post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত বেড়ে ১৩

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।নিহত ১৩ বাংলাদেশি হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ ও মোহাম্মদ হোসেন, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি।হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিরা হচ্ছেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার আল আমিন ও বুরহান উদ্দিন, লক্ষীপুরের মিনহাজ ও রিয়াজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার আফ্রিদি মোল্লা ও মিজানুর রহমান, নোয়াখালীর মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার ইয়ার হোসাইন ও জাহিদুল ইসলাম এবং যশোরের মোশাররফ হোসাইন।এছাড়া চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আব্দুল হাই, রানা, সেলিম, দেলোয়ার হোসাইন, হোসাইন আলী ও কুদ্দস। সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে ২০ জন নিহত ও ২৯ জন আহত হন। 

post
বিনোদন

জীবনের শেষ কয়েকটি ইচ্ছার কথা জানালেন চিত্রনায়িকা মৌসুমী

জীবনের বেশ কয়েকটি ইচ্ছার কথার জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সেই তালিকায় আছে— মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, দশর্কদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ বেশ কয়েকটি বিষয়। একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন— ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটি কী বলতে চান? এমন প্রশ্নে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব— আমি যদি মরে যাই, আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো— আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’ মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’ ওই প্রশ্নের উত্তরে মৌসুমী আরও বলেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে, সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয়, তা হলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানে সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে, তবে সে উদ্দেশ্যই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে। এ ছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন আমার কিছু সাংগঠনিকভাবে মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে, আমার সব ভক্তকে অনুরোধ করব, এটাকে সবসময় সচল রাখার জন্য।’

post
বিনোদন

মামুনুর রশীদের মন্তব্যে হিরো আলমের কৌশলী জবাব

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলমকে নিয়ে সম্প্রতি কড়া সমালোচনা করেছেন নাট্যজন মামুনুর রশীদ। রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান হয়েছে বলে মন্তব্য করেন এই নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। যার বিরুদ্ধে এই কথা সেই হিরো আলম কি আর চুপ করে থাকবেন? থাকেননি অবশেষে মুখ খুলেছেন হিরো আলম। সোমবার রাতে ফেসবুক লাইভে এসে আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম বলেছেন, ‘হিরো আলমকে মেরে ফেলে দেন। মেরে না ফেলে দিলে কেউ থামাতে পারবেন না। আমি আমার যোগ্যতায় আলম থেকে আজ হিরো আলম। মামুনুর রশীদ স্যার, আপনি আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করবে কে। আমাকে কেউ তৈরি করবে না। তাহলে রুচির পরিবর্তনও হবে না।’ রবিবার সংবাদমাধ্যমে ‘রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান: মামুনুর রশীদ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি ভাইরাল হয় ফেসবুকসহ নানা মাধ্যমে। অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ ফেসবুক লাইভে হিরো আলম বলেন, ‘তাদের মতো এত বড় মানুষ আমাকে নিয়ে কথা বলেছেন। এটা আমার জন্য সৌভাগ্য। মানুষের রুচি নাকি নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি নাকি ১৮ কোটি লোকের রুচি নষ্ট করেছি। আপনারা কেন আমাকে সাপোর্ট করেন, রুচি নষ্ট করেন।’ এই ইউটিউবার বলেন, ‘স্যার আপনি আমাকে নিয়ে যে কথাবার্তা বলেছেন, অনেক আর্টিস্ট আপনার হাতে তৈরি। অনেক লোক আপনার হাতে তৈরি। স্যার আপনি ইচ্ছে করলে কিন্তু আমাকে তৈরি করতে পারতেন। কিন্তু করেন না।’ তিনি আরও বলেন, ‘হিরো আলমের জন্য বাংলাদেশ নাকি নষ্ট হচ্ছে। যখন নাটকে গালিগালাজ করে, তখন কি আপনাদের রুচি নষ্ট হয় না।’ হিরো আলম বলেন, ‘আমার কী অপরাধ, কেন আমার লেখাপড়া নাই, চেহারা নাই? আপনার ছেলে যদি হতাম আমি। এভাবে বলতে পারতেন কেউ। হিরো আলমের মামা খালু নাই, ওয়েট নাই। অনেক এমপি দেখছি- সমাজের, দেশের, মানুষের কথা বলে না। নিজেরা ব্যস্ত।’ হিরো আলম বলেন, ‘আজ আমার জন্য কে দায়ী। আরে ভাই, আপনার আমাকে নিয়ে কথা কেন বলেন। কেন ভাই। একদিন এমন লাইভ করে পৃথিবী থেকে চলে যাব। আপনার রুচি নিয়ে থাকেন। আমি যদি আত্মহত্যা করি, এর জন্য দায়ী থাকবেন আপনারা। মানুষ আত্মহত্যা কখন করে জানেন? সবকিছুতে টর্চারিং করতেছেন।’ তিনি আরও বলেন, ‘হিরো আলমের কাজগুলো দেখেন, রুচি আছে কিনা। কত রুচি সম্পন্ন গান উপহার, নাটক বানাতে পারি। এতে আমার কী করণীয়।’ হিরো আলম বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনি আমাকে জেলে দেন। আমাকে সাহায্য করেন কেউ? করেন, করেন না। আমাকে ধিক্কার দেওয়া বন্ধ করুন। আপনারা বড় বড় কথাবার্তা বলেন। রুচি চেঞ্জ করতে পারেন না কেন।’ তিনি বলেন, ‘আমি কি অপরাধ করেছি। আমি যদি রুচি নষ্ট করে থাকি, টিকটক দেখেন তো; কেন তাদের বন্ধ করতে পারতেছেন না। অন্যদের নিয়ে কথাবার্তা বলেন না। এসবের জন্য আমি যদি আত্মহত্যা করি; এর জন্য দায়ী থাকবেন রুচিসম্পন্ন মানুষেরা। অন্যদের মতো আমি তো এই রুচি নিয়ে আসি নাই।’ 

