post
বাংলাদেশ

উপনির্বাচন : ইসিকে চ্যালেঞ্জ করে গণভোটের দাবী করলেন হিরো আলম

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোটের দুদিন পর তার নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গণভোট দেওয়ার দাবী করেন।আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোট পরবর্তী কাহালুর বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় সংবাদমাধ্যমের সামনে তিনি ইসি রাশেদা সুলতানাকে এ চ্যালেঞ্জ জানান। ফলাফল প্রকাশে কারচুপি হয়েছে অভিযোগ করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘হিরো আলম এবং তানসেনের (জাসদের রেজাউল করিম তানসেন) মশাল এই দুইজনের মধ্যে গণভোট দেন। জনগণ ভোট দিয়েছে কি দেয়নি, ফলাফল চুরি করেছেন কিনা সেটাও আমি দেখাব।’ হিরো আলম বলেন, ‘গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দিবেন এবং যারা নির্বাচন কমিশনার আছেন, তাঁরা সবাই সেই ভোট দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আর কোনো দিন নির্বাচন করব না, নির্বাচনের নাম মুখে আনব না, যদি গণভোটের মাধ্যমে হেরে যাই।’ পরাজিত প্রার্থী হিরো আলম আরও বলেন, ‘আমি চাই গণভোট হবে ব্যালটে। কারণ ইভিএমে কারচুপি হয়। আর কারচুপি করেই আমাকে হারিয়ে দিয়েছে তারা। আমি এখন কাহালু উপজেলার প্রতিটা কেন্দ্রে ঘুরছি। ভোটারেরা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা বলছে আপনার সঙ্গে অন্যায় করা হয়েছে।’ হিরো আলম বলেন, ‘আমি ফল প্রত্যাখ্যান করেছি। আগামী দুই তিন দিনের মধ্যে আদালতে রিট করব। আশা করছি সেখানে আমার পক্ষে ফল আসবে।’ গত বৃহস্পতিবার হিরো আলম ফল পাল্টানোর যে অভিযোগ করেছেন তাঁর ভিত্তি নেই এবং এ আসনের উপনির্বাচনের ফলাফল শতভাগ সঠিক বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। গত বুধবার বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন বিজয়ী হন। মশাল প্রতীক নিয়ে তিনি পান ২০ হাজার ৪০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে ১৯ হাজার ৫৭১ ভোট পান। ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। ভোট নিয়ে তাঁর অভিযোগ না থাকলেও খুব অল্প ব্যবধানে হারার পর থেকেই হিরো আলম অভিযোগ করে আসছেন, তাঁকে জোর করে হারানো হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। এজে/

post
বাংলাদেশ

দেশে সাত মাসে রপ্তানি আয় এলো ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার

লক্ষ্যে স্থির হলো হলো রপ্তানি আয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে রপ্তানি আয় এলো ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার সমান। সাত মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৩২.৪৩৭ বিলিয়ন ডলার। জুলাই-জানুয়ারি সাত মাসে প্রবৃদ্ধি কিছুটা পিছালো। এ সময়ে প্রবৃদ্ধি দাঁড়ালো ৯.৮১ শতাংশ। আগের মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল ১০.৫৮ বিলিয়ন ডলার। এ হিসাবে চলতি বছরে ছুটতে থাকা প্রবৃদ্ধির গতি কিছুটা কমলো। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিবেদন প্রকাশ করে রপ্তানি উন্নঢন ব্যুরো (ইপিবি)। বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার ইউরোপে যুদ্ধের দামামা আর বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যেই চলতি বছরের শুরু থেকে রপ্তানি আয়ে ভাল খবর দিয়ে আসছিল। বাড়ছিল আয়। এ সময়ে দেশে ডলারের তীব্র সংকট চলছে। এই সংকটের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছিলো রপ্তানি আয়ে। বাড়ছিল প্রতি মাসেই। এর মধ্যে রপ্তানি আয়ের কার্যাদেশ কিছুটা কমেছিল। রপ্তানিকারকরা বলছিল, মার্চের দিকে রপ্তানি আয় কমে আসতে পারে। কিন্তু তার আগেই জানুয়ারি মাসে কিছুটা কমলো। যদিও চলতি বছরের প্রথম সাত মাস জুলাই-জানুয়ারি সাত মাসের জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কমেনি। পাশাপাশি আগের বছরের চেয়ে বেশি আছে প্রায় দশ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৮ বিলিয়ন ডলার। আর জুলাই-জানুয়ারি সাত মাসের লক্ষ্যমাত্রা ছিল ৩২.৪৩৭ বিলিয়ন ডলার। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। তৈরি পোশাক কমলেই মোট রপ্তানি আয়ে ঝাঁকুনি লাগে। তথ্য বলছে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমার কারণে মোট রপ্তানি আয়ে এর প্রভাব পড়েছে। জানুয়ারি শেষে তৈরি পোশাক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪.৩১ শতাংশ। ডিসেম্বরে এ হার ছিল ১৫.৫৬ শতাংশ। জুলাই-জানুয়ারি সাত মাসে মোট ২৭.৪১৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫০ শতাংশ। আর ডিসেম্বর মাসে এ হার ছিল ৮৪.২০ শতাংশ। মূলত তৈরি পোশাক রপ্তানি আয় কমার কারণেই কমেছে মোট রপ্তানি আয়। জুলাই-জানুয়ারি সাত মাসে অন্যান্য প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মৎস্য ২৯২.৬৫ মিলিয়ন ডলার, কৃষিজাত পণ্য ৫৫৫.২৭ মিলিয়ন ডলার এবং পাট ও পাটজাত পণ্য ৫৪৮ মিলিয়ন ডলার।

