post
বাংলাদেশ

টানা তিন দিন দূষণের শীর্ষে রাজধানী ঢাকা

ঢাকা আজ শনিবারও দূষণের শীর্ষ অবস্থানে আছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সকালেও দূষণের শীর্ষে ছিল এ নগর। আজ সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১৪। এ পরিস্থিতি খুব অস্বাস্থ্যকর। আর ২০৩ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় স্থানে আছে ভারতের মুম্বাই। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারি মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। এ ধারা এখনো অব্যাহত। সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকার তৃতীয় স্থানে আছে চীনের বেইজিং—স্কোর ১৯৭। চতুর্থ অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ১৯৬। এরপর আছে পাকিস্তানের লাহোর—স্কোর ১৯১; চীনের উহান—স্কোর ১৮৭, নেপালের কাঠমান্ডু—স্কোর ১৭৭। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারি মাসে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

post
বাংলাদেশ

তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। এছাড়া ৬ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন- এগুলো শেখানো হবে। তিনি বলেন, শিক্ষার্থী স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সকল শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেনো ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। ফলে,তারা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তিনি আজ রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছি। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি, সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে বাস্তবায়ন হবে।' তিনি আরো বলেন, 'আমাদের শিক্ষার্থীরা আগে মুখস্থ করতো, আত্মস্থ করতে পারতো না। এখন আনন্দের মধ্যদিয়ে শিখবে। অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে। যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করতে শিখবে। এতে পরীক্ষা ভীতি আর থাকবে না। পরীক্ষা কিছু থাকবে কিন্তু অধিকাংশই হবে ধারাবাহিক মূল্যায়ন। ' ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন, ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরীসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

post
বাংলাদেশ

সোনালী ব্যাংকের নাম পরিবর্তন

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। ফলে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নতুন নামে কার্যক্রম শুরু করবে।বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং কোম্পানির সেক্রেটারি তাওহিদুল ইসলাম। জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য সোনালী ব্যাংকের নাম পরিবর্তিত করে সোনালী ব্যাংক পিএলসি করা হয়েছে।

post
বাংলাদেশ

বাংলাদেশে আজ থেকে ট্রেনের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয় পত্র