post
বাংলাদেশ

‘সংলাপ নয়, বিএনপিকে অনানুষ্ঠানিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল’

সংলাপ নয়, বিএনপিকে অনানুষ্ঠানিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এর সঙ্গে সরকারের কোনও সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।তিনি বলেন, আমরা গণমাধ্যমে দেখলাম অনেকে লিখেছেন, বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল। তবে আমি বলছি, বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনও কূটকৌশল নেই। বরং এটা ইসির কূটকৌশল হতে পারে। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। নির্বাচন কমিশন প্রথম থেকেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করে।’ সিইসি বলেন, সরকার ইসির ওপর চাপ দিলে যে ডেবে যাবে বিষয়টা ওরকম না। এখানে সরকারের কোনও রকম সংশ্লিষ্টতা নেই। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন মনে করে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে বিশেষ করে বড় দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন। সংসদীয় গণতন্ত্রে দলীয় শাসনটাই হচ্ছে মুখ্য। বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর দ্বারা কখনো সরকার গঠন করা সম্ভব নয়। সেজন্য আমাদেরও লক্ষ্য দলগুলো চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সমৃদ্ধ হোক, সংহত হোক। দলীয় চর্চা এবং সংস্কৃতির মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরও সংহত হোক। সেটা আমাদের প্রথমদিন থেকে সদিচ্ছা। সেই সদিচ্ছার প্রতিফলন আমাদের প্রথমদিন থেকে সব সময় আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে ঘটানোর চেষ্টা করেছি।’সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়, সেজন্যই ডেকেছি অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনার বসেই সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গাইবান্ধা ভোট বন্ধের ইস্যুতে ১৩৪ জনের মধ্যে ৪০ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও পদক্ষেপ নিবে ইসি। গত ২৩ মার্চ বিএনপি ও সমমনা দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সিইসি কাজী হাবিবুল আউয়াল। ওই চিঠিতে সিইসি লেখেন, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিকভাবে স্থানীয় পর্যায়ের নির্বাচন করে আসছি। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ নির্বাচনের কথা অনুধাবন করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান কমিশনের প্রতি অনাস্থা ব্যক্ত করে প্রত্যাখ্যান করে আসছে। আপনারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ ও মিয়ানমার থেকে ১৮৪ রোহিঙ্গা সমুদ্রপথে ইন্দোনেশিয়ায়

