post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।বুধবার (৮ ফেব্রুয়ারি) পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি. শিবকুমার নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতকালে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন হাইকমিশনার।এসময় তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি নিয়োগ আরও বেগবান করতে এবং কম খরচে অধিক সংখ্যক কর্মী নিয়োগের প্রস্তাবনা মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ বিষয়ে দ্রুত দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা করার অনুরোধ জানান হাইকমিশনার।গুরুত্ব বিবেচনায় মার্চ মাসে সভা করার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার মন্ত্রী। একই সঙ্গে তিনি কর্মী নিয়োগে বাংলাদেশকে সব প্রকার সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।এছাড়া অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের হাইকমিশনার।তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। প্রতারণা এড়াতে সরাসরি উপযুক্ত কোম্পানির মাধ্যমে বৈধতা নিতে সতর্ক করা হয়েছে।বৈধতা চলাকালে প্রতারণা হওয়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এজন্য প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ জানান হাইকমিশনার।

post
এনআরবি বিশ্ব

বিদেশি কর্মী নিয়োগে এজেন্সি হস্তক্ষেপ বন্ধ চায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশি কর্মী নিয়োগে তৃতীয় পক্ষের (এজেন্সি) হস্তক্ষেপ বন্ধ করতে চান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল বুধবার দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, 'মালয়েশিয়ায় কর্মী হিসেবে আসতে নেপালের শ্রমিকদের খরচ মাত্র ৩ হাজার ৭০০ রিঙ্গিত। কিন্তু বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার শ্রমিকদের জন্য তা ২০ হাজার থেকে ২৫ হাজার রিঙ্গিত।'তিনি বলেন, এজেন্টদের এই উচ্চ ফি 'আধুনিক দাসত্বের' সমতুল্য। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর অতিরিক্ত খরচের হাত থেকে বিদেশি কর্মীরা রেহাই পাবে এবং আন্তর্জাতিকভাবে মালয়েশিয়া মর্যাদাবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশটির প্রধানমন্ত্রীর এমন সদিচ্ছায় সন্তুষ্টিও জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় কাজ করতে আসা বিদেশি কর্মীদের বর্ধিত খরচের জন্য দায়ী করা হয় রিক্রুটিং এজেন্টদের। তাদের নেওয়া উচ্চ ফি এর কারণে শ্রমিকদের প্রায়ই উচ্চ সুদে ঋণ নিতে বা জমি বন্ধক রাখতে বাধ্য হতে হয়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা অভিবাসী কর্মীদের বিদেশ যেতে অনাকাঙ্ক্ষিত উচ্চ খরচ হওয়াকে 'দাসের শ্রম' বা ফোর্স লেবার এবং মানবপাচার হিসেবে চিহ্নিত করেছে। এই ২টি অভিযোগে মালয়েশিয়া থেকে আমেরিকা ও ইউরোপের মার্কেটে মালয়েশিয়ান পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। বেশ কয়েকটি স্থানীয় হ্যান্ড গ্লোভ প্রস্তুতকারক কোম্পানি তাদের বর্তমান ও সাবেক বিদেশি কর্মীর অতিরিক্ত অভিবাসন খরচ ফেরত দিয়ে সেই অভিযোগ থেকে মুক্ত হতে পেরেছে। কেননা কোম্পানি ও কর্মী উভয়ই এই উচ্চ খরচের পদ্ধতি মেনে নিতে বাধ্য হয়। সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বাংলাদেশ ও নেপাল সরকারের সঙ্গে অভিবাসন খরচ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। মালয়েশিয়ান নিয়োগকর্তারা নামমাত্র বা শূন্য খরচে কর্মী নিয়োগ করার ইচ্ছা বিভিন্ন সময় সরকারকে জানিয়েছে। তারা নিশ্চয়তা চেয়েছে, উৎস দেশের কর্মীর অতিরিক্ত কোনো খরচ হবে না। গত ফেব্রুয়ারিতে তৎকালীন মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান নিয়োগকর্তাদের বলেছিলেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান তারা তৃতীয় পক্ষের মাধ্যমে না করে যেন সরাসরি মানবসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করে। সারাভানান আরও বলেছিলেন, নিয়োগকারী সংস্থাগুলোর আবেদন অবিলম্বে প্রত্যাখ্যান করা হবে।

