য শুভ বার্তা। যারা সরিষা চাষ করছেন আমরা তাদের সব ধরনের কারিগরি সহায়তা দিচ্ছি।' 'সরিষা চাষ একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ায়, অন্যদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরিষা ৩ মাস মেয়াদি ফসল। কৃষক কম খরচ ও কম পরিশ্রমে সরিষা চাষ করতে পারেন। বর্তমানে সরিষা চাষ কৃষকের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে,' বলেন লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান। এজে/

post
এনআরবি সাফল্য

ইতালির শিক্ষার্থীদের বাংলাদেশের গল্প শোনালেন রাষ্ট্রদূত

বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, অর্থনীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জন নিয়ে ইতালির শিক্ষার্থীদের গল্প শোনালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। বাংলাদেশ দূতাবাস, রোমের অ্যাম্বাসি এডপশন প্রোগ্রাম (ইএপি)-এর মিট দ্যা স্কুলের প্রথম ধাপে ইতালির সার্ডিনিয়ার ম্যাকোমারের লিসিও গ্যালিলিও গ্যালিলি স্কুলের শিক্ষার্থীদের বাংলাদেশ নিয়ে গল্প শোনান রাষ্ট্রদূত।মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোমের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলাদেশ ও ইতালির জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ ও ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর চলমান উদযাপনের কথা উল্লেখ করেন। দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) আয়শা আক্তার বাংলাদেশের ওপর একটি পাওয়ার-পয়েন্ট উপস্থাপন করেন। পরে রাষ্ট্রদূত বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের করা প্রশ্নের জবাব দেন। তিনি হলভর্তি তরুণ শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, অর্থনীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসামান্য অর্জন সম্পর্কে অবহিত করেন।শিক্ষার্থীরা বিপুল আগ্রহ নিয়ে রাষ্ট্রদূতের উপস্থাপনা শোনেন। রাষ্ট্রদূত বিদ্যালয়ের অধ্যক্ষ গ্যাভিনা ক্যাপাই, গ্লোবাল অ্যাকশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মিসেস এলিসা গুইসিওকে এ আয়োজনে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি অধ্যক্ষ বাংলাদেশ দূতাবাসকেও ধন্যবাদ জানান। তিনি ইতালির শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশকে পরিচিত করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের অনুষ্ঠান দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বোঝাপড়া এবং বন্ধন তৈরি করতে সহায়তা করবে।

post
এনআরবি বিশ্ব

কর্মী নিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে মালয়েশিয়া সরকার

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে মালয়েশিয়া সরকার। নতুন নিয়ম অনুযায়ী ‘মাই ফিউচার জব’ পোর্টালে চাকরির শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া লাগবে না। তবে এ শৈথিল্য শুধু পাঁচটি খাতে সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে- উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং খাদ্য ও পানীয়। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ায় মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার। তিনি বলেন, এসব খাতের নিয়োগকর্তারা মন্ত্রণালয়ের ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর মানবসম্পদ মন্ত্রণালয় তিন কার্যদিবসের মধ্যে আবেদন প্রক্রিয়াকরণ ও অনুমোদন করবে। এক্ষেত্রে ‘মাই ফিউচার জব’ পোর্টালে চাকরির শূন্যপদের বিজ্ঞাপন আর দিতে হবে না। তিনি বলেন, চলতি বছরের ১৭ জানুয়ারির আগে এফডব্লিউই অনুমোদন এবং ইকোটার মডিউলের মাধ্যমে যারা আবেদন করেছেন; তাদের পুনরায় আবেদন জমা দিতে অনুরোধ করা হচ্ছে। গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, সরকার বিদেশি জনশক্তির জন্য বিভিন্ন খাতের চাহিদা পূরণের লক্ষ্যে একটি ‘বিশেষ পরিকল্পনা’ তৈরি করবে। এতে নিয়োগকর্তারা কোটা বা কর্মসংস্থানের পূর্বশর্ত পূরণ না করেই তাদের সামর্থ্য ও চাহিদার ভিত্তিতে ১৫টি উৎস দেশ থেকে বিদেশি কর্মী আনতে পারবেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.