post
বাংলাদেশ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করলেন শেখ হাসিনা

দেশের প্রথম পাতাল মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি। উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মাথায় দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজেরও উদ্বোধন করলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমটিসিএল) এম এ এন সিদ্দিক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।এ নির্মাণকাজ শেষ হলে ২৫টি পাতালরেল চলবে। একেকটি ট্রেনে আটটি করে কোচ থাকবে। দিনের মূল সময়ে আড়াই থেকে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চলবে। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে ২৪ মিনিট। দৈনিক আট লাখ যাত্রী পরিবহন করা যাবে এ পাতালরেলে। অত্যাধুনিক বোরিং মেশিন দিয়ে নিঃশব্দে কাজ করা হবে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফুট সড়কের কোনো ক্ষতি হবে না। মাঝে সড়ক বিভাজকে ৪ মিটার জায়গা রাখা হয়েছে। ২০২৬ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার প্রচেষ্টা থাকবে বলে পাতালরেল কর্তৃপক্ষ জানিয়েছে। এই পাতালরেল হচ্ছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায়। এটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরই মধ্যে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে মেট্রোরেলের ডিপো নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে ডিএমটিসিএল। প্রকল্প সূত্র জানায়, সরকার ২০২৬ সালের মধ্যে আনুমানিক ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার পর্যন্ত মাটির নিচ দিয়ে এবং এলিভেটেড উভয় সুবিধাসংবলিত ৩১ দশমিক ২৪২ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণ করবে। ২০৩০ সাল নাগাদ রাজধানী ঢাকায় মোট ছয়টি মেট্রোরেল রুট উদ্বোধন করা হবে এবং ডিএমটিসিএল এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।

post
বিনোদন

ভাষার মাসে শুভমুক্তি পেল ‘বীরকন্যা প্রীতিলতা’

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ ভাষার মাসে শুভমুক্তি পেয়েছে।পহেলা ফেব্রুয়ারি বুধবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের প্রেক্ষাগৃহে সিনেমাটি শুভমুক্তি পায়। সিনেমাটির শুভমুক্তি অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।চলচ্চিত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের অনুদানে নির্মিত হয়েছে।চলচিত্রটি প্রদশর্নের পূর্বে সিনেমার পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও অভিনেতাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। ব্রিটিশ বিরোধী আন্দোলন অবলম্বনে নির্মিত সিনেমাটি দর্শকদের হলে এসে দেখার অনুরোধ জানান মন্ত্রী। এর আগে, গত বছরের ২৫ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে কিছু কারিগরি সংকট দেখা দেয়ায় ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ২৪ জানুয়ারি সিনেমাটির নির্মাতা এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। সিনেমাটি নিয়ে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘আমরা দেশের বিভিন্ন সিনেপ্লেক্স ও সিনেমা হলে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে উদ্যোগ নিয়ে ফেলেছি। তিনি আরও বলেন, ‘অন্য সিনেপ্লেক্সগুলোতেও আমরা শিক্ষার্থীদের হাফ পাসের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি। এছাড়া শুভমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড সাজ্জাদ হোসেন সহ সিনেমাটির প্রযোজক, পরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণ, ও বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী গণ। প্রসঙ্গত, প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। এদিকে টিভি নাটকে অভিনয় করেই তারকাখ্যাতি পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। পরবর্তী সময়ে সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। তার অভিনয়গুণে এখন দেশ কিংবা দেশের বাইরে রয়েছে জনপ্রিয়তা। মাঝে ব্যক্তিগত ব্যস্ততা থাকায় শুটিং থেকে দূরে ছিলেন। এখন আবার ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন তিনি।