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া ট্রেনের টিকিট নয়—আজ বুধবার থেকে রেলে এই ব্যবস্থা চালু হচ্ছে। এ ব্যবস্থায় বিদেশি নাগরিকদের ট্রেনে ভ্রমণে পাসপোর্ট দেখিয়ে টিকিট নিতে হবে।রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট কাটতে হবে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থাকে ‘টিকিট যার ভ্রমণ তার’ বলছে রেলওয়ে। টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি। আজ সকাল সাড়ে আটটায় কমলাপুর রেলস্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।তবে এর মাধ্যমে অনেক যাত্রীই ট্রেনে চড়তে পারবেন না বলে আশঙ্কা করছেন রেলেরই কোনো কোনো কর্মকর্তা। রেলের কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থায় যাত্রীদের হয়রানি ও কষ্ট বাড়বে। কারণ, এই ব্যবস্থায় টিকিট কাটতে হলে ১২ বছরের বেশি বয়সী দেশের জনসংখ্যার সবাইকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ওয়েবসাইট থেকে টিকিট কাটতে হলে অন্তত একটি ই-মেইল আইডি লাগবে। কারণ, ই-মেইল আইডি দিয়ে সাইন আপ ছাড়া নিবন্ধন কিংবা টিকিট কাটা যাবে না। আর যাঁরা কাউন্টার থেকে টিকিট কাটবেন, তাঁদেরও আগে থেকে নিবন্ধন থাকতে হবে। এই বিবেচনায় দেশের একটা বড় জনগোষ্ঠী টিকিট কাটার সুযোগই পাবে না।এই পদ্ধতি চালু হলে অনেক যাত্রীই ট্রেনে চড়তে পারবেন না বলে আশঙ্কা করছেন অনেকে।এদিকে নতুন পদ্ধতি চালু হওয়ার খবরে অনলাইন ও কাউন্টারে রেলের অগ্রিম টিকিট নেওয়ার হিড়িক পড়েছে। গতকাল মঙ্গলবার আগামী কয়েক দিনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যায়নি। এ ছাড়া আগামী শনিবার পর্যন্ত অগ্রিম টিকিট গতকাল বিক্রি হয়েছে। গতকাল পর্যন্ত যেসব যাত্রী টিকিট নিয়েছেন, তাঁদের ওপর আগামী চার দিনের ক্ষেত্রে নতুন পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়। নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতি কার্যকর করা কঠিন হবে। কারণ, আন্তজেলা পর্যায়ে অনেক যাত্রী টিকিটই কাটেন না। আর ট্রেনে পরীক্ষা করার মতো লোকবল নেই। আগের মতো টিটিইদের বাড়তি আয়ের পথ তৈরি হবে।যাত্রীরা এনআইডি বা জন্মনিবন্ধন বা পাসপোর্টের মাধ্যমে নতুন ব্যবস্থায় নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। দেশের বিভাগীয় শহরের রেলস্টেশন ও আন্তনগর ট্রেনের প্রারম্ভিক স্টেশনগুলোতে সর্বসাধারণের নিবন্ধনপ্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য একটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়ন চায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার মন্ত্রিসভা বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে সাপ্তাহিক মন্ত্রিসভা ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, 'নতুন বাণিজ্য চুক্তি করা সরকারের নীতিমালার অংশ এবং শ্রীলঙ্কাকে চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই নিশ্চিত করতে হবে, যে রপ্তানিকারকরা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।' শ্রীলঙ্কা সম্প্রতি একটি আন্তর্জাতিক বাণিজ্য কার্যালয় প্রতিষ্ঠা করেছে, যাতে চীন ও থাইল্যান্ডের সঙ্গে স্তিমিত বা থেমে থাকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা নতুন করে শুরু করে যায় এবং ভারতের সঙ্গে ইতোমধ্যে সই হওয়া চুক্তি আরও সম্প্রসারিত করা যায়। পাশাপাশি, নতুন করে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে এ ধরনের অগ্রাধিকারমূলক চুক্তি নিয়েও কাজ করবে এই কার্যালয়।

post
বাংলাদেশ

মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর–অধ্যুষিত উপজেলা মিঠামইন যাচ্ছেন। তাঁর সফর উপলক্ষে উৎসব ও ধুমধাম করে স্বাগত জানাতে কিশোরগঞ্জবাসী এখন পুরোপুরি প্রস্তুত। তিনি আজ সকালে মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। আজ বিকেলে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মস্থান পরিদর্শন করবেন। আওয়ামী লীগ নেতারা জানান, শেখ হাসিনার আগমন উপলক্ষে শুধু কিশোরগঞ্জের মিঠামইন নয়, পুরো হাওরাঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের ব্রিফিংকালে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এলে হেলিপ্যাড থেকে জনসভার মাঠে যাওয়ার জন্য কিশোরগঞ্জ থেকে দুটি রিকশা আনা হয়। কিন্তু রাস্তার জরাজীর্ণ অবস্থার কারণে রিকশায় চড়ে সামনে যাওয়া সম্ভব না হওয়ায় কিছুক্ষণ পর তাঁকে রিকশা থেকে নামতে হয়। সে সময় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। প্রধানমন্ত্রী গত ১৪ বছরে যে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, তা আমাদের কল্পনার বাইরে!’ রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, হাওর অঞ্চলে সেতু, কালভার্ট, রাস্তাসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করায় এ অঞ্চলের মানুষ আর বঞ্চিত থাকবে না। কিশোরগঞ্জের জলাশয়ের ওপর দিয়ে এলিভেটেড হাইওয়ে বাস্তবায়িত হলে হাওরাঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে কিশোরগঞ্জের মানুষ উৎসাহ ও অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। সমগ্র জেলা ও অন্যান্য অঞ্চলের মানুষ শেখ হাসিনাকে দেখতে সমাবেশে যোগ দেবে। হাওর অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রীর কাছে সত্যিই ঋণী, কারণ তিনি এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন।’