post
এনআরবি লাইফ

চীনে তুষার আনন্দে মেতেছে বাংলাদেশিরা

আরও একটি শীতকাল এসেছে, সঙ্গে বছর ঘুরে এলো চন্দ্র নববর্ষ। নববর্ষ উপলক্ষে চীনজুড়ে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বসন্ত উৎসব উদযাপনের পাশাপাশি উদ্দীপনায় বরফ ও তুষার ক্রীড়ার আনন্দ উপভোগ করছে চীনা নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা। চীনে এখন চলছে পুরোদমে শীতকাল। অনেক শহরের তাপমাত্রা এক থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করে। আবার কোনো কোনো শহরের তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। শীতকালে বেইজিং, হেবেই, হেইলংচিয়াং, চিনলিন, ইনার মঙ্গোলিয়া, চিয়াংসু, লিয়াওনিং, হুবেইসহ অধিকাংশ প্রদেশে প্রচুর তুষারপাত হয়।প্রকৃতির সঙ্গে মিলেমিশে বরফ ও তুষার বিনোদন বর্তমানে বাংলাদেশসহ চীনা মানুষের বসন্ত উৎসবের ছুটি কাটানোর পদ্ধতিতে পরিণত হয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ শিথিল করার বরফ ও তুষার আনন্দ উপভোগ অন্য মাত্রায় নিয়ে গেছে।তুষার পড়ার সময় বাইরের পরিবেশ সাদা স্নিগ্ধ কাশফুলের বাগানের মতো দেখায়। রাস্তার গাছগুলো তুষারকে আলিঙ্গন করে নিয়েছে। তুষারের ভারে নুয়ে পড়ে মগডাল, পাতারাও ঝুলে আছে দোলনার মতো। বাংলাদেশে তুষারপাত দেখা, তাও আবার নিজের চোখে দেখা, হাত দিয়ে স্পর্শ করা! তুষার নিয়ে খেলা করা! এসবইতো কল্পনার বাইরে। কিন্তু চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কল্পনাকেও হার মানিয়ে নরম পালকের মতো ধবধবে সাদা তুষারে আনন্দ উপভোগ করছে। আর স্মৃতিগুলো ক্যামেরায় বন্দি করছে অনেকে। আগে আমরা বিভিন্ন হলিউড মুভিতে বরফ পড়া দেখতাম। তখন খুব ইচ্ছে ছিল ধবধবে সাদা তুষারে আনন্দ উপলদ্ধি করা কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে চায়নাতে এসে। শীতকালে চায়নাতে প্রায় সব জায়গাতেই বরফ পরেছে, এভাবেই অনুভূতি প্রকাশ করেন শুঝৌ মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রাফিদ ইবনে মাজহার।তিনি বলেন, বাংলাদেশে বরফ পড়ে না। সেখানে শীতকালে অনেক কুয়াশা হয়। কিন্তু চায়নাতে শীতে কুয়াশা কম হলেও এখানে বরফ পড়ে। শুধু বাঙালি নয়, চীনে বসবাসরত অন্যান্য বিদেশিরা বরফ পড়ার আনন্দ উপভোগ করে এবং সবাই নিজের মতো ছবি, ভিডিও করে নিজের স্মৃতি ধারণ করে থাকে। বাঙালী হিসেবে এই ‘স্নো-ফল’ দেখতে পেরে আমি খুবই খুশী। কথা হয় চীনা নাগরিক ওয়াং তানহোং যিনি বেইজিংয়ে বসবাস করছেন, তার বাংলা নাম রুবিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় পড়াশোনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশে বরফ না দেখলেও শীতকালীন সুন্দর দৃশ্য উপভোগ করেছি। শীতকালে পিঠা উৎসবে গিয়ে বিভিন্ন রকমের পিঠা খেয়েছি, বিশেষ করে ভাপা পিঠা।চীনে করোনাভাইরাস শিথিল হওয়ায়, এই প্রথম আমরা বরফ ও তুষারের নান ধরনের খেলাধুলার আনন্দ উপভোগ করতে পারছি। বেইজিংয়ের সামার প্যালেস, ওল্ড সামার প্যালেস, শি ছা হাই ও বেইজিং শীতকালীন অলিম্পিক পার্কসহ বিভিন্ন জায়গায় চীনা নাগরিকরা নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থী বায়েজিদ বোস্তামি বলেন, গত তিন বছর করোনা মহামারির কারণে চাইনিজ নিউ ইয়ার এবং স্নো ফলের যে উৎসব কোনোটাই উদযান করতে পারিনি। কিন্তু এই বছর কোনো বিধিনিষেধ না থাকায় চাইনিজ জনগনসহ আমরা বাংলাদেশিরা খুব ভালোভাবে এই উৎসবগুলো উদযাপন করতে পারছি। চাইনিজ নিউ ইয়ার এবং বরফ ও তুষার আনন্দ উপভোগ, এক কথায় অসাধারণ।