post
এনআরবি চাকুরী

ফার্স্ট অফিসার নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের জন্য ফার্স্ট অফিসার নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। পদের নাম: ফার্স্ট অফিসার পদসংখ্যা: ১১ যোগ্যতা: এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। এটিপিএলের সব বিষয়ে পাসসহ সিপিএল ও আইআর ইস্যু/সিভিল অ্যাভিয়েশন অথরিটির তালিকাভূক্ত হতে হবে। বৈধ ফ্লাইং লাইসেন্স ও প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োহাজাজ চালনায় ২ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে গত দুই বছরে ৩০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। বোয়িং (বি৭৩৭/বি৭৪৭/বি৭৬৭/বি৭৭৭/বি৭৮৭)চালানোয় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আসিএও) মানদণ্ড অনুযায়ী ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। বয়স: সর্বোচ্চ ৬০ বছরচাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য) বেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা আট কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল বা সিপিএল অ্যান্ড আইআরসহ এটিপিএলের সব বিষয়ে পাসের সনদ; জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্টের কপি; প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ইনস্ট্রুমেন্ট রেটিং; পিপিসি; লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।আবেদনপত্র পাঠানোর ঠিকানা ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯। আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩।

post
বাংলাদেশ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২ তম

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট কমে ২৬ থেকে ২৫ হয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এক ধাপ অবনমন হয়েছে।বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী এই সংস্থার প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সিপিআই অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবছর সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২ এবং ওপরের দিক থেকে ১৪৭। এবার বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে ২৫ অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। এবার আফগানিস্তানের স্কোর ১৬ থেকে বেড়ে ২৪ হয়েছে। অথচ বাংলাদেশের স্কোর ঘুরেফিরে ২৫ থেকে ২৮ এর মধ্যে রয়েছে। এর আগে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ এগিয়ে ১২তম অবস্থান থেকে ১৩তম অবস্থানে এসেছিল। আর তালিকায় উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম। অবশ্য দুর্নীতির এই সূচকে বা স্কোরের ক্ষেত্রে বাংলাদেশের কোনো অগ্রগতি হয়নি৷ এর আগের বছরের মতো একই স্কোর ছিল৷ চার বছর ধরেই একই স্কোর রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়।

post
বাংলাদেশ

বাংলাদেশে মেট্রোরেল উদ্বোধনের পর থেকে ২৯ দিনে আয় ২ কোটি ৪৬ লাখ

গেলো বছর মেট্রোরেল উদ্বোধনের পর থেকে ২৯ দিনে টিকিট বিক্রি করে আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা । ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক এ কথা জানান । মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ তথ্য জানান তিনি। তিনি আরও বলেন, মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে। এই সময়ে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে বিরতিহীনভাবে চলাচল শুরু করে মেট্রোরেল। পরে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেলের পল্লবী স্টেশন। এর আগে ৯ জানুয়ারি রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের এমডি এম এ এন সিদ্দিক বলেছিলেন, মেট্রোরেলে বিদ্যুৎ খরচ, ব্যবস্থাপনা খরচ ও নির্মাণে যে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে তাতে করে দৈনিক তিন কোটি টাকা আয় করতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১২ কিলোমিটার রুট খুলে দেওয়া হবে। মেট্রোরেলের এই রুট থেকে বছরে হাজার কোটি টাকা আয় করতে হবে। তবে আমাদের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এই আয় করতে পারবো, কোনো সমস্যা হবে না।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে সাততলা থেকে পড়ে এক প্রবাসী শ্রমিক আহত

মালদ্বীপে এসি লাগাতে গিয়ে সাততলা থেকে পড়ে এক প্রবাসী শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ওই শ্রমিক বাংলাদেশি নাগরিক। তবে তার নাম উল্লেখ করা হয়নি। বয়স ২৫ বছর বলা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে দেশটির রাজধানী মালে শহরে ঘটে এ ঘটনা। তবে রোববার (২৯ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম।বর্তমানে আহত ওই শ্রমিককে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি মালদ্বীপের সরকারি হাসপাতাল।প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ কনস্ট্রাকশন কোম্পানির (আরসিসি) ইউনিফর্ম পরা ওই কর্মী এসি লাগাতে গিয়ে নিচে পড়ে যান। এরপর এলাকাবাসী ও আরসিসি কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের একজন মিডিয়া অফিসার গণমাধ্যমকে জানান, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে ওই ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাননি তিনি।মালদ্বীপের পুলিশ জানিয়েছে, তারা শনিবার বিকেলে ভবন থেকে এক ব্যক্তির পড়ে যাওয়ার খবর পায়।এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই কোম্পানির কর্মী কাজ করতে গিয়ে আহত হয়েছিলেন। তখন ওপর থেকে রড পড়ে তার কপালে ঢুকে যায়। পরে মালের এডিকা হাসপাতালে অস্ত্রোপচার হয় তার।