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে রাষ্ট্রপতির বাসভবনে থাকছে হাওরের ২৩ জাতের মাছ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে আজ মঙ্গলবার অতিথি হয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরের মিঠাপানির ২৩ জাতের মাছ আর অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে তাঁকে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে মুরগি, হাঁস, খাসি ও গরুর মাংস এবং নানা জাতের পিঠা। রাষ্ট্রপতির বড় ছেলে স্থানীয় সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন। মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, বড় মাছের মধ্যে থাকবে আইড়, রুই, কাতলা, বোয়াল, চিতল ইত্যাদি। বঙ্গভবনের বাবুর্চি ও পরিবারের নারীরা মিলে খাবারের আয়োজন করছেন। প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে স্বাগত জানাতে এক দিন আগেই গতকাল সোমবার বিকেলে মিঠামইন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সঙ্গে আছেন তাঁর স্ত্রী রাশিদা হামিদসহ পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসে পৌঁছান। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে সেনানিবাসের উদ্বোধন ও পতাকা উত্তোলন করবেন। এরপর তিনি যাবেন রাষ্ট্রপতির কামালপুরের গ্রামের বাড়িতে। সেখানে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন সফরসঙ্গীকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মিঠামইনে সুধী সমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে দূরদূরান্ত থেকে নেতা-কর্মীরা রাত থেকেই আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে বহু দৃষ্টিনন্দন তোরণ। জনসভার জন্য তৈরি করা হয়েছে বিশাল আকারের নৌকার আদলের মঞ্চ।

post
প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে থাকবে সরকার, বেসিস সফটএক্সপোতে সালমান এফ রাহমান

শেষ হলো ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনের বেসিস সফটএক্সপোর আয়োজন করা হয়েছিল।বেসিস সফটএক্সপোর সফল সমাপ্তিতে তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে থাকবে সরকার, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমাপনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এবারের বেসিস সফটএক্সপোর আয়োজনে সহায়তাকারী, অংশগ্রহণকারী, সহযোগী ও স্পন্সরদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এক্সপোর চতুর্থ দিনের সন্ধ্যা পর্যন্ত ৯২ হাজার দর্শনার্থী সফটএক্সপো ভ্রমণ করেছেন। এছাড়া অংশগ্রহণকারী ২০৪টি কোম্পানি ইতিমধ্যেই স্থানীয় ও বৈশ্বিকভাবে প্রায় একশ বিশ কোটি টাকার সম্ভাব্য লিড পেয়েছে। ঢাকার বাইরে হলেও এটি একটি মাইলফলক।’অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই আয়োজনের জন্য বেসিসকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বেসিস সফটএক্সপো একটা আন্তর্জাতিকমানের অনুষ্ঠান হয়েছে। কোন পলিসি সাপোর্ট দিলে বড় ধরনের ইমপ্যাক্ট পড়বে, মৌলিক পরিবর্তন হবে সেটি আপনাদেরকে বের করে সরকারকে জানাতে হবে। আমার এই মেলা দেখার পর মনে হয়েছে বেসিসকে দাবায় রাখা যাবে না।’তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথম যে অফিসে যাই সেটা হলো বেসিস। সেখান থেকেই আমি ১০০ দিনের একটা পরিকল্পনার কথা ঘোষণা করি। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ যে থ্রি বাই থ্রি থিওরির কথা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেব।’ এর আগে বেসিস সফটএক্সপোর বিশেষ আয়োজন হিসেবে ‘বিজনেস লিডারস মিট’ অনুষ্ঠিত হয়। সেখানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।আলোচনায় অংশ নেন চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের স্বতন্ত্র পরিচালক আসিফ ইব্রাহীম, ফাইবার অ্যাট হোমের সিইও ময়নুল হক সিদ্দিকী ও এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট নাসিরুজ্জামান বিজয়। আর অনু্ষ্ঠান সঞ্চালনা করেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো পিপলএনটেক পরিবার

মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট পিপলএনটেক ফাউন্ডেশন ও এর পরিবার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতবাসের স্থায়ী শহীদ মিনারে ও আর্লিংটনের কেনমোর মিডল স্কুল মিলনায়তনে ডিসি একুশে অ্যালায়েন্সের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পৃথকভাবে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।  পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ফারহানা হানিপ এতে নেতৃত্ব দেন। শ্রদ্ধাঞ্জলি দেবার সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ৭১ বছর আগে ঢাকায় জীবন উৎসর্গকারী ভাষাসৈনিকদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মরণে দুটি কর্মসূচির আয়োজনই ছিলো অনন্য।২১ ফেব্রুয়ারি দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস। একুশের প্রথম প্রহরে প্রভাতফেরী ও শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলনাযতনে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক পর্ব। আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে বিশ্বব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয় এই আয়োজনে। যাতে বাংলাদেশসহ ছয়টি দেশের শিল্পীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন পিপলএনটেকের চেয়ারম্যান আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ফারহানা হানিপসহ অন্য কর্মকর্তারা।অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ, মার্কিন পররাষ্ট্র দফতর ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সকলের সঙ্গে কুশল বিনিমিয়ের পাশাপাশি ভাষা আন্দোলনের গুরুত্ব ও ইতিহাসে এর অবস্থান নিয়ে কথা বলেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও ফারহানা হানিপ। এর আগে ১৮ ফেব্রুয়ারি শনিবার ভার্জিনিয়ার আলিংটন কেনমোর মিডল স্কুলে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় ডিসি একুশে অ্যালায়েন্সের উদ্যোগে।ডিসি ভার্জিনিয়া মেরিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটর ২৫ টি সংগঠন নিয়ে গঠিত এই অ্যালায়েন্সের অন্যতম সদস্য পিপলএনটেক ফাউন্ডেশন। সেখানেও অনুষ্ঠানস্থলে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পিপলএনটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তারা। এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষকও ছিলো পিপলএনটেক। গত এক যুগেরও বেশি সময় ধরে একুশ উদযাপনের আয়োজনগুলোতে নানাভাবে সহযোগিতা করে আসছে এই আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি। শ্রদ্ধা নিবেদন শেষে পিএনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, "ভাষা আন্দোলন একদিকে আমাদের জন্য শোকের। কারণ এই ভাষার জন্য বাংলার অনেক দামাল ছেলেকে প্রাণ দিতে হয়েছে। তবে আজ বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ও উদযাপিত হয়। বিষয়টি আমাদের জন্য গর্বের।"পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ বলেন, "ভাষা সৈনিকদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি, সে সব ভাষা শহীদদের সম্মান জানানো আমাদের যেমন নৈতিক দায়িত্ব তেমনি বিদেশের মাটিতে হলেও সেই ভাষাকে যথাযথ চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌছে দেওয়া আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, আমাদের সন্তানেরা বিদেশের মাটিতে বেড়ে উঠলেও বাংলা ভাষার চর্চাটা তাদের কাছে পৌছে দেয়ার চেষ্টা করছি। সাথে করে নিয়ে এসে শহীদ মিনারে ফুল দিয়ে মাতৃভাষার বিষয়ে তাদের উদ্বুদ্ধ, উজ্জীবিত করছি।"ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বাংলাদেশের জাতীয় দিনগুলো যুক্তরাষ্ট্রে পালন ও উদযাপনের সকল আয়োজনেই পিপলএনটেকের অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা থাকে। বিগত কয়েক বছরের মতো এবছরও ডিসি একুশে অ্যালায়েন্স সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, সাংস্কৃতিক পর্বের মহড়া সম্পন্ন হয়েছে পিপলএনটেকের কার্য্যালয়ের অডিটোরিয়ামে।এ প্রসঙ্গে পিপলএনটেকের প্রতিষ্ঠাতা আবুবকর হানিপ বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাংলাদেশকে আমরা ভালোবাসি। এখানে বাংলাদেশি কমিউনিটিকেও আমরা ভালোবাসি। কমিউনিটির আয়োজনে যে কোনো জাতীয় দিবস উদযাপনে পিপলএনটেক পাশে থাকে এবং থাকবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি পিপলএনটেকের বাংলাদেশের কার্যালয়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে এবং একুশে উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