post
বাংলাদেশ

এইচএসসি ও সমমানে ফল প্রকাশ, পাসের হার ৮৫.৯৫ এগিয়ে মেয়েরা

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯ শতাংশ, এ প্লাস পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক শূন্য ৬ শতাংশ, এ প্লাস পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক শূন্য ৩ শতাংশ, এ প্লাস পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, এ প্লাস পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক শূন্য ২ শতাংশ, এ প্লাস পেয়েছেন ৭ হাজার ১০৫ জন। মাদরাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। এ প্লাস পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন। গত বছরের ৬ নভেম্বর শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।

post
বিনোদন

উপহারের গাড়ি নিতে গিয়ে জরিমানা গুনলেন হিরো আলম!

হবিগঞ্জে উপহারের গাড়ি নিতে এসে নিজের গাড়ির জরিমানা গুনলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে আড়াই হাজার টাকা জরিমানা করে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।ওসি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হিরো আলম। মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে তার গাড়িটি আটক করে জরিমানা করা হয়। পরে মামলা দিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে। এরআগে ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। এমনকি যোগাযোগও করেননি। কয়েকদিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও শেয়ার করেন এম মোখলিছুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে মঙ্গলবার নিজে গাড়ি চালিয়ে উপহারের গাড়িটি আনতে হবিগঞ্জে যান তিনি। এ সময় দ্রুতগতিতে গাড়ি চালানোয় জরিমানা গুনতে হয় তাকে।।

post
বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন অক্টোবরে

চলতি বছরের অক্টোবরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক অংশের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের উদ্বোধন করবেন।মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনালের কাজের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান। মাহবুব আলী বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের সফট ওপেনিং (আংশিক অংশের উদ্বোধন) চলতি বছরের অক্টোবর মাসে করা হবে। আশা করছি অক্টোবর মাসে প্রধানমন্ত্রী থার্ড টার্মিনালের আংশিক অংশের উদ্বোধন করবেন। আমরা করোনার মধ্যেও থার্ড টার্মিনালের কাজ এগিয়ে নিয়েছি। ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন বিভিন্ন রকমের যন্ত্রাংশ আসছে, সেগুলো ইনস্টল করা হচ্ছে টার্মিনালে। অক্টোবরে মূল ইনফ্রাস্ট্রাকচার কাজ শেষে হবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘এই থার্ড টার্মিনাল উদ্বোধন করা জাতিরও প্রত্যাশা ছিল। বিমানবন্দর একটি স্বাধীন দেশের গেটওয়ে। বিদেশ থেকে যেসব পর্যটকেরা বাংলাদেশ আসবে তারা যেন বিমানবন্দরে প্রবেশ করেই দেশের উন্নতির বিষয়ে ধারণা নিতে পারেন। আমাদের মেট্রোরেল ও পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। পাতাল রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।’ মাহবুব আলী দেশের অ্যাভিয়েশন খাতে নীরব বিপ্লব চলছে উল্লেখ করে বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল নির্মাণ চলছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে বর্ধিতকরণসহ ব্যাপক উন্নয়নকাজ চলছে। এ ছাড়া চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর বিমানবন্দরে উন্নয়নকাজ চলছে। এছাড়াও বিমানের বহরে নতুন উড়োজাহাজ সংযুক্ত করা হচ্ছে। 