post
বাংলাদেশ

ফেব্রুয়ারিতে ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের সমর্থনের আবেগ ছুঁয়েছে দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে নীতিনির্ধারক মহল পর্যন্ত। ভৌগোলিকভাবে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্বটা ১৭ হাজার কিলোমিটারের বেশি। কিন্তু আলবিসেলেস্তের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসায় এ দূরত্বকে বিস্তর মনে হয় না।কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটিকে চমকে দিয়েছে। এ উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছে। আর্জেন্টিনার মানুষও এখন বাংলাদেশকে আপন ভাবছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে বিশ্বকাপজয়ী দেশটি ফেব্রুয়ারিতে ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে। ঢাকায় দূতাবাসের উদ্বোধন করতে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন করা হবে। বাংলাদেশে দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার ঢাকায় আসছেন। ফ্রাঙ্কো গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো তিন দিনের সফরে ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। সফরকালে দূতাবাস উদ্বোধনের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন। গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো। চিঠিতে আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে মনে করেন তিনি। ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়টি মূলত সামনে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর একটি টুইটকে কেন্দ্র করে। গত বছরের ১২ ডিসেম্বর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো এক টুইটে লেখেন, ঢাকায় ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া তাঁর দেশের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর উল্লাসরত বাংলাদেশি সমর্থকদের একটি ভিডিও ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা বিশ্ববাসীর নজর কাড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়। পরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটারে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!’বাংলাদেশের কর্মকর্তারা মনে করেন, ফুটবলের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে দুই দেশের বন্ধন দৃঢ় হবে। দূতাবাস চালুর ফলে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ লাতিন আমেরিকার অভিন্ন বাজার মারকোসুরে প্রবেশেধাকিরার উদ্যোগ নিতে পারে। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ সয়াবিন উৎপাদনকারী দেশ আর্জেন্টিনা। সম্পর্কের নতুন প্রেক্ষাপটে দেশটি থেকে বাংলাদেশের সয়াবিন তেল আমদানি সহজতর হতে পারে। পাশাপাশি চিনি আমদানির সুবিধা বাড়বে। সূত্র- প্রথম আলো

post
বিনোদন

রাজের সাথে সংসার নিয়ে যা বললেন পরীমনি

কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।বিয়ের এক বছর পর পরীমনি জানালেন, শরিফুল রাজের জন্য ভালোবাসা বেড়েই চলেছে তার। পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তি উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন তিনি। একই সঙ্গে ছবিটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়াতে কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমেও। এক গণমাধ্যম সাক্ষাৎকারে পরীমনি তার আর রাজের ভালোবাসা, সন্তান রাজ্যের বিষয়ে নানান কথা বলেন। রাজকে নিয়ে পরী জানান, সম্পর্ক যতদূর, যতদিন যায় ভালোবাসাও বেড়ে যায়, মান-অভিমান হয়, বন্ধুত্ব বাড়ে, শেয়ারিং বাড়ে। দুজনের বন্ধুত্বের জোরেই এখনো অবধি সম্পর্ক টিকে আছে বলেও জানান পরীমনি। জীবনের নানা চড়াই-উতরাই পার করে যতটা আলোচিত হয়েছেন, তেমনি সমালোচিতও কম হননি পরীমনি। চলচ্চিত্রে অভিনয় করবেন, এমনটি কখনো ভাবেননি বলেও জানান পরী। গণমাধ্যমে পরী আরও বলেন, নাটকে কাজ করছিলাম। তা নিয়েই সন্তুষ্ট ছিলাম। নাটকে কাজ করতে গিয়ে চম্পা ম্যাডামের সঙ্গে পরিচয় হয়। নাটকের শুটিংয়ের ফাঁকে প্রায়ই তিনি আমাকে চলচ্চিত্রের নায়িকা হওয়ার কথা বলতেন। অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। প্রতিনিয়ত তার বলা কথাগুলো আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায়। আমিও আত্মবিশ্বাসী হয়ে ওঠি। এভাবেই একদিন পরিচালক শাহ আলম মণ্ডল আমাকে তার ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। এর পর ২০১৫ সালে 'ভালোবাসা সীমাহীন' ছবি মুক্তির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে পরীমনির। প্রসঙ্গত, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। গত বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.