post
প্রযুক্তি

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সিটিজেন গুরুত্বপূর্ণ বিষয় : স্পিকার শিরীন শারমিন

ওয়েলকাম টু স্মার্টভার্স’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী ১৭ তম বেসিস সফট এক্সপো- ২০২৩।  বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বেসিস সফট এক্সপো ২০২৩ উদ্ভোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।প্রদর্শনীটির আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন বলেন, আইসিটি সেক্টরে সাফল্যের জন্য অ্যাকাডেমিক, ইন্ডাস্ট্রি এবং সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজন।  তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত দক্ষ এবং মেধাবী। এদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এই সেক্টরের যাতে তারা আরও বেশি আগ্রহী হয় এবং তাদের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগায় সে বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে ঘোষণা দিয়েছেন সেখানে চারটি বিষয় স্মার্ট ইকনমি, স্মার্ট কমিউনিটি, স্মার্ট গভার্নেন্স এবং স্মার্ট সিটিজেন এই বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।স্মার্ট সিটিজেন গড়ে তোলার বিষয়ে কাজ করে যেতে হবে উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সিটিজেন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সব ধরনের বিষয়কে যদি আমরা আধুনিকায়ন করেও ফেলি, সেটাকে পরিচালনা করার সেই কর্মদক্ষতা সম্পন্ন মানব সম্পদের উন্নয়নও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই স্মার্ট সিটিজেন গড়ে তোলার বিষয়ে আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।সংসদের অনেক কার্যক্রম এই সফটওয়্যার সেবার মাধ্যমে সহজ হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সহযোগিতায় সংসদে অনেকগুলো বিষয় আমরা সফটওয়্যার ইনক্লুড করেছি। যা আমাদের কার্যক্রমকে অনেক সহজ করেছে। ই-ফাইলসহ আরও অনেকগুলো ক্ষেত্রে জাতীয় সংসদ ডিজিটাইজেশন করা যে উদ্যোগ সেখানে বেশি বেসিসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি বলেন, জাতীয় সংসদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। যেখানে সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের এবং প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন এবং তারা এসব প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্ন এবং উত্তরগুলোর যে হার্ডকপি জমা পড়ে তার সবকিছুই এখন একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এই কাজটি করতে বিভিন্ন প্রসেস করা হয়েছে। যা বেসিসের মাধ্যমে সম্পন্ন হয়েছে।ড. শিরীন শারমিন বলেন, আজ থেকে ১০ বছর আগে ডিজিটাইজেশন মানুষের কাছে ছিল এক প্রকার স্বপ্ন। কিন্তু এখন তা বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল ডিজিটাল দেশের রূপান্তর করেছেন। বাংলাদেশের বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি। বর্তমানে গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা। মাত্র ১৩ বছরের প্রযুক্তি শিল্পে রপ্তানি আয় দাঁড়িয়েছে এক দশমিক চার বিলিয়ন ডলার।  ১৭ বছরে বেসিস যেভাবে সংগঠিত হয়েছে সেটা জাতির জন্য গৌরবের বিষয় উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, আমি মনে করি যে স্টলগুলো এখানে দেওয়া হয়েছে তা থেকে তরুণ প্রজন্ম সফটওয়্যার ডেভলপমেন্টের বর্তমান অবস্থা এবং আগামী দিনের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.