১৮৪ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন। তাঁদের মধ্যে শিশুসহ অনেক নারী আছেন। রোববার গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো পূর্ব আচেহ জেলায় পৌঁছায়। তাঁরা সবাই মিয়ানমার ও বাংলাদেশের শরণার্থীশিবির থেকে ইন্দোনেশিয়ায় গেছেন। পূর্ব আচেহের পিউরেউলাক উপজেলার শহরের স্থানীয় বাসিন্দারা সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দেখতে পায়, অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে ৯৪ জন পুরুষ, ৭০ জন নারী ও ২০ শিশু রয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র কামিল বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গারা এখানে পৌঁছান। ঠিক কতগুলো নৌকায় করে তাঁরা পূর্ব আচেহতে এসেছেন, তা জানা যায়নি। তাঁরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে হাজারো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে রোহিঙ্গারা প্রায়ই ছোট নৌকায় করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এতে নৌকাডুবিতে অনেকের মৃত্যুও হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, তারা ইন্দোনেশিয়ায় নতুন আগত রোহিঙ্গাদের তথ্য সংগ্রহ করছে। স্থানীয় কর্মকর্তারা শরণার্থীদের আশ্রয়ের বিষয়ে ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেছেন। ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় গত বছর অন্তত ২০০ রোহিঙ্গা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

post
খেলা

লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা

নিজের জন্মভূমিতে তো লিওনেল মেসি কতবারই ফিরেছেন! তবে এবারের ফেরাটা যেন একটু অন্যরকম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির মুকুটে প্রতিদিনই যোগ হচ্ছে কোনো না কোনো পালক। এই তো সেদিন মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) তৈরি করল মেসির ভাস্কর্য। যা থাকবে কনমেবলের জাদুঘরে। আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। শুধু কী তাই, এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন। গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন মেসি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা।গতকাল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসির হাতে। এই সময় মেসির কোচ ও সতীর্থদের হাতেও কোপা আমেরিকা ট্রফিসহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা দেওয়া হয়। মূলত প্যারাগুয়েতে গতকাল অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়েই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়। এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’ উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি। এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেছেন,‘ এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’ মেসি আর্জেন্টিনায় ফিরেছিলেন দুটি প্রীতি ম্যাচ খেলতে। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বৃহস্পতিবার পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছেন। তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮০০। আগামীকাল ভোরে আরেকটি প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কুরাসাও।

post
আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী ওই বাস আকাবা শার নামক এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-এখবারিয়া জানায়, রেড ক্রিসেন্টের একটি দলসহ জরুরি সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।এদিকে সৌদি আরবের কোনো রাষ্ট্রীয় সংবাদমাধ্যমই ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটলো, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি। শুধু বলা হচ্ছে, ‘বাসটির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি গণমাধ্যমগুলো বলছে, বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল। এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছাকাছি এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

post
বাংলাদেশ

এলিফ্যান্ট রোড মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের দুইটি ইউনিট পাঠানো হয়। পরে আরো ইউনিট যোগ দেয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন বলেন, আমরা পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পাই। মার্কেটে আগুন লাগার সময় ক্রেতা-বিক্রেতা অনেকেই ছিলেন। তবে আমার জানামতে ভেতর থেকে সবাই বের হয়ে আসতে পেরেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি মার্কেটের পাঁচতলায় আগুন লেগেছে। আমাদের ধারণা এসি থেকে, নয়তো কোনো দোকানের শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। মার্কেটটিতে মূলত কম্পিউটারের দোকান রয়েছে।নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল গনি সাবু বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মার্কেটের ভেতরে কেউ আটকে আছে এমন খবর পাওয়া যায়নি।