post
খেলা

আর্জেন্টিনার লীগ ফুটবল ম্যাচের আগে উড়লো বাংলাদেশের পতাকা

ফুটবল বিশ্বকাপ যেন এক সুতোয় বেঁধে দিয়েছে বাংলাদেশ আর আর্জেন্টিনাকে। আগে থেকেই বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী ছিল। তবে এর আগে তাদের আবেগ-উম্মাদনা নিয়ে বিশ্ব মিডিয়ায় এমন মাতামাতি হয়নি, যেমনটি গত বিশ্বকাপে হলো।বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলেও তখন বাংলাদেশকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল।কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারেও এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ এবং এ দেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি।এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ ও সম্মাননা জানালো হলো। লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, 'ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।'

post
বাংলাদেশ

বাংলাদেশে কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে কাল

দেশের ২২তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা জানা যাবে আগামীকাল (৭ ফেব্রুয়ারি)। এজন্য কাল সংসদীয় দলের বৈঠক ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রে জানা যায়, সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এজন্য ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোট হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীকে ভোট দেবেন। আর রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হতে হয় সংসদ সদস্যদের। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে এরই মধ্যে জানিয়েছে। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। তাই মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থক কারা হবেন সেটিও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

post
বাংলাদেশ

প্রবাসী নারী শ্রমিকদের জন্য হাইকোর্টে রিট

প্রবাসী নারী শ্রমিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত এবং মৃত্যুবরণ করা শ্রমিকদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের নিশ্চয়তা চেয়ে হাইকোর্টে এক রিট পিটিশন দায়ের করা হয়েছে। ‘লাশ হয়ে ফিরলেন ৭১৪ নারী’ শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল-এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ আটজনকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। প্রবাসী নারী শ্রমিকের অমানবিক নির্যাতন বন্ধ, তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদে দেশে ফেরার নিশ্চয়তা চাওয়া হয়েছে রিটে। এছাড়া প্রবাসে মৃত্যুবরণ করা শ্রমিকদের মৃত্যুর কারন তদন্ত করে যথাযথ ভাবে জানানোর পাশাপাশি ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণের নিশ্চয়তার নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সাথে মালিক পক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।সুত্র-বাসস 

post
বাংলাদেশ

বিএসএফের ছোড়া সাউন্ড গ্রেনেডে এক বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া সাউন্ড গ্রেনেডে এক কৃষক আহতের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকার সীমান্ত পিলার ৪২২ এর সাব-পিলার ২৪ সংলগ্ন ভারত সীমান্তের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। আহত কৃষক আজিজার রহমান (৪২) সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকার বাসিন্দা।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় মীরগড় বিওপির কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার মনিরুজ্জামান জানান, সাউন্ড গ্রেনেডে কৃষক আহতের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ ঘটনার বিষয়টি স্বীকার করেনি। সাতমেরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম বলেন, 'সকালে অন্যান্য কৃষকদের সঙ্গে আজিজার রহমান ভারত সীমান্তে করতোয়া নদী সংলগ্ন চরে বোরো ধানের চারা রোপণ করতে যান। দুপুরের দিকে হঠাৎ করে বিএসএফের একজন সদস্য সেখানে একটি বোমাজাতীয় বস্তু ছুড়ে মারে। সেটি বিস্ফোরণের বিকট শব্দে হয় আজিজার অসুস্থ হয়ে পড়েন।' এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলে জানান। বিষয়টি স্থানীয়দের কাছে জানতে পেরে বিজিবি ভারতের ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্মনবস্তি ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করে।পরে বিকেল ৫টার দিকে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান জানান, বৈঠকে বিএসএফের কোনো সদস্য এ ঘটনা ঘটায়নি বলে দাবি করা হয়েছে। তিনি বলেন, 'বাংলাদেশি কৃষকের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে জেনে আমরা প্রতিবাদ জানিয়ে বিএসএফের বর্মনবস্তি ক্যাম্পের সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। পতাকা বৈঠকে তারা এ ধরনের ঘটনার কথা অস্বীকার করে।' 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.