কঠোর পরিশ্রমের কারণেই সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় একথা বলেন তিনি। এসময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্বচ্ছতা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, মালিক ও শ্রমিক উভয়পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সৌদি মন্ত্রী। তিনি জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রম বাজারে তাদের চাহিদা বাড়ছে। ওয়ার্কশপে বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা সুবিধা রয়েছে এবং তা থেকে প্রবাসী কর্মীরা কীভাবে সেই সব সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর -শ্রম মুহাম্মদ রেজায়ে রাব্বী, কাউন্সিলর মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রথম সচিব মুহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