post
খেলা

টাইগারদের ব্যাটিং ঝড়ের পর মাঠে বৃষ্টির হানা

দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন লিটন দাস এবং রনি তালুকদার। তাদের সেই সূচনার ওপর ভর করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রানের পাহাড়ও গড়েছে বাংলাদেশ। ১৯.২ ওভারে ২০৭ রান তোলার পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেছে। টস জিতে ফিল্ডিং নেওয়ার যে সুবিধা, সেটা শুরুতে আদায় করতে পারেনি আয়ারল্যান্ড। বরং উল্টো বাংলাদেশের দুই ওপেনারই চেপে বসেছিল আইরিশ বোলারদের ওপর। দুই ওপেনার মিলে ৭.১ ওভারে হরে ৯১ রানের বিধ্বংসী এক জুটি। মাত্র ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন লিটন দাস।তবে আফসোস তার জন্য। উড়ন্ত সূচনা এনে দেওয়ার পর নিজের হাফ সেঞ্চুরিটা পূরণ করতে পারেননি। আউট হন হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে। ক্রেইগ ইয়ংয়ের বলে ৮ম ওভারের প্রথম বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন লিটন। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। লিটন দাস আর রনি তালুকদারের উড়ন্ত সূচনার পর মাঠে নেমে নাজমুল হোসেন শান্তও ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেন। ১৩ বলে ১৪ রান করে উইকেটে সেট হওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু হ্যারি টেক্টরের বলে স্টাম্পিং হয়ে গেলেন শান্ত। ১১৮ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।তবে লিটন আর শান্ত আউট হলেও রনি তালুকদার তার বিধ্বংসী ব্যাটিং অব্যাহত ছিল। মাত্র ২৪ বলেই হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। যদিও শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৭ রানে আউট হন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মেরেছেন রনি। শামীম হোসেন পাটোয়ারীকে ব্যাট করতে পাঠানো হয় চার নম্বরে। ২০ বলে ৩০ রান করেন তিনি। ২টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মেরে আউট হন শামীম। তাওহিদ হৃদয় ৮ বলে ১৩ রান করে আউট হন। সাকিব আল হাসান ১৩ বলে ২০ রানে এবং মেহেদী হাসান মিরাজ ১ বলে ৪ রান করার পরই বৃষ্টি নামে। বাংলাদেশ একাদশলিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ। আয়ারল্যান্ড একাদশ পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম এবং বেন হোয়াইট।

post
বিনোদন

কাঠগড়ায় সাকিব খানকে যা বললেন বিচারক

টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এর বিচারক জুলফিকার হায়াতে উপস্থিত হন শাকিব খান। এরপর জবানবন্দি দিতে কাঠগড়ায় উঠেন। এসময় বিচারক বলেন, সময় মতো আসতে হবে। আগের দিনই বলে দেওয়া হয়েছে কখন আসতে হবে।তখন শাকিব খান বলেন, জ্বি স্যার। এরপর বিচারক বলেন, এটা তো আপনার আইনজীবী ভালো জানার কথা। এরপর তিনি জবানবন্দি দিতে শপথ পাঠ করেন। জবানবন্দিতে শাকিব খান বলেন, রহমত উল্লাহ টেলিভিশনে আমার নামে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি হঠাৎ আসেন, হঠাৎ বক্তব্য দিয়ে পালিয়ে যান। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া থেকে আমি দুবার পালিয়ে এসেছি। অথচ অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই। আমার নামে কোনো মামলাও হয়নি।এরপর বিচারক বললেন, ঠিক আছে আপনি সই করে যাবেন। আদেশ পরে দেওয়া হবে। এরপর শাকিব খান সই করে আদালত থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর বিচারক মামলার আদেশ দিলেন। আগামী ৬ জুন পিবিআইকে তদন্ত করে প্রতিবেন দাখিলের জন্য নির্দেশ দেন।এ বিষয় শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বলেন, টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় রহমত উল্লাহ বিরুদ্ধে মামলা করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে রহমত উল্লাহ বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়ক শাকিব খান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ পরে আসামি রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এরপর শাকিব খান ডিজিটাল নিরাপত্তা আইনে রহমত উল্লার বিরুদ্ধে মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে আসেন। বিচারক তাকে সোমবার (২৭ মার্চ) সকালে আদালতে আসতে বলেন। দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে আসলে বিচারক তাকে বলেন, সময় মতো আদালতে আসতে হবে। জবাবে শাকিব খান বলেন, জ্বি স্যার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.